Home
হৃদয়যমুনা

হৃদয়যমুনা

রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়যমুনা

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


যদি ভরিয়া লইবে কুম্ভ , এসো ওগো , এসো মোর

হৃদয়নীরে ।

তলতল ছলছল কাঁদিবে গভীর জল

ওই দুটি সুকোমল চরণ ঘিরে ।

আজি বর্ষা গাঢ়তম , নিবিড়কুন্তলসম

মেঘ নামিয়াছে মম দুইটি তীরে ।

ওই যে শবদ চিনি নূপুর-রিনিকিঝিনি ,

কে গো তুমি একাকিনী আসিছ ধীরে ।

যদি ভরিয়া লইবে কুম্ভ , এসো ওগো , এসো মোর

হৃদয়নীরে ।

যদি কলস ভাসায়ে জলে বসিয়া থাকিতে চাও

আপনা ভুলে —

হেথা শ্যাম দূর্বাদল , নবনীল নভস্তল ,

বিকশিত বনস্থল বিকচ ফুলে ।

দুটি কালো আঁখি দিয়া মন যাবে বাহিরিয়া

অঞ্চল খসিয়া গিয়া পড়িবে খুলে ।

চাহিয়া বঞ্জুলবনে কী জানি পড়িবে মনে

বসি কুঞ্জে তৃণাসনে শ্যামল কূলে!

যদি কলস ভাসায়ে জলে বসিয়া থাকিতে চাও

আপনা ভুলে ।

যদি গাহন করিতে চাহ , এসো নেমে এসো হেথা

গহনতলে ।

নীলাম্বরে কিবা কাজ , তীরে ফেলে এসো আজ ,

ঢেকে দিবে সব লাজ সুনীল জলে ।

সোহাগ-তরঙ্গরাশি অঙ্গখানি দিবে গ্রাসি ,

উচ্ছ্বসি পড়িবে আসি উরসে গলে —

ঘুরে ফিরে চারি পাশে কভু কাঁদে কভু হাসে ,

কুলুকুলু কলভাষে কত কী ছলে!

যদি গাহন করিতে চাহ , এসো নেমে এসো হেথা

গহনতলে ।

যদি মরণ লভিতে চাও , এসো তবে ঝাঁপ দাও

সলিলমাঝে ।

স্নিগ্ধ , শান্ত , সুগভীর , নাহি তল , নাহি তীর ,

মৃত্যুসম নীল নীর স্থির বিরাজে ।

নাহি রাত্রি দিনমান — আদি অন্ত পরিমাণ ,

সে অতলে গীতগান কিছু না বাজে ।

যাও সব যাও ভুলে , নিখিল বন্ধন খুলে

ফেলে দিয়ে এসো কূলে সকল কাজে ।

যদি মরণ লভিতে চাও , এসো তবে ঝাঁপ দাও

সলিলমাঝে ।


**********
No Review
Related Books
Loading books…