
সমুদ্রতীরে
সুনীল গঙ্গোপাধ্যায়
১-৪. আকাশের আলো
জানলা দিয়ে একবার বাইরে তাকিয়ে মনে হল, এখন আর ঘরে বসে থাকার কোনও মানে হয় না। বিকেল শেষ হয়ে গেছে, কিন্তু আকাশের আলো মিলিয়ে যায়নি।
আজ সারা দুপুর বইয়ের পাতায় ডুবে ছিলাম। এক-এক দিন পড়াশোনায় খুব মনে বসে যায়, এক-এক দিন কিছুটা অস্থির ভাব থাকে। আজ খুব বেশি হাওয়া ছিল না, গরমও ছিল না। বই পড়তে পড়তে আজ একবারও খেয়াল হয়নি যে কাছেই একটা সমুদ্র আছে।
বেরুবার আগে জানলা দুটো মনে করে বন্ধ করে দিতে হয়, নইলে হাওয়ায় সব উড়িয়ে নিয়ে যায়। টেবিলের ওপর গোটা চারেক কলা পড়ে আছে, খোসার ওপর কালচে কালচে ছোপ পড়েছে। এগুলো ফেলে দেওয়াই ভাল। আমি কলা তেমন একটা ভালবাসি না, তবু কিনেছিলাম অসম্ভব সস্তা বলে। ছ’খানা মর্তমান কলার দাম মাত্র এক টাকা।
কলাগুলো হাতে নিয়ে বেরুতে গিয়ে আমি একটু হাসলাম। মানুষ একা একা নিজের কাছেও মিথ্যে বলে! শুধু সস্তা বলেই কি আধ ডজন কলা কিনেছিলাম? না, তা ঠিক নয়।
কিশোর কলা বিক্রেতাটি এসে বসেছিল বিচের ওপর। সমুদ্রের ঢেউয়ের আওয়াজকেও ছাড়িয়ে সে তীক্ষ্ণকণ্ঠে চিৎকার করছিল, কেলা, কেলা, কেলা! আস্তে আস্তে ছোটখাটো একটা ভিড় জমে গেল তাকে কেন্দ্র করে। আমি তখনও যাইনি, বসেছিলাম তটরেখার একেবারে ধার ঘেঁষে। চমৎকার রোদ-ঝকঝকে সকাল। খুব জোর হাওয়া তখন। এ-রকম প্রবল হাওয়ায় মেয়েরা শাড়ি সামলাতে খুব বিব্রত হয়ে পড়ে, দেখতে বেশ লাগে।
সেই মেয়েটি, তার নাম চন্দ্রা, সে-ও দাঁড়িয়েছিল কলাওয়ালার সামনে। তার সবুজ রঙের শাড়ির আঁচলটা উড়ছিল পত পত করে। সকালবেলার পক্ষে বড় বেশি উজ্জ্বল রঙ তার শাড়ির। তবে ওরা ওই রকমই বেশি রঙচঙে, ঝলমলে পোশাক পরে, সকালবেলাতেও প্রসাধন না করে বাইরে বেরোয় না।
চন্দ্রা এক হাতে ধরেছিল উড়ন্ত আঁচল, অন্য হাতে এক থোকা কলা। থোকা কথাটা বোধহয় ঠিক হল না, ফুলের থোকা হয়, কলার কি হয়? সবুজ শাড়ি পরা চন্দ্রার হাতে সেই নিখুঁত হলুদ রঙের কলাগুলো ফুলের মতোই দেখাচ্ছিল। রঙের সেই সমন্বয় আমার পছন্দ হল। সেই দৃশ্যটার কাছাকাছি যাওয়ার জন্যই আমার কলা কেনার কথা মনে হয়েছিল। আমি চন্দ্রার একেবারে পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম।
চন্দ্রার সঙ্গে সেই আমার শেষ দেখা।
বাইরে এসে কলাগুলো ফেলতে গিয়েও মনে হল, এখনও ঠিক পচেনি, শুধু শুধু নষ্ট না করে খেয়ে নিলেও তো হয়। একটা খোসা ছাড়িয়ে খানিকটা মুখে দিয়েই ফেলে দিলাম থুঃ থুঃ করে। পচে যায়নি বটে কিন্তু বেশি মজে গেছে, তলতলে ভাব, এই স্বাদটা আমার ঘোরতর অপছন্দ। নাঃ, খাওয়া যাবেনা।
অনেক সময় কাছাকাছি ভিখিরিরা ঘুর ঘুর করে। তাদের কারুকে দিয়ে দেওয়া যেত। এখন কেউ নেই।
চন্দ্রাকে আমি বলেছিলাম, আমার জন্য কয়েকটা বেছে দাও তো।
চন্দ্রা নিজের হাতে এই কলাগুলো তুলে দিয়েছিল। আমি তার হাতের আঙুল ও স্বর্ণাভ মুখখানা দেখছিলাম।
তিন দিনেই কলাগুলো নষ্ট হয়ে গেছে। ছুঁড়ে ফেলে দিলাম বালির ওপর। তারপর আবার এগিয়ে গিয়ে সেগুলো তুলে একটুখানি ডান দিকে যেতে হল। সেদিন ঠিক এই জায়গায় বসেছিল কলাওয়ালাটি। বালির ওপর কারুর পায়ের ছাপ থাকে না, কিন্তু চন্দ্রা কোথায় দাঁড়িয়েছিল, তা আমার স্পষ্ট মনে আছে। সেখানেই ফিরিয়ে দিলাম কলাগুলো।
.
০২.
সমুদ্রে সূর্যাস্ত আমার দেখতে ভাল লাগে না। বড় বেশি জমকালো। ক্যালেন্ডারের ছবির মতো। বরং সূর্য ডুবে যাবার পর যে কিছুক্ষণ মধুর-বিষণ্ণ আলো, তখনকার আকাশের দিকে চোখ চলে যায়। এই আলোটা গায়ে মাখলেও বেশ আরাম বোধ হয়।
এরপর অন্ধকার হয়ে গেলে ঢেউয়ের ফণাগুলো জ্বলবে। গোপালপুরে আমি যতবার এসেছি, রাত্তিরের দিকে ঢেউয়ের মাথায় ফসফরাস জ্বলতে দেখেছি। মাইকেলের সেই লাইনটা মনে পড়ে যায়, কী সুন্দর মালা আজি পরিয়াছ গলে, প্রচেতঃ…। মাইকেলের আসল লাইনটা ছিল সমুদ্রের প্রতি বিদ্রুপের, এখানে সেটা প্রশস্তি হয়ে যায়।
চটি খুলে রেখে আমি জলে পা দিলাম। ঢেউ এসে পায়ের ওপর ঝাপটা মারে, আবার সরে যায়। এই সময় নিজেকে বেশ রাজা রাজা মনে হয়। এত বড় সমুদ্র, সে আমার পায়ে এসে লুটোচ্ছে। আমার পাদবন্দনা করে যাচ্ছে।
একজন ভদ্রলোক এই অসময়ে জাঙিয়া পরে স্নানে নামছেন। আমার পাশ দিয়ে খানিকটা জলের মধ্যে এগিয়ে গিয়েও আবার ফিরে এসে জিজ্ঞেস করলেন, আর কিছু শুনলেন?
আমি দু’দিকে ঘাড় নাড়লাম।
এখন আর এখানে দাঁড়াবার কোনও মানে হয় না। এক জন মাঝবয়সি পুরুষের স্নানের দৃশ্য কে দেখতে চায়?
সাদা ফেনা মাড়িয়ে মাড়িয়ে আমি হাঁটতে লাগলাম ডান দিকে। কিছু কিছু মানুষজন বসে আছে বালির ওপর। অনেকেরই মুখ চেনা। আকাশ শুষে নিচ্ছে শেষ আলো, মুখগুলো অস্পষ্ট হয়ে আসছে।
হঠাৎ খেয়াল হল, আমি পাম বিচ হোটেলের দিকে যাচ্ছি কেন? উলটো দিকে জেলেদের বস্তির দিকে গেলে ভাল হত। কিন্তু এদিকে চলে এসেছি অনেকটা।
পাজামার ওপর পাঞ্জাবি গলিয়ে বেরিয়ে পড়েছি, পকেটে হাত দিয়ে দেখলাম, টাকা-পয়সার খামটা রয়েছে। আমার মানি ব্যাগ বা যাকে পার্স বলে, তা ব্যবহার করার অভ্যেস আজও হল না। পাম বিচ হোটেলে গিয়ে চা খাওয়া যেতে পারে, ওরা চিকেন প্যাটিসও খুব ভাল বানায়। কিন্তু ওখানে গেলে সিনেমার লোকজনদের সঙ্গে দেখা হবেই, তাদের সঙ্গে গল্প করতে হবে।
কিংবা তাদের সঙ্গে গল্প করার লোভেই কি আমি এ-দিকে চলে এসেছি? কৌতূহল আমাকে টেনে এনেছে?
আমি গোপালপুর পৌঁছবার পর দিন তিনেক জায়গাটা বেশ নিরিবিলি ছিল। এখানে কোনও তীর্থস্থান নেই, কখনও খুব বেশি ভিড় হয় না, সেটাই গোপালপুরের বৈশিষ্ট্য।
এখানে এসে আমি কখনও হোটেলে উঠি না। অনেক কটেজ ভাড়া পাওয়া যায়। খুব ছেলেবেলায় যখন প্রথমবার আসি, তখন প্রচুর অ্যাংলো-ইন্ডিয়ান দেখেছি। আমার শৈশবের চোখে তারা ছিল সাহেব-মেম। বুড়োবুড়ি অ্যাংলো ইন্ডিয়ানরা এখানে বাড়ি বানিয়ে শেষ জীবন কাটাত, একখানা দু’খানা ঘর ভাড়া দিত। এখন তারা আর নেই।
অনেক বাড়ির ধ্বংসস্তূপ চোখে পড়ে। দেয়াল ভাঙা, জানালা-দরজা নেই। কোস্ট লাইন খানিকটা এগিয়ে এসেছে, জোয়ারের সময় প্রথম সারির অনেক বাড়িতে ছলাত ছলাত করে ঢেউ ধাক্কা মারে।
আমি একটা পুরো বাড়িই ভাড়া নিয়েছি, কারণ একা থাকাই আমার উদ্দেশ্য। যখন ইচ্ছে হবে না, কারুর সঙ্গে কথা বলব না, কোনও মানুষের মুখও দেখব না। রান্নাবান্নারও ঝামেলা রাখিনি। বেশ কাছেই একটা গেস্ট হাউস রয়েছে। গোটা ছয়েক পরিবার থাকার মতো, সেখানে বললেই চা থেকে সব কিছু পাঠিয়ে দেয়। একটি তেলেঙ্গি স্ত্রীলোক দু’বার আমার ঘর ঝাঁট দিয়ে, খাবার জল তুলে দিয়ে যায়। তার স্বামীই বাড়িটির কেয়ারটেকার। স্বামীটি মাছ ধরার নৌকো নিয়ে চলে যায় সমুদ্রের অনেকখানি গভীরে।
তিন দিন পর সিনেমার বিরাট দলটি এসে উঠল পাম বিচ হোটেলে। তাদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই, হোটেলটাও বেশ দূরে, তবু বেশ বিরক্ত বোধ করেছিলাম আমি। তারা যে খুব একটা হই-হট্টগোল করে, তা-ও না। কিন্তু এই ছিমছাম নিরিবিলি জায়গায় এক সঙ্গে অনেক লোক এসে পড়েছে, যখন তখন গাড়ি হাঁকিয়ে তারা ঘোরাঘুরি করছে। এটাই যেন অসহ্য বোধ হয়।
সিনেমার শুটিঙের মতো বিরক্তিকর জিনিস আমি কখনও দেখতে যাই না। মনে আছে, একবার থাকতে গিয়েছিলাম চিল্কার এক গেস্ট হাউসে। খুবই সুন্দর পরিবেশ। কিন্তু হঠাৎ পরদিন সেখানে শুরু হল একটা তামিল ফিলমের শুটিং। একটা গান বাজানো হচ্ছে, যুবতীটি বার বার নাচতে শুরু করছে, আর পরিচালক হেঁকে উঠছে, কাট, কাট! একই গান, একই নাচ, শুরু হচ্ছে আর থামছে, এই রকম চলল ঘণ্টার পর ঘণ্টা। সেই দিনই বিকেলে আমি পালিয়েছিলাম চিল্কা থেকে।
এখানেও এক দিন শুটিং হচ্ছিল আমার বাড়ির খুব কাছেই। আমার দেখতে যাওয়ার কোনও প্রশ্নই নেই। এরা অবশ্য মাইকে গান-টান কিছু বাজাচ্ছে না, জলের ধারে প্রেমালাপের দৃশ্য, তারপর স্নান। জানালার ধারে দাঁড়িয়ে আমি একবার শুটিং পার্টিটা দেখেই জানালা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু তারপর আর কিছুতেই লেখাপড়ায় মন বসেনা। জানলা বন্ধ, তবু যেন আমি দেখতে পাচ্ছি ক্যামেরা, লোকজন, নায়ক-নায়িকা। সে এক মহা জ্বালা।
পরদিন আমি দুপুরে স্নান করতে নেমেছি, তখনই আবার কাছাকাছি এসে উপস্থিত হল সিনেমার দলবল।
সে-দিন আবার জলের মধ্যে মারামারির দৃশ্য। ওরা অন্য লোকজনদের সরিয়ে দিচ্ছে। আমি বেশ রেগে গিয়ে রোঁয়া ফোলাচ্ছি। আমাকে একবার সরে যেতে বলুক না, দেখিয়ে দেব মজা। আমি স্নান করতে এসেছি, আমার যখন ইচ্ছে উঠব। এই সমুদ্রটা সিনেমার লোকদের বাবার সম্পত্তি নয়। ওরা ফাঁকা জায়গায় যাক না!
কিন্তু ঘটনাটা সম্পূর্ণ অন্য রকম হয়ে গেল।
সাদা টুপি পরা এক জন লোক আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, আরে, সুনীলবাবুনা? কবে এসেছেন আপনি?
সঙ্গে সঙ্গে রাগের বদলে আমাকে পেয়ে বসল একরাশ লজ্জা। এখন মেয়েদের সামনে দিয়ে আমাকে খালি গায়ে উঠতে হবে।
.
০৩.
পাম বিচ হোটেলের আলো দেখা যাচ্ছে, ওখানে যাব কি না এখনও মনস্থির করতে পারছি না। এক-একসময় মানুষের সংসর্গের জন্য মন আনচান করে, তবু মানুষের কাছাকাছি যেতে ইচ্ছে করে না। মুখটা ফেরাতেই চমকে উঠলাম। শুধু চমক নয়, বুকটা ধক করে উঠল। ঠিক ভয়ের অনুভূতি।
একটা ডিঙি নৌকোর গলুইয়ের কাছে বসে আছে একটি মেয়ে। কালো রঙের শাড়ি পরা। কিংবা শাড়ির রঙ গাঢ় নীলও হতে পারে। মুখটা জলের দিকে, আমি দেখতে পাচ্ছি না।
প্রথমে মনে হয়েছিল চন্দ্রা, এবং সেই জন্যই ভয় পেয়েছিলাম। অথবা চন্দ্রা হতেই পারে না। চন্দ্রা যদি ফিরে আসে কোনওক্রমে, তাহলে কি আমি ভয় পাব?
অবিকল চন্দ্রার মতো ভঙ্গিমায় এখানে এখন কে বসে থাকতে পারে? এই দৃশ্যটার মধ্যে বেশ অস্বাভাবিকতা আছে। প্রায় অলৌকিকের কাছাকাছি। এই সব ব্যাপারে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, তবু বুক তো কেঁপে উঠল একবার।
আমি এতখানি রাস্তা হেঁটে আসছি, নৌকোগুলোতে আগেই দেখেছি, কেউ ছিল না। মেয়েটি হঠাৎ কী করে এল? ঠিক আছে, ধরা যাক, ওর নীল রঙের শাড়ি অন্ধকারে মিশে গেছে বলে ওকে আমি আগে দেখতে পাইনি। তাহলেও সন্ধের পর কোনও মেয়ে তো এখানে এমন ভাবে একা বসে থাকে না। স্থানীয় মেয়ে নয়, কোনও জেলের বউ নয়, মেয়েটির দু’হাঁটু জড়িয়ে বসে থাকার ভঙ্গির মধ্যেই একটা শহুরে ছাপ আছে।
তীব্র কৌতূহল আমাকে টেনে রেখেছে, জায়গাটা ছেড়ে নড়তে পারছি না। হাওয়া বাঁচিয়ে একটা সিগারেট ধরালাম।
নৌকোগুলোর তলায় জলের ছলাত ছলাত শব্দ হচ্ছে, জল বাড়ছে। শুরু হয়েছে জোয়ার। যে নৌকোগুলি অর্ধেক বালির ওপর ওঠানো থাকে, জোয়ারের সময় সেগুলোই অনেকখানি জলের মধ্যে চলে যায়। মেয়েটি কি তা জানে না?
তিন দিন আগে সন্ধের সময় চন্দ্রাও এ-রকমভাবে বসে ছিল একটা নৌকোয়।
কাছাকাছি আর কোনও মানুষজনের সাড়া পাওয়া যাচ্ছে না, একটি মেয়েকে দেখে আমি থমকে গিয়ে সিগারেট টানছি, এটা বেশ বিসদৃশ ব্যাপার।
তবু আমার মনে হল মেয়েটিকে সাবধান করে দেওয়া উচিত। আমি একটু গলা খাঁকারি দিয়ে এগুতেই মেয়েটি নেমে পড়ল নৌকো থেকে। আমার উপস্থিতি সে টের পেয়েছে কিনা বোঝা গেল না, একবারও তাকাল না পেছন ফিরে, সোজা হাঁটতে লাগল জলের ধার ঘেঁষে।
এরপর আর মেয়েটিকে অনুসরণ করা যায় না। তবু আমি তাকিয়ে রইলাম সেই অপস্রিয়মাণ নারীর দিকে। মেঘলা আকাশ, চাঁদ দেখা যাচ্ছে না, তবু আকাশের কিছুটা নিজস্ব আলো আছে। এক সময় মেয়েটি কি জলে নামতে শুরু করল না। অন্ধকারে মিলিয়ে গেল? স্পষ্ট মনে হল, মেয়েটি সমুদ্রে নেমে যাচ্ছে, হাঁটু জল ছাড়িয়ে বুকজলে, তারপর ডুব দিল, আর উঠল না।
আমি সে-দিকে ছু