Home
যুগল

যুগল

রবীন্দ্রনাথ ঠাকুর


ঠাকুর , তব পায়ে নমোনমঃ ,

পাপিষ্ঠ এই অক্ষমেরে ক্ষম ,

আজ বসন্তে বিনয় রাখো মম—

বন্ধ করো শ্রীমদ্‌ভাগবত ।

শাস্ত্র যদি নেহাত পড়তে হবে

গীত - গোবিন্দ খোলা হোক - না তবে ।

শপথ মম , বোলো না এই ভবে

জীবনখানা শুধুই স্বপ্নবৎ ।

একটা দিনের সন্ধি করিয়াছি ,

বন্ধ আছে যমরাজের সমর—

আজকে শুধু এক বেলারই তরে

আমরা দোঁহে অমর দোঁহে অমর ।

স্বয়ং যদি আসেন আজি দ্বারে

মান্‌ব নাকো রাজার দারোগারে—

কেল্লা হতে ফৌজ সারে সারে

দাঁড়ায় যদি , ওঁচায় ছোরা - ছুরি ,

বলব , ‘ রে ভাই , বেজার কোরো নাকো ,

গোল হতেছে , একটু থেমে থাকো ,

কৃপাণ - খোলা শিশুর খেলা রাখো

খ্যাপার মতো কামান - ছোঁড়াছুঁড়ি ।

একটুখানি সরে গিয়ে করো

সঙের মতো সঙিন ঝম - ঝমর ।

আজকে শুধু এক বেলারই তরে

আমরা দোঁহে অমর দোঁহে অমর । '

বন্ধুজনে যদি পুণ্যফলে

করেন দয়া , আসেন দলে দলে ,

গলায় বস্ত্র কব নয়নজলে ,

‘ ভাগ্য নামে অতিবর্ষা - সম !

এক দিনেতে অধিক মেশামেশি

শ্রান্তি বড়োই আনে শেষাশেষি ,

জান তো ভাই , দুটি প্রাণীর বেশি

এ কুলায়ে কুলায় নাকো মম ।

ফাগুন - মাসে ঘরের টানাটানি—

অনেক চাঁপা , অনেকগুলি ভ্রমর ।

ক্ষুদ্র আমার এই অমরাবতী—

আমরা দুটি অমর , দুটি অমর । '

**********
No Review
Related Books
Loading books…