Home
বালিকা বধূ

বালিকা বধূ

রবীন্দ্রনাথ ঠাকুর

বালিকা বধূ

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


ওগো বর , ওগো বঁধু ,

এই - যে নবীনা বুদ্ধিবিহীনা

এ তব বালিকা বধূ ।

তোমার উদার প্রাসাদে একেলা

কত খেলা নিয়ে কাটায় যে বেলা ,

তুমি কাছে এলে ভাবে তুমি তার খেলিবার ধন শুধু ,

ওগো বর , ওগো বঁধু ।

জানে না করিতে সাজ

কেশ বেশ তার হলে একাকার

মনে নাহি মানে লাজ ।

দিনে শতবার ভাঙিয়া গড়িয়া

ধুলা দিয়ে ঘর রচনা করিয়া

ভাবে মনে মনে সাধিছে আপন ঘরকরণের কাজ—

জানে না করিতে সাজ ।

কহে এরে গুরুজনে ,

‘ ও যে তোর পতি , ও তোর দেবতা ' —

ভীত হয়ে তাহা শোনে ।

কেমন করিয়া পূজিবে তোমায়

কোনোমতে তাহা ভাবিয়া না পায় ,

খেলা ফেলি কভু মনে পড়ে তার ‘ পালিব পরানপণে

যাহা কহে গুরুজনে ' ।

বাসকশয়ন ' পরে

তোমার বাহুতে বাঁধা রহিলেও

অচেতন ঘুমভরে ।

সাড়া নাহি দেয় তোমার কথায় ,

কত শুভখণ বৃথা চলি যায় ,

যে হার তাহারে পরালে সে হার কোথায় খসিয়া পড়ে

বাসকশয়ন ' পরে ।

শুধু দুর্দিনে ঝড়ে—

দশ দিক ত্রাসে আঁধারিয়া আসে

ধরাতলে অম্বরে—

তখন নয়নে ঘুম নাই আর ,

খেলাধুলা কোথা পড়ে থাকে তার ,

তোমারে সবলে রহে আঁকড়িয়া—হিয়া কাঁপে থরথরে

দু : খদিনের ঝড়ে ।

মোরা মনে করি ভয়

তোমার চরণে অবোধজনের

অপরাধ পাছে হয় ।

তুমি আপনার মনে মনে হাস ,

এই দেখিতেই বুঝি ভালোবাস ,

খেলাঘর - দ্বারে দাঁড়াইয়া আড়ে কী যে পাও পরিচয় ।

মোরা মিছে করি ভয় ।

তুমি বুঝিয়াছ মনে ,

একদিন এর খেলা ঘুচে যাবে

ওই তব শ্রীচরণে ।

সাজিয়া যতনে তোমারি লাগিয়া

বাতায়নতলে রহিবে জাগিয়া ,

শতযুগ করি মানিবে তখন ক্ষণেক অদর্শনে ,

তুমি বুঝিয়াছ মনে ।

ওগো বর , ওগো বঁধু ,

জান জান তুমি—ধুলায় বসিয়া

এ বালা তোমারি বধূ ।

রতন - আসন তুমি এরি তরে

রেখেছ সাজায়ে নির্জন ঘরে ,

সোনার পাত্রে ভরিয়া রেখেছ নন্দনবনমধু—

ওগো বর , ওগো বঁধু ।


**********
No Review
Related Books
Loading books…