Home
অদৃশ্য বস্তু

অদৃশ্য বস্তু

অদ্রীশ বর্ধন

অদৃশ্য বস্তু

অদ্রীশ বর্ধন
science fiction

Posted byবেলা 29-Apr-2025

Change color

মাথা ঝাঁ-ঝাঁ করে উঠল নন্দবাবুর।

সম্পাদক ভ্রূক্ষেপ করলেন না। কাচের চেম্বারে তিনি বসে আছেন। নীচের রাস্তার পিচ গলে গেছে। কিন্তু তাঁর ঘর দার্জিলিং-এর মতোই মোলায়েম শীতল। এয়ার কন্ডিশনার চলছে ফুরফুর করে। হাতের কাছেই তিনখানা টেলিফোন। বাড়িতে টেলিফোন, চবিবশঘন্টার ড্রাইভার সমেত গাড়ি মাসে পাঁচ অঙ্কের বেতন—এ সবই তে কোম্পানি দিচ্ছে। কাজেই একসময়ে তিনিও যে ফ্যা-ফ্যা করে ঘুরেছেন হাতে লেখা নিয়ে, তা মনের কোণে কোথায় চাপা পড়ে গেছে। লেখকদের তিনি এখন কীটাণুকীট মনে করেন।

নন্দবাবু অবশ্য নতুন লেখক নন। বয়স তাঁর পঞ্চাশ পেরিয়েছে। যদিও চুলে পাক না ধরায় আর মুখের চামড়া কোথাও কুঁচকেও বা ঝুলে না যাওয়ায় তাঁকে অনেক কমবয়সি মনে হয়। মনের দিক দিয়ে তরুণ বয়েসে যতখানি তরুণ ছিলেন, এই প্রৌঢ় বয়েসেও ততখানি তরুণ। সেটা তাঁর সাহিত্য কর্ম দেখলেই ধরা যায়। তাঁর গল্পের প্লট সবসময়ে অ্যাডভেঞ্চারে ঠাসা, তাঁর গল্পের চরিত্ররা সবসময়ে দুরন্ত ফুটন্ত প্রাণবন্ত। বেগে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা তাঁর শিরায় উপশিরায় বয়ে চলেছে বালক বয়স থেকেই। তাঁর কাহিনিগুলোয় এই চরৈবেতি-র আভাস পাওয়া যায় মুহুর্মুহু। তাঁর ভাষা আরবি ঘোড়ার মতোই টগবগে।


অথচ অন্তরে তিনি কবি। তিনি দার্শনিক। বৈরাগ্য তাঁর সত্তায় মিশে রয়েছে। লোভ বা মোহ—টাকা অথবা মনের—তাঁকে স্পর্শ করতে পারে না। তিনি সবসময়ে নতুনের পূজারি—যা নেই, তাকে সৃষ্টি করার আনন্দেই বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন। তার বেশি কিছু চান না। তাই কিছু পানওনি।


একটা সময় গেছে, যখন তাঁকে বাংলা সাহিত্যের ভগীরথ বলা হয়েছে। নিজের পকেটের পয়সা খরচ করে তিনি এক্কেবারে নতুন ধরনের পত্রিকা বের করেছিলেন সেই পত্রিকার লেখক ছিল না, পাঠকও ছিল না। নিজেই লিখে গেছিলেন প্রতিটি সংখ্যায়, ছবিও এঁকে দিয়েছিলেন, এজেন্টদের কাছে পৌঁছে দিতেন, পোস্ট অফিসে দাঁড়িয়ে বুক প্যাকেট বাইরের এজেন্টদের কাছে পাঠাতেন।


সাহিত্যের সেই নতুন শাখা এখন পল্লবিত হয়ে উঠেছে। অনেক কুঁড়ি ফুটে ফুল হয়ে গেছে। যে বিষয় নিয়ে বাণিজ্য করার কল্পনাও কেউ করেনি এখন তা নিয়ে পুরোদস্তুর বাণিজ্য চলছে।


নন্দবাবু তাই সরে এসেছিলেন। কাজ তাঁর শেষ এখন বিশ্রাম কিন্তু বিশ্রাম চাই বললেই কী বিশ্রাম নেওয়া যায়। মাঝে মাঝেই অনুরোধ এসেছে কলম ধরার জন্যে। তিনি ধরেছেন তখনই যখন আনন্দ পেয়েছেন। সৃষ্টিকরার আনন্দ। নইলে নীরব থেকেছেন। যেখানে মনের চাহিদা মেটে না, শুধু বাইরের চাহিদা মেটানোর জন্যে সেখানে তিনি যান না। এই রকমই একটা আহ্বান এসেছিল ‘খেয়া’ পত্রিকা থেকে।


‘খেয়া’ বড়ো গোষ্ঠীর বড়ো কাগজ। এক্কেবারে কমার্শিয়াল কাগজ। এখানে কোনো এক্সপেরিমেন্ট করা চলে না। লোকে যা চায়, তাই দিতে হবে। লোকে যা মনে মনে চায় অথচ মুখ ফুটে প্রকাশ করতে পারে না তাও দিতে হবে তা সে যতই গলিত ক্ষতিকারক হোক না কেন, পাঠকদের মনের গোপন চাওয়াটা মার্কেট রিসার্চ করে জানা হয়। তার ওপর স্কিম তৈরি হয়।


চাকচিক্যের যুগে ‘খেয়া’ পত্রিকা তাই বাজার ধরে রেখেছে। ‘পহেলে দর্শনধারী পিছে গুণবিচারি’র যুগে ‘খেয়া’ বাজার মাত করেছে।


‘খেয়া’র বর্তমান সম্পাদক বাণিজ্যের এই গুপ্ত কৌশলটা বোঝেন। একসময়ে তিনি নন্দবাবুর কাগজে লিখেছিলেন। তখন তিনি নেহাতই বালখিল্য ছিলেন। নন্দবাবু সম্বন্ধে হয়তো একটু শ্রদ্ধা ছিল। তার চেয়েও বেশি ছিল চাপা রাগ। কেন না, নন্দবাবু ছিলেন লেখা নির্বাচনের ব্যাপারে অতীব নিষ্ঠুর। বিশেষ করে পুজোসংখ্যার লেখা বাছাইয়ের সময়।


‘খেয়া’র ঠান্ডাঘরে বসে এই সব কথা নিশ্চয় মনে পড়েছিল সম্পাদকের। তাই তিনি টেলিফোন করেছিলেন নন্দবাবুকে। অনেক আমড়াগাছি করেছিলেন। একদিন পায়ের ধুলো দিয়ে যেতে বলেছিলেন। সন্ন্যাসী প্রকৃতির নন্দবাবু সরল মনেই এই আহ্বানকে সম্মান দিয়েছিলেন। এই বয়েসে লেখা নিয়ে নিয়ে ফেরি করতে কোথাও যাওয়া শোভন নয়। তাঁর মতো মানুষের পক্ষে তো একেবারেই অসম্ভব। কিন্তু যেখানে আমন্ত্রণ ঘটে শুধু আড্ডামারার জন্যে, সেখানে তিনি কাছা খুলে দৌড়োন।



এসেছিলেন ‘খেয়া’র সম্পাদকের ঘরেও। তিনটে গল্প আর একটা উপন্যাস চেয়েছিলেন সম্পাদক। নন্দবাবু তথাকথিত প্রথম শ্রেণির জাত লেখক নন। কিন্তু তাঁর অন্তর্দৃষ্টি আছে। চামড়া ফুটো করে ভেতর পর্যন্ত যেন দেখতে পান। সম্পাদকের ভেতরটা তাঁর কাছে খুব অস্পষ্ট থাকে কিন্তু তা নিয়ে আর ভাবেনওনি। কমার্শিয়াল কাগজের সম্পাদকদের তো এই রকমই বাঁকাচোরা হতে হয়। নইলে যে, কাগজের কাটতি কমবে—চাকরিও থাকবে না।


গল্প তিনি পাঠিয়ে দিয়েছিলেন। উপন্যাসটা হাতে করে নিয়ে গেছিলেন।


কাচের ঘরের দরজা ঠেলে ঢুকতেই ভুরু কুঁচকে চেয়েছিলেন সম্পাদক। যেন, নন্দবাবুকে তিনি চেনেন না। তাতেও আহত হননি নন্দবাবু। বড়ো কাগজের সম্পাদকদের মাথায় কখন যে কী দুশ্চিন্তা থাকে, তা কী বলা যায়। তাই ছোট্ট হেসে চেয়ার টেনে নিয়ে বসেছিলেন।


বলেছিলেন—’আপনার কথামতো উপন্যাসটা লিখে আনলাম।’


তীক্ষ্ণকণ্ঠে বলেছিলেন সম্পাদক ‘আমার কথা মতো। আপনার কথা শুনে মনে হচ্ছে, আমার মেমরি বোধ হয় আজকাল ফেল করছে। আপনি লিখতে চেয়েছিলেন—আমি বলেছিলাম, লিখুন। প্রেসাইসলি এই বলেছিলাম।’



নন্দবাবু থ হয়ে গেলেন। আর তখনই তাঁর মাথা ঝাঁ-ঝাঁ করে উঠল। কোনো কথা বলতে পারলেন না। সম্পাদকের কাজ হয়ে গেছিল। এবার বললেন—’লেখা এনেছেন? রেখে যান।’


নন্দবাবু বলেছিলেন—’আর একবার মেজেঘষে দিই।’


লেখা নিয়ে তিনি বেরিয়ে এসে দাঁড়ালেন রাস্তায় যেখানে পিচ গলছে।


নন্দবাবুর জীবনের আর এক অধ্যায়ের শুরু এই ঘটনার পর থেকেই।


ছাতা আর উপন্যাস নিয়ে সোজা কার্জন পার্কে চলে এসেছিলেন নন্দবাবু। ঘিঞ্জি শহরের এই ছোট্ট ফুসফুসটা তাঁর চিরকাল ভালো লাগে। কখনো পার্কের কোণে দাঁড়িয়ে ইঁদুরদের মস্ত পাতালকেল্লা দেখেন। ভারতে যত লোক আছে, ইঁদুর আছে তার সাত গুণ। কলকাতায় যত লোক আছে, ইঁদুর আছে তার আট গুণ। যদি কোনোক্রমে ইঁদুরদের মধ্যে মিউটেশন ঘটে, জিন-বিকৃতির ফলে তারা অবিশ্বাস্য রকমের মেধাবী আর কুচক্রী হয়ে ওঠে—তাহলে কাতারে কাতারে ইঁদুর কী ঘটাতে পারে শহর জুড়ে, এই প্লট নিয়ে একখানা উপন্যাসও ফেঁদেছিলেন।



নন্দবাবুর এই এক দোষ। বিজ্ঞানের পাতায় যে কথা লেখা নেই, বিজ্ঞান যাকে অপবিজ্ঞান বলে—তা নিয়ে তিনি ভাবেন। তাঁর কবিসত্তা আর দার্শনিকসত্তা অনিয়মের মধ্যে নিয়মকে অন্বেষণ করে অদৃশ্য জগতের মধ্যে দৃশ্যমান জগতের শেকড়ের খোঁজ করেন। উনি কখনো বাঁধাধরা ছকের মধ্যে চলেননি। ওঁর মনের খোরাক যুগিয়ে এসেছে প্রকৃতি। কারণ, প্রকৃতি কখনো প্রশ্ন করে না। বরং অসম্ভবের ব্যাখ্যা যুগিয়ে যায় সন্ধানী মনের কাছে।


কার্জন পার্কের স্নিগ্ধ প্রকৃতি তাই সেদিন টেনে নিয়ে এসেছিল নন্দবাবুকে গরম পিচের রাস্তা থেকে। গাছতলায় তিনি বসলেন। বেশ ছায়া এখানে। নীচে ঘাস। মনটা একটু জুড়িয়ে এল। তারপর বাঁ কুনুইয়ের ওপর ভর দিয়ে আধশোয়া হলেন। মাথার ঝাঁ-ঝাঁ ভাবটা কমে আসছিল। একটু পরে সটান শুয়ে পড়লেন। ঘুমিয়ে পড়লেন।


ঘুম যখন ভাঙল, তখন সন্ধে হয়েছে। বড়ো রাস্তায় হ্যালোজেন ল্যাম্পের তীব্র আলোকেচ্ছ্বাসে ঝিলমিল ঢেউ তুলে ছুটছে নানারঙের গাড়ি। এই শহরের বিত্তশালীদের দম্ভ ওরা। শুয়ে থেকেই ঘাড় ফিরিয়ে রাস্তা দেখছিলেন নন্দবাবু। এবার উঠে বসলেন। তখনই মনে হল, কে যেন তাঁর সামনে বসে আছে। তাকে দেখা যাচ্ছে না। কেননা, গাছের ছায়া এখানে নিরেট। আলোও নেই এদিকে। অথচ, বেশ মনে হল, ওই অন্ধকার পুঞ্জের মধ্যে একজন বসে আছে।



এবং চেয়ে আছে তাঁর দিকে। আশ্চর্য হলেন না নন্দবাবুর। এরকম ঘটনা অনেকের জীবনেই ঘটে। তাঁর জীবনেও ঘটেছে। পেছন ফিরে না তাকিয়েও বোঝা যায়, পেছনে কেউ এসে দাঁড়িয়েছে, একদৃষ্টে চেয়ে আছে।


নন্দবাবু হাই তুললেন। গরম এখন নেই। ঝিরঝিরে হাওয়ায় গাছের পাতা শিরশির করছে। নিকষ আঁধারকে চোখে সইয়ে নেওয়ার জন্যে তিনি চোখ পাকিয়ে সেদিকে চেয়েই রইলেন।


তবুও কাউকে দেখা গেল না। কার্জন পার্ক ইদানীং কুখ্যাত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সন্ধের পর। তাই নন্দবাবু ঠিক করলেন, উঠে পড়া যাক।


বড়ো খামে মোড়া লেখাটা, মাথার তলায় দিয়ে শুয়েছিলেন। এখন সেটা কুড়িয়ে নিলেন। গায়ের ঘাস আর পাতা ঝেড়ে নিলেন। এবার তিনি উঠবেন।


কিন্তু উঠতে গিয়েই মাথাঘুরে গেল নন্দবাবুর। আস্তে আস্তে তিনি শুয়ে পড়লেন। তখন যদি তাঁর নাড়ি চেপে ধরে বসে থাকতেন কোনো ডাক্তার, তিনি দেখতেন নাড়ির ধুকপুকুনি যেন একটু একটু করে অতলে তলিয়ে যাচ্ছে।



ধুকপুকুনি কিন্তু নিতল থেকেও আবার ফিরে এল। স্বাভাবিক হয়ে গেল। চোখ মেললেন নন্দবাবু। সে চোখে এখন অন্য চাহনি।


রাত নটায় বাড়ি ফিরলেন নন্দবাবু। বাসে নয়, ট্যাক্সিতে। নন্দবাবু কিন্তু ট্যাক্সি ডাকেননি। তিনি ট্যাক্সি চড়েন না। কেউ গাড়ি চড়াতে এলেও সবিনয়ে প্রত্যাখ্যান করেন।


সেই সন্ধ্যায় কিন্তু ধীর স্থির, পদক্ষেপে কার্জন পার্ক থেকে বেরিয়ে এসে ট্যাক্সির জন্যেই দাঁড়িয়েছিলেন। তাঁর পকেটে ছিল মোটে দুটাকা ষাট পয়সা। তিনি তা জানতেন।


এসপ্ল্যানেড অঞ্চলে ট্যাক্সিওয়ালারা প্যাসেঞ্জার বোঝে। বিশেষ করে সন্ধের পর তাদের মেজাজ তেরিয়া হয়ে যায়। শাঁসালো যাত্রী ছাড়া কাউকে পাত্তা দেয় না।


নন্দবাবুর শ্রীহীন পোশাক দেখেও কিন্তু একটা ট্যাক্সি এসে দাঁড়িয়েছিল সামনে। ড্রাইভার পেছনে হেলে পড়ে দরজা খুলে দিয়েছিল। কোনো কথা নয়। উঠে বসেছিলেন নন্দবাবু। ড্রাইভার মিটার ডাউন করেনি। এমন কী নন্দবাবু কোনদিকে যাবেন, তাও জিজ্ঞেস করেনি। ঝড়ের বেগে লেনিন সরণি দিয়ে মৌলালি পেরিয়ে বেলেঘাটা রোড ধরে চাউলপট্টির সি-আই-টি বিল্ডিংস-এর একটা ব্লকের সামনে এসে ব্রেক কষেছিল। দরজা খুলে দিয়েছিল।



নন্দবাবু নেমে গেছিলেন ভাড়া না দিয়ে। ড্রাইভার চলে গেছিল ভাড়া না চেয়ে। এইটাই যেন স্বাভাবিক। মিটার ডাউন করা হয়নি এই কারণেই।


ছোট্ট এই ওয়ান-রুম ফ্ল্যাটে একা থাকেন নন্দবাবু। তিনি সংসার করেননি। একা থাকতে ভালোবাসেন। একা রেঁধে খান। এন্তার বই পড়েন। ফ্রিজ আর টেলিফোন ছাড়া আধুনিক কলকবজা তাঁর ঘরে আর নেই। ল্যাচ খুলে ঘরে ঢুকে আলো জ্বালালেন নন্দবাবু। আয়নার সামনে দাঁড়ালেন। চেয়ে রইলেন নিজের দিকে। তারপর চাইলেন আয়নার পাশেই ঝোলানো ফ্রেমে বাঁধাই নিজের ছবির দিকে।বই


মিলিয়ে দেখলেন আয়নার প্রতিকৃতি আর ছবির প্রতিকৃতি। একই মানুষ। অথচ কোথায় যেন একটা সূক্ষ্ম পরিবর্তন ঘটে গেছে। খু-উ-ব সূক্ষ্ম। পরিবর্তনটা ভেতরের। তাই বাইরে থেকে বোঝা যাচ্ছে না।


পালটেছে শুধু চাহনি। ওঁর চাহনি চিরকালই শান্ত।


এখনও তা শান্ত। তবে মনে হচ্ছে, ওই চাহনির নীচ থেকে আর একটা চাহনি মেলে ধরেছে নিজেকে। সে যে কী চাহনি, তা বলে বোঝানো যায় না।



পালটেছে তাঁর হাঁটাচলার ভঙ্গিমা, তাঁর দাঁড়িয়ে থাকার পোজ। অসাধারণ ব্যক্তিত্ব আর আভিজাত্য অকস্মাৎ যেন তাঁকে আশ্রয় করেছে আরও কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে রইলেন নন্দবাবু। একটা আঙুলও নাড়লেন না। কিন্তু যেন শরীরের সমস্ত এনার্জি সংহত হল চাহনির মধ্যে। সেই চাহনি যেন নিঃশব্দে অদৃশ্য বিস্ফোরণ ঘটাল বাতাসের মধ্যে।


বেজে উঠল টেলিফোন। মেপে পা ফেলে টেবিলেন দিকে এগিয়ে গেলেন নন্দবাবু। খানদানি পদক্ষেপ। টেলিফোনের বাদ্যি বাজলেই তাড়াহুড়ো করতেন আগে। এখন সে অভ্যেস তিরোহিত হয়েছে আচমকা।


রিসিভার তুলে নিয়ে খুব আস্তে বললেন—’হ্যালো।’


গলা শুনে নন্দবাবুকে নিশ্চয় চেনা গেল না। কেন না, এত আস্তে এত দানা-দানা গলায় তিনি তো কখনো কথা বলেন না।


তাই অপর পক্ষ বললেন—’নন্দবাবুকে দিন।’


‘আমিই নন্দ নাগ।’


**********
No Review
Related Books
Loading books…