ভুলো কে জানো? ভুলো মানুষ নয়। ভুলো কুকুরও নয়। ভুলো মানে ভ্রান্তি—যা ভোলায়; মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে—ভুলো হল একরকম ভূত। ব্ৰহ্মদৈত্য, মামদো, শাঁখচুন্নী, গোদানা, গলায়-দড়ের মত এও এক রকমের ভূত! নিশির নাম অনেকে জানে—ভুলো অনেকটা নিশির মত। কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাত্রে, ভুলোর খেলা সব সময়েই। তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভাল। নিশি, ভূত বা প্রেতিনীর স...