Home
হত্যারহস্য – দীনেন্দ্রকুমার রায়

হত্যারহস্য – দীনেন্দ্রকুমার রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়

হত্যারহস্য – দীনেন্দ্রকুমার রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
uncategorized

Change color

১২৮০ সালের ১৭ই ভাদ্র আমার জীবনে একটি ভয়ানক ঘটনা ঘটিয়াছিল; অনেক দিন অতীত হইয়াছে, কিন্তু এখনো সে কথা মনে হইলে আমার প্রাণ কাঁপিয়া উঠে। রমণী হইয়াও সেদিন কি দুঃসাহসের কাজই না করিয়াছিলাম। আমাদের দেশে রমণীর দ্বারা এমন কঠিন কাজ আর কখন হইয়াছে কি না জানি না, কিন্তু আমি ইহা করিতে পারিয়াছিলাম শুধু প্রেমের বলে, প্রিয়তমকে কঠোর রাজদণ্ড এবং তদপেক্ষাও কঠোরতর মিথ্যা কলঙ্ক হইতে রক্ষা করিবার জন্যই আমি পুরুষোচিত কার্যে প্রবৃত্ত হইয়াছিলাম। আজ সেই কথা বলিব, কিন্তু সে কথা বলিবার পূর্বে আমার এই অকিঞ্চিকর জীবনের কাহিনী আপনাদিগকে ধৈর্য ধারণ পূর্বক শুনিতে হইবে।


আমার পিতার বাসস্থান শান্তিপুর। পিতা তাঁহার প্রতিবাসী জমিদার উমাচরণ বাবুর নায়েব ছিলেন। আমার সাত বৎসর বয়সের সময় মায়ের মৃত্যু হয়, কিন্তু পিতার স্নেহে কোনদিন মাতার অভাব জানিতে পারি নাই। কাজকর্মের অনুরোধে পিতাকে সর্বদাই উমাচরণ বাবুর বাড়ি থাকিতে হইত, আমি একাকী বাড়ি থাকিতে পারিতাম না, আমিও জমিদারদের বাড়িতে থাকিতাম; ক্রমে উমাচরণবাবুর বাড়িই আমার বাড়ি হইয়া উঠিল। উমাচরণ বাবুর দুইটি মাত্র কন্যা, বড়টির নাম বসন্ত, বিবাহের অল্পকাল পরেই বিধবা হইয়া তিনি এখন তাঁহার খুড়শাশুড়ির সহিত কাশীবাস করিতেছেন। আমি তাঁহাকে কখনো দেখি নাই, অথবা নিতান্ত শৈশবকালে দেখিয়া থাকিব মনে নাই, শুনিয়াছি তাঁহার খুড়শ্বশুর কলিকাতার একজন প্রসিদ্ধ দালাল ছিলেন এবং প্রচুর অর্থ সঞ্চয় করিয়াছিলেন।


উমাচরণ বাবুর কনিষ্ঠা কন্যার নাম শরৎ। আমা অপেক্ষা তিনি পাঁচ বৎসরের বড়। কলিকাতার কোন সম্রান্ত যুবকের সহিত বিবাহ হইয়াছে, নাম শ্রীশচন্দ্র, তিনি ডিপুটী ম্যাজিস্ট্রেটী করেন। শরৎকে আমি দিদি বলিয়া ডাকি এবং দিদির মত ভক্তি করি, তিনিও আমাকে ছোট ভগিনীর মত স্নেহ করেন; আমাদের মধ্যে কখনো প্রভু ভৃত্যের আচরণ লক্ষিত হইত না। দিদিকে পড়াইতে পণ্ডিত আসিতেন, আমিও তাঁহার কাছে পড়িতাম। দিদির বিবাহের পর পণ্ডিত আসিতেন না, আমরা দুজনেই পড়াশুনা করিতাম।


আমার বার বৎসর বয়সের সময়ে বাবার মৃত্যু হইল। মৃত্যুকালে বাবা দিদিকে বলিলেন, ‘শরৎ, কুসুমকে তোমার হাতেই দিয়া যাইতেছি, তুমি ভিন্ন তাহাকে স্নেহ করিবার এ সংসারে আর কেহ থাকিল না।’ পরে উমাচরণ বাবুর দিকে চাহিয়া বলিলেন, ‘দেখিয়া শুনিয়া কুসুমের একটা বিবাহ দিবেন, নিতান্ত লক্ষ্মীছাড়ার হাতে না পড়ে; আপনাকে আর বেশি কি বলিব, যতদিন বাঁচিয়াছিলাম আমার ভার লইয়াছিলেন, আমার অনাথ কন্যাটির ভারও আপনি ভিন্ন আর কে গ্রহণ করিবে?’


উমাচরণ বাবু অশ্রুপূর্ণলোচনে পিতার অন্তিম প্রার্থনা স্বীকার করিলেন।


সেই সময় হইতে আমি কায়েমী রকমে উমাচরণ বাবুর পরিবারভুক্ত হইলাম। একটা কথা বলিতে ভুলিয়া গিয়াছি, সেইটি আমার জীবনের সর্বপ্রধান কথা। নগেন্দ্রনাথ নামে একটি বালক উমাচরণ বাবুর বাড়ি সর্বদা আসিতেন, উমাচরণ বাবুর সহিত তাঁহার অন্য সম্বন্ধও ছিল, বসন্তের শ্বশুর নগেন্দ্রের মামা হইতেন। নগেন্দ্রের পিতা অত্যন্ত দরিদ্র ছিলেন, পৌরহিত্য করিয়া কোন প্রকারে দিন যাপন করিতেন। আমার পিতার মৃত্যুর এক বৎসর পরে, নগেন্দ্রও পিতৃহীন হইলেন; তখন তাঁহার বয়স উনিশ বৎসর।


একদিন সন্ধ্যাকালে গা ধুইয়া নদীতীর হইতে বাড়ি আসিতেছি, উমাচরণ বাবুর আম বাগানের নিকট নগেন্দ্রের সহিত দেখা হইল। তাঁহার মুখ বিষণ্ণ, অশ্রুপূর্ণ লোচনে আমাকে বলিলেন, ‘কুসুম, আমি আর এখানে থাকিয়া কি করিব? ভগবান জানেন তোমাকে দিনান্তে একবার দেখিলেও আমি কত সুখী হইতাম, কিন্তু এখানে বসিয়া আলস্যে এ জীবন বৃথা ক্ষেপণ করিব না। সংসারে সকলেই কিছু না কিছু কাজ করিতেছে, সংসারস্রোতে তৃণের ন্যায় না ভাসিয়া আমিও যাহাতে কিছু করিতে পারি তাহারই চেষ্টায় যাইব, কিন্তু যাইবার আগে তোমার নিকট একটা কথা শুনিবার ইচ্ছা আছে, আমার ভবিষ্যতের চেষ্টা, উদ্যম, সুখ সমস্ত তাহারই উপর নির্ভর করিতেছে। যতদিন তোমাকে বিবাহ করিবার যোগ্য না হই, ততদিন কি তুমি আমার জন্য অপেক্ষা করিবে?’


আমি কি উত্তর দিব? আমার চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। আমি সে কথার কোন উত্তর না করিয়া বলিলাম, ‘আবার কবে আসিবে, আবার আমাদের কবে দেখা হইবে?’


বোধ করি আর বেশী কিছু বলার আবশ্যক ছিল না; নগেন্দ্র আমার মনের ভাব বুঝিলেন।


সন্ধ্যার অন্ধকারে নগেন্দ্র আমার অশ্রু দেখিতে পান নাই; আমার কম্পিত কথা শুনিয়া কাতরভাবে বলিলেন, ‘কুসুম কাঁদিতেছ? কাঁদিও না। ঈশ্বর যদি মুখ তুলিয়া চান, তোমাকে সুখী করিয়া সুখী হওয়া ভিন্ন আমি আর অধিক কিছু চাহি না। আবার দেখা হইবে; যখন যেখানে থাকি পত্র লিখিব, তুমি ভাই উত্তর লিখিতে ভুলিও না।’


সেই সন্ধ্যার অন্ধকারে নগেন্দ্রনাথ ধীরে ধীরে চলিয়া গেলেন, আমি অশ্রুপূর্ণ নেত্রে কাতর দৃষ্টিতে তাঁহার দিকে চাহিয়া রহিলাম। অনেকক্ষণ পর্যন্ত তাহাঁর পদধ্বনি শুনিতে পাওয়া গেল, আমি উৎকর্ণ হইয়া শুনিতে লাগিলাম। বসন্তের মৃদু সান্ধ্য সমীরণ হিল্লোলে বৃক্ষপত্র কাঁপিতেছে, আম্রবাগানে অন্ধকার নিবিড়তর হইয়াছে, ঝিঁঝিঁ অবিরাম ঝঙ্কারে চতুর্দিক পূর্ণ করিয়াছে এবং বৃক্ষপত্রে শত শত জোনাকি মিট্‌মিট্‌ করিয়া জ্বলিতেছে। কতক্ষণ আমি বিহ্বল হৃদয়ে সেখানে দাঁড়াইয়া রহিলাম। অনেকক্ষণ পরে উজ্জ্বল নক্ষত্রপূর্ণ অনন্ত আকাশের দিকে চাহিয়া যুক্ত করে বলিলাম, ‘ভগবান, নগেন্দ্রকে কুশলে রাখিও, যেন তাঁহার কোন বিপদ না ঘটে।’


নগেন্দ্র আমাকে যেরূপ বলিয়াছিলেন,উমাচরণ বাবুর নিকট গিয়া সেইরূপ প্রস্তাব করিলেন। কিন্তু উমাচরণ বাবু তাঁহার প্রস্তাবে সম্মত না হইয়া বলিলেন, ‘তোমার কবে কাজকর্ম হইবে তাহার অপেক্ষায় আমি কুসুমকে অবিবাহিত রাখিতে পারিব না। সে বড় হইয়াছে, ভাল পাত্রের অপেক্ষায় মাত্র এতদিন তাহার বিবাহ দিই নাই। তাহাকে যদি বিবাহ করিতে চাও তো বিবাহ করিয়া তুমি কার্যের জন্য যাও। কুসুম আপাতত আমাদের ঘরে থাক। তাহার পর যখন সুবিধা করিতে পারিবে তখন ইহাকে লইয়া যাইও।’


উমাচরণ বাবুর এই দৃঢ় সংকল্প কিছুতেই বিচলিত হইল না। নগেন্দ্রনাথ আমাকে বিবাহ করিয়া রাখিয়া গেলেন।


স্বামী শান্তিপুর ত্যাগ করিয়া প্রথমে তাঁহার মামীর কাছে কাশীতে গমন করিলেন। সেখানে একজন ভদ্রলোকের সহিত বিশেষ পরিচয় হওয়ায় তাঁহার সাহায্যে বর্ধমানে ইঞ্জিনিয়ারের অফিসে একটি কেরানিগিরি পদ প্রাপ্ত হইলেন। তাঁহার বেতন সামান্য, সুতরাং আমাকে তখন সেখানে লইয়া যাওয়া তাঁহার পক্ষে সুবিধা হইল না, আমি শান্তিপুরেই রহিলাম। কিছুদিন পরে দিদি তাঁহার স্বামীর কর্মস্থান হুগলিতে আগমন করায় আমিও তাঁহার সঙ্গী হইলাম। স্বামী অবসর পাইলেই মাঝে মাঝে বর্ধমান হইতে হুগলি আসেন।


সুখে দুঃখে দুই বৎসর কাটিল। ১২৮—সালের ভাদ্র মাস আসিল। ৪ঠা ভাদ্র স্বামী আমাদের সঙ্গে দেখা করিতে আসিবেন কথা ছিল; সেইদিন সকাল বেলা তাঁহার একখানি পত্র পাইলাম, তিনি লিখিয়াছেন, ‘কুসুম হুগলিতে যাইতে পারিলাম না। কাশী হইতে মামীমা টেলিগ্রাম করিয়াছেন। বিশেষ প্রয়োজন। এই ট্রেনেই যাইতেছি। দেখা হইল না বলিয়া দুঃখিত হইও না। ফিরিয়া আসিয়া দেখা করিব।’


পূর্বেই বলিয়াছি, বসন্ত দিদির শ্বাশুড়ি আমার স্বামীর মামী, বসন্ত দিদি ও তিনি অনেক দিন হইতেই কাশী বাস করিতেছেন, পুরুষ অভিভাবক সেখানে কেহ ছিল না, পুরুষের মধ্যে বসন্ত দিদির এক খুড়তুতো দেবর গোপালচন্দ্র; শুনিয়াছি তিনি কলিকাতায় থাকিতেন, এদানি তাঁহার চরিত্র ও ব্যবহার নিতান্দ মন্দ হইয়াছিল বলিয়া তাঁহার পিতৃব্য-পত্নী তাঁহাকে দেখিতে পারিতেন না। কত্রীর বয়স অনেক হইয়াছিল। তাঁহার নগদ টাকাকড়ি প্রচুর, সদ্ব্যয়ও যথেষ্ট। স্বামী তাঁহার সম্পত্তি স্ত্রীকে সমস্ত দান করিয়া গিয়াছিলেন, সুতরাং এ সম্পত্তিতে তাঁহার দান বিক্রয়ের অধিকার ছিল। স্বামীকে হঠাৎ টেলিগ্রাম করায় মনে হইল হয়তো তাঁহার অন্তিমকাল নিকটবর্তী হইয়া আসিয়াছে, বৈষয়িক কোন বন্দোবস্তের জন্যেই তাঁহাকে ডাকিয়াছেন।


স্বামীর কাশী রওনার পর পাঁচদিন কাটিয়া গেল। কোন পত্রাদি না পাওয়ায় মনে বড়ই দুর্ভাবনা হইল; আবার ভাবিলাম, নানাকাজে ব্যস্ত আছেন বলিয়া হয়তো তিনি পত্র লিখিবার অবসর পান নাই; কিন্তু ইচ্ছা থাকিলে কি এই কয়দিনে একখানি পত্র লেখা যায় না? আমরা স্ত্রীলোক, সকল সময়েই আমাদের ভাবনা, কিন্তু যাহারা পুরুষ, সর্বদা কাজে ব্যস্ত থাকেন, আমাদের দুর্ভাবনায় তাহাদের কেন মাথাব্যথা করিবে?


আরও দুই তিন দিন পরে ঝি দিদির হাতে একখানি ডাকের চিঠি আনিয়া দিল, দিদি খুলিয়া পড়িতে লাগিলেন, কোথাকার পত্র জানিবার জন্য আমি দিদির নিকটে আসিয়া দাঁড়াইলাম, পত্র পড়িতে পড়িতে দিদি একবার আমার দিকে চাহিয়াই আবার মুখ নামাইলেন, দেখিলাম তাঁহার চক্ষু ছলছল করিতেছে, পত্র পড়িয়া মুখখানি শুকাইয়া গিয়াছে; আমি সোদ্বেগে বলিলাম, ‘দিদি কোথাকার পত্র?’


দিদি কাতরদৃষ্টিতে আমার দিকে চাহিয়া মৃদুস্বরে বলিলেন, ‘কাশীর।’


‘কাশীর পত্র, তাঁহার তো কোন অমঙ্গল সংবাদ নাই?’ মনের মধ্যে হঠাৎ এই কথার উদয় হইল, ব্যগ্রভাবে দিদিকে বলিলাম, ‘কাশীর পত্র? কে লিখিয়াছেন? দিদি তুমি ওরকম করিতেছ কেন? কিছু খারাপ খবর আছে? মাথা খাও, শীঘ্র বল।’


দিদি কিছু উত্তর না করিয়া পত্রখানি আমার হাতে দিলেন। আমি অত্যন্ত ব্যগ্রভাবে পড়িতে লাগিলাম, আমার সর্বশরীর বাতাহত কদলী পত্রের ন্যায় কাঁপিতে লাগিল। বসন্তদিদির পত্র, শরৎ দিদিকে লিখিয়াছেন, ‘শরৎ, আমাদের সর্বনাশ হইয়া গিয়াছে। কর্ত্রীঠাকুরাণী খুন হইয়াছেন। আজ কয়দিন হইল তাঁহার ভাগিনেয় নগেন্দ্রনাথ বর্ধমান হইতে তাঁহার সঙ্গে দেখা করিতে আসিয়াছিলেন, আমার দুর্বুদ্ধি সেদিন সন্ধ্যার পূর্বে আমি বিন্দু ঠাকুরমার সঙ্গে দেখা করিতে গিয়াছিলাম, ফিরিয়া আসিতে একটু রাত্রি হইয়াছিল, আসিয়া দেখি ঠাকুরাণীর প্রাণহীন দেহ বিছানায় পড়িয়া আছে, রক্তে সমস্ত শয্যা প্লাবিত। তাঁহার হাতবাক্সে নগদ ও নোটে পাঁচশত টাকা ছিল, তাহাও নাই, নগেন্দ্রনাথও সেই রাত্রি হইতে নিরুদ্দেশ। সকলেরই বিশ্বাস একাজ নগেন্দ্রনাথ ভিন্ন অন্য কাহারও নহে।’ আর পড়িতে পারিলাম না, মাথা ঘুরিয়া উঠিল। এ কি স্বপ্ন, না ইন্দ্রজাল? কিছুই বুঝিয়া উঠিতে পারিলাম না। সেই সত্যনিষ্ঠ, ধার্মিক, সরল, সুন্দর পুরুষ—তাঁহার এই কাজ? ইহা কি কখনো সম্ভব হইতে পারে?


অনেক চিন্তার পর মন সংযত করিলাম। বুঝিলাম দারুণ আঘাতে ভাঙিয়া পড়িবার এ সময় নহে। এই ভীষণ পৈশাচিক কার্য কখনোই তাঁহার দ্বারা সংঘটিত হয় নাই; ইহার ভিতর নিশ্চয়ই কোন গভীর রহস্য লুক্কায়িত আছে। যে কলঙ্ক সাগরে তাঁহার সুনাম ডুবিয়াছে, যে রহস্যময় গুপ্তহত্যার জন্য তাঁহার জীবন বিপন্ন হইয়াছে, সেই কলঙ্ক সাগর হইতে, সেই বিষম বিপদ হইতে তাঁহাকে নিষ্কলঙ্কভাবে উদ্ধার করিব, এই গুপ্ত রহস্য ভেদ করিব; না হয় এ জীবন যাহার জন্য রাখিয়াছি তাঁহারই কাজে বিসর্জন দিব।


বৈকালবেলা শরৎ দিদিকে জিজ্ঞাসা করিলাম, ‘দিদি, তুমি কি তাঁহাকে দোষী বলিয়া মনে কর?’


ম্লান হাসি হাসিয়া দিদি উত্তর দিলেন, ‘কখনো না, নগেন্দ্র এরকম কাজ করিতে পারে দেখিলেও বিশ্বাস হয় না। নিশ্চয়ই ইহার মধ্যে কোন রহস্য আছে।’


আমি নিশ্বাস ফেলিয়া বলিলাম, ‘দিদি বাঁচাইলে, তোমার মুখে ফুলচন্দন পড়ুক। এই ঘটনার মধ্যে যে একটি গুপ্তরহস্য রহিয়াছে আমিও তাহা বুঝিতে পারিতেছি। আমি সেই রহস্য ভেদ করিব। তাঁহাকে উদ্ধার করিব।’


দিদি বোধ করি আমার কথার অর্থ বুঝিতে পারিলেন না; শূন্য দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিয়া রহিলেন। আমি আবার বলিলাম, ‘দিদি, আমার এই শেষ অনুরোধ তোমাকে রক্ষা করিতে হইবে, বসন্ত দিদি এই পত্রে তোমাকে একজন ঝি পাঠাইতে লিখিয়াছেন, বেণীর সঙ্গে আজই আমাকে পাঠাইয়া দাও, আমি সেখানে দাসীগিরিতে নিযুক্ত হইব।’


দিদি অবাক হইয়া গেলেন, আমাকে বলিলেন, ‘তই বলিস্‌ কি, পাগল হলি নাকি?’


আমি বলিলাম, ‘না দিদি, পাগল হইনি, কিন্তু এখন আমাকে পাগলের অপেক্ষা দুঃসাহসের কাজ করিতে হইবে, তুমি তাহাতে বাধা দিও না।’


দিদি উত্তর দিলেন, ‘তুই যে অসম্ভব কথা বলিস

**********
No Review
Related Books
Loading books…