আগে নাম ছিল আলাউদ্দিন, সংক্ষেপে দাঁড়াল আলু। আলু নয়, আলু খলিফা।
লখনউয়ের মুসলমান—জাত কশাইয়ের ছেলে। লাল টকটকে দুটো চোখ যেন হিংসায় আরক্তিম হয়ে আছে। হাতে লম্বা একখানা চকচকে ভোজালি; তার হাতির দাঁতের বাঁটটার রং প্রথমে ছিল দুধের মতো সাদা, কিন্তু অনেক পশুর রক্ত জমতে জমতে তার রং হয়েছে। কুচকুচে কালো। শুধু ভোজালির ফলাটায় এতটুকু মালিন্য পড়েনি, ক্রমাগত রক্ত-মাংসের শান পড়ে পড়ে য...