Home
চক্রব্যূহে প্রখর রুদ্র

চক্রব্যূহে প্রখর রুদ্র

কৌশিক রায়

চক্রব্যূহে প্রখর রুদ্র

কৌশিক রায়
detective

Posted byবিথি শর্মা12-Jul-2025

Change color

০১. দিসেরগড়ে দিশেহারা

দিসেরগড়ে দিশেহারা। টালমাটাল পায়ে লোকটা পানশালা থেকে বেরিয়ে রাস্তার দিকে এগিয়ে গেলো। রাত অনেক হয়েছে। রাস্তার ল্যাম্পপোষ্টের হলদে আলোগুলো ঝিমিয়ে পড়েছে, রাতের অন্ধকার সব কিছুকে গিলে খাচ্ছে। লোকটা কোনোমতে ডান হাতটা তুলে ধরে রাতের শেষ ট্যাক্সিগুলোকে ধমকে ওঠে–“ঐ শালা, আমাকে বাড়ি নিয়ে চল। পাঁচশো টাকা দেব।” রাত সাড়ে বারোটায় কোনো ট্যাক্সিই এই মাতাল যাত্রী তুলতে আগ্রহ দেখায় না। ফাঁকা রাস্তার বুক চিরে হুস হুস করে হলদে ট্যাক্সিগুলো বেরিয়ে যেতে থাকে। লোকটা অসমর্থ হাতে বুক পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের কোণে রেখে এক মুখ ধোঁয়া ছেড়ে এদিক ওদিক তাকাতে থাকে। ঝাপসা চোখে সে কিছু দূরে একটা হাতে টানা রিক্সা দেখতে পায়। যদিও রিক্সা চালক বোধহয় চাদর জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। শহরে ধীরে ধীরে ঠান্ডা পড়ছে। লোকটা সিগারেটটা বাঁ হাতে ধরে রিক্সার সামনে এসে দাঁড়ায়–“ঐ ওঠ, ওঠ শালা। আমায় বাড়ি পৌঁছে দিবি চল।” সদ্য ঘুম ভাঙা রিক্সা চালক ফ্যাল ফ্যাল করে লোকটার দিকে তাকিয়ে থাকে। লোকটা একটা পাঁচশো টাকা বাড়িয়ে দেয়–“নে, তোর সারা মাসের খরচা। এবার আমায় বাড়ি পৌঁছে দিবি চল।” গরীব দেহাতি রিক্সা চালক আর কথা বাড়ায় না। লোকটা রিক্সায় চেপে বসে। তাঁর সিগারেট ধরা হাতটা রিক্সার বাইরেই ঝুলতে থাকে।


পানশালার পিছন থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। হাত দুটো জ্যাকেটের পকেটে ঢুকিয়ে ছায়ামূর্তি চুপচাপ রিক্সাটাকে অনুসরণ করে। খুব বেশি দূরত্ব না রেখেই ছায়ামূর্তি নিঃশব্দে লোকটিকে অনুসরণ করে। কিছুদূর যেতেই লোকটি তাঁর সিগারেটে শেষ সুখটান দিয়ে রাস্তায় ফেলে দেয়। এবার ছায়ামূর্তি ছুটে এগিয়ে আসে, হাতে তাড়াতাড়ি সাদা গ্লাভস পরে নেয়। সিগারেটের ফিল্টারটা কুড়িয়ে নিয়ে একটা এয়ারটাইট প্যাকেটে ঢুকিয়ে পকেটে ভরে নেয়। এদিক ওদিক দেখে ছায়ামূর্তি উল্টোদিকে হাঁটতে শুরু করে–“হ্যালো ম্যাডাম, হ্যাঁ কাজ হয়ে গেছে। না, না। আমি এখুনি ল্যাবে আসছি…”


******


শিবানী অফিস থেকে ফিরেই ছুটে দু’তলায় চলে যায়। শিবানীর ভারি বুটের আওয়াজ পেয়ে শিবানীর মা কুন্তলাদেবী বলে ওঠেন–“ওরে মালতি চা বসা। একজন ফিরেছেন, আর একজন যে কখন ফিরবেন ভগবানই জানেন।” শিবানী জুতো খুলে সোজা জ্যেঠুর পড়ার ঘরে হানা দেয়। শিবানীর জ্যেঠুর বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই। স্বাস্থ্য দেখলে বোঝা যায় যুবাবয়সে বেশ শক্ত সমর্থ ছিলেন। শিবানীর জ্যেঠু কম বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন–যেখানে যা কাজ পেয়েছেন করেছেন আর কিছু টাকা জমলেই আবার নতুন জায়গা দেখার নেশায় শহর ছেড়েছেন। বিচিত্র সেসব অভিজ্ঞতা। সেসব চিঠি লিখে তাঁর এক লেখক বন্ধুকে জানাতেন, আর লেখক বন্ধুটি সেসব অভিজ্ঞতার কথা গল্পাকারে লিখে বেশ জনপ্রিয় হয়েছিলেন। তারপর বয়স বাড়তেই হঠাৎ করেই একদিন বাড়ির টান পেয়ে বসলো। একমাত্র ছোটো ভাইয়ের কাছে যখন ফিরলেন তখন বাবা মা গত হয়েছেন আর ভাই, শেখরের দুটি পাঁচ বছরের যমজ মেয়ে–শিবানী আর ইন্দ্রানী। একরকম ভাইঝিদের মুখ চেয়েই রয়ে গেলেন ভাইয়ের কাছে, তবে এখনো হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়েন আর প্রত্যেকবার সঙ্গে নিয়ে যান ইন্দ্রানী না হয় শিবানীকে। ছোটভাই শেখর পুলিশের ডি আই জি। আর শিবানী এবছরই ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর পদে অভিষিক্তা হয়েছে। ছোট ভাইঝি ইন্দ্রানী অবশ্য জ্যেঠুর ধাত পেয়েছে। এখানে সেখানে ঘুরে বেড়ানো আর সব কিছুকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা।


শিবানী পড়ার ঘরে ঢুকে দেখলো জ্যেঠু একটা বায়োলজির বই পড়ছে। পায়ের শব্দ পেয়ে চোখ না তুলেই জিজ্ঞাসা করল–“কীরে, আজ আবার কী কেস? ছিনতাই নাকি অযথা চিন্তাই!”


শিবানী নিচের ঠোঁট উল্টে বলল–“হত্যা নাকি দুর্ঘটনা?”


জ্যেঠুমণি শিবানীর হাতের চকোলেটের দিকে ইশারা করে বললেন–“আমাকে দিও নাকো তেল, ওহে মিস মার্পেল..”


শিবানী এসে একটা ফাইল টেবিলে রেখে জ্যেঠুকে জড়িয়ে ধরে বলল–“প্লিজ প্লিজ এরকম কোরো না। খুব কেস খাচ্ছি অফিসে। বাবা আজ অফিসেই কল করে বলল তাড়াতাড়ি হয় কেস সলভ করতে না হলে ছেড়ে দিতে। আর বেশি দিন দেখবে না। হাই প্রোফাইল কেস। নিজের বাবা মেয়েকে সাপোর্ট করছে না, ভাবতে পারো তুমি! তুমিও হাত তুলে দিলে যাই কোথা?”


জ্যেঠুমণি চকলেটটা শিবানীর হাত থেকে নিয়ে এক টুকরো মুখে দিয়ে বললেন–“বস। বল দেখি… শুনি।”


শিবানী বলতে শুরু করে–“ঘটনার শুরু মাস তিনেক আগে। ঐ জুনের শেষ দিকে আর কি। শহরের নামী এক স্বর্ণ ব্যবসায়ীর মেয়ে ও তার এক বান্ধবী বর্ধমানের কাছে একটি রিসর্টে প্রাইভেট পার্টিতে গিয়েছিল। ফেরার পথে নিখোঁজ। পরের দুই-আড়াই মাস তন্ন তন্ন করে খুঁজেও না গাড়ি পাওয়া গেল, নাকি তাদের বডি। দিন পনেরো আগের কথা। হঠাৎ করেই গাড়ির দ্যাখা মিলল দামোদরের চরে। ভরা বর্ষায় দামোদরের জলে আড়াই মাস ডুবে ছিল লাল অল্টো গাড়িটা। এখন জল কমতে দ্যাখা মিলেছে। বলাই বাহুল্য তাতে দুজন মহিলার বডি পাওয়া গেছে, কিন্তু তাদের আর চেনার মতো অবস্থায় নেই। জলের তলায় বডি পচে ফুলে উঠে যাতা অবস্থা, তবে গাড়িতে পাওয়া ড্রাইভিং লাইসেন্স দেখে সনাক্ত করে ক্রাইম ব্রাঞ্চে খবর পাঠায় লোকাল থানা। আমরা দেরি না করে গিয়ে যা যা ছবি তোলার তুলে বডি নিয়ে কোলকাতাতে ফেরত আসি। বডির যা অবস্থা হয়েছিল কিছুই পাওয়ার আশা ছিলনা–হাড়ের থেকে মাংস সব ঝুলে পড়েছিল। কোনো রকমে কাপড়ে বেঁধে আমরা নিয়ে আসি। ফরেনসিক খুব বেশি কিছু পায়নি–ভ্যাজাইনাতে একাধিক সিমেনের নমুনা পাওয়া গেছে, কিন্তু ধর্ষন কিনা বলা সম্ভব হয়নি। শরীরের সব মাংসপিণ্ডই পচে গলে উঠে ছিল…।


জ্যেঠুমণি বলে উঠল–“জলের নিচে অতদিন থাকার পরে সিমেনের নমুনা সংগ্রহ করা গেল?”


শিবানী একটু অপ্রস্তুত হয়ে বলল–“না মানে ঠিক সিমেন না। জরায়ুর মধ্যে দুটি মেল ডি এন এ-এর ট্রেস পাওয়া গেছে Y-STR টেস্ট করে। আর তুমি তো ভালো করেই জানো ডি এন এ-এর ছোটো থেকে ছোটো স্যাম্পলও বেশ কয়েক বছর পরও ইনটাক্ট থেকে যায়। যদি বডিটা পুরোপুরি গলে পচে জলে ভেসে যেত, তাহলে হয়তো আর খুঁজে পাওয়া যেত না।”


জ্যেঠুমণি বলে উঠল–“হুম… তোরা ঠিক পথেই তো ছিলিস। তা সমস্যাটা বাঁধলো কোথায়।”


শিবানী চেয়ার থেকে উঠে পায়চারী করতে করতে বলতে শুরু করল–“বাবার অধেল টাকা। উদ্দাম জীবনযাপন। সেদিন প্রাইভেট পার্টিতেও মদ্যপানের কোনো সীমা ছিলো না। সেখানেই একজনের সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়। একজন স্বীকারও করেছে। সেখান থেকে মাঝ রাতে মদ্যপ অবস্থায় মেয়েটি ও তার বন্ধু গাড়ি করে বেরিয়ে যায়। পরে ইনভেস্টিগেশনে জানলাম, এর আগেও মেয়ে দুটি এরকম প্রাইভেট পার্টিতে এরকম বহুবার করেছে। মেয়েটির বাবা না জানলেও মা জানতেন। বারণ করেও কিছু হয়নি। এরকম অবস্থায় প্রথমে দুর্ঘটনা বলে কেস ক্লোস করে দেওয়া হয়। কিন্তু মেয়েটির বাবার দাবি, এটা দুর্ঘটনা নয়–তার মেয়ে মদ্যপ অবস্থায় হলেও স্টিয়ারিং হাতে ধরলে নাকি পাক্কা ড্রাইভারকেও হার মানিয়ে দেয়। জানি এরকম যুক্তির কোনো মানে নেই, তাও দুর্ভাগ্যবশত সেই কেস আমার ঝুলিতেই এসে পড়েছে।”


“তোরা কি কি জোগাড় করলি?”


শিবানী পায়চারী করতে করতে বলে–“পুরুলিয়া বরাকর রোডের উপর একটা ধাবা আমরা সনাক্ত করেছি, যেখানে মেয়ে দুটি নেমেছিল। দুমাস পরেও ধাবার মালিক মনে রেখেছিল। সেদিন রাতে ধাবায় মদ্যপ অবস্থায় চিৎকার চেঁচামেচি আর কি! যা হয়!”


“হুম…চিৎকার চেঁচামেচিটা ঠিক কিসের জন্য? আর গাড়িটা ঠিক কোথায় পাওয়া গিয়েছিল?”


“ঐ কয়েকটি ছেলে তাদের দিকে কিছু মন্তব্য করেছিল। তারই ফলে প্রথমে কথা কাটাকাটি, তারপর ধস্তাধস্তি। ধাবার মালিক দুই পক্ষকেই বের করে দেয়া এক ওয়েটারের মাথায় মেয়েটি কচের গ্লাস ছুঁড়ে মারে। রক্তারক্তি কান্ড একেবারে। আর গাড়ি পাওয়া যায়, যেখানে দামোদর আর বরাকর মিশছে ঠিক সেখানে।


জ্যেঠুমণি ল্যাপটপটায় ফটাফট বর্ধমানের ম্যাপ খুলে বসে–“দ্যাখ, পুরুলিয়া বরাকর রোড মানে কোলকাতা আসতে দিশেরগড় ব্রীজ টপকাতেই হবে। আমার সম্ভবনা বলছে ওরা ব্রীজ টপকায়নি। টপকালে, আর সে গাড়ি দামোদরের জলে পাওয়া যেত না। তবে মন বলছে দুর্ঘটনা নয়, না হলে যা হওয়ার ব্রীজের উপরেই হতো। এক যদি মেয়েদুটির নিচে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ না থেকে থাকে। কতগুলো জিনিস আরো একটু ভালো করে দ্যাখা দরকার। কোনো ভিডিও ফুটেজ?”


শিবানী ল্যাপ্টপের উপর ঝুঁকে পড়ে বলে–“হ্যাঁ। ধাবা আর কিছু দূরের একটি এ টি এম এর ফুটেজে লাল অটো দিব্যি দ্যাখা যাচ্ছিলো। সঙ্গে দুটি ফুটেজেই যে ছেলেগুলির সাথে ঝগড়া হয় তাদের কালো স্কোরপিও দ্যাখা গেছিলো। ওদের আমরা সন্দেহের বশে তুলে জিজ্ঞাসাবাদ করেছি। কোনো লাভ হয়নি। ওদের কারো ডি এন এ-ও ম্যাচ করেনি। ওদের বক্তব্য ওরা ধাওয়া করেছিল ঠিকই, কিন্তু কিছু দূর গিয়ে ওরা আর ঝামেলা বাড়াতে চাইনি তাই গাড়ি থামিয়ে বিয়ার খেয়ে সারারাত রাস্তাতেই ছিল। ভোর হতে সবাই মেদিনীপুর ফিরে যায়। আমরা ওদের বক্তব্য ভেরিফাই করেছি। সবকিছুরই প্রমাণ আছে–সকালে যে দোকান থেকে চা খেয়েছিল, ব্রেকফাস্ট করেছিল সবই অথেন্টিক।”


জ্যেঠুমণি ফাইলটা টেবিল থেকে তুলে শিবানীর দিকে ধরে বলল–“ছবিগুলো দ্যাখা তো…”


শিবানী গাড়ির কতগুলো ছবি সামনে সাজিয়ে দিল সঙ্গে দুজন ভিক্টিমের দেহ। ভিক্টিমদের যদিও দেখার আর কিছু বাকি ছিল না–গলা, পচা ফুলে ওঠা সাদাটে মাংস পিন্ড ছাড়া আর কিছুই বাকি নেই। মানুষের আকৃতি না থাকলে হয়তো মানুষ বলেও ঠাহর করা যেত না। গাড়ির দুটো ছবি নিয়ে জ্যেঠুমণি মন দিয়ে দেখতে লাগলো–একটা, পিছনদিকের ডিকির ছবি; অন্যটা, সামনের বনেটের। তারপর তড়িঘড়ি পোস্ট মর্টেম রিপোর্টটা দেখে নিলো। বাকি ফাইলটা চোখ বুলিয়ে জ্যেঠুমণি বলে উঠলো–“কটা জিনিস খোঁজ নে। এক, গাড়ির বনেট আর ডিকি দুই জায়গাতেই বড় সড় থোবড়ানো কোনো একটা কি আগে থেকেই ছিল? দুই, প্রাইমারি ইনভেস্টিগেটিভ অফিসার যিনি ছিলেন তাঁকে জিজ্ঞাসা করিস যখন গাড়িতে বডি পাওয়া যায় তখন ঠিক কিভাবে ছিল–মানে সিট বেল্ট ছিল কিনা; পায়ের থেকে অ্যাক্সিলারেটর, ব্রেক কতদূরে ছিল এসব আর কি। মানে যতটা বিস্তারিত বলতে পারবে ততটা সুবিধা।


শিবানী ব্যাগ থেকে একটা সিডি বের করে জ্যেঠুমণির ল্যাপটপে ঢুকিয়ে দেয়–“সি সি টিভি ফুটেজ সব এতে আছে। গাড়ির ডেন্ট ছিল কিনা জানা হয়ে যাবে।”


দুজনে অনন্ত ধৈর্য নিয়ে সব ফুটেজগুলো দেখে চলে। এর মধ্যে মালতি এককাপ চা আর এককাপ কফি দিয়ে গেছে। ভাইঝি আর জ্যেঠুর যদিও সেদিকে ভ্রূক্ষেপ নেই। কুন্তলাদেবী এসে ঠান্ডা চা আর কফি নিয়ে চলেও গেছেন। টেবিলের উপর চকলেট দেখে তিনি বুঝেছেন সমস্যা গম্ভীর। কিন্তু এই বয়সে বেশি মিষ্টি না খাওয়াই ভালো–“দাদা, আমি চকলেটটা ফ্রীজে রাখছি। এখন আর খাবেন না।” জ্যেঠুমণি কোনোদিকে না তাকিয়ে শুধু ‘হুম’ বলে সম্মতি জানিয়েছেন।


প্রায় একঘণ্টা ধরে সব ফুটেজ খুঁটিয়ে দেখে শিবানী বলল–“দেখো এটিএম পর্যন্ত তো দেখাই যাচ্ছে যে, না গাড়ির সামনে ডেন্ট আছে না পিছনে। আমার মনে হয়ে জলে পড়ার সময়ই দামোদরের নিচে শক্ত কোনো পাথরে ধাক্কা লেগে ডেন্ট হয়েছে। কিন্তু এটাতে এতো ভাবার কি আছে?”


জ্যেঠুমণি বলল–“গাড়ি একই সাথে কি দুদিকে চলতে পারে?”


“মানে?”


“মানে, হয় গাড়ি সামনে ভাবে চলবে আর না হলে রিভার্স গিয়ারে পিছনের দিকে। সামনের দিকে মুখ থুবড়ে পড়লে বনেট থুবড়ে যাবে কিন্তু ডিকিতে খুব বেশি আঘাতে চিহ্ন থাকবে না। আর যদি পিছন ভাবে পড়ে তাহলে ডিকি থুবড়ে যাবে, বনেট থুবড়ে যাবে না। নিশ্চই মাঝখানে কিছু একটা হয়েছিল যেটা আমরা মিস করছি। সেটা জানার জন্য বাকি প্রশ্ন গুলোর উত্তর খোঁজ তাড়াতাড়ি।”


শিবানী শুকনো মুখে তাকিয়ে বলল–“তার মানে বলতে চাইছো, খুন?”


“মনে তো তাই হচ্ছে রে! আরো একটা খটকা আছে–পোস্ট মর্টেম বলেছে মাথার স্ক্যাল্পে পিছনে চিড় ধরা। এখন প্রশ্ন গাড়ি সামনে ভাবে পড়লে সামনে চিড় ধরল

**********
No Review
Related Books
Loading books…