Home
বর্ষাসন্ধ্যা

বর্ষাসন্ধ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর

বর্ষাসন্ধ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


আমায় অমনি খুশি করে রাখো

কিছুই না দিয়ে—

শুধু তোমার বাহুর ডোরে

বাহু বাঁধিয়ে ।

এমনি ধূসর মাঠের পারে

এমনি সাঁঝের অন্ধকারে

বাজাও আমার প্রাণের তারে

গভীর ঘা দিয়ে ।

আমায় অমনি রাখো বন্দী করে

কিছুই না দিয়ে ।

আমি আপনাকে আজ বিছিয়ে দেব

কিছুই না করি ,

দু হাত মেলে দিয়ে , তোমার

চরণ পাকড়ি ।

আষাঢ় - রাতের সভায় তব

কোনো কথাই নাহি কব ,

বুক দিয়ে সব চেপে লব

নিখিল আঁকড়ি ।

আমি রাতের সাথে মিশিয়ে রব

কিছুই না করি ।

আজ বাদল - হাওয়ায় কোথা রে জুঁই

গন্ধে মেতেছে ।

লুপ্ত তারার মালা কে আজ

লুকিয়ে গেঁথেছে ।

আজি নীরব অভিসারে

কে চলেছে আকাশপারে ,

কে আজি এই অন্ধকারে

শয়ন পেতেছে ।

আজ বাদল - হাওয়ায় জুঁই আপনার

গন্ধে মেতেছে ।

ওগো , আজকে আমি সুখে রব

কিছুই না নিয়ে—

আপন হতে আপন - মনে

সুধা ছানিয়ে ।

বনে হতে বনান্তরে

ঘনধারায় বৃষ্টি ঝরে

নিদ্রাবিহীন নয়ন - ' পরে

স্বপন বানিয়ে ।

ওগো , আজকে পরান ভরে লব

কিছুই না নিয়ে ।


**********
No Review
Related Books
Loading books…