শিবালিক পর্বতমালা ধরে ছুটছিল গাড়িখানা। গাছগাছালিতে ছাওয়া সবুজ পাহাড়ের গা বেয়ে। চক্রাকার রাস্তা কখনও চড়াই তো কখনও উতরাই। পথের কিনারে গভীর খাদ এই যদি বাঁয়ে তো এই ডাইনে। ভয়ংকর ওইসব খাদের পানে তাকালে গা শিরশির করে, মাথা ঘুরে যায়। টুপুরের অবশ্য চক্কর টক্কর লাগে না। তা ছাড়া আনন্দে সে এখন রীতিমতো ডগমগ।