Home
হারিয়ে যাওয়া

হারিয়ে যাওয়া

রবীন্দ্রনাথ ঠাকুর

হারিয়ে যাওয়া

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 23-Apr-2025

Change color


ছোট্ট আমার মেয়ে

সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে

সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে

অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে ।

হাতে ছিল প্রদীপখানি ,

আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী ।

আমি ছিলাম ছাতে

তারায় ভরা চৈত্রমাসের রাতে ।

হঠাৎ মেয়ের কান্না শুনে , উঠে

দেখতে গেলেম ছুটে ।

সিঁড়ির মধ্যে যেতে যেতে

প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে ।

শুধাই তারে , “ কী হয়েছে , বামী । ”

সে কেঁদে কয় নিচে থেকে , “ হারিয়ে গেছি আমি । ”

তারায় ভরা চৈত্রমাসের রাতে

ফিরে গিয়ে ছাতে

মনে হল আকাশ - পানে চেয়ে

আমার বামীর মতোই যেন অমনি কে এক মেয়ে

নীলাম্বরের আঁচলখানি ঘিরে

দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে ।

নিবত যদি আলো , যদি হঠাৎ যেত থামি

আকাশ ভরে উঠত কেঁদে , “ হারিয়ে গেছি আমি । ”


**********
No Review
Related Books
Loading books…