
ইচ্ছে বাড়ি
সমরেশ মজুমদার
পঞ্চাশে পা দেওয়ার আগে অন্তত পঁচিশবার শান্তিনিকেতনে গিয়েছে অরবিন্দ কিন্তু কখনও দু রাতের বেশি থাকেনি। বন্ধুবান্ধবদের বাড়ি ছড়িয়ে আছে পূর্বপল্লি এবং রতনপল্লিতে। ষাট-সত্তর বছরের বাড়ি সব। বিরাট বাগান, অনেক ঘর। সঞ্চয়িতা এবং গীতবিতান হেঁকে নামকরণ করা হয়েছিল তাদের। সেইসব বাড়ির মালিকদের অনেকেই রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন।
পরবর্তীকালে রবীন্দ্রনাথকে অবলম্বন করে বিখ্যাত হয়েছেন এমন কয়েকজন বন্ধুর পিতাকে সে যৌবনে দেখেছে। অরবিন্দ লক্ষ করত ওসব বাড়িতে একটা গম্ভীর-গম্ভীর ভাব ছিল, এমনকী। সন্ধের পর মদ খাওয়ার সময়ও কেউ চপল রসিকতা করত না। এঁরা যে ব্রাহ্ম তা নয়, কিন্তু কেউ বাড়িতে সন্ধ্যা মুখার্জির গান গাইত না। কলকাতার এত কাছে জায়গাটা চুপচাপ পড়েছিল রবীন্দ্রনাথের স্মৃতি নিয়ে। বর্ষায় বৃষ্টি দেখতে অথবা দোল কিংবা পৌষ উৎসবে মানুষ ছুটে যেত কদিনের জন্যে। হঠাৎ আশির দশকের মাঝামাঝি কলকাতার বাবুদের মনে হল শান্তিনিকেতনে বাড়ি বানালে চমক্কার হয়। যে জমির দাম ছিল এক হাজার, তা হয়ে গেল ছাব্বিশ। খাল পেরিয়ে যে ধু-ধু প্রান্তর সামনে পড়ে থাকত, তাতে গজিয়ে উঠল সুন্দর-সুন্দর বাড়ি। এমনকী প্রান্তিকের মাঠের জমিও বারো হাজার কাঠায় উঠে এল, যেখানে সন্ধের পর প্রদীপ জ্বলত না বারো বছর আগে। বন্ধুরা বলল, অরবিন্দ, চটপট একটা জায়গা কিনে ফ্যালো, বাড়ি না বানাও এর চেয়ে ভালো ইনভেস্টমেন্ট আর হয় না।
অরবিন্দকে সবাই সফল মানুষ বলে। কলকাতা শহরে তার একটি চালু ব্যাবসা আছে। বছর পনেরো আগে মাত্র দেড় লাখ টাকায় যে ফ্ল্যাট কিনেছিল তার দাম এখন ষোলো লাখ। কলকাতার কয়েকটা বড় ক্লাবের মেম্বার সে। নিজে কিছু করে না বটে, কিন্তু সাংস্কৃতিক জগতের বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে আড্ডা মারতে কোনও অসুবিধে হয় না।
ওর একমাত্র ছেলে সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করে যাদবপুর থেকে বি. ই. ডিগ্রি নিয়ে এখন। আমেরিকায় পড়ছে। অরবিন্দর স্ত্রী ইতি বড় ভালোমানুষ। খুব হাসেন। দেখলেই বোঝা যায় স্বামী সম্পর্কে কোনও বড় অভিযোগ নেই। ইতি নিজের চেহারাটাকে বুড়িয়ে যেতে দেননি, অত বড় ছেলের মা বলে মনে হয় না। তুলনায় অরবিন্দর মনে একটু দুঃখ থাকা স্বাভাবিক। ইদানীং ঝুপঝুপ করে টাক পড়ছে তার। তা টাক তো সব মানুষকেই মেনে নিতে হয়েছে। ইতি প্রায়ই অনুপম খেরের কথা বলে তাকে সান্ত্বনা দেয়। এমন একজন পঞ্চাশে পা দেওয়া মানুষকে সফল না বলে উপায় কি! ওকে ধার করতে হয় না, গাড়ি আছে, ব্যাবসাটা দু-দিন না দেখলে অচল হয় না।
মাস তিনেক আগে ওরা চার বন্ধু শনিবারের শান্তিনিকেতন এক্সপ্রেসে চেপেছিল। বিকেল-রাত সকাল কাটিয়ে দুপুরে ফিরে আসবে। রতনপল্লির ববি গুহর বাড়িতে ওরা উঠেছিল। ববিও ওদের সঙ্গে এসেছে। আসা মাত্র দারোয়ান চাকররা চরকির মতো ছুটছে। সন্ধে হল। চাঁদ উঠল। ববি গুহর বাগানঘেরা বারান্দায় চেয়ার পেতে বসা হয়েছে। কলকাতা থেকে আনা হুইস্কির সঙ্গে মাছভাজা চলছে। ঢাউস চাঁদের দিকে তাকিয়ে অরবিন্দর হঠাৎ মনে হল, পঞ্চাশ বছর পরে সে আর ওই চাঁদটাকে দেখতে পাবে না। পঞ্চাশ বছর পরে তার বয়স একশো হবে। দূর, অতদিন কি, চল্লিশ বা তিরিশ বছর পরেও যে দেখতে পাবে, তার নিশ্চয়তা কী! সে চুপচাপ বন্ধুদের দিকে তাকাল। ওরা কথা বলছে। পঞ্চাশের গায়ে বয়স সবার। তিরিশ বছর পর এদের অনেকেই। থাকবে না। চল্লিশের পর তো নয়-ই। কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে দুশো বছর বাদেও এখানে বসে মাল খাবে। রবীন্দ্রনাথ একাশি বছর বয়সে মারা গিয়েছেন এবং তারপর বাঁচা বাঙালির আশা করাই উচিত নয়। অর্থাৎ তিরিশ বছরটাই তাহলে ম্যাক্সিমাম আয়ু। অরবিন্দর মন খুব খারাপ হয়ে গেল। ঠিক তখনই গেট খুলে সে লোকটাকে ঢুকতে দেখল। জ্যোৎস্না মাখতে-মাখতে একটা সাদা জামা এবং ধুতি এগিয়ে আসছে। ববি গ্লাসে চুমুক দিয়ে চাপাগলায় বলল, হু ইজ
ততক্ষণে লোকটা সামনে এসে গিয়েছে। বারান্দার নিচে দাঁড়িয়ে নমস্কার করে বলল, আমি বোধহয় এসময় এসে আপনাদের বিরক্ত করলাম?
ববি গুহ জিজ্ঞাসা করল, আপনার পরিচয়?
আজ্ঞে, আমি মদ বিক্রি করি।
মাই গড! তা এখানে কী দরকার?
আজ্ঞে, আপনারা আমার ওপর অবিচার করছেন। আপনারা প্রায়ই আসেন, ক-দিন থাকেন কিন্তু কলকাতা থেকে মদ কিনে এনে খান। আমি স্থানীয় মানুষ, যদি আমাকে সুযোগ দেন, তাহলে কলকাতা থেকে বয়ে আনার কাজটা করতে হয় না।
বোলপুরে আপনার মদের দোকান আছে?
আজ্ঞে না। তবে যে-কোনও মদ আমি এনে দিতে পারি। স্কচ খেতে চাইলে চব্বিশঘণ্টার নোটিশ দিতে হবে। আমি একেবারে কলকাতার দামেই দেব।
কোত্থেকে দেবেন?
লোকটি বিনীতগলায় বলল, ব্যাবসার গোপনীয়তা জানতে চাইবেন না স্যার।
আমরা যে মদ খাই, তা আপনি জানলেন কী করে?
চেহারা দেখে।
সৌমেন চুপচাপ শুনছিল। চাপাগলায় বলল, আমার বউ সেদিন বলছিল রোজ মদ খেয়ো না। এরপর লোকে চেহারা দেখে বুঝতে পারবে।
ববি গুহ ধমকাল, রসিকতা করছেন? চেহারা দেখে বুঝতে পেরেছেন?
আজ্ঞে, আপনারা চারজন শিক্ষিত, সম্পন্ন মানুষ ছেলেমেয়েদের না নিয়ে এখানে এসেছেন। আপনারা শান্তিনিকেতনের দ্রষ্টব্য জিনিস দেখতে যান না, প্রান্তিকের মাঠে হাঁটতেও দেখি না। অবশ্য এখন আর মাঠ কোথায়? মেয়েমানুষের দোষও আপনাদের নেই। চারজন ব্যাটাছেলে সন্ধেবেলায় একসঙ্গে থাকলে যদি একটু মদ খায় তাতে তো কোনও ক্ষতি নেই। এই দেখুন, আজ শনিবার, রতনপল্লির পাঁচটা বাড়ি আর পূর্বর ছটা, মোট এগারোটা বাড়িতে পঞ্চাশজন মানুষ অন্তত ষোলো-সতেরোটা বোতল আজ শেষ করবে। পরিমাণটা আপনি ভাবুন!
লোকটি কথা বলছিল খুব সিরিয়াস ভঙ্গিতে। ববি গুহ বন্ধুদের দিকে তাকাল। এবার অরবিন্দ কথা বলল, আমরা তো কালই চলে যাচ্ছি। এ যাত্রায়–।
আবার তো আসবেন। তাহলে কথা হয়ে গেল। লোকটা হাসল, আমি প্রতিদিন শান্তিনিকেতন এক্সপ্রেস অ্যাটেন্ড করি। গেট দিয়ে বের হওয়ার সময় ডানদিকে তাকালেই আমাকে দেখতে পাবেন। তখন অর্ডারটা দিয়ে দিলেই ঠিক পৌঁছে যাবে।
অরবিন্দ জিজ্ঞাসা করল, আপনার নাম?
মধুসূদন দত্ত। লোকটি নমস্কার করে গেটের দিকে চলে গেল।
ববি বলল, অদ্ভুত! মধুসূদন দত্ত শান্তিনিকেতনে মদ বিক্রি করে বেড়াচ্ছে?
অরবিন্দ বলল, লোকটা খুব সরাসরি কথা বলে। একসময় এরকম সেলসম্যানের কথা শান্তিনিকেতনে কেউ চিন্তাও করতে পারত না।
সৌমেন বলল, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে ওকে দূর করে দিতেন।
ববি গুহ বলল, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে এইভাবে বারান্দায় বসে আমরা মাল খেতাম কিনা সন্দেহ আছে।
দেবব্রত চুপচাপ মানুষ। তবু বলল, আচ্ছা, সেসময় অত বিখ্যাত মানুষ এখানে আসতেন, থাকতেন, তাঁরা পান করতেন না, এটা বিশ্বাস করতে পারি না।
আলোচনা অন্যদিকে ঘুরে গেলে অরবিন্দর মনে হল ওই মধুসূদন দত্তর সঙ্গে আর একটু কথা বললে ভালো হত। লোকটা এতদিন কি করত, মদ বিক্রি করা ছাড়া আর কিছু করে কি না, পরিবার আছে কি না অথবা কখনও কবিতা লিখত কি না, এ নিয়ে আলোচনা করা যেতে পারত।
পরদিন ফেরার সময় দেখা গেল হাওড়া থেকে ট্রেন এসে পৌঁছায়নি। রবিবার বলে প্ল্যাটফর্মে ভিড় খুব। অরবিন্দ গেটের কাছে পৌঁছে ডানদিকে তাকাতেই মধুসূদন দত্তকে দেখতে পেল। হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। সে একাই এগিয়ে গেল, চিনতে পারছেন? কাল রাত্রে–।
বিলোক্ষণ। কলকাতার এক পার্টি আসছে প্রান্তিকে উঠবে। ওদের জন্যে ভদকা নিয়ে দাঁড়িয়ে আছি। আগেরবার অর্ডার করে গিয়েছিল। এখন ট্রেন বেশি লেট করলে দুপুর পেরিয়ে যাবে, সন্ধে নামলে কেউ ভদকা খায় না, চিন্তা হচ্ছে। কন্যাদায়গ্রস্ত পিতার মতো মুখ করে বলল মধুসূদন দত্ত।
আপনি এখানে অনেক বছর আছেন?
তা আছি। আপনি এখানে স্থিতু হবেন না?
বন্ধুবান্ধবদের বাড়ি আছে, দিব্যি আসছি, যাচ্ছি–।
দূর! প্রত্যেক মানুষের তো একটাই জীবন। কিছু-না-কিছু রেখে যেতে হয় পরের প্রজন্মের জন্যে। যাঁরা প্রতিভাবান তাঁরা সৃষ্টি রেখে যান, যাঁরা সাধারণ এবং সক্ষম তাঁরা অন্তত একটা বাড়ি রেখে যেতে পারেন।
কে করবে? আমার পক্ষে তো আর দাঁড়িয়ে থেকে করানো সম্ভব নয়।
কোনও দরকার নেই। আমি আছি। ইচ্ছে হলে খবর দেবেন।
ওই যে কথাটা, কিছু রেখে যাওয়া–তা ঢুকে গেল বুকে। লোকে বলবে, এই বাড়িতে অরবিন্দবাবু থাকতেন। বন্ধুরা বলল, লাখ চারেক খরচ করলে মোটামুটি মাথা গোঁজার জায়গা হয়ে যাবে। শুনে ইতি বলল, মাঝেমধ্যে বেড়াতে যেতে পারি কিন্তু পাকাঁপাকি থাকতে পারব না।
এখন কে থাকতে বলছে? বুড়ো বয়সে–। অরবিন্দ বলতে গেল।
সেই বয়স এলে দেখা যাবে।
অরবিন্দ চলে যাওয়া ইতিকে দেখল। সাতচল্লিশ প্লাস। আর ম্যাক্সিমাম এগারো বছর। মানে এগারোটা পুজো, এগারোটা পূজাসংখ্যা। অথচ এমন ভাব, বুড়ো হতে প্রচুর দেরি। একটা মানুষ জন্মাল, বড় হল, ছেলেমেয়ে আনল, বুড়ো হল এবং মরে গেল, তা নিয়ে একবারও ভাবল না।
আর এই ভাবনাটাই অরবিন্দকে ক-দিন বাদে শান্তিনিকেতনে নিয়ে গেল। গেটের ডানদিকেই পাওয়া গেল মধুসূদন দত্তকে। মধুসূদন হাসল, এবার একা? কি দেব?
আমি ট্যুরিস্ট লজে উঠছি। বিকেলে দেখা করবেন। আমার নাম অরবিন্দ মিত্র।
বিকেলে মধুসূদন দত্ত এল। সঙ্গে সেই ব্যাগ। তাকে বলল, আমি এখানে একটা ছোটখাটো বাড়ি করতে চাই। আপনি বলেছিলেন–।
জমি কিনে বাড়ি বানাবেন, না পুরোনো কিনে ঠিকঠাক করে নেবেন?
পুরোনো বাড়ি কেনা ঠিক হবে?নিজের মনের মতো তো হবে না।
তা ঠিক। পূর্বপল্লির শেষ প্রান্তে জমির দাম এখন চব্বিশ। প্রান্তিকে যেতে যেখানে সুনীলবাবু অর্ঘ্যবাবুদের বাড়ি সেখানে পনেরো ছাড়িয়ে যাচ্ছে। প্রান্তিকের কাছে বারোতে পাবেন। তবে আমি সাজেস্ট করব পূর্বপল্লিতেই বাড়ি বানান। একটু কমে পেয়ে যেতে পারি।
খানিকটা আলোচনার পর ঠিক হল কাল সকালে মধুসূদন দত্ত অরবিন্দকে জমি দেখাতে নিয়ে যাবে। কথা শেষ হয়ে গেলে সে ব্যাগে হাত দিল, কী দেব?
মনে পড়ল। মাথা নাড়ল সে, না-না, আমি একা-একা মদ খাই না।
ও! লোকটাকে খুব হতাশ দেখাল। ধীরে-ধীরে চলে গেল।
পূর্বপল্লির জমি দেখা থেকে শুরু করে তার অধিকার আইনসম্মত করে নেওয়ার যে ঝামেলা, মধুসূদন দত্তই সামাল দিল। হ্যাঁ, অরবিন্দকে কয়েকবার আসতে হয়েছে। সঙ্গে কোনও বন্ধু থাকলেও লোকটাকে নিরাশ করেনি। কলকাতার দামেই মদ বিক্রি করে এটা প্রমাণিত। কথাটা পরিচিত মহলে ছড়িয়ে পড়ায় লোকটার চাহিদা বেড়ে গেছে। দক্ষিণ কলকাতার বাসিন্দারা। বোলপুর স্টেশনের গেট পার হওয়ার সময় ডানদিকে তাকিয়ে বলছেন, মধুবাবু, অমুক বাড়িতে উঠছি। আসছেন তো?
মধুসূদন দত্ত হাতজোড় করে জবাব দেন, সেবার সুযোগ দিচ্ছেন, আমি ধন্য।
এক ইঞ্জিনিয়ার বন্ধু বাড়ির নকশা করে দেওয়ার আগে প্রশ্ন করেছিল, কীরকম খরচ করতে চাও? ছেলে তো আর শান্তিনিকেতনে গিয়ে বাস করবে না।
মাথা নেড়েছিল। আসলে ভেতরে ঢুকে পড়ার পর অরবিন্দর যেন একটা ঘোর লেগে গিয়েছিল। বলেছিল, বাড়ি ইজ বাড়ি। কে থাকছে, কদিন থাকছে, তা ভাবার দরকার নেই।
অতএব যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি খরচ হল। ইতি মাঝে একবার দেখতে গিয়েছে। সেটা ভিতপুজোর সময়। দেখে বলেছিল, এখানে বাড়ি হলে যা ইচ্ছে তাই করতে পারো। কেউ দেখতে আসবে না।
ভিত তৈরি হয়ে গেলে মধুসূদন দত্ত বলল, প্রথমে দুটো কাজ করতে হবে। এক, পাঁচিল দেওয়া–দুই, গাছ লাগানো।
গাছ লাগানো মানে? অরবিন্দ বুঝতে পারল না।
বাড়িটাকে ঘিরে এখন গাছ লাগিয়ে দিলে গৃহপ্রবেশের স