
রচনা সংগ্রহ
অক্ষয়কুমার মৈত্রেয়
সম্পাদকের উৎসর্গ : বাঙালির গৌরবময় বিস্মৃত অতীত প্রসঙ্গে জিজ্ঞাসু পাঠককে
০. প্রাককথন
ঊনবিংশ শতকের শেষের দিকের জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মধ্যে এক উজ্জ্বল নাম অক্ষয়কুমার মৈত্রেয়। তবে শুধু ঐতিহাসিক বললে ভুল হবে, তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, প্রত্নতাত্ত্বিক, শিল্পরসিক, নাট্যশাস্ত্রবিদ ও বাগ্মী, যিনি বাঙালির ইতিহাসকে সাম্রাজ্যবাদী লেখকদের মসিলিপ্ত করার অসাধু উদ্যোগকে খণ্ডন করে ন্যায়নিষ্ঠ বিচারকের মতো যুক্তির কাঠগড়ায় দাঁড় করান, সত্য নয় অথচ সত্য হিসেবে অতীত ঘটনাকে পরিগণিত করার বিজাতীয় প্রয়াস যুক্তিবাণে অপনোদন করে জাতীয় কলঙ্ক মোচনে সচেষ্ট হন এবং ইউরোপীয় বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে সংস্কার-বর্জিত চিন্তার আলোকে বঙ্গদেশে ইতিহাস আলোচনার প্রবর্তন করেন। বন্ধুপ্রতিম এই ঐতিহাসিক সম্পর্কে রবীন্দ্রনাথ তাই নির্দ্বিধায় লিখেছিলেন, ‘বাঙ্গালা ইতিহাসে তিনি যে স্বাধীনতার যুগ প্রবর্তন করিয়াছেন সেজন্য তিনি বঙ্গ-সাহিত্যে ধন্য হইয়া থাকিবেন। এহেন মনীষীর জন্মসার্ধশত বছরে এ সংকলন তাঁর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত তর্পণ। সিরাজদ্দৌল্লা, মিরকাশিম-এর মতো একাধিক গ্রন্থপ্রণেতা অক্ষয়কুমার মৈত্রেয় বহুবিধ বিষয়কে কেন্দ্র করে অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন যা ছড়িয়ে আছে। সমকালীন বিভিন্ন পত্রপত্রিকায় যার অধিকাংশই আজ আর সহজলভ্য নয়। সে-সব দুর্লভ পত্রিকার জরাজীর্ণ পাতার অভ্যন্তরে লুকিয়ে থাকা অক্ষয়-সৃষ্টিকে বিস্মৃতির অন্তরাল থেকে উদ্ধার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার প্রেরণায় এ গ্রন্থের আবির্ভাব।
বাংলাদেশের রাজশাহি বরেন্দ্র গবেষণা কেন্দ্রের অন্যতম রূপকার অক্ষয়কুমার বিখ্যাত হয়ে আছেন নবাব সিরাজদ্দৌল্লার অন্ধকূপ হত্যা সংক্রান্ত কলঙ্ক মোচনে। কিন্তু এর বাইরেও উত্তরবঙ্গের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার, বৌদ্ধ সভ্যতা ও সংস্কৃতিচর্চা, আবিষ্কৃত লেখ পাঠোদ্ধার করে অতীত ইতিহাসের স্বরূপ উন্মোচন, ইতিহাসে বাঙালির গৌরবময় ও বলদীপ্ত উপস্থিতির চিত্র চিত্রণে তিনি যে উজ্জ্বল প্রতিভার সাক্ষ্য রেখেছিলেন আজ ক-জনই বা সে-কথা মনে রেখেছে? বাঙালি বিস্মৃত জাতি বলে খেদোক্তি শোনা গিয়েছিল সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের কণ্ঠে। তাঁর আক্ষেপ যথার্থ। নানা জনের সার্ধশতবছর উদযাপনের তুর্যনাদে যখন চারদিক মুখরিত তখন অক্ষয়কুমার থেকে যান সাধারণের দৃষ্টির অন্তরালে। ক্ষতি আমাদের। তবে সে-ক্ষতি যাতে অপূরণীয় হয়ে না-ওঠে সেজন্য তাঁর কিছু প্রবন্ধ ও চিঠিপত্র উদ্ধার করে একত্রিত করা হল দুই মলাটের ভেতর।
অক্ষয়কুমারের বাংলা ভাষায় রচিত প্রবন্ধ তালিকা প্রথম প্রণয়ন করেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে ফজলুল হক বিরোচিত অক্ষয়কুমার মৈত্রেয় শীর্ষক জীবনী গ্রন্থে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তাঁর রচিত প্রবন্ধাবলির আরেকটি তালিকা পাওয়া যায়। এ ছাড়া অশোক উপাধ্যায় সাময়িকপত্রে প্রত্নতত্ত্ব ও ইতিহাসচর্চা পথিকৃৎ প্রবন্ধপঞ্জি-তেও অক্ষয়কুমারের রচনাপঞ্জী অন্তর্ভুক্ত করেছেন। বর্তমান গ্রন্থ প্রণয়নে এসব তালিকার ঋণ অনস্বীকার্য। জাতীয় গ্রন্থাগার, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, বিধানচন্দ্র গ্রন্থাগার, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের গ্রন্থাগার এবং নৈহাটি বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র থেকে সংকলনভুক্ত রচনাগুলি আহৃত। তাই এই সারস্বত প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ ও কর্মীবৃন্দের প্রতি আমাদের কৃতজ্ঞতা সীমাহীন।
প্রয়োজনীয় মুহূর্তে উপযুক্ত পরামর্শ ও উৎসাহ দিয়ে যিনি এ কাজ ত্বরান্বিত করতে সাহায্য করেছেন, আমার শিক্ষাগুরু অধ্যাপক নিখিলেশ গুহকে এই সুযোগে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। উপযুক্ত নির্দেশ দানে বাধিত করেছেন অধ্যাপক অলোক রায়। তিনি আমার প্রণম্য। সর্বোপরি যার সহৃদয়তা ও সহযোগিতা ব্যতিরেকে এ সংকলনের গ্রন্থে উত্তরণ সম্ভব হত না, সেই পারুল প্রকাশনীর কর্ণধার গৌরদাস সাহাকে জানাই সকৃতজ্ঞ ধন্যবাদ। একবিংশ শতকে দাঁড়িয়ে আজ থেকে শতবর্ষ পূর্বে বাঙালির ইতিহাস রচনার একটি যথার্থ দর্পণ হিসেবে সুধী পাঠকবর্গ এ গ্রন্থকে গ্রহণ করলে আমাদের উদ্দেশ্য সার্থক জ্ঞান করব।
.
ভূমিকা
বাঙালির সাংস্কৃতিক ইতিহাসে ১৮৬১ খ্রিস্টাব্দ স্বর্ণাক্ষরে লেখা আছে। ওই বছরে বাংলার জনজীবনে একঝাঁক জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে, যারা নিজ মনীষায় ভাস্বর করেছিলেন পারিপার্শ্বিক জগৎকে। এ তালিকায় যেমন আছেন রবীন্দ্রনাথের মতো কবি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো বৈজ্ঞানিক তেমনি আছেন নীলরতন সরকারের মতো প্রথিতযশা চিকিৎসক, অক্ষয়কুমার মৈত্রয়ের মতো সাহিত্যিক, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক যাঁকে রবীন্দ্রনাথও বাঙালি লেখকগণের শীর্ষস্থানীয় বলে সম্মান জানিয়েছিলেন।(১) বাঙালির ইতিহাস রচনার সূচনা ইংরেজদের হাতে হলেও ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতীয় অনুসন্ধিৎসা স্বদেশের ইতিহাস রচনায় আত্মনিয়োগ করে। ১৭৮৪ খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্সের নেতৃত্বে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারত-ইতিহাসচর্চার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। সেই বুনিয়াদের ওপর সুমহান প্রাচ্য সভ্যতা ও সংস্কৃতির পুনরাবিষ্কারের হর্ম নির্মাণের দায়ভার বহন করেন উইলসন, কোলক, প্রিন্সেপ, কানিংহাম, ম্যাক্সমূলার প্রমুখ। অতীতের গৌরবোজ্জ্বল ভারতবর্ষ পুনরাবিষ্কৃত হয় এঁদের প্রচেষ্টায়। সেই অতীত ইতিহাস যেকোনো পাশ্চাত্য সভ্যতা অপেক্ষা খর্ব নয়, এই প্রথম অনুধাবন করল ভারতবাসী। কিন্তু এরই পাশাপাশি জেমস মিল, উইলিয়াম ওয়ার্ড, মার্শম্যানের মতো এমন কতিপয় লেখকের আবির্ভাব হল যাদের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি ও অহংদৃপ্ত লেখনী ভারতীয় সভ্যতাকে হীন প্রতিপন্ন করে পাশ্চাত্যের জয়গান গাইল। প্রতীচ্যের উন্নত সভ্যতার আলোকবর্তিকা প্রাচ্য ভারতের তমসার অবসান সূচিত করেছে এ বিশ্বাসে অটল এসব লেখকদের উন্নাসিক দৃষ্টিভঙ্গি ও এদেশীয় ইতিহাস সংস্কৃতির প্রতি অসূয়া মনোভাবপ্রসূত রচনা ভারতীয় মনীষাকে প্রণোদিত করে স্বভূমির ইতিহাসের প্রকৃত স্বরূপ উন্মোচনে। জাতীয় চেতনার সেই উষা লগ্নে ‘বাঙালির ইতিহাস নাই’ বলে বিলাপ শোনা গিয়েছিল বঙ্কিমচন্দ্রের কণ্ঠে। জাতির উদ্দেশ্যে তাঁর আহ্বান– ‘আইস আমরা সকলে মিলিয়া বাংলার ইতিহাস অনুসন্ধান করি’– অশিক্ষিত দেশের প্রজ্ঞাবানের হৃদয়কে আলোড়িত করে। শুরু হয় বাঙালির ইতিহাসচর্চার নতুন এক অধ্যায়।
ইতিপূর্বে নীলমণি বসাক, কেদারনাথ দত্ত-র মতো ব্যক্তিরা যাঁরা উপাদানের অপ্রতুলতাকে উপেক্ষা করে বাংলা ভাষায় দেশের পুরাবৃত্ত রচনার গুরুদায়িত্ব নিজ স্কন্ধে বহন করেছিলেন তাঁদের হাত ধরে বাঙালির ইতিহাসচর্চার যে ধারার সূচনা ঘটে, রাজেন্দ্রলাল মিত্র, হরপ্রসাদ শাস্ত্রীর লেখনীমুখে তা আরও প্রশস্ত হয়। পরবর্তীকালে অক্ষয়কুমারের যুক্তিবাদী ইতিহাসচর্চার অবতারণা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পুরাতত্ত্ব অনুসন্ধান ও যদুনাথ সরকারের ইতিহাসের তথ্যনিষ্ঠ অনুসন্ধানের ইমানদারি সেই ধারারই অনুসারী।
বঙ্গদেশে যে কতিপয় ব্যক্তিবর্গ নিজ নামের প্রতি সুবিচার করে স্বমহিমায় উজ্জ্বল হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম অক্ষয়কুমার মৈত্রেয়। পিতা মথুরানাথ মৈত্রেয় ও মাতা সৌদামিনী দেবীর পুত্র অক্ষয়কুমারের জন্ম ১৮৬১ খ্রিস্টাব্দের ১ মার্চ কুষ্ঠিয়া জেলার নওপাড়া থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামে।
অক্ষয়কুমারের পিতা মথুরানাথ তাঁর পিতা উমাকান্ত মৈত্রেয়র প্রথম পক্ষের সন্তান। ইনি ফরিদপুরের রুক্মিণী গ্রামে বসবাস করতেন। পরবর্তীকালে মথুরানাথের মাতা নীলকরের অত্যাচার থেকে মুক্তি পেতে রুক্মিণী থেকে কুমারখালিতে আশ্রয় নেন। সেখান থেকেই মথুরানাথ ও তাঁর উত্তরসূরিরা কুমারখালির বাসিন্দা। বালক অক্ষয়কুমারের বিদ্যাশিক্ষার সূচনাও এখানে। সে-সময়ে কুমারখালিতে বাস করতেন সাহিত্যসেবক হরিনাথ মজুমদার যিনি কাঙাল হরিনাথ নামে বিখ্যাত। অক্ষয়কুমারের পিতা মথুরানাথ ও হরিনাথ ছিলেন আবাল্য বন্ধু। শিশু অবস্থায় অক্ষয়কুমারের বিদ্যাশিক্ষার দায়িত্ব তাই মথুরানাথ-হরিনাথের ওপরই বর্তে ছিল। এমনকি তৎকালীন প্রখ্যাত অক্ষয়কুমার দত্তের নাম অনুসারে মথুরানাথের পুত্রের নামকরণও করেন গ্রামবার্তা প্রকাশিকার এই সম্পাদক। কুমারখালিতে এসময়ে মথুরানাথ, হরিনাথ মজুমদার ও অন্যান্য ব্যক্তিবর্গের উদ্যোগে বঙ্গ-শিক্ষা বিদ্যালয় স্থাপিত হয় যেখানে হরিনাথ শিক্ষকতা করতেন। এই বিদ্যালয়ে শিবচন্দ্র বিদ্যার্ণব, জলধর সেন প্রমুখের সঙ্গে অক্ষয়কুমারও হরিনাথের কাছে বিদ্যাভ্যাস শুরু করেন। সেদিক থেকে এরা তিনজনেই ছিলেন হরিনাথের মন্ত্রশিষ্য। বস্তুত সে-সময়ে হরিনাথের আদর্শে ও সহায়তায় রাজশাহির অনেকের হৃদয়েই সাহিত্যানুরাগ সঞ্চারিত হয়েছিল। তাঁদের মধ্যে সুবক্তা পণ্ডিত শিবচন্দ্র বিদ্যার্ণব, সুললিত বর্ণনা নিপুণ জলধর সেন, সুসাহিত্যিক ও যুক্তিনিষ্ঠ ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয় বঙ্গীয় সাহিত্য সমাজে নিজ প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছিলেন। বোধকরি অক্ষয়কুমারের উর্বর সাহিত্য মননে সৃষ্টিশীলতার প্রথম বীজ বপন করেছিলেন এই কাঙাল হরিনাথই। তাঁর সাহিত্য-পথের এই গুরুর কাছ থেকেই তিনি রচনাশিক্ষার প্রয়োজনীয় উপদেশ লাভ করেছিলেন।
বিদ্যাশিক্ষা অর্জনের প্রথম পাঠ কুমারখালিতে পেলেও ১৮৭১ খ্রিস্টাব্দে অক্ষয়কুমার বোয়ালিয়া-গভর্নমেন্ট স্কুলে ভর্তি হন ও সেখানেই তার ইংরেজি ও সংস্কৃত শিক্ষার আরম্ভ। সে-সময়ে এই বিদ্যালয়ে শিক্ষকতা করতেন চন্দ্রকুমার তর্কবাগীশ, বিজয়কৃষ্ণ গোস্বামী ও রামকুমার ভট্টাচার্য, যিনি পরবর্তীকালে স্বামী দয়ানন্দ ভারতী নামে খ্যাতি লাভ করেন। এঁদের সান্নিধ্যে সংস্কৃত শিক্ষায় অক্ষয়কুমারের জ্ঞান ও গভীরতা অর্জন করে। এখানে ভুললে চলবে না, অক্ষয়কুমারের পরিবারেও সংস্কৃতচর্চার এক ঐতিহ্য ছিল। তাঁর মাতামহ বৈদ্যনাথ বাগচী সংস্কৃত ও ফারসি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। তাই এই দেবভাষার প্রতি অক্ষয়কুমারের যে অনুরাগ ও পারদর্শিতা পরবর্তীকালে প্রকাশ পেয়েছিল তা হয়তো তিনি মাতৃকুল থেকে উত্তরাধিকারী সুত্রে লাভ করেছিলেন। পণ্ডিতবর্গের সাহচর্য তাঁকে আরও পরিশীলিত করেছিল মাত্র। প্রাচীন বাংলার লিপিমালার পাঠোদ্ধারে তাঁর এই সংস্কৃত জ্ঞান বাঙ্ক্ষয় হয়ে ওঠে। গৌড়লেখমালার পাতায় পাতায় এই প্রতিভার দ্যুতি বিচ্ছুরিত হয়। যাইহোক ১৮৭৮ খ্রিস্টাব্দে এই বোয়ালিয়া গভর্নমেন্ট স্কুল থেকেই প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি রাজশাহি কলেজে ভরতি হন। সেখান থেকে এফ এ পাস করে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভরতি (১৮৮০) ও অবশেষে ১৮৮৩ খ্রিস্টাব্দে বি এ পাস। অতঃপর রসায়ন ও বিজ্ঞানশাস্ত্রে এম এ করার জন্য প্রস্তুতি নিলেও শারীরিক অসুস্থতার কারণে কলকাতা পরিত্যাগ করেন। পরবর্তীকালে পিতার উৎসাহে ১৮৮৫ খ্রিস্টাব্দে রাজশাহি কলেজ থেকে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যবহারজীবীর বৃত্তি গ্রহণ করেন।
আইনব্যবসায়ে অক্ষয়কুমার সুনাম অর্জন করেছিলেন। তীক্ষ্ণবুদ্ধির বাস্তব প্রয়োগ দ্বারা যুক্তিতর্কে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। ইংরেজি জ্ঞানের পাণ্ডিত্য ও বাগ্মিতা ব্যবহারজীবী হিসেবে তাঁকে প্রতিষ্ঠা এনে দিয়েছিল। সিভিল ও ক্রিমিনাল–উভয় প্রকার মামলাতেই ছিল তাঁর অবাধ বিচরণ। বস্তুত বাগ্মিতায় অক্ষয়কুমারের ছিল জন্মগত অধিকার। বক্তৃতাশক্তির যে প্রকাশ তাঁর মধ্যে দেখা যায় তা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও চিত্তরঞ্জন দাশকে স্মরণ করায়। একদা তাঁর সহকর্মী ও অনুরাগী ভবানীগোবিন্দ চৌধুরি তাঁর স্মৃতিচারণায় লিখেছেন, ‘ব্রাহ্মসমাজের মঞ্চে, ছাত্রদের সভায় ও নানা স্থানে নানা বিষয়ের বক্তৃতায় তিনি সকলকে মুগ্ধ করিয়াছেন। কংগ্রেসে তাহাকে বক্তৃতা করিতে শুনি নাই। যদি তিনি তাঁহার এই শক্তির বিকাশ কংগ্রেসের আদিস্থানে করিতেন, তাহা হইলে তাঁহার বাঙ্গালা ও ইংরেজি বক্তৃতার পূর্ণ বিকাশ ভারতব্যাপী হইত। ইংরেজি বাঙ্গলা উভয় ভাষায় এইরূপ সুললিত শব্দবিন্যাসে বক্তৃতা দিবার ক্ষমতা অধিক লোকের দেখি নাই। শ্ৰীযুক্ত বিপিনচন্দ্র পালের এই ক্ষমতা দেখিয়াছি, আর অক্ষয়বাবুর।’(২) বঙ্গদেশের পল্লিজীবনের স্বল্প পরিসরের মধ্যে অক্ষয়কুমারের জীবন অতিবাহিত হওয়ায় মুদ্রণযন্ত্রের