Home
মূল্যপ্রাপ্তি

মূল্যপ্রাপ্তি

রবীন্দ্রনাথ ঠাকুর

মূল্যপ্রাপ্তি

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


অবদানশতক


অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশিরঘাতে

পদ্মগুলি গিয়াছে মরিয়া —

সুদাস মালীর ঘরে কাননের সরোবরে

একটি ফুটেছে কী করিয়া ।

তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদদ্বারে ,

মাগিল রাজার দরশন —

হেনকালে হেরি ফুল আনন্দে পুলকাকুল

পথিক কহিল একজন ,

‘ অকালের পদ্ম তব আমি এটি কিনি লব ,

কত মূল্য লইবে ইহার ?

বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরমাঝ

তাঁর পায়ে দিব উপহার ।'

মালী কহে , ‘ এক মাষা স্বর্ণ পাব মনে আশা ।'

পথিক চাহিল তাহা দিতে —

হেনকালে সমারোহে বহু পূজা - অর্ঘ্য বহে

নৃপতি বাহিরে আচম্বিতে ।

রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গলগীত

চলেছেন বুদ্ধদরশনে —

হেরি অকালের ফুল শুধালেন , ‘ কত মূল ?

কিনি দিব প্রভুর চরণে ।'

মালী কহে , ‘ হে রাজন্‌ , স্বর্ণমাষা দিয়ে পণ

কিনিছেন এই মহাশয় ।'

‘ দশ মাষা দিব আমি' কহিলা ধরণীস্বামী ,

‘ বিশ মাষা দিব' পান্থ কয় ।

দোঁহে কহে ‘ দেহো দেহো ' , হার নাহি মানে কেহ —

মূল্য বেড়ে ওঠে ক্রমাগত ।

মালী ভাবে যাঁর তরে এ দোঁহে বিবাদ করে

তাঁরে দিলে আরো পাব কত !

কহিল সে করজোড়ে , ‘ দয়া করে ক্ষম মোরে —

এ ফুল বেচিতে নাহি মন ।'

এত বলি ছুটিল সে যেথা রয়েছেন বসে

বুদ্ধদেব উজলি কানন ।

বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে ,

নিরঞ্জন আনন্দমূরতি ।

দৃষ্টি হতে শান্তি ঝরে , স্ফুরিছে অধর - ' পরে

করুণার সুধাহাস্যজ্যোতি ।

সুদাস রহিল চাহি — নয়নে নিমেষ নাহি ,

মুখে তার বাক্য নাহি সরে ।

সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি

প্রভুর চরণপদ্ম - ' পরে ।

বরষি অমৃতরাশি বুদ্ধ শুধালেন হাসি ,

‘ কহো বৎস , কী তব প্রার্থনা ।'

ব্যাকুল সুদাস কহে , ‘ প্রভু , আর কিছু নহে ,

চরণের ধূলি এক কণা ।'


**********
No Review
Related Books
Loading books…