
মোটকা গোগোই
বুদ্ধদেব গুহ
০১.
কাজিরাঙার ফিল্ড ডিরেক্টর বরজাতিয়া সাহেব ফরেস্ট সেক্রেটারি মহান্ত সাহেবের নির্দেশে ঋজুদার শরণাপন্ন হয়েছিলেন। ঋজুদা ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল অনেকবার। অনেকই দিন ধরে। কিন্তু সঞ্জয় দেবরায় সাহেব তাকে ব্যক্তিগত চিঠি লেখাতে আর না করতে পারেনি। তারপরে ফোনও করেছিলেন।
সঞ্জয় দেবরায় সাহেব অনেকদিন আগে মানাস টাইগার প্রজেক্টের ফিল্ড ডিরেক্টর ছিলেন। মানাস’ লোকে বলত তাঁরই মানসপুত্র। তারপর আসামের চিফ কনজার্ভেটর হয়ে, (তখনও প্রিন্সিপাল কনজার্ভেটরের পদ সৃষ্টি হয়নি) চাকরির শেষ পর্যায়ে দিল্লিতে ডিরেক্টর জেনারেল অফ ফরেস্ট হয়ে অবসর নিয়েছিলেন। আসামেই বসবাস ওঁদের, যদিও বাঙালি। বাংলা সাহিত্যের খুব ভক্ত ওঁরা স্বামী-স্ত্রী দুজনেই। ঋজুদার সঙ্গে আলাপ হয়েছিল দেবরায় সাহেবের অনেক বছর আগে। তখন উনি বরপেটা রোডে ছিলেন মানাসের ফিল্ড ডিরেক্টর হিসেবে। জঙ্গলপাগল মানুষ, অনেক করেছেনও মানাসের জন্যে।
আসামের বনবিভাগ এবং পুলিশ বিভাগের অনেকই দক্ষ অফিসার আছেন কিন্তু তাঁদের অধিকাংশই এখন বোড় এবং অন্যান্য উপজাতিদের সন্ত্রাসবাদের মোকাবিলায় ব্যস্ত, বিশেষ করে নামনি আসামে। তা ছাড়া, ঋজুদার অভিজ্ঞতা বিশ্বব্যাপী। পুব আফ্রিকার আন্তর্জাতিক চোরাচালান চক্ররও মোকাবিলা করে এসেছি বলতে গেলে দোকা হাতে আমি আর ঋজুদা। পরে অবশ্য তিতিরও গেছিল। তাই ওঁদের সনির্বন্ধ অনুরোধে শেষ পর্যন্ত ঋজুদাকে আসতেই হয়েছে।
গুয়াহাটিতে প্লেনে নেমে আমরা কাজিরাঙার বনদপ্তরের অতিথিশালাতে না থেকে নওগাঁর সার্কিট হাউসে গিয়ে উঠেছিলাম। এই নওগাঁতে এসে ওঠার নানা কারণ ছিল।
সকালে গুয়াহাটিতে প্লেন থেকে নেমে একটি অ্যাম্বাসাডর গাড়িতে করে বেরোলাম আমরা নওগাঁর দিকে। ঋজুদা বলল, আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে সুপুরি গাছে ভরা গুয়াহাটিকে যারা দেখেছে, তারা আজকে এ শহরকে চিনতেই পারবে না। ঘুমন্ত শহর ছিল। অবশ্য ঘুম এখন সব শহরের চোখ থেকেই বিদায় নিয়েছে।
পথে জাগগি রোডে (নাথোলা) হিন্দুস্থান পেপার কর্পোরেশনের মস্ত কারখানা। কাগজ কলে দু’দিক থেকে সারি সারি ট্রাক আসছে বাঁশ ও কাঠ নিয়ে বিভিন্ন জায়গা থেকে। প্রকাণ্ড শহর গড়ে উঠেছে ওই কারখানাকে কেন্দ্র করে। ইউনিট টু-র ছোট ঘোট বাড়ি আর ইউনিট ফোর-এর ফ্ল্যাটবাড়িগুলো পথের পাশে। এখান থেকে নওগাঁর পথেই পড়ে আইততবি গ্রাম। ঋজুদা দেখাল আমাদের। বিখ্যাত অহমিয়া লেখক লক্ষ্মীনারায়ণ বেজবরুয়ার জন্মস্থান। মূল পথ থেকে ভিতরে যেতে হয় কিছুটা। ঋজুদা বলল, বেঁচে ফিরলে, ফেরার পথে তোদের নিয়ে যাব। পথের ওপরে বোর্ডও আছে।
আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামবেড়ে গ্রামে যাওয়ার পথ নির্দেশ করে তো কোনও বোর্ড নেই বম্বে রোডে।
শরৎবাবুকে তো আধুনিক বাঙালি লেখকরা লেখক বলেই স্বীকার করেন না, সরকারও করে কিনা জানি না।
ঋজুদা বলল।
তা তাঁরাই বা কী লিখলেন!
ভটকাই ফুট কাটল।
ঋজুদা বলল, যাক। আমরা এখন গণ্ডারের বিচরণভূমি কাজিরাঙায় বেড়াতে যাচ্ছি, সাহিত্যর কমলবনের কথা না হয় থাকই এখন।
একটু পরই পথের বাঁ পাশে ব্রহ্মপুত্র দেখা গেল। মার্চের শেষেও তার বিস্তৃতি দিগন্ত অবধি। দেখতে দেখতে কুওয়ারিটোলাতে এসে পৌঁছোলাম। এখান থেকেই বাঁদিকে পথ চলে গেছে সিলঘাটে। ৯ কিমি মতো পথ। ব্ৰহ্মপুত্ৰর ওপারে যেতে হলে সিলঘাট হয়ে যেতে হয়। তাদের এখান থেকেই নদী পেরোতে হবে ফেরিতে। গাড়ি ট্রাক বাস–সবই ফেরিতে করে গিয়ে ওপারের ভোমরাঘাটে ওঠে। ভোমরাঘাটে একবার পৌঁছে গেলে ওখান থেকে তেজপুর সামান্যই পথ।
ঋজুদা বলল, কথা হচ্ছে ব্রিজ হবে, তখন আর ফেরি পেরোবার ঝঙঝাট থাকবে না। আমরা অবশ্য সোজাই এগোলাম নওগাঁর দিকে। অনেকই পেছনে জোড়বাটকে ফেলে এসেছি। মেঘালয়ের সীমানা জোড়বাট হয়েই ডানদিকে শিলংয়ে যাওয়ার পথ চলে গেছে।
নওগাঁতেই ঋজুদার লিস্ট অনুযায়ী সব কিছু জিনিসপত্র এই জলপাই-সবুজ বোলেরো জিপটিতে ভরে নেওয়া হল। জিপটি নওগাঁ সার্কিট হাউসেই আমাদের হাতে তুলে দেন বনবিভাগের অফিসারেরা। বন্দুক রাইফেলও আমরা নিয়ে আসি ট্রাঙ্কে করে। পশ্চিমবঙ্গের হোম সেক্রেটারি সৌরীন রায় এবং নেতাজি সুভাষ এয়ারপোর্টের বড়সাহেবকে আগে থাকতে বলা ছিল বলেই লাগেজের এক্সরে-তে সেগুলো ধরা পড়লেও, ওঁরা আটকাননি। ইন্ডিয়ান এয়ারলাইন্সের পূর্বাঞ্চলের ডিরেক্টর কল্যাণ মজুমদার সাহেবও আগে থাকতে সিকিউরিটি স্টাফকে বলে রেখেছিলেন। রাইফেল বন্দুক পাইলটের কাছে জমা রাখা যেত, কিন্তু তাহলে গুয়াহাটি এয়ারপোর্টেই জানাজানি হয়ে যেত আমাদের আসার কথাটা এবং আমরা যে এতগুলো আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করতে যাচ্ছি না, সে কথাও। সেই জন্যেই এই গোপনীয়তা।
নওগাঁ থেকে সন্ধেবেলা বেরিয়ে রাতের বেলা, টাটার চা-বাগান পেরিয়ে অন্য একটি বাগান হাতিখুলিকে ডান পাশে রেখে বাঁদিকে আমরা ঘাসবনে ঢুকেছিলাম।
রাতের বেলা কাজিরাঙাতে কোনও গাড়ি ঢুকতে পারে না, কোনও পর্যটকও যেতে পারেন না, কিন্তু বনবিভাগের সহায়তায় আমরা ঢুকেছিলাম। হেডলাইট নিভিয়ে আস্তে আস্তে গাড়ি চালিয়ে আমরা যে অবজার্ভেশন পোস্টটা আছে কাঠের, দোতলা সমান উঁচু, সেখানে বসে বনবিভাগের কাছ থেকে সব বুঝে নিয়েছিলাম। ম্যাপও তাঁরাই দিয়েছিলেন দাগ-টাগ দিয়ে।
খুব গর্বভরে প্রথমবার কাজিরাঙাতে আসার গল্প করে ঋজুদা আমাদের। ঋজুদা তখন, বলতে গেলে শিশু। জেঠুমনির সঙ্গে এসেছিল। কাজিরাঙাতে তার পরেও বহুবার এসেছে এবং বনবিভাগের অতিথি হয়ে বনের ভিতরে ভিতরে ঘুরেছে। সাধারণ পর্যটকের মতো সে যাওয়া নয়। তাই ম্যাপটা দেখে কোন কোন জায়গাতে চোরাশিকারিরা গণ্ডার মেরেছে এ পর্যন্ত, তা ঋজুদা ভাল করে দেখে নিয়েছে। একটা ছোট দল নাকি এসে কাজিরাঙার মধ্যেই ডেরা করেছে। নাগা ও গারো তারা। এর আগেও তারা এসেছিল বছর কয়েক আগে, তখন তাদের একজনকে ফরেস্টগার্ডরা গুলি করে মেরেও ছিল। তাতেও তারা দমেনি। আবার এসেছে।
পশ্চিমি দেশ হলে হেলিকপ্টারে করে কাজিরাঙার ওপরে ভাল করে টহল দিলেই এই ঘাসবনের চোরাশিকারিদের ধরা যেত। কিন্তু আমাদের দেশের সব রাজ্যেরই বনবিভাগের টাকা কোথায়? জিপ কিনতেই যাদের রেস্ত ফুরোয়, তারা হেলিকপ্টার কিনবে কোত্থেকে? তাও টাইগার প্রজেক্টের জন্যে ওয়ার্ল্ড লাইফ ফান্ড টাকা দেওয়াতে টাইগার প্রজেক্টগুলোর অবস্থা একটু ভাল হয়েছে। কিন্তু রাইনো বা এলিফ্যান্ট প্রজেক্টের জন্যে বিদেশ থেকে কোনও টাকা তো আসে না।
আমরা রাতটা ওই অবজার্ভেশন পেপাস্টেই শুয়ে থেকে শেষরাতে নেমে জিপে বসে জিপের হেডলাইট না-জ্বেলে কাজিরাঙার মধ্যে যেখানে ডাঙা জমি ও গভীর জঙ্গল আছে, স্থানীয় ভাষায় যাকে বলে কাঠোনি’, হাতি, গণ্ডার, হগডিয়ার যেখানে থাকতে ভালবাসে, সেই দিকে এসে একটি বড় অশ্বত্থাগাছের নীচে জিপটা পার্ক করেছিলাম। সকালের চা-বিস্কিট খেয়ে ওই ম্যাপটাকেই ভাল করে দেখছিলাম আমরা। বলতে ভুলে গেছি, আমাদের রান্না করা আর খিদমদগারি করার জন্যে অল্পবয়সি ফরেস্ট গার্ডকে দিয়েছেন ওঁরা, সে আমাদের গাইডও বটে। সে মেচ উপজাতির মানুষ। তামার মতো গায়ের রং। বেঁটেখাটো। তবে তাগা সঙ্গে বন্দুক রাখেনি, দূরপাল্লাতেও যাতে লক্ষ্যভেদ করতে পারে তাই ইন্ডিয়ান অর্ডন্যান্স কোম্পানির থ্রি-ফিফটিন রাইফেল নিয়েছে একটা। বনবিভাগের আমারি থেকে। ভালই করেছে। বন্দুকে তার হাত নাকি খুব ভাল। সে নাকি ভাল রাঁধুনিও। তারই নাম তাগা মেচ। সে নাকি খুবই উৎসাহী ও অ্যাডভেঞ্চারপ্রিয়। সেই জন্যেই চিফ কনজার্ভেটর দাস সাহেব ওকে আমাদের সঙ্গে দিয়েছেন। ভারি হাসিখুশিও সে। ঋজুদার সাকরেদি করতে পেরে যেন ধন্য হয়ে গেছে।
ঋজুদার কাছে যখন শুনেছে তাগা যে, ঋজুদা তাদের গ্রামেও গেছে, তখন সে রীতিমতো হাঁ হয়ে গেছিল।
তাগা মেচ-এর গ্রাম নামনি আসামের গোয়ালপাড়ার রাঙামাটি পাহাড়ে। গৌরীপুর থেকে যে পথটি চলে গেছে বরবাধা ফরেস্ট রেঞ্জে, সেই পথে। কুমারগঞ্জ আর তামাহাটের মধ্যে ডানদিকে একটি পাহাড় পড়ে। সেই পাহাড়ে যেতে হয় নাকি একটি টুঙবাগান পেরিয়ে। পাহাড়ের নাম আলোকঝারি। আলোকঝারিতে সাতই বোশেখে মস্ত বড় মেলা বসে প্রতি বছর। দেখার মতো মেলা সে। কত আদিবাসী আসে, পুজো দেয়, মুরগি ও কবুতর বলি দেয়। সেই আলোকঝারি পাহাড়ও পেরিয়ে গিয়ে নাকি রাঙামাটি। এক সময়ে মস্ত জঙ্গল ছিল সেখানে। বড় বাঘের ডেরা।
ঋজুদার কাছে সে সব গল্প একটু শুনেই তাগা মেচ ঋজুদাকে ঘরের মানুষ বলে মেনে নিয়েছে। এখন তারা নাকি রাঙামাটি ছেড়ে গারো পাহাড়ের পায়ের কাছে জিজিরাম নদীর পারের একটি গ্রামে এসে আস্তানা গেড়েছে। গ্রামের নাম মেচতালা। পাশেই রাভাতালা।
ম্যাপ তো আমাদের কাছে ছিলই, কিন্তু তাগাই আমাদের এনসাইক্লোপিডিয়া।
.
০২.
চিক-চুঁ ই ই ই ই…
শব্দটা দিগন্তব্যাপী ঘাসবনের মধ্যে দিয়ে অনেকই দূর থেকে যেন হাজার হাজার ঘাস চিরে কাজিরাঙার মে মাসের শান্ত সকালকে ঝুঁটি-নাড়া করে দিয়ে গেল।
দূরের পেলিক্যান কাঠোনির উপরে কিছু পাখি চক্রাকারে উড়তে লাগল গুলির শব্দ শুনে। ঘুরতে লাগল নীল আকাশে তারস্বরে ডাকতে ডাকতে। পেলিক্যানদের আচ্ছা ছিল এক সময়, তাই নাম পেলিক্যানকাঠোনি৷ পেলিক্যানরা এখন সরে গেছে অনেক ভিতরে। পুরো কাজিরাঙার এই এলাকার ঘাসবনের বাদা-জলাতে যে সব পাখি ছড়িয়ে-ছিটিয়ে ছিল তারাও মাটি ছেড়ে উড়ে আকাশে ঘুরপাক খেতে লাগল।
আমরা, মানে আমি, ঋজুদা আর ভটকাই কাজিরাঙার মধ্যে দিয়ে যে কাঁচা রাস্তাটা পাক দিয়ে দিয়ে গেছে, যে রাস্তাতে শুধু বনবিভাগের জিপারোহী আমলাদের আর সাইকেল আরোহী বনরক্ষীদের যাতায়াত, সেই পথের ওপরেই একটা মস্ত গাছের নীচে জিপ দাঁড় করিয়ে বসে ছিলাম। স্টিয়ারিংয়ে ছিলাম আমি। আমার পাশে ঋজুদা, পাইপ মুখে, কাজিরাঙার একটা ম্যাপ দু’হাঁটুর ওপরে মেলে রেখে। মনোযোগ সহকারে দেখছিল। আর পেছনের সিটে ভটকাইচন্দ্র। তার পিপাসা লাগাতে, বরফে-রাখা প্লাস্টিকের বাক্সর মধ্যে থেকে একটা প্রাইটের বোতল বের করে সবে বিড়বিড় করে বলেছে, ‘দিখাওমে মত যাও, আপনা অকল লাগাও’ আর সঙ্গে সঙ্গেই ওই গুলির শব্দ।
ভটকাইয়ের পাশে বসেছিল তাগা মেচ, আমাদের সঙ্গী-কাম-গাইড। তাগা মেচ শেয়ালের মতো কান খাড়া করে শব্দটা শুনে বলল, ওই! মোটকা গোগোই-এর দল আইস্যা পৌঁছাইয়া গেছে। একটা গেন্দারে মাইর্যাই দিল বোধহয়।
আমাদের সকলের মনেই সেই আশঙ্কাই হয়েছিল। ঋজুদা নিচু গলাতে বলল, ভটকাই, অকল লাগাও।
ভটকাই একটু চুপ করে থেকে বলল, হেভি বোরের রাইফেলের শব্দ। এখান থেকে বেশ দূরে হয়েছে গুলিটা। প্রায় ব্রহ্মপুত্রর কাছাকাছি।
আসামে গণ্ডারকে বলে গেন্দা।
ঋজুদা বলছিল যে প্রথম যেবারে এসেছিল কাজিরাঙায় তখন কাজিরাঙা এত বিরাট কিছু ছিল না। এত সব বাংলোর বাহারও ছিল না। একটি ছোট্ট খড়ের ঘর ছিল কাজিরাঙা ফরেস্ট অফিস। কাঠের বেড়া দেওয়া ছিল চতুর্দিকে, বাঘ, গণ্ডার ও হাতির হাত থেকে বাঁচার জন্য। সেই বাংলোর কাঠের গেটের দু’দিকের পাল্লার মাথাতে কাঠের দুটো গণ্ডার-মূর্তি ছিল। সে সব অনেকদিনের কথা। স্কুলে পড়ত তখন ঋজুদা। একটা খুব বুড়ো আর মস্ত গণ্ডার ছিল এই ঘাসবনে। তার নাম ছিল বুড়া গেন্দা। তার সঙ্গে বনবাসীদের বন্ধুর মতো সম্পর্ক ছিল। তাকে সকলেই ভালবাসত। সে মারা গেছিল অবশ্য স্বাভাবিক কারণে, চোরাশিকারিদের হাতে নয়। মরে যাওয়ার পর তার খড়্গটি সযত্নে রাখা ছিল সেই খড়ের বনবাংলোতে। এখন কাজিরাঙায় যে মিউজিয়াম মতো হয়েছে সেখানেও রাখা আছে সেটি।
বনের মধ্যে যে কোনও শব্দ শুনেই তার দিক ঠিক করা এবং দূরত্ব মাপা শিখতে জীবন কেটে যায়। পাহাড়ের ওপরে একরকমভাবে তা মাপতে হয়, গভীর জঙ্গলের মধ্যে আবার অন্যরকমভাবে। পুব আফ্রিকার সেরেঙ্গেটির অথবা কাজিরাঙার মতো এইরকম দিগন্তবিস্তৃত ঘাসবনে আরও অন্যরকমভাবে। পাহাড় ও জঙ্গলে ঘুরে ঘুরে আমরা সেখানের শব্দ শুনে দূরত্বর আন্দাজ একটু একটু করতে পারি আ