Home
তিনটি ছবির রহস্য

তিনটি ছবির রহস্য

সুনীল গঙ্গোপাধ্যায়

তিনটি ছবির রহস্য

সুনীল গঙ্গোপাধ্যায়
juvenile literature

Posted byশেষ নগরী21-May-2025

Change color

মধুপুরে আমার মামাবাড়ির পাশেই ছিল একটা শুকনো নদী৷ আমি কোনোদিন সে নদীতে এক ফোঁটাও জল দেখিনি৷ কিন্তু একসময় নাকি সে নদীতে সারা বছরই জল থাকত, কুলুকুলু করে স্রোতের শব্দও হত৷

এখন নদীটা একেবারে মজে গেছে৷

শুধু দু’দিকের উঁচু পাড়ের মাঝখানে খাতটা বোঝা যায়৷

যখন এ নদী জ্যান্ত ছিল, তখন এর নাম ছিল মধুবংশী৷ নামটা শুনতে সুন্দর, কিন্তু কেন এরকম নাম তা এখন আর কেউ জানে না৷

ছোটবেলায় আমরা ওই শুকনো নদীর খাতে নেমে লুকোচুরি খেলতাম৷ একটু বড় হবার পর আমি ওখানে একটা শিমুল গাছের তলায় বসে ছবি আঁকতাম রোজ৷



আর্ট কলেজে ভর্তি হবার পর আমাদের মাস্টারমশাই অশোকদা বলে দিয়েছিলেন, যখনই সময় পাবে একটা বড় খাতায় স্কেচ করবে৷ চোখের সামনে যা দেখবে, তাই-ই এঁকে ফেলবে৷ যা চোখের সামনে নেই, এমন কিছুও মন থেকে আঁকতে পারো৷ ভালো হোক, খারাপ হোক, এঁকে যাবে৷ ভালো আঁকা শেখার এই একমাত্র উপায়৷


অশোকদার সেই কথা শুনে আমার নেশা ধরে গিয়েছিল৷ বড় খাতাটা নিয়ে ঘুরতাম সবসময়, যেখানে-সেখানে বসে শুরু করতাম আঁকা৷ হাওড়া স্টেশনে এসে একদিন জানা গেল, ট্রেন দু’ঘণ্টা লেট, অপেক্ষা করতে হবে৷ অমনি আমি প্ল্যাটফর্মে বসে পড়ে স্কেচবুকটা খুলে শুরু করে দিয়েছি আঁকতে৷


বছরে দু’বার আমরা যেতাম মধুপুর৷ গরমের ছুটিতে, আর পুজোর সময়৷


আমার দাদু খুব শখ করে এই বাড়িটা বানিয়েছিলেন৷ বাড়িটা তেমন বড় নয়, কিন্তু অনেকখানি বাগান৷ আর একপাশে তো একটা নদী ছিলই৷


এখন দুই মামাই থাকেন বিদেশে৷ একমাত্র বড়মামা যান মধুপুরে৷ কিন্তু তাঁর শরীর ভালো নয়, তিনি ভাবছেন বাড়িটা বিক্রি করে দেবেন৷ সেটা শুনলে আমাদের খারাপ লাগে, কিন্তু কী আর করা যাবে৷ বাড়িটা বিক্রি হয়ে যাবার আগে আমার বারবার যেতে ইচ্ছে হয়৷ কলকাতা থেকে আর কেউ না গেলে আমি একাই চলে যাই৷



সে বাড়িটা পাহারা দেয় মঙ্গল সিং, বাগানের একধারে তার কোয়ার্টার৷ তার বউ, দুই ছেলে, এক ছেলের বউও থাকে সেখানে৷ বড়মামা অবশ্য বলে রেখেছেন, বাড়ি বিক্রি হয়ে গেলেও তিনি মঙ্গল সিংকে বাগানের খানিকটা অংশের জমি লিখে দেবেন৷


আমি একা মধুপুরে হাজির হলে মঙ্গল সিং-এর বাড়ি থেকেই আমার জন্য খাবার-টাবার আসে৷ ওরাই আমার দেখাশুনো করে৷


শিমুল গাছতলায় ওরা আমার জন্য চেয়ার-টেবিল পেতে দেয়৷ আমি বসে বসে ছবি আঁকি সারাদিন৷


আগে মামাতো ভাই-বোনেরা অনেকে আসত, সবসময় হাসি, মজা, গল্পে সরগরম থাকত জায়গাটা৷ এখন প্রায় নিঝুম৷ কাছাকাছি আর বাড়ি নেই৷ অন্য লোকজনও এদিকে বিশেষ আসে না৷


আমার খাতাখানা ছবিতে প্রায় ভরে গেছে৷ অবশ্য আরও একটা খাতাও আছে, সেটা বেশ বড়৷ দশ দিন থাকব, দুটো খাতাই ভর্তি করে নিয়ে যেতে পারলে বেশ হয়৷


দুজনের সঙ্গে আমার প্রতিযোগিতা আছে৷ আর্ট কলেজে আমার ঠিক পাশেই বসে অতীশ আর সঙ্ঘমিত্রা৷ যদিও বসে একেবারে সামনের দিকে, তবু মাঝে মাঝেই আমরা মিলিয়ে দেখি, কে কতটা স্কেচ করেছে৷ অতীশ সব সময়েই আমার থেকে এগিয়ে থাকে, যে-কোনো জিনিস দেখেই ও স্কেচ করে ফেলতে পারে ঝটাপট৷ আর সঙ্ঘমিত্রা অত তাড়াতাড়ি আঁকতে পারে না, সে ধরে ধরে আঁকে, সংখ্যায় কম হলেও তার ছবিগুলোই বেশি ভালো হয়৷



আমি বেশিরভাগ ছবিই দেখে দেখে আঁকি৷ অতীশ সবই আঁকে মন থেকে৷ ও গাছপালার ছবি একেবারে পছন্দ করে না৷ নানারকমের মানুষ আর জীবজন্তুর ছবিই বেশি আঁকে৷


আমাদের মাস্টারমশাই অশোকদা অবশ্য বলেছেন, কিছু একটা দেখে দেখে আঁকাও দরকার৷ একটা গাছকেও ঠিক মতন আঁকা মোটেই সহজ নয়৷


শিমুল গাছতলায় বসে, চতুর্দিকে যা দেখা যায়, তা প্রায় সবই আমার আঁকা হয়ে গেছে৷ একই জিনিস বারবারও আঁকা যায়৷ এখান থেকে দেখা যায় মাঠের শেষ প্রান্তে দুটো ছোট ছোট পাহাড়ের রেখা৷ বৃষ্টির সময় কিংবা মেঘলা দিনে সেই পাহাড় অন্যরকম দেখায়৷ তিন-চারখানা ছবি এঁকেছি সেই পাহাড়ের৷


সঙ্ঘমিত্রা পাহাড় আঁকতে ভালোবাসে৷ আমার কাছে মধুপুরের এই বাড়িটার গল্প শুনে ও আমাকে অনেকবার বলেছে, একবার আমাকে নিয়ে চল না, আমিও তোর পাশে বসে ছবি আঁকব৷


আমি বলেছি, যখন ইচ্ছে যেতে পারিস৷ অনেক ঘর খালি পড়ে আছে৷ খাওয়াদাওয়ারও কোনো অসুবিধে নেই৷



কিন্তু শেষ মুহূর্তে আর ওর আসা হয় না৷ একটা না একটা কারণে আটকে যায়৷ এইবারই তো আমার সঙ্গে আসবে বলে সব ঠিকঠাক, হঠাৎ ওর জামাইবাবুর সঙ্গে চলে গেল দেরাদুন৷ সেখানে অবশ্য অনেক বড় বড় পাহাড় দেখতে পাবে৷


অতীশ কলকাতার বাইরে বিশেষ যেতে পারে না৷ ও একটা টিউশানি করে৷


সেদিন বিকেলে আমি হঠাৎ একটা বাঘ আঁকতে শুরু করলাম৷ কেন হঠাৎ বাঘ আঁকার কথা মনে এল, তা জানি না৷ চিড়িয়াখানার বাইরে আমি কখনো বাঘ দেখিনি৷ মনে যখন এসেছে, তখন আঁকতে ক্ষতি কী? সত্যিকারের বাঘ কিংবা বাঘের ছবিও না দেখে মন থেকে ঠিকঠাক আঁকা মোটেই সহজ নয়৷


আঁকতে আঁকতে সন্ধে হয়ে গেল৷


কিন্তু আঁকার নেশা একবার ধরে গেলে আর ছাড়া যায় না৷ এখানে আলো নেই, তাই বাড়ির মধ্যে ঢুকে ছবিটা শেষ করতে বসলাম৷ মনে হল, ভালোই হয়েছে, ঠিক বাঘ বাঘ দেখাচ্ছে৷


তারপর মনে হল, শুধু স্কেচ করার বদলে এটার গায়ে রং দিলে আরও বিশ্বাসযোগ্য হবে৷



হলদে, কালো, আরও সব রংই আছে৷ রং দেওয়া যখন শেষ হল, তখন আমি হঠাৎ একটা তীব্র গন্ধ পেলাম৷ এটা কিসের গন্ধ? ইঁদুর মরে পচে গেছে নাকি? না তো, এ গন্ধ অন্যরকম৷ মনে পড়ল, চিড়িয়াখানায় গিয়ে এই গন্ধ পেয়েছি৷ বাঘের খাঁচার সামনে!


প্রথমে একটু ভয় পেলেও একটু পরে মজাই লাগল৷ এখানে তো বাঘ আসার কোনো সম্ভাবনাই নেই৷ আমি বাঘের ছবি আঁকছি, অমনি বাঘের গন্ধ পেলাম, এ তো সবই মনের ব্যাপার৷


আসল মজাটা হল পরদিন সকালে৷


ঘুম ভাঙল মঙ্গল সিং আর তার ছেলেদের চ্যাঁচামেচিতে৷ তারা উত্তেজিত ভাবে কী যেন বলাবলি করছে৷


বাইরে এসে দেখি, মঙ্গল সিংয়ের দু’হাতে ধরা রয়েছে একটা বেশ বড় সাইজের বেড়াল৷ সেটা ফ্যাঁস ফ্যাঁস শব্দ করছে৷


মঙ্গল সিং বলল, দেখো খোকাবাবু, একঠো শের আয়া৷ শের!


মঙ্গল সিং আমার জন্মের আগে থেকেই এ বাড়িতে আছে৷ সেই জন্য আমাকে খোকাবাবু বলে৷



শের, মানে বাঘ? যাঃ, তা কখনো হয়? মধুপুরে বাঘ আসবে কোথা থেকে? কাছাকাছি জঙ্গল-টঙ্গল কিছু নেই৷ নিশ্চয়ই একটা বিড়ালকে ধরে মজা করছে আমার সঙ্গে৷


কাছে গিয়ে দেখি, বেড়াল তো নয়৷ গায়ে গোল গোল ছাপ৷ মুখটাও একটু অন্যরকম৷ একটা চিতাবাঘের বাচ্চা! এগুলোকে বলে লেপার্ড৷


কিন্তু আমি কাল রাত্তিরে একটা বাঘ আঁকলাম, আর অমনি আজ সকালে একটা বাঘ এসে গেল? একেই বলে কাকতালীয়!


মঙ্গল সিং বলল, এই বাচ্চা শেরটা শুকনো নদীর খাতে খেলা করছিল৷


কী করে যে বাঘের বাচ্চাটা এল সেখানে, তার কোনো কারণই খুঁজে পাওয়া গেল না৷ আমি বাঘের ছবি এঁকেছি বলেই একটা জ্যান্ত বাঘ এসেছে, একথা বললে সবাই হাসত নিশ্চয়ই৷


একজন রিকশাওয়ালা বলল, বাচ্চাটাকে আমায় দিয়ে দাও, আমি পুষব!



হৈ হৈ করে আপত্তি জানাল মঙ্গল সিং-এর দুই ছেলে৷


কারুকে দেওয়া হবে না, তারাই বাঘটা পুষবে!


একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হল বাচ্চাটাকে৷


কী করে যে রটে গেল খবর, দুপুরের দিকে অনেকেই এসে পড়ল বাঘ দেখতে৷


বাঘ অতি হিংস্র প্রাণী, কিন্তু বাচ্চা বয়েসে ভারী সুন্দর দেখায়৷ এর গায়ের চামড়াটা যেন মলমলের মতন৷ চোখ দুটো দারুণ ধারালো৷


পরদিন দুপুরবেলা আমি আবার শিমুল গাছতলায় আঁকতে বসেছি, হঠাৎ একসময় চোখ তুলে দেখি, সামনে দাঁড়িয়ে আছে একজন লোক৷ খুব মন দিয়ে আঁকছিলাম, তাই লোকটির পায়ের আওয়াজ শুনতে পাইনি৷


লোকটির যেমন বিচিত্র পোশাক, তেমনই অদ্ভুত চেহারা৷



মাথার চুলে সন্ন্যাসীদের মতন জটা, মুখভর্তি দাড়ি-গোঁফ, একটা চশমা পরা, তার একটা ডাঁটি ভাঙা৷ তার গায়ের লম্বা আলখাল্লাটাও অনেক রঙের৷ তার মানে নানারকম টুকরো টুকরো কাপড় সেলাই করা৷ তার কাঁধ থেকে ঝুলছে তিন-চারটে থলে, সেগুলোও নানা রঙের৷ তার মধ্যে একটা থলের মধ্যে জ্যান্ত কিছু আছে, সেটা নড়ছে৷


তার ডান হাতে একটা বর্শা৷


লোকটিকে দেখে আমার বুকটা একবার কেঁপে উঠল৷ অবশ্য, দুপুরবেলা একজন জলজ্যান্ত মানুষকে দেখে ভয় পাবার কী আছে? তবু, দু-একজন মানুষকে দেখলে এমনিই একটু ভয় ভয় করে৷


লোকটি হঠাৎ এল কোথা থেকে?


আমার সঙ্গে চোখাচোখি হতেই সে গম্ভীরভাবে বলল, জয় মহাদেব! মেরা বাচ্চা কিধার হায়?


আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, আপনার ছেলে? এখানে কোনো বাচ্চা ছেলেকে তো কোথাও দেখিনি৷



লোকটি হিন্দিতে বলল, বাচ্চা ছেলে নয়৷ বাঘের বাচ্চা৷ সেটা আমার৷ সেটা এখানে এসেছে আমি জানি৷ আমি গন্ধ শুঁকতে শুঁকতে এখানে এসেছি৷


আমি বললাম, একটা বাঘের বাচ্চা এখানে এসেছে ঠিকই৷ কিন্তু সেটা আপনার কী করে হল?


লোকটি বলল, আমি বাঘ পুষি৷ আমার ঝোলায় সব সময় সাপ থাকে, বেজি থাকে, শিয়াল থাকে৷ আমি এদের নিয়ে ঘুরে বেড়াই৷


আমি জিজ্ঞেস করলাম, কোথায় ঘুরে বেড়ান?


লোকটি বলল, কখনো স্বর্গে, কখনো নরকে৷ সে তুমি বুঝবে না৷ আমার বাচ্চা ফেরত দাও৷


মঙ্গল সিংদের বাড়ির সামনে দড়ি দিয়ে বাঁধা লেপার্ডের বাচ্চাটা খুব জোরে জোরে ফ্যাঁচ ফ্যাঁচ শুরু করেছে৷


সেখানে মঙ্গল সিং-এর এক ছেলেকে দেখে আমি জোরে বললাম, বুধন সিং, বাচ্চাটাকে এখানে নিয়ে এসো তো?



বুধন সিং বাচ্চাটাকে নিয়ে এল৷


সেই লোকটির কাছে আসতেই বাচ্চাটা জোরাজুরি করে এক লাফ দিয়ে বুধন সিং-এর কোল থেকে নেমে সেই লোকটির পায়ে মাথা ঘষতে লাগল৷ ঠিক পোষা কুকুরের মতন৷


লোকটি বাচ্চাটাকে তুলে নিয়ে বলল, আহা হা, এর গলা কে বেঁধেছে? এর দুখ লাগছে৷ আহা হা! ঠিক হ্যায়, বাচ্চু, তোর আর দুখ লাগবে না৷


সে বাচ্চাটার গলা থেকে দড়িটা খুলে দিল৷


এ বাচ্চাটা যে ওই লোকটিরই পোষা, তাতে কোনো সন্দেহই নেই৷ সুতরাং ওকে ফেরত দিতেই হবে৷


লোকটি বুধনের দিকে তাকিয়ে বলল, এক গিলাস পানি পিলাওগে?


বুধন দৌড়ে গেল জল আনতে৷



আমি আমাদের বাড়িতে দেখেছি, বাইরের কোনো লোক জল চাইলে, তাকে শুধু জল দিতে নেই৷ মা-মাসিরা জলের সঙ্গে কিছু না কিছু মিষ্টিও দিতেন৷ এখানে এখন মিষ্টি কোথায় পাব?


তাই জিজ্ঞেস করলাম, আমাদের এই বাগানে ভালো আম হয়েছে, আপনি আম খাবেন?


লোকটি এক হাত নেড়ে বলল, আমি কারুর বাড়িতে জল ছাড়া অন্য কিছু খাই না৷


এবারে আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তা হলে আপনি খিদের সময় খাবার পান কোথায়?


লোকটি বর্শাটা ওপরের দিকে তুলে বলল, ওইখান থেকে খসে খসে পড়ে!


এমন অদ্ভুত লোকও আগে দেখিনি৷ এমন অদ্ভুত কথাও আগে শুনিনি৷ আকাশ থেকে খসে খসে পড়ে খাবার?


লোকটি চলে গেল জল খেয়েই৷ বাঘের বাচ্চাটা দৌড়োতে লাগল তার পায়ে পায়ে৷


বুধনের বেশ মন খারাপ হয়ে গেল৷ সে বাচ্চাটা পুষবে ঠিক করেছিল৷ তবে সে নিজেই বলল, জানো তো নীলুবাবু, এই সব মুসাফিররা খুব রাগী হয়৷ ওদের কথা না শুনলে এমন অভিশাপ দেয় যে পাথরেও আগুন জ্বলে যায়৷


এরপর আমি সেই লোকটির ছবি আঁকার চেষ্টা করলাম৷ দু-তিনবার চেষ্টাতেও ঠিক হল না৷ ওকে সামনে দাঁড় করিয়ে আঁকতে পারলে তবু হয়তো কিছু হত৷


আমি ফিরে আসার ঠিক আগের দিন একটা সত্যিকারের আনন্দের ঘটনা ঘটল৷ অনেকট

**********
No Review
Related Books
Loading books…