Home
পিশাচ – মঞ্জিল সেন

পিশাচ – মঞ্জিল সেন

রঞ্জিত চট্টোপাধ্যায়

পিশাচ – মঞ্জিল সেন

রঞ্জিত চট্টোপাধ্যায়
horror

Posted byরিয়া দাস18-Aug-2025

Change color

ডাক্তারি জীবনে বহু রোগীর সংস্পর্শে আসতে হয়েছে আমাকে; বিচিত্র মন, বিচিত্র চরিত্রের মানুষ দেখেছি, তাই এখন আর নতুন কোন রোগী আমার মনে তেমন প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু রাঘব সামন্তকে দেখেই কেন জানি আমি বেশ একটা ধাক্কা খেলাম। আমার মনের ঠিক অনুভূতিটা বুঝিয়ে বলা মুশকিল—কেমন যেন গা ঘিনঘিন আর গা শিরশির করা অনুভূতি। যেন একটা জীবন্ত মৃতদেহের সামনে আমি দাঁড়িয়ে আছি।


গোড়া থেকেই শুরু করি। আমার চেম্বারের কিছু দূরেই একটা মেসবাড়ি। ওখানকার কিছু বাসিন্দা আমার রোগী, মাঝে মাঝে তাই ওখানে যেতে হয় আমাকে। হঠাৎ একদিন বর্ষার রাতে ফাঁকা চেম্বারে বসে উঠব উঠব করছি, এমন সময় মেসের মালিক স্বয়ং হন্তদন্ত হয়ে ছুটে এলেন। দিন কয়েক হল এক নতুন বোর্ডার এসেছেন তাঁর মেসে, ভদ্রলোক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, গুরুতর কিছু বলেই মনে হচ্ছে, আমাকে এখুনি যেতে হবে। যেতে হল।


ছোট্ট একটা চিলেকোঠা ঘরে রোগী শুয়ে আছে। পরে মেসের মালিকের মুখে শুনেছিলাম ভদ্রলোক কারো সঙ্গে ঘর ভাগাভাগি করে থাকতে চাননি, যত হোট বা খারাপই হোক না কেন, ঘরটা সম্পূর্ণ তাঁর চাই, তার জন্য যত বেশি টাকা দিতে হোক না কেন, তিনি রাজী। তেমন কোন ঘর ছিল না, শেষ পর্যন্ত চিলেকোঠা ঘরটার জঞ্জাল পরিষ্কার করে ভদ্রলোককে দেয়া হয়। তিনি খুশিই হয়েছিলেন।


ভদ্রলোক মেসে আসার পর থেকে এ ক’দিন কোথাও বেরোননি। কারো সঙ্গে বিশেষ একটা কথাও বলেননি। ওই ছোট্ট ঘরে দরজা বন্ধ করে নিজেকে যেন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছেন। মেসের চাকর ঘরে খাবার দিয়ে আসে, খাবার জন্যে নিচেও নামেন না তিনি।


আজ একটু আগে রাতের খাবার দিতে গিয়ে ছোকরা চাকর দেখে, ভদ্রলোক মাটিতে পড়ে আছেন—মুখটা হাঁ হয়ে আছে, দু’চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। তার চিৎকারে লোকজন ছুটে আসে। নাড়ীর গতি এত মৃদু যে, মনে হয় জীবন-মরণের একটা লড়াই চলছে। ভয় পেয়ে মালিক ভদ্রলোক ছুটে এসেছেন আমার কাছে। মেসে কেউ মারা গেলে সেটা মেসের পক্ষে বদনাম, তাই তাঁর দুর্ভাবনাটাই বেশি।


মালিকের সঙ্গে তাঁর মেসবাড়িতে যেতে হল। যদিও আগে অনেকবারই এখানে এসেছি কিন্তু চিলেকোঠায় কখনো আসিনি। সত্যিই একচিলতে ঘর। তক্তপোশের ধারে মাটিতে যিনি পড়ে আছেন, তাঁকে দেখে আমি চমকেই উঠলাম, সারা শরীরে কেমন একটা শিহরণ বয়ে গেল।


মাথার চুলের ডান দিকটা ধবধবে সাদা, কিন্তু বাঁ দিকটা কালো। মুখে অসংখ্য বলিরেখা। অথচ আমার মনে হল, ভদ্রলোককে যত বুড়ো দেখাচ্ছে, তত বুড়ো নন তিনি, অকালে বুড়িয়ে গেছেন। গায়ের রং ফ্যাকাশে, যেন কেউ রক্ত শুষে নিয়েছে। কেমন যেন একটা মৃত্যুর গন্ধ, নিশ্বাস বন্ধ হয়ে আসে।


ভদ্রলোকে শরীর বেশ ঠাণ্ডা হয়ে গিয়েছিল। তাঁকে পরীক্ষা করে আমি কিন্তু রোগটা কি, তা ঠিক বুঝতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম হার্ট অ্যাটাক, কিন্তু ব্লাডপ্রেসার স্বাভাবিক। নিজের বিদ্যে-বুদ্ধি আর অভিজ্ঞতায় মনে হল, ওসব ব্যাপার নয়। যা হোক, তখনকার মত চাঙ্গা করে তোলবার মত ওষুধপত্রের ব্যবস্থা করলাম। ভদ্রলোক পরদিনই খাড়া হয়ে উঠলেন। আমি একটু অবাকই হলাম। আগের রাত্রে অমন একটা অবস্থার পর এত তাড়াতাড়ি তিনি সামলে উঠবেন, এ আমি আশাই করতে পারিনি। যা হোক, পরদিন তাঁকে দেখতে যেতেই, তিনি আমাকে বসতে বললেন। আমি লক্ষ্য করলাম, ভদ্রলোকের চোখের সাদা অংশটা একটু বেশি প্রকট, চাউনিতে কেমন একটা অস্থিরতা। আমাকে তিনি একদৃষ্টিতে লক্ষ্য করছেন দেখে, আমার অস্বস্তি হতে লাগল। সেটা কাটাবার জন্যে আমি তাঁকে পরীক্ষা শুরু করলাম। সব কিছুই স্বাভাবিক।


আমার পরীক্ষা শেষ হতেই ভদ্রলোক বলে উঠলেন, ‘আপনি ডাক্তার?’


প্রশ্নটা শুনে আমি থতমত খেলাম। আমার গলায় স্টেথিস্কোপ, হাতে ব্লাডপ্রেসার মাপার যন্ত্র, এতক্ষণ যত্ন করে পরীক্ষা করলাম, তারপরেও অমন প্রশ্নের কারণ কি হতে পারে।


ভদ্রলোক নিজেও বোধ হয় প্রশ্নটার অসারতা বুঝতে পেরেছিলেন, তাই বললেন, ‘মানে…আমিও একসময় ডাক্তার হবার স্বপ্ন দেখতাম, বছর তিনেক পড়েও ছিলাম।’


‘তাই নাকি!’ আমি এবার কৌতূহল নিয়ে তাকালাম, ‘ছেড়ে দিলেন কেন?’


‘ছাড়তে হল…সে অনেক কথা।’ ভদ্রলোক হঠাৎ আমাদের কথায় যেন ছেদ টানতে চাইলেন। আমি ইঙ্গিতটা বুঝে, ও প্রসঙ্গ নিয়ে আর এগোলাম না।


এ ঘটনার দিন তিনেক পর, ভদ্রলোক হঠাৎ আমার চেম্বারে এসে হাজির হলেন। বর্ষার রাত, সেদিনও চেম্বার বন্ধ করে উঠব উঠব করছিলাম। ভদ্রলোককে দেখে মোটেই খুশি হলাম না আমি, কেন, তা অবশ্য জানি না।


ভদ্রলোক এটা ওটা কথার পর আমার সম্বন্ধে নানান প্রশ্ন করতে লাগলেন। কোন্ মেডিক্যাল কলেজ থেকে পাশ করেছি, কোন্‌ কোন্‌ প্রফেসারের কাছে পড়েছি, আমার পরিচিতদের মধ্যে কারা ডাক্তার হিসাবে নাম করেছেন, এসব ব্যক্তিগত প্রশ্ন। বলা বাহুল্য, আমি বিরক্তিই বোধ করছিলাম। হঠাৎ ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ‘আচ্ছা, ডাক্তার অনাথ চৌধুরী নামে কাউকে চেনেন?’


‘ডাক্তার অনাথ চৌধুরী!’ আমি বেশ অবাক হয়েই বললাম, ‘তিনি তো প্রথম সারির একজন সার্জেন। চিনতেন নাকি আপনি তাঁকে?’


‘হ্যাঁ, একসময় আমার সঙ্গে তাঁর খুবই জানাশোনা ছিল।’


‘কিন্তু ওঁর বয়স তো আপনার মত হয়নি…’


ভদ্রলোক হা হা করে হেসে উঠলেন: ‘ওখানেই আপনার ভুল!’ সি থামিয়ে তিনি বললেন, ‘আমার চাইতে বয়সে উনি বেশ কিছু বড়ই হবেন। আমার শরীর ভেঙে পড়েছে, তাই বেশি বয়স দেখায়… নয়তো আমারও একসময় জোয়ান চেহারা ছিল। হ্যাঁ, বেশ ভাল রকমই জোয়ান চেহারা ছিল আমার।’


আমার দৃষ্টিতে বোধ হয় অবিশ্বাসের ছাপ ফুটে উঠেছিল, তা লক্ষ্য করে ভদ্রলোক বললেন, ‘না, আমি আপনাকে ধোঁকা দিচ্ছি না।’ তারপরই একটু মুচকি হেসে বললেন, ‘যদি অনাথ চৌধুরীর সঙ্গে দেখা হয়, তবে জিজ্ঞেস করবেন, রাঘব সামন্তের স্বাস্থ্য কেমন ছিল।’ বলেই আবার হা হা করে হেসে উঠলেন।


বিশ্রী হাসি। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগল। রাত হয়ে যাচ্ছে বলে উঠে পড়লাম।


এর পর রাঘব সামন্ত মাঝে মাঝে আমার চেম্বারে আসতেন। ভিড় থাকলে এক কোণে চুপ করে বসে থাকতেন। সবাই চলে যাবার পর আমার মুখোমুখি বসে শুরু করতেন নানান কথা। একদিন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন, ‘আচ্ছা, আপনারা তো হাল আমলের ডাক্তার, আপনাদের সময় কাটা-ছেঁড়ার জন্য ডেডবডির বোধ হয় তেমন অভাব ছিল না।’ তারপর নিজেই সে প্রশ্নের জবাব দিলেন,‘ হবেই বা কি করে, আজকাল কথায় কথায় লোকে ছুরি চালায়, বোমা মারে। মানুষ মারা এখন ডাল-ভাত হয়ে গেছে। ডেডবডির অভাব নেই, অনেক ক্ষেত্রেই সেসব বডির কোন দাবিদার থাকে না, ফলে মেডিক্যাল স্টুডেন্টদের সুবিধে হয়েছে। আমাদের সময় এত খুন-জখম ছিল না, ডেডবডিও ছড়িয়ে পড়ে থাকত না। রীতিমত সমস্যা ছিল ডেডবডি পাওয়া, মাঝে মাঝে ডিসেকশান বন্ধ হয়ে যাবার মত অবস্থা হত।’


শরতের মাঝামাঝি রাঘব সামন্ত মারা গেলেন। সেবারেও মেসের ছোকরা চাকর সকালবেলার চা নিয়ে দরজায় ধাক্কা দিয়ে কোন সাড়া না পেয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখল, ভদ্রলোক মাটিতে চিৎ হয়ে পড়ে আছেন। মুখটা একটু হাঁ করা, কয়েকটা মাছি ভন্‌ভন্‌ করছে মুখের সামনে।


আমি চেম্বারে আসতেই আমার ডাক পড়ল। এবার কিন্তু আর ভুল ছিল না, ভদ্রলোক মারাই গেছেন এবং করোনারি অ্যাটাকেই মৃত্যু হয়েছে। সার্টিফিকেট লিখে দিতে আমি কোন দ্বিধা করলাম না।


পরের দিন মেসের মালিক আমার সঙ্গে দেখা করতে এলেন। তাঁর হাতে একটা বড় পুরু লেফাফা। ওটা তিনি আমার হাতে দিলেন। আমি লেফাফার ওপর লেখাটায় চোখ বুলিয়ে অবাক হলাম। লেখা আছে, ব্যক্তিগত, আমার মৃত্যুর পর এটা যেন ডাক্তার বিমল ব্যানার্জিকে দেওয়া হয়।


রাতে বাড়ি ফিরে আমি একটা সিগারেট ধরিয়ে লেফাফাটা খুললাম। আমার স্ত্রী সুষমা, দিন কয়েকের জন্য বাপের বাড়ি গেছে, আমি একা।


প্রথমেই একটা চিঠি।


‘প্রিয় ডাঃ ব্যানার্জি,


আপনি হয়তো ভেবে অবাক হচ্ছেন, এত লোক থাকতে আপনাকেই কেন আমি আমার জবানবন্দি শোনাবার জন্য বেছে নিলাম। আসলে, সত্যিই আমি একদিন ডাক্তার হতে চেয়েছিলাম। যদি আমার জীবনে ওলটপালট না ঘটত, কিংবা যদি ডাঃ অনাথ চৌধুরী আমার জীবনে শনি হয়ে দেখা না দিত, তবে হয়তো আজ আমি একজন সফল ডাক্তার হিসাবে মানুষের জীবন বাঁচাবার মহৎ পেশায় ব্যস্ত থাকতাম। কিন্তু শনি আর রাহু এই দুয়ের মিলন ঘটেছিল আমার ভাগ্যের ঘরে, তাই…যোক, সে কথা। আপনাকে দেখে আমার জীবনের স্বপ্নের কথা মনে পড়েছে, আপনাকে কেন জানি ভাল লেগেছে। তাই আমার জীবনের বিচিত্র কাহিনী আপনার হাতে দিয়ে গেলাম। যদি অবিশ্বাস হয়, তবে ডাঃ অনাথ চৌধুরীকে প্রশ্ন করতে পারেন, সেই সঙ্গে তার মানসিক প্রতিক্রিয়াও লক্ষ্য করবেন। তবে সাবধান, তার পথ মাড়াবেন না, সে শুধু লোভী নয়, নিষ্ঠুর। কত বড় নিষ্ঠুর, তা এই কাহিনী থেকেই জানতে পারবেন।


আমার শুভেচ্ছা রইল।


ইতি—


রাঘব সামন্ত


আমার কৌতূহলের লাগামটাকে যেন সামলাতে পারছি না। পাতা উল্টে আসল কাহিনী শুরু করলাম।


‘সে আজ অনেক বছর আগের কথা, যদূর মনে পড়ে, সালটা ছিল ১৯৪৪। দেশ তখনো স্বাধীন হয়নি। ঢাকা মেডিক্যাল স্কুলে আমি ডাক্তারি পড়ি। ছোটবেলা থেকে চট করে কিছু বুঝে নেবার ক্ষমতা ভগবান আমাকে দিয়েছিলেন। তার ওপর ছিলাম পরিশ্রমী, মাস্টারমশাইদের মান্য করে চলতাম, তাই সহজেই তাঁরা আমার প্রতি সদয় হতেন, সহজেই বিশ্বাস করতেন আমাকে। ছাত্র হিসাবেও খারাপ ছিলাম না। আমি যে একদিন ডাক্তারি পাশ করে বেরোব, ডাক্তার হব, এ বিষয়ে মাস্টারমশাইয়ের মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না—আমার তো নয়ই।


‘ডাক্তার পাল ছিলেন তখন অ্যানাটমি বিভাগের প্রধান। নামটা ইচ্ছে করেই আমি গোপন করলাম, কারণ তাঁর তখন দারুণ খ্যাতি, এ কাহিনীর সঙ্গে তাঁকে আর জড়াতে চাই না। মিটফোর্ড হাসপাতাল আর মেডিক্যাল স্কুল ছিল পাশাপাশি, একটা সরু রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে। ওই রাস্তার ওপরেই একটা বাড়িতে থাকতেন ডাক্তার পাল। তখন ওই রাস্তায় আর কোন বাড়ি ছিল না। বাড়িটার সদর দরজা দিয়ে বেরোলে হাসপাতালের পাঁচিল আর খিড়কির দরজা দিয়ে বেরোলে মেডিক্যাল ইস্কুলের পাঁচিল। খিড়কির দরজার কয়েক হাত দূরে পাঁচিলের গায়ে একটা দরজা ছিল, ওটা দিয়ে ডাক্তার পাল মেডিক্যাল স্কুলে যাতায়াত করতেন, অনেকটা ঘুরপথ বেঁচে যেত। রাত্তিরে ওই দরজায় বাইরে থেকে তালা ঝুলত, আর তার চাবি থাকত ডাক্তার পালের কাছে। ওই দরজা দিয়ে ঢুকে খানিকটা গেলে, বাঁ দিকে টিনের ছাউনির টানা লম্বা একটা ঘর। ওখানেই অ্যানাটমি ক্লাস নিতেন ডাক্তার পাল। মড়া কাটা-ছেঁড়া করে সার্জারিতে হাত পাকাত তরুণ সব ছাত্ররা—ভাবী কালের শল্যচিকিৎসক।


‘ডাক্তার পালের বাড়িটা বেশ বড়, আসলে ওটা ছিল হাসপাতালেরই সম্পত্তি। মেডিক্যাল ইস্কুলে পড়ানো ছাড়াও হাসপাতালের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। অ্যানাটমির সব কিছু দায়িত্ব, এমন কি কাটা-ছেড়ার জন্যে মড়া যোগাড় করার ভারও ছিল তাঁর ওপর। ডাক্তার পাল অবশ্য নিজে মড়া যোগাড় করতেন না, তার জন্যে অন্য লোক ছিল, একটা খরচও বরাদ্দ ছিল, কিন্তু তাঁকে সব কিছুর হিসেব রাখতে হত।


‘আমি এসময় ডাক্তার পালের সুনজরে পড়ে গেলাম, তখন আমার সবে তৃতীয় বছর চলছে। অ্যানাটমি ক্লাসের সব দায়িত্ব আস্তে আস্তে তিনি আমার ওপর ছেড়ে দিতে লাগলেন। ঘরটা ছিল লম্বা। ওই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, ছাত্রদের মধ্যে ঠিকমত লাশ ভাগ করে দেওয়া, ঠিকমত হিসেব রাখা এবং যারা লাশ নিয়ে আসে তাদের পাই-পয়সা চুকিয়ে দেওয়া, এসবই তিনি আমার ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হলেন।


‘একটা কথা আগেই বলে রাখি। বৈধভাবে কাটা-ছেঁড়ার জন্যে যে লাশ আমরা পেতাম, তা মোটেই পর্যাপ্ত ছিল না, ফলে প্রায়ই আমাদের চোরা পথে ওটা সংগ্রহ করতে হত, না করে উপায় ছিল না। এসব কিন্তু আসত গভীর রাতে। ডাক্তার পালের খিড়কির দরজায় কড়া নাড়ার শব্দ থেকে বুঝে নিতে হত যে চালান এসেছে। যারা নিয়ে আসত, তাদের দিয়েই ডিসেকশান রুমে বডিটা নিয়ে, তাদের পাওনা

**********
No Review
Related Books
Loading books…