
বিজন বিভুঁই
সমরেশ বসু
১ম পর্ব
আইভি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে, বাসি খোলা চুলে বিলি কাটছে। ও এখন চান করতে যাবে। অনেক কালের পুরনো ড্রেসিং টেবিল। ডিমের বা ডিম্বাকৃতি আয়না কেন বলা হয় কে জানে। ডিমের আকৃতি আলাদা। তবে অনেকটাই ডিমের মতো আকার, সেই জন্যেই ওভূল শব্দটা এসেছে। কি না, ভাষাবিদরাই বলতে পারে। ওভারি ডিম্বকোষ আর ওভল ডিম্বাকৃতি। বুক-সমান টেবিল আর দেরাজ, তার ওপরে কাঠের ফ্রেমের গায়ে, পুরনো আমলের দামি আয়নাটার গায়ে কয়েক জায়গায় ছোটখাটো ছোপ লেগে গিয়েছে। সেখানে কিছু দেখা যায় না। অনেকটা ফরসা মুখে ছুলির দাগের মতো।
আইভির দিকে তাকিয়ে, আভা কথাগুলো ভাবছিল। ড্রেসিং টেবিল থেকে বেশ খানিকটা দূরে, খাটের ওপর আধশোয়া হয়ে, ও আইভিকে দেখছিল। ঠিক দেখবে বলে দেখছিল না। ওর হাতে আজকের একটা ইংরেজি দৈনিক। পাশ ফেরা, আধশোয়া ভঙ্গিতে ও খবরের কাগজেই চোখ বোলাচ্ছিল। পুব দিকের জানালার পরদা, হঠাৎ বাতাসে উড়ে, একটা ঝাপটা খেতেই, ও চমকে উঠেছিল। মুখের কাছ থেকে কাগজটা সরিয়ে, জানালার দিকে তাকিয়েছিল। আর ওর পিছনে, কাত হয়ে অঘোরে ঘুমিয়ে থাকা দশ মাসের ছেলেটির গায়ে একটা হাত রেখেছিল। চোখে ছিল ত্রস্ত শঙ্কা। বুকের মধ্যে ধকধক করে উঠেছিল। প্রায় দু মিনিট অপলক উদ্বিগ্ন চোখে জানালার দিকেই তাকিয়ে ছিল। দমকা হাওয়ার একটা জোর ঝাপটা এক বারই পরদায় শব্দ তুলেছিল। তারপরে মৃদু বাতাসে কয়েক বার দুলে দুলে, পরদাটা জানালার গায়ে লেপটে গিয়েছিল। সময়ের হাওয়া এটা না। বর্ষার সময়েই পুবের জলো আর ঝড়ো বাতাস বহে। এখন তো উত্তর-দক্ষিণে, বাতাসের যেন যুদ্ধ চলছে। ফাল্গুনের মাঝামাঝি। প্রত্যাশা, এ সময়ে দক্ষিণের বাতাসই একটানা থাকবে। প্রকৃতির মতিগতি আলাদা। মাঝে মাঝেই উত্তরে হাওয়াও দিতে আরম্ভ করে, আর সেই হাওয়ায় একটা ঠাণ্ডা শিরশির ভাবও থাকে। সামান্য দু-তিন মাসের জন্য এসে, সহসা যেন বিদায় নিতে চায় না। কিন্তু দু-এক দিনের বেশি টিকে থাকতেও পারে না। হঠাৎ দক্ষিণের বাতাস সমুদ্র থেকে শহরের বুকে এসে ঝাঁপিয়ে পড়ে। উত্তরের বাতাস তখন উধাও। দক্ষিণের বাতাসে থাকে একটা আমেজ, কিন্তু দুপুরে কিছু উত্তাপ ছড়ায়। সেই সঙ্গে ঈষৎ ঘাম। তখন পাখা খুলতে ইচ্ছা করে।
ঋতু বদলের সময়টাই রীতি ভেঙে বিপরীত হয়ে ওঠে। এলোমেলো থাকে বলে। তবু পুবের জানালার পরদায় ও রকম বাতাসের ঝাপটা, চমকে দেবার মতোই। আর সেই রকম মনে হয়। অথচ এমন নয় যে, উত্তর দক্ষিণের বাতাসে, হঠাৎ হঠাৎ পুবের জানালায় ঝাপটা দিয়ে যায় না। আসলে, সবটাই মনের ব্যাপার। একটা দুরন্ত ভয় আর শঙ্কা সব সময়েই ওকে গ্রাস করে আছে। যেকারণে ও রকম চমকে উঠেছিল, পিছনে গায়ের কাছে লেপটে থাকা ঘুমন্ত ছেলের গায়ে হাত রেখেছিল, আর জানালার দিকে রুদ্ধশ্বাস ভয়ার্ত চোখে তাকিয়েছিল। দু মিনিট পরে ও নিশ্চিন্ত হয়েছিল, গরাদহীন জানালায় কোনও মানুষের অস্তিত্ব নেই। নিতান্তই হাওয়ার বেগে, কোথায় একটা ঝটকা মোচড় খেয়ে পুবের পরদায় এসে ঝাঁপিয়ে পড়েছে।
আভা নিশ্চিন্ত হয়েই, পরমুহূর্তে সংকুচিত লজ্জায় আইভির দিকে তাকিয়েছিল। ভেবেছিল, আইভি হয় তো ওকে দেখছে। দেখলে নিশ্চয়ই হেসে কিছু বলত। হয় তো ঠাট্টা করত কিন্তু বিদ্রূপ করে বা। আভা আঘাত পেতে পারে, এমন কিছু বলত না। আইভি আয়নায় নিজেকেই দেখছিল। আভাকে দেখছিল না। বাতাসে জানালার পরদা ঝাপটা ওর কানেই যায়নি। যাবার কথাও না। ব্যাপারটা এমন কিছু না, যাতে কান দিতে হবে। আইভির পক্ষে চমকাবার প্রশ্নও নেই। এ সব যা কিছু, সব আভার। সামান্য একটু শব্দে, এমনকী অন্যমনস্ক অবস্থায় সামান্য একটা ছায়া দেখলেও, ও ভয়ংকর আতঙ্কে চমকে ওঠে। বুকের মধ্যে ঢিপ ঢিপ নাকাড়া বাজে। রুদ্ধশ্বাস ভয়ে মুখ সাদা হয়ে যায়। এই রকম চকিত ভয় পাওয়া মুহূর্তে, প্রথমেই ছেলেকে বুকের মধ্যে আঁকড়ে ধরে। যেমন, এখনই বাতাসের ঝাপটায় পরদার শব্দে, ওর হাত আপনা থেকেই ঘুমন্ত ছেলের গায়ে গিয়ে পড়েছিল।
আভা এখন নিশ্চিন্ত, স্থির। আইভি ওর ভয়ে চমকে ওঠা লক্ষ করেনি। অতএব, মিথ্যা ভয়ে চমকে ওঠার জন্য লজ্জা বা সংকোচও এখনও নেই। কিন্তু দুরন্ত ভয় চমকের রেশটা কাটতে একটু সময় লাগে। গরাদহীন জানালা দিয়ে একটা মানুষের পক্ষে ঘরের মধ্যে ঢুকে পড়া অসম্ভব কিছু না। কিংবা, ঘরে না ঢুকেও, তাগ কষে রিভলবার থেকে গুলি ছোঁড়াটাও, এমন কিছু অকল্পিত ব্যাপার না। আর গুলি যদি অব্যর্থ লক্ষ্যে ছুটে এসে আগে আভাকে বেঁধে, তা হলে ছেলেকে রক্ষা করা অসম্ভব। ও মরতে মরতেও নিশ্চয় ববকে রক্ষা করবার চেষ্টা করবে। কিন্তু আততায়ীর রিভলবারে একটা মাত্র গুলি থাকবে না। সে ববকে বাঁচাবার অবকাশ না দিয়েই, আভাকে আগেই শেষ করে দেবে। তারপরে ববকে একটা গুলিতেই…।
না, এ রকম একটা বীভৎস দৃশ্যের কথা আভা ভাবতে চায় না। ভাবলেই ভয়টা তার ভয়ংকর অদৃশ্য থাবা তুলে, টুটি টিপে ধরতে আসে। যদিও, অবিশ্যি ও এই দুঃসহ উদ্বেগ থেকে একেবারে রেহাই পায় না। বাসগৃহের মেঝের কোনও এক জায়গায়, গর্তের মধ্যে একটা ভয়ংকর বিষাক্ত সাপ আস্তানা গেড়ে আছে, এটা জানার পরে কেউ নিশ্চিন্ত থাকতে পারে না। সাপটা কখন ঘুমিয়ে থাকবে, কখন বেরিয়ে আসবে, কেউ বলতে পারে না। ঘরবাসীর পক্ষে সব সময়েই সেটা একটা অপ্রত্যাশিত মরণ আঘাতের উদ্বেগ নিয়ে জেগে থাকে। আভার মনের অবস্থাটাও অনেকটা সেই রকমের।
অথচ, ঠিক মতো ভেবে দেখতে গেলে, দোতলার ওপর এ ঘরের, পুব দিকের জানালার দিক থেকে কোনও লোকের উঠে আসার আশঙ্কা অনেকটা অমূলক। এমনকী যদি সে এ অঞ্চলের চেনা লোকও হয়। পুব দিকে, নীচে পাঁচিল ঘেরা বাড়িটার সামনের চত্বরে মোটর মেরামতের ছোটখাটো একটা কারখানা। জায়গার তুলনায় হাবিব মিঞার কারখানা খুবই ব্যস্ত। সকাল থেকে অনেক রাত অবধি কাজ হয়। বারো-চৌদ্দ বছরের ছেলে থেকে বয়স্ক মিলিয়ে, হাবিবের কাজের লোকের সংখ্যা আট-ন জনের কম না। কয়েক দিনের মধ্যেই আভা লক্ষ করেছে, অনেক বিশিষ্ট ভদ্রলোকেরা গাড়ি নিয়ে হাবিবের কাছে যাতায়াত করে। এমনকী, খুব ঝরঝরে গাড়ি তার চত্বরে দেখা যায় না। মোটর মেকানিক হিসাবে তার নাম আছে। সব সময়েই, ওখান থেকে কাজ কর্মের আর লোকজনের কথাবার্তা শোনা যায়। একমাত্র রবিবার ছাড়া। রবিবার কোনও কাজ হয় না। এবং আজ রবিবার না। এলিয়ট রোডের গলির মধ্যে এ বাড়িটা পুরনো। পাশের বাড়িটা আরও পুরনো, এবং দোতলা। আর তুলনায় এ বাড়িটার থেকে নিচু। সামনের দিকে বড় থাম, প্রশস্ত ছাদ, ঢাকা বারান্দা। সেই বারান্দায়, বাড়ির মালিক মিঃ মিলার আর তাঁর বৃদ্ধা স্ত্রী, বেশির ভাগ সময় বারান্দায় বসে থাকেন। আভা অনেক বার দেখেছে। শুনেছে, ওঁরা অ্যাংলো ইন্ডিয়ান। ওঁদের ছেলেমেয়েরা সব আলাদা থাকে। রবিবারে নিজেদের ছেলেমেয়ে নিয়ে দেখা করতে আসে। সামনের বারান্দা, ভিতরে একটি মাত্র ঘর আর বাথরুম ছাড়া, সবই ভাড়া দেওয়া। ভিতরে নাকি অনেক ঘর আছে। ভাড়াটেরা ভারতীয়, নানা প্রদেশের। চত্বরটাও ভাড়া হিসাবেই হাবিবকে দেওয়া আছে, সেই সঙ্গে পুরনো গ্যারেজটাও। তার মধ্যেই, হাবিবকে অবিশ্যিই যাতায়াতের জায়গা ছেড়ে রাখতে হয়েছে। ঢোকবার গেটের সামনে, ডান দিকে একটা বুড়ো পাম গাছ। শরীরে বার্ধক্য, দীর্ঘ ঝালর পাতা এখন মাত্র কয়েকটি। এখন আর নিবিড় ঝাড়ালো নেই। বাঁ দিকেও নিশ্চয় একটা ছিল, গেট বাহারের সুন্দর জুটি। সেটি মারা গিয়েছে। কিন্তু পুব দিকের পাঁচিল ঘেঁষে, বড় কৃষ্ণচূড়া গাছটি এখনও ডালে পাতায় নিবিড় আর সতেজ। পাতা ঝরতে আরম্ভ করেছে। ফুলের কুঁড়ি ধরেছে। চৈত্র-বৈশাখে থোকা থোকা লালে লাল হয়ে ওঠে। রোজ রোদ আসতে একটু সময় লাগে। কারণ মিলারদের পাশের বাড়িটা চারতলা। কিন্তু রোদ যখন গাছে লাগে, চৈত্র-বৈশাখে ফুলের সময়ে, তখন এ ঘরের জানালাটা দিয়ে, ঘরের মধ্যে একটা রক্তিম আলো ছড়িয়ে পড়ে। আভা দেখেছে। এর আগে যখন প্রায়ই বেড়াতে এসেছে এ বাড়িতে। সেই সব বেড়াতে আসা ছিল অন্য রকম। সেই সব দিন ছিল অন্য রকম। এ বারের আসা অন্য রকম, একেবারে আলাদা। তাড়া করা বাঘের চোখ ফাঁকি দিয়ে, ছানা কোলে হরিণীর মতো।
আভা শরীর না ফিরিয়ে, মুখ ঘুরিয়ে ঘুমন্ত ববকে এক বার দেখল। আবার এক বার জানালার দিকে। এখন বড় জোর পৌনে ন’টা, সকাল বেলা। মিলার দম্পতি নিশ্চয় প্রাতরাশের পরে এখন বারান্দায় বসে আছেন। চত্বর থেকে ঠুকঠুক, খসখস ধাতব শব্দের সঙ্গে গলার স্বর ভেসে আসছে। গলির বাইরে থেকে ট্রামের ঘরঘর, গাড়ির গর্জন শোনা যায়। এ সময়ে পুবের জানালায় কারোর পক্ষে উঠে আসা সম্ভব না। আভার তবু ভয়। যে কোনও শব্দে, অন্যমনস্ক অবস্থায় হঠাৎ কোনও ছায়া নড়ে উঠতে দেখলেও, ভয় বুকের মধ্যে ধক করে ওঠে। একমাত্র বিজিত যতক্ষণ বাড়িতে থাকে, ততক্ষণ ভয়টা কম হয়। মিনিট দশেক আগেই বিজিত অফিসে বেরিয়ে গিয়েছে। সাড়ে আটটা নাগাদই ও রোজ বেরিয়ে যায়। তারপরেও আইভি যতক্ষণ বাড়িতে থাকে, মনে কিঞ্চিৎ ভরসা থাকে। এ বার আইভিও স্নান করে, পোশাক বদলে বেরিয়ে যাবে। স্নানের জন্য বাথরুমে ঢোকবার আগে, আয়নার সামনে দাঁড়িয়ে, ঘাড় ছাঁটা চুলে একটু বিলি কাটছে। আইভিও একটা অফিসে স্টেনোর কাজ করে। দশটায় হাজিরা, সাড়ে ন’টায় ও বেরিয়ে যায়। ওই সময় নাগাদ ওদের অফিসের গাড়ি ট্রাম রাস্তায় এসে দাঁড়ায়। সাউথ থেকে আরও কয়েকজন মহিলা-পুরুষ কর্মীকে তুলে, অফিসের ভ্যান গাড়িটা ওকে তুলতে আসে। বিজিতকে নিতে কোনও গাড়ি আসে না। ও স্কুটারে যায়। ও একটা ইংরেজি পাবলিকেশন ফার্মের ডেপুটি ম্যানেজার। দিল্লি বমবে মাদ্রাজ হায়দ্রাবাদ আর কলকাতায় ওদের পাবলিশিং অফিস আছে। চাকরিটাও ওর ট্রানসফারেবল। অন্তত চাকরির শর্তটা তা-ই। তবে এখনও পর্যন্ত ওকে কলকাতার বাইরে যেতে হয়নি। যোগ্যতা আর দায়িত্বশীলতা, এ দুটোই ও কাজের দ্বারা প্রমাণ করেছে। সেই কারণেই কলকাতা শাখা অফিসের ডেপুটি ম্যানেজারের পদ পেয়েছে। কলকাতার বাইরে যাবার প্রস্তাব যে আসেনি, তা না। এসেছে। বিধবা মা, কলকাতার সংসার, চাকুরে স্ত্রী আইভি, ইত্যাদি সব নানা প্রসঙ্গ তুলে, এখনও পর্যন্ত অন্য কোথাও বদলির আদেশটা আটকে রাখতে পেরেছে। চিরদিন অবিশ্যি পারবে না। এক সময়ে যেতেই হবে। এখনও বছরে কয়েক বার দিল্লি বমবে যেতেই হয়। বিশেষ করে বছরের একটা সময়, যখন ভারতের কোথাও না কোথাও, ওদের পাবলিশিং কনসার্নের একজিবিশান এবং কনফারেন্স হয়।
আইভির গায়ে এখনও রাত্রের পোশাক। গলা থেকে পায়ের গোড়ালি অবধি ঢাকা, খুব পাতলা নাইটি না। হলুদ জমি, লাল ফুল, বড় গলা, বুকের কাছে ভি। আভা আয়নার বুকে, আইভির প্রায় কোমরের কাছ থেকে মাথা পর্যন্ত দেখতে পাচ্ছে। ও বাঙালি না, নেপালি। আসল নাম রতি চিত্রকর।
আইভি নামটা বিজিতের দেওয়া। নেপালি বললেই যে রকম চোখ-মুখের ছবি মনে আসে, আইভির চোখ মুখ মোটেই সে রকম না। রংটা পাহাড়িদের মতোই ফরসা, ঈষৎ রক্তাভ। কিন্তু কালো চোখ বেশ বড়ই। নাক চোখা। অনধিক পুষ্ট ঠোঁট, মুখের গড়ন প্রায় গোল। প্লাক করা ভুরু সরু। মাঝারি লম্বা, মেদহীন শরীরের গঠন নিখুঁত। আইভি স্বাস্থ্যবতী, সুন্দরী। বয়স চব্বিশ-পঁচিশ। হিল তোলা জুতো পরলে, ওকে বেশ লম্বা দেখায়। ও আয়নার সামনে দাঁড়িয়ে, দু হাত তুলে, মোলায়েম-প্ৰায় খয়েরি রঙের চুলের ভিতরে আঙুল চালাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে, ও নিজেকে দেখছে বলে মনে হয় না। ওর চোখের দৃষ্টি অন্যমনস্ক। ও কিছু ভাবছে। আভা নিজেকে আয়নায় দেখতে পাচ্ছে না। আইভির দেখতে পাওয়ার কথা। কিন্তু আইভি দেখছে না। নিজেকেও দেখছে না। ও কিছু ভাবছে। তা না হলে, খবরের কাগজটা ঝটিতি সরিয়ে, আভার ভীত সন্ত্রস্ত চমকে ওঠা দেখতে পেত।
কী ভাবছে আইভি? গতকাল রাত্রে বিজিতের সঙ্গে ওর কোনও রকম ঝগড়াঝাঁটি বা মন কষাকষি হয়নি। আভা পাঁচ দিন আগে, রাত্রি প্রায় বারোটার সময় এ বাড়িতে এসেছে। তার মধ্যে এক দিন, এ ঘরেই দরজা বন্ধ করে, ওদের দুজনের মধ্যে কোনও ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়ে ছিল। খুব একটা চিৎকার চেঁচামেচি কিছু হয়নি। ওরা দুজনে এক সঙ্গেই রাত্রি আটটা নাগাদ বাড়ি ফিরে এসেছিল। প্রায় রোজই তাই ফেরে। আইভির ছুটি আগেই হয়ে যায়। বিজিতের ছুটি হতে দেরি হয়। আইভির ছুটির পরে, বিজিতের কাছে আসে। কিংবা অন্য বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে, বিজিতের কাছে আসে। বিজিতের কাজ মিটে যাবার পরে, আইভিকে স্কুটারে পিছনে বসিয়ে একসঙ্গে বাড়ি। অবিশ্যি রোজই সরাসরি বাড়ি ফিরে আসে না। মাঝে মধ্যে দুজনেরই বন্ধু বান্ধবীদের সঙ্গে কোন