Home
হয়তো বা – বিমল কর

হয়তো বা – বিমল কর

রঞ্জিত চট্টোপাধ্যায়

হয়তো বা – বিমল কর

রঞ্জিত চট্টোপাধ্যায়
horror

Posted byমিতা সাহা18-Aug-2025

Change color

আরও ফার্লংটাক এগিয়ে এসে গাড়িটা থামল। এতক্ষশ চাকা ঘষড়ে যাওয়ার বিশ্রী একটা শব্দ উঠছিল এবং এই ফাঁকা মাঠ, খালবিলে ছড়িয়ে ছড়িয়ে পড়ছিল। গোটা কুড়ি ওয়াগনের শ’খানেক চাকায় ব্রেকগুলো পুরোপুরি কামড় দেয়নি, একটু একটু করে দাঁত বসাচ্ছিল। শেষ কামড়ের সঙ্গে সঙ্গে সব চুপ। একেবারে নিস্তব্ধ।


সন্তোষ বাইরে দাঁড়িয়েছিল। ব্রেকভ্যানের ফাঁকা বারান্দাটুকুর মধ্যে। এটা আপ ট্রেন। ডান দিকের সিঁড়ির কাছটায় গলা বুক বাড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করছিল সন্তোষ।


হল কি? লাইন ক্লিয়ার নেই, সিগন্যাল পায়নি? মাথার ওপর হাত তুলে যে হ্যাণ্ডেলটা ধরে সন্তোষ এতক্ষণ ঝুলছিল, এবার সেইটে আরও একটু শক্ত মুঠোয় ধরে আধখানা শরীরই গাড়ির বাইরে বের করে দিল।


না, কিছুই বোঝা যাচ্ছে না।


চুলোয় যাক। গুডস্ ট্রেনের হালই এই। চলছে তো চলছে, দাঁড়াল তো দাঁড়াল—মাঠ-ঘাট ঠাই-বেঁঠাই বিচার নেই। লাইনে ফেলে রাখল তো রাখলই—সারা রাত জঙ্গলের মধ্যেই ফেলে রাখল।


একটু বিরক্ত হয়েছিল সন্তোষ। কিন্তু এখন যেন অযথা এই বিরক্তি উড়িয়ে দিতে, মনটা হালকা করতে ঠোঁটে একটা শিস তুলে বেশ টেনে টেনে বাজাল।


তারপর দেখতে লাগল। এই সন্ধেতেও চাঁদ উঠে গেছে আকাশে। শুক্লপক্ষের দ্বাদশী, ত্রয়োদশী হবে হয়তো। আকাশটা খুব পরিষ্কার, আলো পড়া কাচের মতন। চাঁদটা উঠেছে যেন মাঠ-ঘাট ঝলমলিয়ে। সামনে মাঠ, উঁচু-নিচু। টুকরো টুকরো ক্ষেত। জল জমা বিল। শালের ছোট ছোট ঝোপ। টেলিগ্রাফের পোস্ট, তার। এমনকি রেল লাইনের পাথরকুচি, ফিশ প্লেট, চকচকে লাইন পর্যন্ত স্পষ্ট দেখাচ্ছিল।


সন্তোষ মুগ্ধ হয়ে দেখছিল। আর ভাবছিল, কী অদ্ভুত জ্যোৎস্না, মার্ভেলাস। একটা ছুঁচ পড়লেও খুঁজে পাওয়া যায়।


ঠোঁটের শিসে এবার একটা গানের কলি বাজাতে লাগল সন্তোষ। মাথা দুলিয়ে দুলিয়ে।


গুরু-গুরু শব্দটা দূর থেকে কানে আসছিল। ডাউন ট্রেন আসছে একটা। ও, এই জন্যেই লাইনে ঠেলে দিয়েছিল তার গাড়িটা। স্টেশনে লাইন পায়নি। কি ব্যাপার? ডাউন লাইনটায় আবার কোন গাড়ি দাঁড়িয়ে আছে! লোকালটা নিশ্চয়। ওটাকে আটকে মেলটাকে পাস করিয়ে দিচ্ছে।


সন্তোষ মোটামুটি অনুমান করেছিল আগেই। এখন নিঃসন্দেহ হল, স্টেশনের কাছাকাছি কোন জায়গায় তার গাড়ি আটকে দিয়েছে। খুব সম্ভব ডিস্ট্যান্ট সিগন্যালের একটু আগেই। এ লাইনে গাড়ি নিয়ে তার যাতায়াত খুব অল্প। ভাল করে এখনও সব চিনতে পারেনি।


সার্চ লাইটের আলো পড়ল ছিটকে। পাশের লাইনে, আশেপাশে। শব্দটা খুব জোর। গলা বুকটা একটু ভেতর দিকে টেনে নিল সন্তোষ। আলোটা আরও ছড়িয়ে যেতে যেতে গোল হয়ে এসেছে। আহা, অমন চাঁদের আলোকে শুষে একেবারে শেষ করে দিল।


দেখতে দেখতে গাড়িটা এসে পড়ল। প্রচণ্ড এবং দ্রুত একটা যান্ত্রিক শব্দ। ফিশ প্লেটের জয়েন্টগুলো খটাখট নড়ছে আর কাঁপছে আর শব্দ তুলছে। মনে হচ্ছিল যেন একটা সাঙ্ঘাতিক ঝড় লাইন, বল্টু, পাথর, ফিশ প্লেট সব চিবিয়ে, উড়িয়ে চলে যাচ্ছে।


তুফান মেল। নিশ্চয় তুফান মেল। লেট করেছে। খুব লেট করেছে আজ। যতটা পারে মেকআপ করে নেবার চেষ্টা করছে। স্পীডের ধরাধরি আর মানছে না।


মাধুরীর কথাটা মনে পড়ল। আচমকা। একটু স্পীডের মাথায় ট্রেন চললেই মাধুরীর যেন কি হত! বড় ভয় পেয়ে যেত! মুখ ফ্যাকাশে করে, কিছু একটা আঁকড়ে বসে থাকত।


সার্চ লাইটের আলোটা চোখের সামনে থেকে যখন আলগোছে উঠে দূরে মিলিয়ে যাচ্ছে আর ইঞ্জিনের কালো মুখটা চোখে পড়ছে সন্তোষের—ঠিক তখন—তখনই মনে হল—!


অল্পক্ষণ আর অন্য কিছু নেই। শুধু খটখট—খটাখট শব্দ, ভীষণ শব্দ—আর আলো অন্ধকার জানলা মুখ—পলকে সব যেন একাকার হয়ে কোথায় মিশে গেল!


ট্রেনটা চলে গেল। দূর থেকে দূরে—আরও দূরে। ঝকঝকে জ্যোৎস্নায় আবার সন্তোষের ব্রেকভ্যানের সামনের লাইন আর পাথরটুকরো—এদিক ওদিক ছড়িয়ে থাকল। ঝিঁঝিঁ ডাকতে লাগল আগের মতন, দু’চারটে জোনাকি উড়তে লাগল।


সন্তোষ কিন্তু তীক্ষ্ণ চোখে বুক ঝুকিয়ে ব্রেকভ্যানের সামনের লাইনটুকু দেখছিল।


হাসল সন্তোষ। শিস দিল। কী আশ্চর্য, মাঝে মাঝে মানুষের মনে এমন সব অদ্ভুত অদ্ভুত কথা আসে—যার কোন মানে হয় না। একেবারে মিনিংলেস।


মেল ট্রেনের ইঞ্জিনটা যখন একেবারে কাছে—হাওয়ার বেগে লাইন কাঁপিয়ে উড়ে যাচ্ছে, তখন সন্তোষের হঠাৎ ওরকম মনে হল কেন?


মনে হল, সন্তোষের পাশ থেকে কেউ যেন এগিয়ে গিয়ে ঝপ করে লাইনের ওপর লাফিয়ে পড়ল। কী আশ্চর্য অনুভূতি। সন্তোষের গালে একটা ঘোমটার ছোঁয়া লাগতে না লাগতেই সব শেষ। আর কিছু নেই।


অজান্তেই একবার গালে হাত বুলিয়েছিল সন্তোষ। কিছু না। কিন্তু ঘোমটার ছোঁয়া লাগল, এ কথাই বা কেন মনে হল?


মনে মনে সন্তোষ যদিও বুঝছিল, ব্যাপারটা অসম্ভব, তবু পলকের জন্যে তার চোখ স্থির, হৃদপিণ্ড স্তব্ধ এবং একটা চমকানোর ভাব হয়েছিল। ট্রেনটা চলে যেতে সামনের লাইনের দিকে যেন কেউ জোর করে চোখটা আটকে রেখেছিল অল্পক্ষণ।


কই, কিছুই তো নয়। ভুল, সব ভুল। চোখের ভুল।


গা ঝেড়ে, হাত দুটো মাথার ওপরকার হ্যাণ্ডেল থেকে তুলে নিয়ে ঘুরে দাঁড়াল সভোষ। ব্রেকভ্যানের দু’হাত বারান্দায় জুতোর গোড়ালি ঠুকে ঠুকে একটু পায়চারি করলে। মাথার ওপরকার সুন্দর চাঁদ দেখল এবং এক টুকরো তুলোট মেঘ।


সিগারেট ধরিয়ে সন্তোষ তার ঘরটার মধ্যে উঁকি দিল। পায়রাখুপরি ঘর। টিমটিম বাতি, লাল-নীল লণ্ঠন, কাচের বাক্স, খাতাপত্র।


খোলা জায়গায় আবার একটু পায়চারি করে, সিঁড়ির কাছটায় বসল সন্তোষ। লাইনের দিকে তাকাল। তারপর হঠাৎ গলা ছেড়ে একটা গমগম সুরের গান গাইতে লাগল।


মেলটা অনেকক্ষণ চলে গেছে—তবু তার গাড়িটাকে আটকে রেখেছে কেন? সন্তোষ চটছিল মনে মনে। অযথা ডিটেন করা এ-এস-এমদের একটা দস্তুর। হয়তো স্টেশনে গিয়ে দেখবে, এ-এস-এম নেই; বাড়িতে বউয়ের হাতে এককাপ চা আর পান খেতে গেছে। কিংবা শালার বেটা পার্শেল লগেজ থেকে কিছু সরিয়ে বাড়িতে রাখতে ছুটেছে।


লাইন স্টাফ হলেই এই হবে। এক নম্বরের ছ্যাঁচড়, বদমাস, চোর। হাতটান থাকবেই।


ঘড়িটা দেখল সন্তোষ। চাঁদের আলোয় কাঁটাগুলো বেশ স্পষ্টই দেখাচ্ছিল। আটটা পাঁচ।


পৌনে ন’টা বেজে গেল, তবুও সন্তোষের গাড়ি লাইন পেল না। বাস্তবিকই এবার চটেছে সন্তোষ। এর মানেটা কি! দেড়শ’ মাইলেরও ওপর তাকে রান করতে হবে, পঁচিশ মাইল আসতে না আসতেই এই কাণ্ড। পাকা দেড়টি ঘন্টা আটকে রাখল। ননসেন্স যত সব!


ভ্যানের মধ্যে থেকে লাল-নীল বাতিটা টেনে দিয়ে টপ করে লাফ দিয়ে মাটিতে নেমে পড়ল সন্তোষ। থাক দাঁড়িয়ে গাড়ি, কোম্পানির মাল, তোমার যা আমারও তাই। এই আমি চললুম। স্ট্রেট স্টেশনে যাব। ব্যাপারটা কি!


হাতের বাতিটা পথ দেখে যাবার জন্যে নয়। যা আলো চাঁদের, তাতে পথ দেখার জন্যে এই লাল লণ্ঠন নেবার দরকার করে না। এটা শুধু গার্ড সাহেবের অস্তিত্ব। অথাৎ ড্রাইভার তুমি রুখে থাক, আমা বিহনে যেতে পারবে না। বলা তো যায় না, যদি এর মধ্যে সিগন্যাল পেয়ে যায় ড্রাইভার।


পাশের লাইনের স্লিপারের ওপর দিয়ে টপকে টপকে সন্তোষ ইঞ্জিনের দিকে এগিয়ে যেতে লাগল। বাঁ হাতে বাতিটা ঝুলছে; হাঁটার তালে তালে দুলছে। নিজের ছায়াটা দেখতে পেল সন্তোষ। লাইনের ওপর এবং পাশ দিয়ে মাটি, কাঁকর, ঘাস গড়িয়ে দিব্যি চলেছে।


ইঞ্জিনের কাছাকাছি আসতে স্টিমের শব্দটা শোনা গেল। যেন ব্রয়লারে আগুন ঠেলে ঠেলে কোনরকমে স্টিমটা বাঁচিয়ে রেখেছে ওরা। ড্রাইভারদের দেখতে পেল সন্তোষ। আলোর মধ্যে দাড়িবালা ইব্রাহিমের প্রায় গোটা চেহারাটাই চোখে পড়ল। ফায়ারম্যান বয়লারের ঢাকনাটা খুলে কয়লা ছুঁড়ছে ভেতরে। গনগনে আগুনের আভায় ইব্রাহিম, ফায়ারম্যান—দুজনেই খুব স্পষ্ট।


সন্তোষ হাঁক দিল।


ইব্রাহিম পাদানির কাছে এসে দাঁড়াল। বললে, স্টেশন এখান থেকে অনেকটা দূর বাবু। যাবেন না। বেকার গিয়ে কি লাভ। আমার মালুম, আপ লাইনটা মেরামতি হচ্ছে। ডাইন লাইন দিয়ে গাড়ি পাশ করাবে। লোকালটা আগাড়ি খুলে দিয়ে বাদ আমাদের লাইন দেবে।


অনুমানটা ঠিকই করেছিল ইব্রাহিম। দূরে সিগন্যালের দিকে তাকিয়ে সেটা বোঝা গেল। একটা ডাউন গাড়ি আসার সিগন্যাল পড়েছে।


ইব্রাহিমের সঙ্গে কথা বলে সন্তোষ ফিরব-ফিরব করছে—ডাউন গাড়ির শব্দ পাওয়া গেল দূরে। লোকাল প্যাসেঞ্জারটা আসছে। এটাও আজ লেট।


ফিরতে গিয়েও ফিরল না সন্তোষ। ইঞ্জিনের পাদানি বেয়ে উঠে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে থাকল। ট্রেনটা চলে যাক আগে।


ডাউন ট্রেন চলে গেলে সন্তোষ তার ব্রেকভ্যানে ফিরে এল। তাড়াতাড়ি পা চালিয়ে।


এতক্ষণ পরে সিগন্যাল পেয়ে তার গাড়ির ইঞ্জিনটা হুইসল্‌ দিল। স্টিমের ভস্ ভস্ শব্দ ছাড়ল। ব্রেক ছাড়ানো চাকা একবার ঝাঁকুনি দিয়ে সামনে এগোল, আবার পেছনে। সবুজ আলো নেড়েই যাচ্ছিল সন্তোষ গা ঝুঁকিয়ে।


শেষ পর্যন্ত ছাড়ল, মালগাড়িটা ছাড়ল।


বারান্দায় একটু দাঁড়িয়ে থেকে আলোটা রাখতে কেবিনে ঢুকল সন্তোষ। আলোটা রাখতে যাচ্ছে—হঠাৎ চোখে পড়ল। আর চোখে পড়তেই প্রথমটা থমকে গেল। ঘরের মিটমিটে আলোয় জিনিসটা স্পষ্ট দেখা যাচ্ছে। অথচ সন্তোষ যে ডান হাতে তার গার্ডের বাতিটা ধরে আছে, এ সম্পর্কেও সে নিঃসন্দেহ। কাজেই এটা ঘুমের ঘোরে স্বপ্ন নয়—অন্যমনস্ক হয়ে হঠাৎ দৃষ্টিভ্রম ঘটেছে, তাও নয়। তবু হাতের বাতির আলোটা ফেলল সন্তোষ।


ভীষণ ভাবে চমকে গেল এবার। চোখের পাতা পড়ল না আর। বিস্ময়টা যেন ক, চোখ, নিশ্বাস-প্রশ্বাস—সমস্ত কিছুকে অদ্ভুত এক মুঠোর মধ্যে চেপে ধরল। সন্তোষ বিমূঢ় এবং বিস্ময়বিহুল হয়ে দেখছিল জিনিসটা।


একজোড়া চটি। লেডিজ স্যাণ্ডেল। সন্তোষের বসবার জায়গাটায় রাখা রয়েছে।


কার স্যাণ্ডেল? কোথা থেকে এল? কেমন করে? সন্তোষ কিছুই বুঝতে পারছিল না।


তার পায়রা-খুপরি কেবিনটা তবু ভাল করে দেখল সন্তোষ। বাইরে বেরিয়ে বারান্দাটুকুও নজর করল। কেউ নেই। কী আশ্চর্য, হ্যাণ্ডেল ধরে পিছনে তাকাল। চাঁদের আলোয় অনেকটাই দেখা যায়। ব্রেকভ্যানটা যেখানে দাঁড়িয়েছিল, সেখান থেকে অন্তত পঞ্চাশ গজ এগিয়ে এসেছে গাড়ি কিছু আর বোঝা যাচ্ছে না।


অদ্ভুত ব্যাপার তো! চটি জোড়া এল কি করে? কে রেখে দিয়ে গেল?


সন্তোষ যখন ব্রেক ছেড়ে চলে গিয়েছিল, নিশ্চয় তখন কেউ রেখে দিয়ে গেছে। কিন্তু এমন জন-মানুষহীন জায়গায় কে আসবে আসতে পারে? বিশেষ করে মেয়েছেলে?


সন্তোষ মনে করে দেখল তার ব্রেক যেখানে দাঁড়িয়েছিল, তার আশেপাশে কোন ঘর-বাড়ি ছিল বলে তার মনে হচ্ছে না। এমনও নয় যে, কোন ছেলেমেয়ের দল বেড়াতে বেড়াতে ওখানে গিয়েছিল। সেরকম কাউকে সন্তোষ দেখেনি, কারও সাড়া পায়নি।


তবে?


তবে কি কেউ আশেপাশে লুকিয়েছিল? কেনই তা থাকবে? থাকলেও চুপিসাড়ে এসে সন্তোষের কেবিনে যাতে চোখে পড়ে, এমন ভাবে পায়ের চটি জোড়া রেখে যাবে কেন? কি উদ্দেশ্যে? কোথায় বা লুকোবে সে?


হঠাৎ মনে হল, এমন নয় তো যে—কোন মেয়ে আত্মহত্যা করতে এসেছিল গাড়ির চাকার তলায়? এই জুতো জোড়া শুধু তার উপস্থিতির প্রমাণ।


সন্তোষের কপালে, গালে, গলায় দরদর করে ঘাম জমতে লাগল। যদি তাই হয়—তবে—তবে?


ভাবতে পারছিল না সন্তোষ। মেল ট্রেনটা যাবার সময় তার মনে হয়েছিল, কে যেন ওর পাশ থেকে লাফিয়ে পড়ল লাইনের ওপর। অবশ্য সত্যিই কেউ আর লাফিয়ে পড়েনি। প্যাসেঞ্জার ট্রেনটা যাবার সময় ব্রেকে ছিল না সন্তোষ—তখন যদি কেউ গলা বাড়িয়ে দিয়ে থাকে—! দিতে পারে, দিলে জানবার উপায় নেই। কিংবা, বলা যায় না, হয়তো—সন্তোষেরই ব্রেকভ্যানের চাকার তলায় গলা বাড়িয়ে দিয়েছে।


সন্তোষের শরীরটা ভীষণভাবে ঘামছিল। সর্বাঙ্গ

**********
No Review
Related Books
Loading books…