Home
রাজকুমারের পোশাকে

রাজকুমারের পোশাকে

আশাপূর্ণা দেবী

রাজকুমারের পোশাকে

আশাপূর্ণা দেবী
juvenile literature

Change color

‘বিশ্বাসের টি স্টল! বিশ্বাসের টি স্টল! আসুন দাদা আসুন। বিশ্বাসকে বিশ্বাস করুন, আসল দার্জিলিং টি! টেস্ট করে দেখুন একবার। এক কাপ খেলে দু-কাপ খেতে চাইবেন, সেকেণ্ড কাপের দাম হাফ! …বুঝে দেখুন দাদা, জলের দরে পেয়ে যাচ্ছেন!

লাল রঙা একটা টিনের চোঙায় মুখ রেখে চেঁচিয়েই চলেছে লোকটা! কে জানে বিশ্বাস নিজেই, না তার কোনো বিশ্বাসী খিদমদগার। যেই হোক গলা বটে একখানা! শুনে মনে হচ্ছে যেন ওই টিনের চোঙাটা ফেটে টুকরো টুকরো হয়ে ছিটিয়ে পড়ল বলে। যতক্ষণ ফেটে না যাচ্ছে, শব্দটা তেড়ে তেড়ে প্রায় আকাশে উঠে যাচ্ছে।

আর তারপর আকাশ থেকে ঝরে পড়ে মেলার কলকল্লোল ছাপিয়ে সকলের কানের পর্দায় গিয়ে আছড়াচ্ছে ‘জলের দরে চা! জলের দরে চা!’

গলাও যেমন জোরালো, বলার ভঙ্গিও তেমনি ঘোরালো, দু-চারবার শুনতে শুনতেই যেন গলা শুকিয়ে কাঠ হয়ে ওঠে, চা তেষ্টা পেয়ে যায়।



অন্তত টিকলু আর বাপুর পেয়ে গেল। অবশ্য ঠিক চা তেষ্টা পেয়ে যাওয়ার বয়েস ওদের নয়, কিন্তু পরিবেশ কিনা করে?


একে তো ওই চোঙা ফাটানো আওয়াজের আকর্ষণীয় ডাক ‘জলের দামে চা’। তার ওপর মেলাতলায় ঘুরছে কি কমক্ষণ? খিদে তেষ্টা সবই পেয়ে গেছে।


ঘুরছে সেই কখন থেকে অথচ এক পয়সারও কিছু কিনে খায়নি। যদিও রামরাজাতলার এই মেলাতলায় দশদিক আচ্ছন্ন করে শুধু খাবারেরই সমারোহ। সুখাদ্য, অখাদ্য, শুধু খাদ্য, গুরুপাক খাদ্য, লঘুপাক খাদ্য, দামি সস্তা নানা ধরনের খাদ্য।


কিন্তু খাবে কী? বাড়ি থেকে কড়া হুকুম দিয়েছে—‘শুধু দুই বন্ধুতে একা একা মেলা দেখতে যেতে সাধ হয়েছে তা যাও। কিন্তু খবরদার, কিছু কিনে খাবে না। এক পয়সারও না। কলেরা বাধালে দেখবে কে?


বাপুর ছোড়দি আবার বাপুর ঠিক বেরোবার সময় বেচারার পকেট সার্চ করে যা কিছু ছিল কেড়ে নিয়ে তুলে রাখল। অনেক চেষ্টা করেও বাঁচাতে পারল না বাপু! আবার শুধু নিয়ে নিয়েই ক্ষান্ত হল না, ভেঁপু বাঁশির সুরে বাড়ির বড়োদের কানে তুলল, ‘মা, দুর্মতি দেখো তোমার ছেলের! বাবু পয়সা পকেটে নিয়ে মেলাতলায় যাচ্ছেন। কম নয়, তিন টাকা কুড়ি পয়সা।’



বেচারা বাপু, কত কষ্টেই না ওই পয়সা ক-টা জমিয়েছিল। নিয়ে নিল। চিলের মতো ছোঁ মেরে নিল, অথচ যেন দাবির সঙ্গে। ছোড়দি সব সময় ওইরকম করে। হয়তো বাপু কোথা থেকে না কোথা থেকে একটি গল্পের বই জোগাড় করে এনে একটু পড়ছে, ছোড়দির দৃষ্টিতে পড়ল কী গেল। বই হাতছাড়া।বই


বাপুর ছোড়দি অবশ্য খুবই নিষ্ঠুরতা করেছে বাপুর সঙ্গে, বাপুর অবস্থা শোচনীয়। টিকলুর কিন্তু অতটা নয়। তা ছাড়া টিকলুর তো ছোড়দি নেই। টিকলুর হাফপ্যান্টের পকেটে পয়সা আছে। তবে নিষেধবাক্যটাও আছে তারসঙ্গে। থাকবেই তো। টিকলুর সেছোকাকার যে বদ্ধমূল ধারণা মেলাতলা মানেই কলেরার জার্মের ডিপো।


তবু এখন হঠাৎ টিকলু ঘোষণার মতো ভঙ্গিতে বলে উঠল, ‘চল বাপু, বিশ্বাসের চা-টা একটু টেস্ট করে দেখা যাক।’


সত্যি বলতে টিকলুর এই সাড়ে বারো বছরের জীবনে একদিনের জন্যেও টিকলু স্বাধীনভাবে একা কোনো চায়ের দোকানে বা রেস্টুরেন্টে ঢুকে চেয়ার টেনে বসেনি, নিজে মুখে অর্ডার দেওয়ার সুখে বিগলিত হয়ে বড়োদের মতো করে বলবার সুযোগ পায়নি, ‘কই, দেখি একটা চা—’



অথচ টিকলুর ক্লাসের ছেলেদের মধ্যে অনেকেই এ সুখ পেয়েছে।


কারণটি ওই সেজোকাকা।


সেজোকাকার কড়া হুকুম, বাইরে যেখানে সেখানে কিছু খাবে না। অবশ্য তিনি নিজে দয়াপরবশ হয়ে কখনো কখনো ভাইপোকে উচ্চাঙ্গের কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছেন ‘ভালোমন্দ’ অনেক কিছু। কিন্তু তাতে তো আর পূর্ণ সুখ নেই! সেতো সেই বোকা খোকা খোকা মুখে চুপ করে বসে থাকা, আর সেজোকাকা যখন দরাজগলায় প্রশ্ন করেন, কী রে, কী খাবি? তখন ঘাড় গুঁজে বলা, ‘তোমার যা ইচ্ছে।’


না বলে করবে কী? টিকলু নিজে যেটা পছন্দ করবে, সেটাই যে সেজোকাকার মতে ‘ওটা সুবিধের নয়’ হবে। এ টিকলুর খুব জানা।


আজ টিকলু নিজের ইচ্ছে প্রকাশ করবে। করবে বলে সংকল্প করেই বড়োদের ভঙ্গিতে বলল, ‘চল বাপু, বিশ্বাসের দোকানের চা-টা একটু টেস্ট করে আসা যাক।’



বাপুর মনও আন্দোলিত হচ্ছিল ওই ‘জলের দাম’টা শুনে, আর অনেকক্ষণ থেকেই বাপু তার হাফপ্যান্টের পকেট দুটোয় হাত ঢুকিয়ে খানাতল্লাশি চালাচ্ছিল, যদি কোনো খানাখন্দের মধ্যে ওই ‘জলের দাম’টা পড়ে থেকে থাকে। থাকতেও তো পারে সেলাই-টেলাইয়ের খাঁজে। যেমন চিনেবাদামের খোলার মধ্যে থেকে টিপতে-টিপতে হঠাৎ এক-আধটা আস্ত বাদাম পাওয়া যায়।


কিন্তু না:! ছোড়দির করাল হাত কোনো খানাখন্দকেই বাদ দেয়নি।


বাপু তাই ছিটকে উঠে বলে, ‘চা খেয়ে আসা যাক মানে? আসবার সময় কী কথা হয়েছিল?’


টিকলু গম্ভীরভাবে বলে, ‘জানি, কী কথা হয়েছিল। পৃথিবীর সর্বত্র কলেরার জার্ম, কোথাও কিছু খাওয়া চলবে না। কিন্তু এটাও তো ভেবে দেখা দরকার নিজেদের বাড়িগুলি কি পৃথিবী ছাড়া? আর এই যে এত এত লোক বাইরে এতসব খেয়ে বেড়াচ্ছে, তারা সবাই কলেরা হয়ে মরে যাচ্ছে?’


বাপু হঠাৎ গম্ভীর হয়ে যায়।


উদাস উদাস দার্শনিক গলায় বলে, ‘তোর ইচ্ছে হয় খেগে যা! আমার অত পয়সা নেই।’



টিকলুও নিজের পকেটটা সার্চ করছিল এতক্ষণ, এখন আত্মস্থভাবে বলল, ‘আমার কাছে যা আছে দু-জনের হয়ে যাবে।’


‘না: তুই একাই খা।’


টিকলুর গলা কড়া হয়ে ওঠে, ‘বাপু, চিরদিনের জন্যে বন্ধুবিচ্ছেদ চাস? আমার পয়সায় খেলে তোর মান যাবে?’


‘আমি কী তাই বলছি?’ বাপু তাড়াতাড়ি নিজের ভুল শুধরে নেয়, ‘বলছি তোরটা তো সবই ফুরিয়ে যাবে তা হলে!’


‘যায় যাবে। তুই আয় তো।’


বন্ধুকে প্রায় টেনে নিয়ে আসে টিকলু ‘বিশ্বাসের স্টল’-এর সামনে।


তাকিয়ে দেখে স্টলের সামনেটা। দেখল মেলাটেলায় অস্থায়ী দোকানটোকান যেমন হয়, দুটো খুঁটির সঙ্গে টানটান করে বাঁধা চওড়া লাল শালুর টুকরোর ওপর সাদা রং দিয়ে লেখা ‘আদত দার্জিলিং চা। বিশ্বাসের টি স্টল।’


আর পাশে সরু লম্বা পিজবোর্ডের গায়ে মোটা কলমে লাল কালিতে ধরে ধরে লেখা:



চা—চিনির … … ৩০ প.


ওই—গুড়ের … … ২৫ প.


টোস্ট—মা. স. … … ২৫ প.


ওই—মা. বা. … … ২০ প.


ডি. অ.—সিঙ্গল … … ৬০ প.


ওই—ডবল … … ১১০ প.


ডি.—হা. ব. … … ৪৫ প.


ল. ম.—ফ্রি …. …. ……



বাপু টিকলু থমকে দাঁড়িয়ে পড়ে বেশ কয়েকবার লেখাগুলো পড়ে, তারপর মুখ চাওয়াচায়ি করে। ব্যাপারটা কী!


লোকটা তো দিব্যি সাদা বাংলায় কথা বলছে, খাদ্যবস্তুর তালিকাটা কোন ভাষায় লেখা? জিজ্ঞেস করতেও লজ্জা। গাঁইয়া-টাঁইয়া ভেবে বসবে হয়তো।


টিকলুর পকেটে পয়সা, কাজেই টিকলু আত্মস্থ। তাই গম্ভীরভাবে বলে, ‘চায়ের সঙ্গে এর কোনটা অর্ডার দেওয়া যায় বল তো বাপু?’


বাপু আরও একবার পড়ে নিয়ে বলে, ‘কোনোটারই তো মাথামুন্ডু বোঝা যাচ্ছে না ছাই। টোস্টটা যদি বা বুঝলাম, মা. স. মানে?’


‘সেই তো—’ টিকলু চিন্তাকুল, ‘আবার—ওই মা. বা.? ওটাই বা কী?’


‘চাইনিজ কিছু হবে। ওদেরই তো ভাষার মধ্যে খন্ড-ৎ আর বিসর্গের ছড়াছড়ি।’


‘সেরেছে। তা হলেই তো বিপদ। না জেনেশুনে একটা কিছু অর্ডার দিয়ে বসা হবে, যদি আরশোলা হয়?’



‘হতে পারে! সোনাব্যাং-এর ব্যাপার হওয়াও আশ্চয্যি নয়।’


‘তা হলে?’


‘শুধুই চা বলা যাক তা হলে। কী বল?’ বলল টিকলু।


বাপুর অবশ্য কথাটা মনঃপূত হল না। নিয়ম ভেঙে যদি খেতেই হয় তো ভালোমতোই হোক।


বাপু বলল, ‘ডি. অ.-টা বলে দেখ না। আরশোলা-টোলা হবে না বোধ হয়। আর তারসঙ্গে চিনির চা। এটাই যা বাংলায় লেখা।’


টিকলু ততক্ষণে মনে মনে হিসেব করে ফেলেছে, চিনির চা দুটো ষাট পয়সা, ডি. অ. সিঙ্গল ষাট পয়সা, (ডবল হলে তো আরও বেড়ে গেল) তা হলে সত্যিই তো ফুরিয়ে যায় সব। নাগরদোলটা আর হয় না। যদিও সেটাও বারণ আছে, কিন্তু অত বারণ শুনলে চলে না। ভিড়ের জ্বালায় তো নাগরদোলার ধারেকাছেই যাওয়া যাচ্ছে না, সবাই বুঝি মাথা ঘুরে পড়ে যাচ্ছে?


অত বারণ শোনা যায় না বাবা।



নাগরদোলার কথাটা ভেবে টিকলু বেশ বিজ্ঞভাবে বলে, ‘তার থেকে এই ল. ম.-টা অর্ডার দেওয়া যাক, বুঝলি? এটা যখন ফ্রি দিচ্ছে।’


বাপু ঈষৎ চিন্তিতভাবে বলে, ‘আচ্ছা, ফ্রি কেন দিচ্ছে বল তো?’


টিকলু আরও বিজ্ঞ অভিজ্ঞ হয়, ‘কেন আর। দোকানের বিজ্ঞাপন। একটা খাবার যদি ফ্রি দেয়, লোকে ছুটে আসবে।’


‘তবে ঢুকে পড়া যাক।’


ঢুকে পড়ল। নিয়তির অমোঘ আকর্ষণে। দু-জনেই একসঙ্গে।


আর ঠিক বড়োদের মতো ভঙ্গিতে দু-খানা টিনের চেয়ারে বেশ শব্দ করে বসে পড়ে বলে উঠল, ‘কই, দুটো চা দেখি। তার সঙ্গে দুটো ল. ম.।’


যে চোঙায় মুখ দিয়ে চেঁচিয়ে আকাশ ফাটাচ্ছিল, সেএখন ‘বিরতি’ দিয়েছে একটুক্ষণের জন্যে। ফিরে দাঁড়িয়ে বলল, ‘তারসঙ্গে দুটো কী?’



‘বললাম তো ল. ম.। কানে কম শোনেন নাকি?’


‘ল. ম.! ও বিশ্বাসদা, এ ছেলেরা বলে কী! ল. ম. মানে?’


বিশ্বাসদা, অর্থাৎ দোকানের মালিকও ভুরু কুঁচকে বলেন, ‘লহ মহ? সেটা আবার কী হে ছোকরা?’


ছোকরা।


টিকলুর পকেটে পয়সা, তাই তার মুখটা বেশি লাল হয়ে ওঠে। তা ছাড়া টিকলু খুব ফর্সাও। সেই লাল লাল মুখে বলে ওঠে টিকলু, ‘ভদ্রভাবে কথা বলতে পারেন না? ছোকরা মানে?’


‘আরে ব্যস! ঘাট হয়েছে বাবু! কিন্তু কথাটা যে বুঝতে পারছি না। লহ মহ কী?’


টিকলু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ওঠে, ‘কী তা’ আমরা বলব? নিজেরাই লিখে রাখেননি বুঝি? এই তো দেখুন না কী এটা? ল. ম. ফ্রি। ফ্রি দেবার নাম করে লোককে ডেকে তারপর এইরকম করা! বা: বেশ।’



বিশ্বাস আর তার লোক, দু-জনে একবার সাইন (পিজ) বোর্ডটা দেখে নেয়, তারপরই হো হো করে হেসে ওঠে। থামতেই চায় না।


এত হাসির মানে?


রেগে চেয়ার ছেড়ে চলে আসে টিকলু, বলে ওঠে, ‘আয় বাপু, এ দোকানে আর নয়। এটা পাগলের দোকান। তা নইলে শুধু শুধু কেউ হাসে?’


বিশ্বাস কষ্টে হাসি থামিয়ে বলে, ‘শুধু শুধু কী দাদা, আপনারা যে না হাসিয়ে ছাড়ছেন না। ল. ম. মানে হচ্ছে লংকা মরিচ। রাখতে হয় না একটু লংকা মরিচের গুঁড়ো? তা কথাগুলোকে একটু সংক্ষেপ করে না নিলে একফুট বোর্ডে ধরবে কেন বলুন? তা ছাড়া আর্টিস্ট দিয়ে লেখাতে হয়েছে নগদ করকরে পয়সা খরচ করে। এক একটা অক্ষর লেখাতে পাঁচ নয়া। দরাজ হাতে যদি লেখাতে দিই ‘টোস্ট মাখনসহ, টোস্ট মাখন বাদ, ডিম হাফবয়েল, ডিমের অমলেট ডাবল সিঙ্গল’, তা হলে তো ফতুর হয়ে যাব। …যাক এখন বলুন কী দেব। একটা কিছু নিলে তবে না লংকা মরিচ ফ্রি? শুধু ফ্রি-টা চাইলে যে সেই ফাউয়ের গল্প হয়ে যাবে।’


‘ফাউয়ের গল্প মানে?’


গল্পের গন্ধে বাপু উশখুশ করে উঠে।


তা শুধু বাপুও নয়, স্টলের কোণের দিকে নতুন প্যাকিং কাঠের টেবিল জোড়া করে যে ক-জন চা টোস্ট ডিমের অমলেট নিয়ে বসে কষে খাওয়া চালাচ্ছিল তারাও যেন চঞ্চল হয়ে এদিকে ঘাড় ফিরিয়ে দেখে।


বিশ্বাস উৎসাহ পেয়ে খনাগলায় বলে, ‘আহা, ইয়ে জানেন না, একজন লোক খাবারের দোকানে গিয়ে চারটে হিঙের কচুরি চাইল, দোকানি শালপাতার ঠোঙায় করে চারটে হিঙের কচুরি দিয়ে তারসঙ্গে আর চারটে আলুর দম দিল। দেখে তো লোকটা মহাখাপ্পা, ‘আবার এগুলো চাপাচ্ছ কেন? বাড়তি খরচার মধ্যে আমি নেই।’ …দোকানি হেসে বলেল, ‘আলুর দমের জন্যে আলা

**********
No Review
Related Books
Loading books…