
ও
অন্নদাশঙ্কর রায়
মার্কারের সঙ্গে বিলিয়ার্ডস খেলতে খেলতে প্রিন্সিপাল সাহেব দারুণ একটা ‘ব্রেক’ করলেন। কিন্তু এর জন্যে তাঁকে বাহবা দেবার জন্যে সন্ধ্যা বেলা ক্লাবে মার্কার ভিন্ন আর কেউ ছিল না।
‘শাবাশ হুজুর! শাবাশ! বহুত ফাস কিলাস!’ মার্কার তাঁকে হাস্যমুখে অভিনন্দন জানাল। তাঁর কাছ থেকে তাঁর কিউ চেয়ে নিয়ে চক ঘষতে লাগল ওর ডগায়।
‘কিন্তু আজ জজসাহেবের এত দেরি হচ্ছে কেন?’ প্রিন্সিপাল সাহেব তাকে ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় কি তৃতীয় বার এই প্রশ্ন করলেন।
মার্কার বলল, ‘শায়দ মালুম হোতা কি জজসাব আজ নেহি আওয়েঙ্গে হুজুর।’ পরবর্তী প্রশ্নের জন্যে অপেক্ষা না করেই উত্তর দিল, ‘বড়া জবর খুনি মামলা হুজুর।’
খুনি মামলা শুনে প্রিন্সিপাল বিস্মিত হলেন না, কিন্তু জজসাহেব আসবেন না শুনে খেলা থেকে তাঁর মন উঠে গেল। মার্কারের সঙ্গে কাঁহাতক খেলা যায়। যেন সে তাঁকে জিতিয়ে দেবে বলে বদ্ধপরিকর। ওই ‘ব্রেক’-টা তা বলে মার্কারের অনুগ্রহ নয়। কিন্তু মজা হচ্ছে এই—জজসাহেবের সঙ্গে খেলবার সময় এত বড়ো একটা ‘ব্রেক’ হয় না।
এবার মার্কারের পালা। সে ওস্তাদ লোক। ছেলেবেলা থেকে এই কর্ম করে আসছে। একবার আস্তে আলগোছে কিউ ছুঁইয়ে দেয়, অমনি খেলার টেবিলের সবুজ মসৃণ আস্তরণের উপর দিয়ে সাদা বল গড়িয়ে যায় ধীর মন্থর গতিতে। অব্যর্থ তার টিপ। পট করতে চায় পট হয়, ইন অফ করতে চায় ইন অফ, ক্যানন করতে চায় ক্যানন। কিন্তু ইচ্ছে করেই সে পয়েন্ট সংখ্যা বাড়তে দেয় না। প্রিন্সিপালকে হারিয়ে দেওয়া তার পলিসি নয়। সে অনেক বুদ্ধি খাটিয়ে পিছিয়ে থাকে।
মার্কারের সঙ্গে খেলে প্রিন্সিপাল সাহেব জয়ী হন, কিন্তু জয়গৌরব পান না। সেদিন আরও কিছুক্ষণ খেলে তিনি কিউ ফেরত দিলেন। মার্কার একটু সকাল সকাল বাড়ি যাবার তালে ছিল। একগাল হেসে হাসি চেপে বলল, ‘বড়ি আফশোসকি বাত হুজুর। জজসাব আজ আনেওয়ালা নেহি হ্যায়।’
তারপর সেলাম ঠুকে পুছল, ‘হুজুরকা ওয়াস্তে’?
প্রিন্সিপাল নিজেই নিজেকে পান করাচ্ছেন। হুকুম করলেন, ‘পানি।’
‘বহুত খুব।’ বলে মার্কার সেলাম ঠুকে অদৃশ্য হল।
এমন সময় শোনা গেল বাইরে মোটরের আওয়াজ। মার্কার সেই দিকেই ছুটল।
‘হ্যালো প্রিন্সিপাল।’
‘হ্যালো জজ।’
দুজনে দুজনের দিকে ডান হাত বাড়িয়ে দিলেন। দুজনেই উৎফুল্ল। কিন্তু সবচেয়ে উৎফুল্ল হল মার্কার। যদিও সবচেয়ে দুঃখিত। হয়েছে এখন তার বাড়ি যাওয়া। জজসাহেব আর প্রিন্সিপালসাহেব একসঙ্গে খেলতে শুরু করলে রাত ন-টার আগে ছুটি মিলবে না। একটু সরে দাঁড়িয়ে থেকে একবার এঁকে ‘শাবাশ’ ও একবার ওঁকে ‘বাহ বাহ’ দিতে হবে। মাঝে মাঝে কিউ হাতে নিয়ে চক মাখিয়ে দিতে হবে। ডাকলে খেলা দেখিয়ে দিতে হবে। ঝগড়া বাঁধলে আম্পায়ার হতে হবে। আধ ঘণ্টা অন্তর অন্তর পুছতে হবে ‘হুজুরকা ওয়াস্তে’? নেপথ্য থেকে নিয়ে আসতে হবে ফরমাইশি পানীয়।
জজ আর প্রিন্সিপাল দুজনে দুটো কিউ বেছে নিয়েই হাঁক ছাড়লেন, ‘মার্কার।’ তা শুনে মার্কার সেলাম ঠুকে হাজির হতেই এককন্ঠে বললেন, ‘পুছো।’
বেচারা পড়ে গেল উভয়সংকটে। যদি জজসাহেবকে পহিলে পোছে তাহলে তার মানে দাঁড়ায় সে প্রিন্সিপালসাহেবের হুকুম পহিলে মানে। আর যদি প্রিন্সিপালসাহেবকে আগে প্রশ্ন করে তবে তার কাছে জজ সাহেবের আদেশ অগ্রগণ্য। বহুকালের মার্কার। চাকরিটা এককথায় যাবে না। তবু কাজ কী কাউকে চটিয়ে? সাহেবসুবোদের মেহেরবানিতে তার ছেলে ভাইপো ভাগনে জামাই কেউ বসে নেই। শীতের এই ক-মাস পরে হুজুরদের আপিসে ‘পাংখা পুলার’ দরকার হবে। তখন জ্ঞাতিদের জন্যে দরবার করতে হবে তো!
মার্কার জানত যে প্রিন্সিপালসাহেব যদিও বিদ্বানশ্রেষ্ঠ ও বিদ্বান সর্বত্র পূজ্যতে, তবু জজসাহেব হলেন দন্ডমুন্ডের মালিক। চাইকী ফাঁসি দিতে সমর্থ। স্ব এলাকায় তাঁকেই পূজা করতে হয়।
‘হুজুরকা ওয়াস্তে?’ সে প্রিন্সিপালসাহেবকেই আগে পুছল।
তিনি হেসে ফেললেন। যা ভেবেছিলেন তাই। বললেন, ‘নেম্বু পানি।’
জজ বললেন, ‘জিন।’
এরপরে দুজনে খেলায় মেতে গেলেন। তাঁদের মুখে কেবল খেলার বুলি। মতভেদ হলে মার্কারকে ডাকেন। সেক্ষেত্রে তার বাক্যই আপ্তবাক্য। সে তখন কারও মুখ চেয়ে রায় দেয় না। তারও একটা কোড আছে। তার দিকে তাকালেই বোঝা যায় সে তার মর্যাদা সম্বন্ধে সচেতন। জান গেলেও সে তার মহিমা থেকে বিচ্যুত হবে না। অন্যায় করে জজসাহেবকে জিতিয়ে দেবে না। যদিও তার মাইনে হয়তো জজের মাইনের শতাংশ। সাহেবরাও তাকে চটাতে চান না। সে যদি চাকরি ছেড়ে দেয় আর ওরকম ওস্তাদ পাওয়া যাবে না।
সেদিন খেলা কিন্তু জমল না। জজ অন্যমনস্ক ছিলেন। তাঁর কিউ বার বার বল ছুঁতে গিয়ে কুশন ছোঁয় কিংবা তাঁর বল অপর বলকে ছুঁতে না পেয়ে ভ্রষ্ট হয়। মার্কার পয়েন্টের হিসেব রাখে। বোর্ডের দিকে নজর পড়লে তিনি শিউরে ওঠেন। মাইনাস পয়েন্ট। তিনি হাল ছেড়ে দিয়ে বলেন ‘নো লাক।’
‘ব্যাপার কী, সুর?’ প্রিন্সিপাল বললেন, ‘তুমি যে একেবারেই খেলছ না?’
‘আর বল কেন মৈত্র?’ জজ বললেন পাংশুমুখে, ‘যেখানে একজনের প্রাণ নিয়ে টানাটানি সেখানে আর একজন খেলা করবে কোন সুখে? খেলতে পারো তোমরা মাস্টাররা। তোমরাই ভাগ্যবান।’
প্রিন্সিপাল প্রতিবাদ করলেন। বললেন, ‘মানুষকে ফাঁসি দিতে সকলেই পারে, কিন্তু মানুষের ছেলেকে মানুষ করে দিতে পারে ক-জন! অথচ মজুরি কিনা তাদেরই সবচেয়ে কম!’
‘ফাঁসি দিতে সকলেই পারে!’ জজ আশ্চর্য হলেন। ‘বাইশ লাখ লোকের এই দুই জেলায় মাত্র এক জনকেই সে-ক্ষমতা দেওয়া হয়েছে। আমি হলুম ওয়ান ইন টু মিলিয়ানস।’
মাথার চুল চামরের মতো সাদা আর নরম। কিন্তু বয়স এমন কিছু হয়নি। সবে চল্লিশের কোঠায় পড়েছে। আঁটসাঁট মুখমন্ডল। ঠোঁট জবা ফুলের মতো রাঙা। সিভিলিয়ান মানুষ পান খান না। এ রং কৃত্রিম নয়। চেহারাও বাঙালির পক্ষে অসাধারণ ফর্সা। তিন-চার বছর অন্তর অন্তর বিলেত ঘুরে আসা অভ্যাস। বিয়ে করেননি। জিজ্ঞাসা করলে জবাব দেন, ‘হাতে কিছু জমলে তো বিয়ে করার কথা ভাবব।’
ওদিকে প্রিন্সিপাল হচ্ছেন গ্রাস উইডোয়ার। তাঁর স্ত্রী থাকেন কলকাতায় ছেলে-মেয়ে নিয়ে। ভদ্রলোক প্রেসিডেন্সি কলেজে দীর্ঘকাল থাকার পর এই প্রথম প্রিন্সিপাল পদ পেয়ে মফস্সলে বদলি হয়েছেন। যদি ভালো না লাগে তবে ঘরের ছেলে ঘরে ফিরে যাবেন। নাই-বা হল প্রোমোশন। আর যদি ভালো লাগে তাহলে সবাইকে নিয়ে আসবেন। একদা লণ্ডনে পড়েছেন। সে-সময় জজ ছিলেন তাঁর সমকালীন ছাত্র।
‘তোমার অত মাথাব্যথা কীসের?’ প্রিন্সিপাল বললেন জজের শুক্ল কেশের ওপর কটাক্ষ করে, ‘সিদ্ধান্তটা তো তুমি করতে যাচ্ছ না হে! করবে জুরি। জুরি যদি বলে আসামি ৩০২ ধারা অনুসারে অপরাধী আর তুমি যদি একমত হও তাহলে আইনে বলে দিয়েছে তুমি তাকে ফাঁসি দেবে। যদি-না তুমি তার অপরাধ লাঘব করার মতো কোনো অবস্থা দেখতে পাও। সেক্ষেত্রে তুমি দ্বীপান্তরের আদেশ দেবে। এই পর্যন্ত তোমার স্বাধীনতা। যেখানে স্বাধীনতা নেই সেখানে দায়িত্ব নেই। যেখানে যতটুকু স্বাধীনতা সেখানে ততটুকু দায়িত্ব।’
মৈত্র কিছুদিন ব্যারিস্টারি করেছিলেন। পসার জমেনি। ধাতটা পন্ডিতের। ভালো ডিগ্রি ছিল। ডিপিআই-এর সঙ্গে দেখা করতে না করতেই অমনি নিযুক্তিপত্র এল। সিদ্ধান্তটা তিনি সরকারি চাকরির বয়স পেরিয়ে যাবার আগেই নিয়েছিলেন। নইলে তাঁর মুখেও শোনা যেত ‘আশার ছলনে ভুলি কী ফল লভিনু, হায়’ মাইকেলের মতো।
তর্ক করতে করতে তাঁরা টেবিল ছেড়ে কিন্তু কিউ হাতে করে অদূরে উঁচু বেঞ্চিতে গিয়ে বসলেন। মার্কার ধরে নিল যে তাঁরা একটু পরে নেমে এসে খেলা চালিয়ে যাবেন। কাশতে কাশতে সে বাইরে গেল জজসাহেবের শোফারের সঙ্গে গল্প করতে।
‘হায় বন্ধু!’ জজ বললেন দীর্ঘশ্বাস ফেলে, ‘যদি অত সহজ হত! কী করে আমি তোমাকে বোঝাব যে বিচারের পরিণামের জন্যে জুরির চেয়ে আমারই দায়িত্ব বেশি। তোমার কথায় মনে পড়ল আর একজনের কথা। তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন, যাকে মারবার তাকে শ্রীভগবান স্বয়ং মেরে রেখেছেন। হে অর্জুন, তুমি শুধু তাঁর হাতের অস্ত্র। নিমিত্ত মাত্র ভব সব্যসাচী।’
‘ওই গীতার বচনই শেষ কথা। সমস্ত দায় ওই ব্যাটা ভগবানের। তোমার আমার কীসের দায়! অত বেশি সিরিয়াস হতে যাই কেন আমরা! প্রতিদিন এ জগতে লক্ষ লক্ষ মানুষ মরছে। একটা মানুষ বেশি মরলে কী আসে-যায়!’ প্রিন্সিপাল উদাসীনভাবে বললেন।
‘মরবে মরুক, কিন্তু আমার হাত দিয়ে কেন মরবে? কপালের দোষে মরতে পারে, কিন্তু বিচারের দোষে কেন মরবে? এক জনও নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় এই আমাদের ধর্মাধিকরণের মূলনীতি। আমি সেই মূলনীতির সংরক্ষক। মাথাব্যথা আমার হবে না তো কার হবে? আমি এটাকে সিরিয়াসভাবে নিই।’ জজ নাছোড়বান্দা।
‘বেশ। তোমার ভাবনা তোমার। মাঝখান থেকে আমারই সন্ধ্যাটা মাটি। মার্কার! মার্কার ব্যাটা ভাগল কোথায়?’ প্রিন্সিপাল হাঁক দিলেন।
মার্কার পাগড়ি খুলে রেখে আরাম করছিল। পাগড়ি বাঁধতে বাঁধতে ছুটে এল। তখন প্রিন্সিপাল বললেন, ‘পুছো।’
‘না না, এবার তোমার পালা নয়, আমার পালা। মার্কার!’ জজ ইঙ্গিত করতেই মার্কার তাঁর আদেশ মান্য করল। প্রিন্সিপালের পাশে সেলাম ঠুকে দাঁড়াল।
মৈত্র বললেন, ‘নারঙ্গি!’
আর সুর চাইলেন ছোটা পেগ।
দুজনে দুজনকে ‘চিয়ারিও’ জানিয়ে পানীয় তুলে মুখে ছোঁয়ালেন। কিন্তু সেই উচ্চাসন থেকে নামবার নাম করলেন না। মার্কার বেচারা কিংকর্তব্যবিমূঢ়।
হঠাৎ মার্কারের মুখের উপর নজর পড়ায় অন্তর্যামী জজ অনুমানে বুঝলেন তার মনের ভাষা। ডান হাত উঠিয়ে বললেন, ‘ব্যাস।’
সে তখন সাহেবদের হাত থেকে কিউ দুটি নিয়ে প্রাচীরে লগ্ন করল আর টেবিলের উপর বলগুলোকে সাজিয়ে রাখল। আর টেবিলের উপরকার কড়া আলোর বাতির সুইচ টিপে নিবিয়ে দিল। তা সত্ত্বেও সে বিদায় নিতে পারে না, যতক্ষণ সাহেবরা ক্লাবে থাকেন ও পানীয় ফরমাশ করেন। ন-টা এখনও বাজেনি, তবু মনে হয় গভীর রাত। নিঝুম শহর।
তার দশা দেখে জজ বলেন, ‘মৈত্র, এখন এ বেচারাকে আটকে রেখে আমাদের কী লাভ? ক্লাবে তো আজকাল কেউ আসতেই চান না টেনিসের পরে।’ ইংরেজিতে যোগ করলেন, ‘কীসের টানে আসবেন? মোহিনীশক্তি কোথায়? স্টেশনে উপস্থিত মহিলারা সকলেই পর্দা। ইন্ডিয়ানাইজেশনের পরিণাম।’
‘এবং ইসলামাইজেশনের।’ মৈত্রও বললেন ইংরেজিতে। ‘কিন্তু সেই একমাত্র কারণ নয় সুর। তুমি বিয়ে করনি। সিভিল সার্জনও চিরকুমার। তোমরাও যদি ওভাবে শত্রুতা কর তাহলে ক্লাব উঠে যেতে কতক্ষণ? আমি তো মনে করি সমাজও উঠে যাবে।’
জজ হেসে বললেন, ‘হা-হা! আমরা করছি শত্রুতা! চলো হে চলো আমার ওখানে চলো। খেতে খেতে গল্প করা যাবে। ডিনারে আজ তুমি আমার অতিথি হলে ধন্য হব।’
মার্কারকে ছুটি দিয়ে দুই বন্ধু মোটরে উঠে বসলেন।
দুই
খেতে খেতে বিস্তর আজেবাজে কথা হল। তারপর কফির পেয়ালা হাতে করে দুজনে গিয়ে বসলেন ফায়ারপ্লেসের ধারে। শীত পড়ছিল সে কথা ঠিক। কিন্তু তার চেয়ে বড়ো কথা সুর সাহেবের বৈলাতিক অভ্যাস। আগুন পোহাতে পোহাতে তিনি রেডিয়োতে বিবিসি-র সংগীত শুনতে ভালোবাসেন। তাঁর পায়ের কাছে তাঁর প্রিয় কুকুর জলি।
‘আচ্ছা, মৈত্র,’ সুর পূর্ব প্রসঙ্গে ফিরে গেলেন, ‘তুমি নিজে ফাঁসি দিতে পার? মানে জজ হলে তুমি ফাঁসির হুকুম দিতে পারবে?’
‘আলবত।’ মৈত্র সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ‘আমি তো দিচ্ছিনে। দিচ্ছে আইন। দেশের সরকার যদি ক্যাপিটাল সেনটেন্স রহিত করে আমিও দেব না।’
‘কিন্তু সেই তিনিও, যিনি আমাকে নিমিত্ত মাত্র হতে উপদেশ দিয়েছিলেন, তিনিও দেখলুম আমার প্রশ্ন শুনে পিছিয়ে গেলেন। বললেন, না আমি পারিনে। তারপর আমাকে এক কাহিনি শোনালেন। তাঁর নিজের জীবনের কাহিনি।’ এই বলে আবার অন্যমনস্ক হলেন। তাঁর স্মৃতি ফিরে গেল জজিয়তির প্রথম দিনগুলিতে।
‘মামলাটা তো আমার কোর্টের নয়। খুঁটিনাটি আমার মনে নেই।’ তিনি একটু একটু করে স্মরণ করে বলতে থাকলেন থেমে থেমে, এখানে-ওখা