Home
স্বর্ণচঞ্চু

স্বর্ণচঞ্চু

সমরেশ বসু

স্বর্ণচঞ্চু

সমরেশ বসু
novel

Change color

পরিচ্ছেদঃ ০১

সকাল থেকেই আজ থানায় ভিড়। একটা বিশেষ উত্তেজনাও আছে। দুটি পুরুষের মৃতদেহ থানার বারান্দায়, কাপড় ঢাকা দেওয়া রয়েছে। ঢাকা দেওয়া কাপড়গুলো রক্তাক্ত। বাসি শুকনো রক্ত। তাতেই বোঝা যায় মৃত্যুর ঘটনা গতকাল রাত্রে বা অন্য কোনও সময়ের, আজ সকালের নয়।

থানায় মেয়ে পুরুষের ভিড়। বাঙালি অবাঙালি, উভয় পক্ষই সেখানে রয়েছে। মেয়েদের কারুর কারুর কোলে বা সঙ্গে শিশুরাও রয়েছে। মেয়েদের মধ্যে কেউ কেউ কান্নাকাটি করছে। তাদের প্রবোধ দেবার চেষ্টা করছে সঙ্গী পুরুষেরা। সেপাইরাও কান্না থামাতে বলছে।

থানার হাজত ভরতি বন্দিদের ভিড়। একটু আগেই একদল বন্দিকে, মহকুমা হাজতে, পাঠানো হয়েছে জাল ঘেরা গাড়িতে ভরে। সেই দলটা সবাই বাঙালি। এখন যারা হাজতে রয়েছে তারা সকলেই অবাঙালি। সম্ভবত তারা, বিহার, উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশের মানুষ। কিন্তু বাঙালিদের ভাষায়, তারা সবাই বিহারি। মারামারি, নিহত, আহত, গ্রেপ্তার, উত্তেজনা, সবকিছুই ঘটেছে বিহারি বাঙালি দাঙ্গাকে কেন্দ্র করে।


যে মৃতদেহ দুটি বারান্দায় গলা অবধি ঢাকা দেওয়া রয়েছে, তাদের একজনের মুণ্ডিত মস্তক, মোটা গোঁফ। বয়স চল্লিশ-পঞ্চাশের মধ্যে। আর একজনের বয়স তিরিশ-বত্রিশ হতে পারে। মাথায় বড় বড় চুল, গোঁফদাড়ি কামানো। দেখলেই মনে হয়, যেন, একজন অবাঙালি, আর একজন বাঙালি। দুজনই দুটো আলাদা আলাদা এলাকায় খুন হয়েছে।


দুজনেরই আত্মীয় স্বজনেরা এসেছে। তারাই কান্নাকাটি করছে। মৃতদেহ আত্মীয় স্বজনকে ফিরিয়ে না দেবারই মনস্থ করেছে থানার কর্তৃপক্ষ। কারণ, তাতে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। এ অঞ্চলের অবস্থার আরও অবনতি হতে পারে। অবিশ্যি এখনই ফিরিয়ে দেবার কোনও প্রশ্নই নেই। কারণ দুটি মৃতদেহই আগে পোস্টমর্টেমে পাঠাতে হবে–আইন মোতাবেক।


গত পরশু থেকেই গোলমালের সূত্রপাত হয়েছে। পরশু রাত্রি থেকেই একটা মুখোমুখি দাঙ্গা বেঁধে গিয়েছিল। কারণ, রাজনৈতিক। রাজনৈতিকই বলতে হবে। কারণ, একটা কারখানার ধর্মঘটকে কেন্দ্র করে, দুই দলের সংঘর্ষ বেঁধেছিল। প্রথম সংঘর্ষটা ছিল, আরও কয়েকদিন আগের। কারখানা কর্তৃপক্ষের কিছু পোষা লোক, তারাও শ্রমিক বলেই পরিচিত। আর অধিকাংশ, যারা ধর্মঘট করেছে, তাদের মধ্যেই সংঘর্ষ লেগেছিল। পরিণতি, পোষা লোকগুলোর মার খেয়ে পলায়ন। ধর্মঘটিরা নিশ্চিন্ত হয়েছিল, দালালগুলো আপাতত আর মুখোমুখি হবে না, এই আশায়।


কিন্তু জলে বাস করে, কুমির সম্পর্কে যেমন নিশ্চিন্ত হওয়া যায় না, এও খানিকটা সেইরকম। সহসা, বিনা মেঘে বজ্রপাতের মতো, আবার ওরা দল বেঁধে এসেছিল। আবার সংঘর্ষ। তাতেই একজনের মৃত্যু হয়। আর সেই মৃত্যুকে কেন্দ্র করেই, বিহারি বাঙালি দাঙ্গা লেগে যায়।


দাঙ্গার পরিণতি, প্রচুর গ্রেপ্তার। অনেকের পলায়ন। এবং সর্বোপরি সমাধানহীন ধর্মঘট সম্পর্কে সংশয়, হতাশা। একদিক থেকে বলতে গেল, ধর্মঘট বানচাল হয়ে যাবার সম্ভাবনাই বিশেষ ভাবে লক্ষণীয় হয়ে উঠেছে। ধর্মঘটিদের পরাজয় আসন্ন বলে মনে হয়। কারণ একবার যখন বাঙালি অবাঙালি দাঙ্গা বাঁধানো গিয়েছে, পরস্পরের প্রতি অবিশ্বাস আর ঘৃণা অনেকখানি জাগানো গিয়েছে, যারা একসঙ্গে ধর্মঘট করেছিল, একই কারখানার লোক, তখন ধর্মঘট টিকিয়ে রাখা সম্ভব নয়।


কেমন করে সহসা এমন আশ্চর্য ঘটনা ঘটল, কোন জাদু বলে, তার হদিস দেওয়া কারুর পক্ষেই সম্ভব নয়। শুধু এইটুকু বলা যায়, শিল্পাঞ্চলে এরকম ঘটনা নতুন নয়। এবং এ সবই পূর্ব পরিকল্পিত। এই কুৎসিত দুষ্টক্ষত যে কখন কীভাবে, তার গলিত পুঁজ রক্ত নিয়ে বেরিয়ে পড়বে, আগে থেকে যেন কিছুই জানা যায় না।


ভারতবর্ষের রাজনীতিতে, শাসনের স্বার্থে জাতিতে জাতিতে সংঘর্ষ নতুন নয়। বর্তমানে, শিল্পাঞ্চলে প্রাদেশিক বিবাদ আর দাঙ্গা হল, একটা সাধারণ ঘটনা। সবথেকে সহজ কিস্তিমাতের কৌশল। কারখানার মানুষদের ঐক্য যাদের সমস্যা, যে কারখানা কর্তৃপক্ষ বা রাজনৈতিক দলের, তাদের সবথেকে সহজতর সমাধান হল, এই শ্রেণীর দাঙ্গা।


অতঃপর, যে ঘটনাকে কেন্দ্র করে, এই দাঙ্গার সূত্রপাত, সেই ধর্মঘটের কথা আর কারুর বিবেচ্য নয়। একদিকে বিদ্বেষের বিষ ছড়াতে থাকে একদল, অন্যেরা শান্তির বাণী নিয়ে বেরিয়ে পড়েন। স্বাভাবিক ভাবেই তখন শান্তির প্রয়োজনটাই সকলের কাছে বেশি হয়ে ওঠে। অন্য বিষয় পরে।


এখানেও বর্তমানে সেই অবস্থা চলেছে। ধর্মঘটের নেতৃস্থানীয় লোকেরাই সবথেকে আগে গ্রেপ্তার হয়েছে। বাকি গুণ্ডা বদমায়েশ এবং সাধারণ যুবকেরাও বাদ যাচ্ছে না। আশেপাশের অন্যান্য কারখানাগুলোও যাতে সংক্রামিত হয়ে না পড়ে, সেই চেষ্টা চলেছে। যদিও, সমস্ত কারখানাতেই হাজিরার সংখ্যা কম। যেখানে অবাঙালির সংখ্যা বেশি, সেখানে বাঙালিরা যেতে সাহস পাচ্ছে না। যেখানে বাঙালিদের ভিড় সেখানে অবাঙালিরা ঢুকছে না। এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাড়া এবং মহল্লাগুলোরও সেই অবস্থা হয়েছে। গতকাল সন্ধ্যায় বা রাত্রে, দুটি মৃতদেহই পাওয়া গিয়েছে দুটো বিভিন্ন জায়গায়। একজনকে পাওয়া গিয়েছে গঙ্গার ধারের ময়লা ফেলা ডিপোর কাছে। আর একজনকে একটা অপেক্ষাকৃত নির্জন রাস্তার ধারে একটা পোডড়া জমির আঁসশ্যাওড়ার জঙ্গলে। এগুলোকে ঘুপচুক খুনই বলা যায়। সেই জন্যই, এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না, আরও নিহত হওয়ার সংবাদ আসবে কি না।


.


এখন সকাল আটটা প্রায়। তার মধ্যে ছটি মৃতদেহের সন্ধান পাওয়া গিয়েছে। এখনও হয়তো কোথাও কেউ খুন হয়ে পড়ে আছে, লোকের চোখে পড়েনি। গতকাল রাত্রি থেকে যারা বাড়ি ফেরেনি, তাদের আত্মীয় স্বজনেরাও অনেকে থানায় এসেছে। যদি কোনও সংবাদ পাওয়া যায়। কারফু-তে গ্রেপ্তার হয়ে, থানায় থাকলে, সেটাকে সুখবরই বলতে হবে। কিন্তু দেখতে না পাওয়া গেলে বা তার চেয়েও ভয়ংকর, যদি মৃতদেহ দেখতে হয়, সেই ভয়ও অনেকের চোখে মুখে রয়েছে। ভয়ও ভয়ংকর সততদখত তম


নানান কারণেই, থানা সরগরম। স্থানীয়, বাঙালি অবাঙালি ব্যক্তিদের যাতায়াত চলেছে। তাঁদের মধ্যে, স্থানীয় রাজনৈতিক নেতারাও আছে। পুলিশকে, যাঁর যা বলবার বলে যাচ্ছেন। যাঁর যা পরামর্শ দেবার আছে, দিয়ে যাচ্ছেন। তবে, সকলেই যে পুলিশের কাছে আসছেন, তা নয়। তাঁদের কাছে পুলিশ মোটেই সন্দেহের ঊর্ধ্বে নয়। দাঙ্গার পিছনে, তাদেরও হাত আছে কি না, এ বিষয়ে তাঁরা নিঃসন্দেহ নন।


তবুও, থানায় অনেকেরই আনাগোনা চলছে। ঘন ঘন টেলিফোন বাজছে। এস. ডি. ও. এস; ডি. পি. ও; ডি. এম. ঊর্ধ্বতনেরা সকলেই গতকাল ঘুরে গিয়েছেন। আজও কেউ কেউ আসবেন, সন্দেহ নেই। থানার নিজস্ব পুলিশ বাহিনী ছাড়াও, রিজার্ভ পুলিশের সংখ্যাই এখন এ এলাকায় বেশি। তাদের গাড়িগুলো শহরে টহল দিচ্ছে। স্পেশাল অফিসার যারা এসেছে, তাদের নিয়ে জিপ ছুটোছুটি করছে।


প্রায় তিন মাইল এলাকা জুড়ে, ভীতির ভাব সর্বত্রই বর্তমান। দিনের বেলাও রাস্তাঘাটে লোক চলাচল বিশেষ নেই। একমাত্র নিজেদের এলাকাতেই যা একটু ভিড়। মিশ্রিত এলাকাগুলোর অবস্থা সবথেকে খারাপ। সেই সঙ্গেই, গুজবের ছড়াছড়ি চারদিকে। নিহতের সংখ্যা, গুজব রটনাকারীদের মুখে মুখে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডজনের ওপর দাঁড়িয়ে গিয়েছে। অগ্নি সংযোগ, লুটের খবরও কম নয়। সেই সঙ্গে নারীধর্ষণের সংবাদও আছে।


.


থানা ইনচার্জ-এর ঘরে কয়েকজন বসেছিল। ইনচার্জ নিজেও তার চেয়ারে বসে আছে। লোকটির বয়স বেশি নয়। বছর দুয়েক আছে এ অঞ্চলে। অবিবাহিত, যদিও বিয়ের বয়স হিসেবে, এখন বেশিই হয়েছে। চুলে কিছু কিছু পাক ধরেছে দু পাশের রগের কাছে। চোখ দুটো যত উজ্জ্বল, আর তীক্ষ্ণ, সেই তুলনায় মুখটা থলথলে। তার অভিব্যক্তি একটু বোকাটে। নাম শ্যামাচরণ।


এ অঞ্চলের একটা, সুনাম দুর্নাম, যা-ই হোক, আছে। সেটা হল, বছর দুয়েক কোনও থানা ইনচার্জ এ থানায় টিকে থাকতে পারলে, লাখ দুই তিন টাকা সে পকেটে করে নিয়ে যেতে পারে। কী ভাবে, এবং কথাটা কতখানি সত্যি, এ বিষয়ে কিছু জানা যায় না। কথাটা একটা কিংবদন্তির মতোই প্রচলিত। শ্যামাচরণের কতখানি হয়েছে, কে জানে! বাইরে থেকে তাকে দেখলে কিছুই বোঝা যায় না। সে মদ খায় না, বিড়ি সিগারেটের নেশাও নেই। চালচলনও সে রকম ফিটফাট স্মার্ট নয়।


তার ঘরে যারা বসেছিল, ওরা সকলেই এ অঞ্চলের নাম করা গুণ্ডা আর ছিনতাই পার্টির লোক। তাদের মধ্যে বাঙালি অবাঙালি, দু পক্ষই আছে। তারা বসেছিল, দেয়াল ঘেঁষে একটা কাঠের বেঞ্চিতে।


আর একজন, শ্যামাচরণের টেবিলের সামনে, প্রায় মুখোমুখি, চেয়ারেই গা এলিয়ে দিয়ে বসে আছে। সে বেঞ্চির দলের নয়, বোঝা যাচ্ছে। শ্যামাচরণ তা হলে তাকে এখানে বসতেই দিত না। এমনকী, পঁচিশ থেকে তিরিশের মধ্যেই বয়স, ছোকরা যে ভাবে সিগারেট খাচ্ছে চোখ আধ বোজা করে, তাতে মনে হয়, বড় দারোগাকে নিয়ে, ওর কোথাও কোনও সমস্যা নেই। টেরিটের অলিভ-গ্রিন সরু ট্রাউজার ওর পরনে। গায়ে তন্তুজ কাপড়েরই হাওয়াইয়ান শার্ট। তেমন পরিষ্কার নয়। পায়ের স্যান্ডেল জোড়া টেবিলের তলায় খোলাই রয়েছে। দুটো খালি পা মাটিতে ছড়ানো। রোগা রোগা, এক-হারা গোছের মাঝারি লম্বা গড়ন। চুল ছোট করে ছাঁটা, প্রায় কপালের দিকেই সামনে টেনে দেওয়া। অথবা চিরুনি ছোঁয়ায়নি, হাত দিয়েই কোনওরকমে কাজ সেরেছে।


এমন একটা নির্বিকার ভাব ওর যে, বেঞ্চির লোকগুলোর সঙ্গে কোনও মিলই নেই। বেঞ্চির লোকগুলোর চেহারা, পোশাক, চাউনি, সবই ভিন্ন ধরনের। হয়তো তাদেরও শার্ট প্যান্ট সবই আছে, তথাপি রং চং, চোখ মুখের অভিব্যক্তি, সবই আলাদা। একটা ভয় বিব্রত সংশয়ের ভাব তাদের মুখে।


শ্যামাচরণ সেইদিকেই, একজনের দিকে তাকিয়ে বলল, কী হল কাল্লু, জিজ্ঞেস করলাম যে, কাল রাত্রে তুই কোথায় ছিলি?


কাল্লুর চোখ লাল, নিদ্রার অভাবেই একটু ঢুলু ঢুলু। চোখের কোল বসা। বলল, বাতালাম সাব, কাল রাত মে তো ঘরেই ছিলাম।


শ্যামাচরণ ধমক দিয়ে ওঠে, বাজে কথা ছাড়। কে জানে, তুই বাড়ি ছিলি?


বাড়িতে বহুকে পুছিয়ে দেখেন না।


চেয়ারে বসা ছেলেটি ঘাড় ফিরিয়ে বলে উঠল, তোর কটা বহু আছে, তা-ই আগে বল কাল্লু।


কথা শেষ হবার আগেই, শ্যামাচরণ ধমকে ওঠে, তুমি চুপ করো অশোক, তোমার কথা আমি শুনতে চাই না। তোমাকে যখন জিজ্ঞেস করব, তখন জবাব দিয়ে।


অশোক হাত উলটে বলল, যাঃ বাবা, ভাল কথা বলতে গেলুম আপনি চটে গেলেন। কাল্লু বললে, ওর বউকে জিজ্ঞেস করতে, তা-ই আমি বলছি, কটা বউ আছে ওর, কোন বউকে আপনি জিজ্ঞেস করবেন। ন নম্বর গলির বউ, না তেরো নম্বর গলির বউ।


শ্যামাচরণ তার থলথলে মুখের চামড়ায় ঢেউ তোলে। হুমকে উঠে বলে, তার মানে?


অশোক বলল, তার মানে ওকেই জিজ্ঞেস করুন।


শ্যামাচরণ বাঘের মতো চোখ করে কাল্লুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কটা বউ তোর?


কাল্লু বোধ হয় একটু লজ্জিত হল। মাথা নিচু করে বলল, তিন।


শাট আপ রাসকেল। কী করে তুই তিনটে বিয়ে করেছিস, বে-আইনি না? আমি এখনই তোর হাতে হাতকড়া লাগাব।


কাল্লু রীতিমতো চমকিত শঙ্কিত। শ্যামাচরণ টেবিলে চাপড় মেরে আবার বলল, এটা মগের মুলুক পেয়েছিস তোরা, আইন বলে কিছুই নেই? তিনটে বিয়ে করেছিস, আবার সে কথা বলা হচ্ছে। চাবকে তোর পিঠের ছাল তুলে দেব।


কাল্লু গুণ্ডার শঙ্কিত মুখটা ক্রমে, অসহায় বোকাটে হয়ে ওঠে। বলে, সাব শাদি আবার হামকো কেয়সে হবে, কে দেবে?


তবে?


ওদের হামি খাওয়াই পিয়াই, কাপড় চোপড়া দেতা, ঘর ভাড়া দেতা…।


কথা শেষ হবার আগেই শ্যামাচরণ বলে ওঠে, তার মানে রক্ষিতা।


কাল্লু চুপ করে থাকে। শ্যামাচরণও বুঝতে পারে, এই পর্যন্তই তার সীমা। কিন্তু রাগ আর ঘৃণা সে সামলাতে পারে না বলেই, দাঁতে দাঁত পেষে, আর মুঠি পাকাতে থাকে।


অশোক আস্তে আস্তে বলে, আর তিনটি স্ত্রীলোক পুষতে হলে, বুঝতেই পারছেন, কত টাকা দরকার। তাই একটু ছিনতাই গুণ্ডামি করতে হয়।


শ্যামাচরণ টেবিলের ওপর ঘুষি মেরে, প্রায় দেয়াল কাঁপিয়ে বলল, তুমি চুপ করবে কি না জানতে চাই।


<

**********
No Review
Related Books
Loading books…