
আসল বেনারসী ল্যাংড়া
আশাপূর্ণা দেবী
সীমা ঘরবার করছিল।
অফিস থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন প্রতুলের!
যানবাহনের দুর্গতিতে দেরিটাই অবশ্য স্বাভাবিক হয়ে গেছে আজকাল, তবু ভাবনা না হয়েও পারে না। ওই যানবাহন থেকে দুর্ঘটনার নজীরও তো কম নেই।
সীমা অনেকবার চেষ্টা করেছে একটা পড়ে থাকা সেলাই নিয়ে বসতে। কিন্তু পারছে না। মন বসছে না। হাতের কাজ হাত থেকেই নামিয়ে বারে বারেই রাস্তার ধারের বারান্দায় এসে দাঁড়াচ্ছে। এবং আপন মনেই নানা মন্তব্য করছে।
যথা
কী হল রে বাবা, ব্যাপারটা কী? পাড়ার প্রায় সব ভদ্দরলোকেরাই তো এসে গেল একে একে। রাস্তা তো ক্রমশই ঝিমঝিমে হয়ে আসছে।…যা দিনকাল, জানি না কী ঘটছে। হে মা কালী, রক্ষা কর! যেন বিপদআপদ না হয়।
একবার এদিকে গলা বাড়িয়ে ডাক দিল, খুকু, কটা বাজল, দে তো আর একবার।
অলক্ষ্য কোনোখান থেকে খুকুর ঝঙ্কার ভেসে এল, নটা চব্বিশ! এই নিয়ে কবার হল মা?
সীমা ক্ষুব্ধ বিরক্তিতে বলে, ঠাট্টা করছিস? তা করবি বৈ কি? ঠাট্টারই সম্পর্ক তো? তোদের এ যুগের মনপ্রাণ বলে তো কিছু নেই! ভাবনা করছি আমি সাধে? কী রকম দিনকালটি পড়েছে? বাসে-ট্রামে লোক চলেছে যেন বাদুড়ঝোলা হয়ে! বিপদআপদ ঘটতে পারে না?
খুকু যেখানে ছিল সেখান থেকে একটু সরে এসে বলে, বিপদ-টিপদ তো দৈবের ঘটনা মা! তোমাদের সে যুগের ওই মনপ্রাণ খানি নিয়ে বসে বসে দুর্ভাবনা করলেই সেটা বন্ধ করতে পারবে? সব সময় খারাপটাই বা ভাবতে বসো কেন? সেটা বুঝি অপয়া নয়?
হয়েছে, আমায় আর জ্ঞান দিতে হবে না তোমাকে। রাত্তির দশটা বাজতে চলল, বাপ ভাই দুটো মানুষই রাস্তায় অথচ মেয়ের
খুকু বলে, তুমি যে অবাক করলে মা! ভাই আবার কবে রাত এগারোটার আগে আড্ডা সেরে বাড়ি ফেরে? দেখ গে কোথায় কোন্ পাড়ায় মোড়ের মাথা আলো করে দাঁড়িয়ে রাজকার্য চালাচ্ছেন তোমার পুত্ররত্ন।
সীমা আক্ষেপের নিশ্বাস ফেলে, তা জানি। তার জন্যে তো এক্ষুনি ভাবতে বসছি না। যে মানুষটা আড্ডা-ফাল্ডার ধারও ধারে না, তার জন্যে ভাবনা হবে না?
খুকু নরম গলায় বলে, সে তো ঠিক। কিন্তু পরশু না তরশুও বাবার এরকম দেরি হয়েছিল।
মোটেই এত নয়, সীমা প্রতিবাদ করে ওঠে, সেদিন মোটে নটা দশ হয়েছিল।
খুকু হেসে ওঠে, ওরে ব্যস্! একেবারে মিনিট সেকেণ্ডের কাটাটা পর্যন্ত মুখস্থ! কী সাংঘাতিক পতিব্রতা হিন্দু নারী!
বাজে বকবক করিস না খুকু। এই মানুষটাই আমায় পাগল করবে।
খুকু হি-হি করে, করবে? ওটা এখনও ফিউচারে আছে?
সীমা রেগে বলে ওঠে, খুকু! যাও! তুমি যেমন তোমার গল্পের বইয়ে মুখ দিয়ে পড়েছিলে, তাই থাকো গে যাও। উঃ! দিন দিন এত বাঁচালও হয়ে যাচ্ছিস–ওই য্যাঃ! গেল! কারেন্ট চলে গেল! ও মাগো! একে মরছি ভেবে ভেবে, আর এখন আলোটাও নিভে গেল!
খুকু রোষভরে বলে, তা যাবে না? আমার গল্পের বই পড়ায় অত নজর দেওয়া! গল্পের বই পড়ব না? ওর জোরেই তো বেঁচে আছে মানুষ!
খুকু থাম তুই! অত কথা ভাল লাগছে না!
খুকু (নেপথ্যে)–নাঃ! অবস্থা আয়ত্তের বাইরে। ভাবছিলাম কথা কয়ে মনটা একটু ইয়ে করে রাখি। বাবাকেও বলিহারি! এই ছিচকাঁদুনী গিন্নীটিকে তো চেনোই বাবা। গাড়ি না পাও, পায়ে হেঁটেও চলে আসা উচিত!..গলার স্বর তুলে বলে, মা, এই অন্ধকারে তো কিস্যু হবে না, বরং ট্রানজিসটারটা খুলে দিই গান শোনো। চিত্তচাঞ্চল্যের মহৌষধ
ফট করে ছোট্ট ট্রানজিসটারটা খুলে দিল।
এটাই তো এখন ভরসা।
লোডশেডিং-এর কল্যাণে রেডিও তো এখন প্রায় বাতিল আসবাবপত্রের সামিল হয়ে গেছে।
গান গেয়ে উঠলেন কোনও নামকরা গায়িকা, চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কী জানি কী মহালগনে।
সীমা ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, খুকু, ক্ষ্যামা দিবি?
খুকু চট করে বন্ধ করে দিল যন্ত্রটা। সেও কড়া গলায় বলল, উঃ! বাবা বাবা! যে লোক গান সহ্য করতে পারে না, সে মানুষ খুন করতে পারে।
খুকুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দরজায় ধাক্কা শোনা গেল। কারেন্ট অফ্, দরজার ইলেকট্রিক বেল অকেজো। অতএব সেই আদি ও অকৃত্রিম দুয়ারে করাঘাত।
ওই এসেছেন– খুকু দরজা খুলতে গেল।
সীমা তাড়াতাড়ি বলে উঠল, থাক আমি দিচ্ছি।
ফ্ল্যাটবাড়ি, দরজা খুলতে অধিক দূর যেতে হয় না। প্রথম দর্শনের অভিব্যক্তিটা নিজের এন্ডারে থাক।
দরজা খুলে দিয়েই সীমা বিচলিত গলায় বলে উঠল, তুই! তুই এক্ষুনি?
পিন্টু ওরফে পল্লব দুই হাত উল্টে বলে, টাইমের একটু আগে এসে পড়েছি বটে মা-জননী! তা দেখে এমন হতাশ হয়ে যাবে তা তো ভাবিনি!
সীমা চড়া গলায় বলে, ছেলের কথার ছিরি শোনো। তোকে সকাল সকাল আসতে দেখে আমি হতাশ হলাম?
কি জানি, তাই যেন মনে হল!
সীমা চড়াগলায় বলে, ঘড়ির কাটা এগারোটা না ছাড়ালে তো আসতে দেখি না—
পিন্টু হেসে উঠে বলে, কিন্তু দেখো–এগারোটা! বারোটা বাজেইনি কোনও দিন।…এই যাঃ…খুকু টর্চটা আন তো একবার, পকেট থেকে কী পড়ে গেল মনে হল
দাদার গলা পেয়ে খুকু প্যাসেজের এদিকে বেরিয়েই আসছিল, এখন টর্চটা নিয়ে এল। বলে উঠল, কী রে দাদা, সূয্যি আজ কোন্ দিকে উঠেছে? তুই এক্ষুনি বাড়ি ফিরলি তোর প্রাণের আচ্ছাদারদের অনাথ করে?
পিন্টু বলে, কথাটা মিথ্যে বলিস নি। ওরা তো মারতে উঠছিল। তাও চলে এলাম। কাল ফাদার যা ফায়ার হয়ে উঠেছিল। উঃ বাপ!
সীমা বলে, তবু ভালো! ফাদার ফায়ার হলে একটু ভয় আছে এখনও। মা রেগে মরে গেলেও তো
পিন্টু উদাত্ত গলায় বলে, মা? মার রাগে কি আর ভয় হয় গো? কথায় বলে মাতৃস্নেহ। কুপুত্র যদ্যপি হয়–
থাম্ থাম্ হয়েছে। তোকে আর শান্তর আওড়াতে হবে না। পকেট থেকে কী পড়ে গিয়েছিল পেয়েছিস?
হুঁ।
কী ওটা? চিঠি? চিঠির মতন মনে হল যেন?
ক্ষেপেছে! এ অভাগাকে চিঠি কে দেবে মা? এ একটা লণ্ড্রীর বিল।
লণ্ডীর বিল?
হ্যাঁ তো! অবাক হবার কি আছে? কুল্লে একটা টেরিট প্যান্ট আর একটা টেরিলিন শার্ট আছে বলে কি আর জন্মে, জীবনেও লণ্ড্রীর দরকার হয় না গো জননী!…তা বাড়িটা এমন আইসব্যাগ আইসব্যাগ লাগছে কেন বল তো? ফাদার কি খেয়ে-দেয়ে ঘুমিয়ে পড়েছেন?
সীমা কিছু বলার আগে খুকু তাড়াতাড়ি বলে ওঠে, না রে দাদা, বাবা এখনও আসেই নি!
তাই নাকি? পিন্টু কিছুটা অবাক গলায় বলে, গুড় বয়ের আজ এ কী অধঃপতন!
দাদা থাম্। মা দারুণ দুশ্চিন্তা করছে।
মা দারুণ দুশ্চিন্তা করছে? তা সেটা তো কিছু নতুন খবর নয় ভগিনী। দুশ্চিন্তা করাটাই তো মার পেশা। কারুর বাড়ি ফিরতে একটু দেরি দেখলেই তো মা ধরে নেয়, সে খট করে ট্রামে কাটা পড়েছে, সাঁ করে ডবল ডেকারের তলায় চলে গিয়ে ব্যাংচ্যাপ্টা হয়ে গেছে, নয়তো দুরন্ত লরির মুখে পড়ে স্রেফ ছাতু বনে গেছে।…তাই ভাবো না মা?
জানি না যা। আমি কোথায় ভাবছি তুই এসে পড়েছিস, কোনখান থেকে একটু খবরটবর নেবার চেষ্টা করবি, তা নয় তুই ইয়ার্কি মারতে বসলি!
খবর? কোনখান থেকে? এই নিবিড় আঁধারে! বুঝেছি, ব্যাপার বুঝেছি। বাবা নিশ্চয় সেই বিরাট প্রসেশানটার মুখে পড়েছে। দেখে এলাম কিনা খানিক আগে, মাইল দেড়েক লম্বা শোভাযাত্রা। শত শত যানবাহন আটকে আছে। সেটা-সেটা দেখেছি তা প্রায়, হ্যাঁ নটা। তার মানে আসতে এখনও খানিক দেরি আছে।
সীমা গম্ভীর গলায় বলে, সেই ভেবেই নিশ্চিন্ত হয়ে বসে থাকতে হবে তাহলে?
ভেবে-টেবে নয়, আমি বলছি ওটাই ঠিক। নচেৎ এত দেরি হবার কারণ নেই। ওভারটাইম খাটলেও নয়।
সীমা স্থির কঠিন গলায় বলে, আর কিছু হতে পারে না?
পিন্টু তরল গলায় বলে, হতে অবশ্য কত কী পারে! বহু কষ্টে বহু আরাধনায় যে বাসটায় চেপে বসেছিল, সেই বাসটা ব্রেক ডাউন হয়ে যেতে পারে, মস্তান দাদুরা হঠাৎ আঙুল তুলে স্টপ বলে বাসটাকে অহল্যা পাষাণী করে দিতে পারে, আরোহীর সঙ্গে কনডাকটরের বিরোধ ঘটায় গাড়ি চলা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এটা তো কখনই হবে না, বাবা এই বৃদ্ধ বয়েসে কোনও বান্ধবী যোগাড় করে ফেলে, সেখানেই চা খাচ্ছে মাছের চপ খাচ্ছে ডিম ভাজা খাচ্ছে আড্ডা দিচ্ছে–
সীমা কঠোর কঠিন গলায় বলে, খুকু, টর্চটা আমায় দাও, আমি এগারো নম্বরের হরনাথবাবুর বাড়িতে যাই একবার–
এগারো নম্বরের হরনাথ বাবুর বাড়ি?
পিন্টু অবাক হয়ে বলে, এই রাত দশটার পর? কী বলবে গিয়ে?
কী আর বলবো? বলবো–বলবো
কথা শেষ হল না, আবার দরজায় ধাক্কা পড়ল। প্রবল ভাবে। যেন দরজা ভেঙে ফেলবে।
সীমা স্খলিত স্বরে বলে ওঠে, বুঝেছি! সর্বনাশ হয়ে গেছে, পুলিসের লোক খবর দিতে এসেছে! পিন্টু
পুলিস! এই সেরেছে! দাদা তুই যা–
যাচ্ছি। মা টর্চটা দাও—
পিন্টু দরজা খুলে দেয়, এবং সঙ্গে সঙ্গে গৃহকর্তার হুঙ্কার শোনা যায়, কী ব্যাপার কী? ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলে নাকি সবাই মিলে?
এই লোকটার জন্যে এতক্ষণ এত দুশ্চিন্তা করছিল সীমা! প্রাণের মধ্যে এত উথাল-পাতাল হচ্ছিল।
অবিরত চোখের সামনে অজানা অচেনা কোন এক রাস্তার মাঝখানে লোকটার ছিন্নবিচ্ছিন্ন রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পাচ্ছিল, দেখতে পাচ্ছিল পুলিস, অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স, হাসপাতালের খাট, মাথায় ব্যান্ডেজ, (সিনেমার কল্যাণে যে সব দৃশ্য দেখে দেখে মুখস্থ), নাকে অক্সিজেনের নল, মর্গ, খাঁটিয়া, সাদা চাদর মোড়া শরীর, অগুরু চন্দন, ফুলের মালা, চিতার আগুন, থান, হবিষ্যি, শ্রাদ্ধসভা, মুণ্ডিতমস্তক পুত্র–
এইখানটাতেই একটু ঠেক খাচ্ছিল সীমা, ওই নাস্তিক মস্তান ছেলে কি আর তার সাধের ঘাড় ছাড়ানো কেশকলাপ মুড়োবে?
এসব চিন্তা তো ইচ্ছাকৃতও নয়, চেষ্টাকৃতও নয়, চোখের সামনে এসে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল, নাচানাচি করছিল। নেচে নেচে সীমা নামের একটি প্রেমের প্রতিমাকে কাবু করে দিচ্ছিল, শিথিল করে দিচ্ছিল তার হাত-পা, সেই শিথিল স্নায়ুর উপর পড়ল এই হাতুড়ির ঘা।
এ ঘাড়ে সীমা যদি ছিটকে ওঠে, দোষ দেওয়া যায় না তাকে।
ছিটকে-ওঠা সীমা তীব্র তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে ওঠে, ঘুমোবে কেন? বাড়ির গিন্নী মরে পড়েছিল, তাই ছেলেমেয়েরা পাথর হয়ে বসেছিল। বলি বলতে একটু লজ্জা করল না? রাতদুপুরে বাড়ি ফিরে
ক্রুব্ধ গৃহকর্তা আরও গলা চড়ান, লজ্জা করবে? কেন? কেন? লজ্জা করবে কেন শুনি? এতক্ষণ কি আমি তাড়িখানায় বসে তাড়ি খাচ্ছিলাম? না বন্ধুর বৌয়ের হাতের পান খাচ্ছিলাম?
সীমার স্বর তিক্ত তীক্ষ্ণ, কী করছিলে তা নিজেই জানো। এ কথা তো বিশ্বাস করব না ড্যালহাউসী থেকে রাসবিহারীতে আসতে তোমার পাঁচ ঘণ্টা সময় লেগেছে
বিশ্বাস করবে না? বিশ্বাস করবে না? কর্তা রাগে কাঁপতে কাঁপতে বলেন, বিশ্বাস না করলে তো বয়েই গেল। আঁ! বলে কিনা বিশ্বাস করব না!..গামছা নিংড়োনোর মত শরীরের রক্ত নিংড়ে নিংড়ে শালার অফিস যাওয়া-আসা! বুকে পিঠে ভিড়ের চাপে দমবন্ধ হয়ে হয়ে হার্টের রোগ জন্মে গেল, রড় ধরে ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শালার হাতে বাত, পায়ে গোদ হবার যোগাড়, আর বলে কিনা বিশ্বাস করি না!..মুরাদ থাকে তো একদিন গিয়ে দেখে এসো না? ঘরের মধ্যে আরামে আয়েসে বসে দুটো ভাতসেদ্ধ করতেই তো ক্ষয়ে যাচ্ছো! বুঝতে ঠ্যালা, যদি আমার মতন
এই অপমানের পরও কি সীমা চুপ করে থাকবে?
প্রিয়তম স্বামীর দুর্দশার বিবরণে ঈ