Home
কোকিল

কোকিল

রবীন্দ্রনাথ ঠাকুর

কোকিল

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


আজ বিকালে কোকিল ডাকে ,

শুনে মনে লাগে

বাংলাদেশে ছিলেম যেন

তিনশো বছর আগে ।

সে দিনের সে স্নিগ্ধ গভীর

গ্রামপথের মায়া

আমার চোখে ফেলেছে আজ

অশ্রুজলের ছায়া ।

পল্লীখানি প্রাণে ভরা

গোলায় ভরা ধান ,

ঘাটে শুনি নারীর কণ্ঠে

হাসির কলতান ।

সন্ধ্যাবেলায় ছাদের'পরে

দখিন - হাওয়া বহে ,

তারার আলোয় কারা বসে

পুরাণ - কথা কহে ।

ফুলবাগানের বেড়া হতে

হেনার গন্ধ ভাসে ,

কদমশাখার আড়াল থেকে

চাঁদটি উঠে আসে ।

বধূ তখন বিনিয়ে খোঁপা

চোখে কাজল আঁকে ,

মাঝে মাঝে বকুলবনে

কোকিল কোথা ডাকে ।

তিনশো বছর কোথায় গেল ,

তবু বুঝি নাকো

আজো কেন ওরে কোকিল

তেমনি সুরেই ডাকো ।

ঘাটের সিঁড়ি ভেঙে গেছে ,

ফেটেছে সেই ছাদ—

রূপকথা আজ কাহার মুখে

শুনবে সাঁঝের চাঁদ ।

শহর থেকে ঘণ্টা বাজে ,

সময় নাই রে হায়

ঘর্ঘরিয়া চলেছি আজ

কিসের ব্যর্থতায় ।

আর কি বধূ , গাঁথ ' মালা—

চোখে কাজল আঁক ' ?

পুরানো সেই দিনের সুরে

কোকিল কেন ডাক ' ।


**********
No Review
Related Books
Loading books…