Home
যে গল্পের শেষ নেই

যে গল্পের শেষ নেই

দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

যে গল্পের শেষ নেই

দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
uncategorized

Change color

ফ্ল্যাপ-১

‘যে গল্পের শেষ নেই’ … আমি নিজেই শুধু বিশেষ মনোযোগ দিয়ে পড়িনি-ছেলেদের এবং সাধারণ মানুষদের পড়াচ্ছি। তারা কি বোঝে কতখানি বোঝে কিভাবে বোঝে যাচাই করার জন্য। কঠিন কথা, একেবারে অজানা কথা সহজ করে বুঝিয়ে বলা বা লেখার চেয়ে কঠিন কাজ জগতে খুব কমই আছে। বৈজ্ঞানিকদের জন্য বিজ্ঞানের বই লেখার সময় জানা থাকে তারা কতটা বোঝেন না।—কিন্তু অজ্ঞদের বেলা পড়তে হয় মুস্কিলে। তাদের মগজে কি আছে আর কি নেই—যা আছে তার স্বরূপ কি-এসব আন্দাজ করা কঠিন। অথচ শুধু এটুকু আন্দাজ করলেই চলে না। প্ৰতিনিয়ত তাদের মগজটা কি দিয়ে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে তা না জানলেও চলে না…

মানিক বন্দ্যোপাধ্যায়

.

ফ্ল্যাপ-২

দর্শনের ছাত্র। জীবনদর্শনের অন্বিষ্ট উপায় হিসাবে তিনি বেছে নিয়েছিলেন অধ্যয়ন তথা লেখনী চালন। এই লেখার মধ্যে অনেক ক্ষেত্রে ছিল দুঃসাহসী অভিযান, নূতন পথের নানা পরীক্ষা-নিরীক্ষা—যা কোথাও স্বীকৃতিপ্রাপ্ত এবং কোথাও বিশেষভাবে সমালোচিত। কিন্তু তার মানসিকতা ছিল অভিযাত্রীর-সেখান থেকে তিনি অস্থলিত। কি ছিল তার নিরীক্ষা-পরীক্ষার বিষয়? তা ছিল এক প্রকার দর্শন-বিজ্ঞানের সমন্বয়-যেটা আমি মনে করি দর্শনের ছাত্রের পক্ষেই সহজ ও সম্ভবপর। দর্শন পদ্ধতি একটা সামগ্রিক দিগদর্শনের মতো। তিনি সেই পন্থায় মানব জীবন ও মানব সংস্কৃতির নানা দিক নিয়ে প্রথমদিকে অনেকগুলি সহজপাঠ্য (বিজ্ঞানভিত্তিক না হলেও) বিজ্ঞানমুখী গ্রন্থ রচনা করেন। এগুলি তার শিক্ষক জীবনের প্রথম দিকে লেখা। অনুমান করতে পারি—আমাদের দেশের সর্বত্র দর্শনশাস্ত্র পঠন পাঠনের যে ব্যবস্থা আছে তার ঐকাদেশিকতা এবং বিজ্ঞানভিত্তিকতার অভাব তাঁর মতো সমাজ-সচেতন রাজনীতি-করা লোকের কাছে অসুবিধাজনক ঠেকেছে। সুতরাং প্রাথমিক কাজ হিসাবে তিনি নিজেকে মনস্তত্ত্বের ছাত্র হিসাবে তৈরি করলেও তাঁর দৃষ্টিভঙ্গী হয়ে উঠেছে সমাজ-তাত্ত্বিক, সাম্যবাদী এক ইতিহাসনিষ্ঠ মানুষের। সে সময়কার গ্রন্থগুলির বক্তব্য তিনি পরে পূর্ণ থেকে পূর্ণতর করেছেন পরবর্তী রচনাগুলিতে। বিশ্ববিজ্ঞানদৃষ্টি কেন্দ্রীভূত হয়েছে প্রাচীন ভারতীয় জ্ঞানবিজ্ঞানের তথ্য বিশ্লেষণে এবং আধুনিক মতবাদের সাহায্যে পরিবেশনায়। এই তার সত্যকার দেশপ্ৰেম, মানবহিতৈষন তথা আত্মবিষ্কারের সুপরিণত উপলব্ধি বলে মনে হয়েছে।

গোপাল হালদার

.

ফ্ল্যাপ-৩

গল্প আবার সত্যি হয় নাকি? হয়, যদি সে গল্প হয় মানুষের, আর গল্পটার ভিত্তি যদি হয় বিজ্ঞানসম্মত বস্তুবাদী ইতিহাস। লৌকিক-দৈবিক, উচিত-অনুচিত, বিজ্ঞান-অপবিজ্ঞান, সৃষ্টি-ধ্বংস সমস্ত কিছুর পেছনেই আমরা কেবল মানুষকে, মানুষ আর প্রকৃতির দ্বন্দ্বকেই দেখতে পেয়েছি। প্রকৃতির বুকে মানুষের সেই উদ্ভব বিবর্তন আর বিকাশের কথা সঠিকভাবে না বুঝলে, মানুষকে নিয়ে কোনো কথা বলার জোর থাকে না সব সময়। কাজেই, সহজভাবে, যথাসম্ভব পরিপূর্ণভাবে এসব বোঝার তাগিদ আমাদের বরাবরই ছিল। প্রাক মানুষ, মানুষ, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব রাজনীতি ইত্যাকার বিষয় নিয়ে বিস্তর মোটা-মোটা কেতাব লেখা হয়েছে, রয়েছে অতি-মূল্যবান রেফারেন্স বই কিংবা এনসাইক্লোপেডিয়া। কিন্তু এগুলো থেকে মানুষের কথা ঠিক যেন মনপ্ৰাণ দিয়ে বোঝা যায় না; হয়তো মুখস্থ করা যায়, কিন্তু মন ভরেনা যেন সাধারণ সহজ-বুদ্ধির পাঠকদের। পাঠকদের অতৃপ্তিকে মিটানোর জন্যই দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়-এর ‘যে গল্পের শেষ নেই’ বইটি। ঠিক যেন পাঠকরা যা চাইছিল তাই বলেছেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় বইটিতে। একেবারে গল্প বলার মতো অনাবিল স্বাচ্ছন্দ্যময় প্ৰাঞ্জল কথা কাহিনীতে ভরা। একটুও প্রাচীনত্ব, একটুও জড়ার লক্ষণ নেই। শুধুই মানুষের কথা বইটির প্রতিটি পাতায় হোক না তা বহু বছর আগের লেখা, কথাগুলো তো আজও সত্যি।

.

ভূমিকা

ফরমাস পেয়েছিলাম এমন গল্প বলতে হবে যে-গল্পের শেষ নেই। এ-হেন গল্প অবশ্য অনেক আছে, কিন্তু তার মধ্যে বেশির ভাগই ফাঁকির গল্প। অথচ যার কাছ থেকে ফরমাস তাকে কোনোমতেই ফাঁকি দেওয়া যায় না।

ফাঁকিও থাকবে না, শেষও থাকবে না,-এমনতরো গল্প শুধু একটাই। সেটা হলো মানুষের গল্প। কতো কোটি বছর আগে শুরু হয়েছে এই গল্প তার খাঁটি হিসেব করাই দায়, আর আজো কোটি কোটি খবরের কাগজের পাতায় সরগরম এই গল্প। আরো অনেক কোটি খবরের কাগজ ছাপিয়েও এ-গল্প শেষ করা যাবে না। গল্পটা বেড়েই চলেছে।

তাই শুরু করতে গেলাম মানুষের গল্প। কিন্তু শুরু করতে গিয়ে দেখি বড় মুশকিলঃ মানুষের গল্প বলতে গেলে মানুষের কথা থেকে শুরু করা যায় না। কেননা, এককালে পৃথিবীতে মানুষের টিকিটি খুঁজে পাবার জো ছিল না। আবার তারও আগে-ঢ়ের আগে—দুনিয়ার কোথাও চিহ্ন ছিল না পৃথিবী বলে কোনো কিছুর।

ভয় পাবার ভান করলাম, বললাম, ‘থাক্ থাক্। তোমাকে আর অতোখানি কষ্ট করতে হবে না; গল্প বলতে আমি রাজি হলাম।’

‘বেশ’, মেয়েটি আমার খাটের ওপর জাঁকিয়ে বসলো আর বললে, ‘তাহলে শুরু করো তোমার গল্প।’

আমি বললাম, শুরু তো যা-হোক একটা করে দেওয়া যায়। কিন্তু ভাবছি, শেষ করবো কেমন করে?’

মেয়েটি অম্লান বদনে বললো, ‘শেষ করা নিয়েই যদি অতো ভাবনা তাহলে শেষ না হয় না-ই করলে!’

আমি বেশ ঘাবড়ে গেলাম। বললাম, ‘তার মানে?’

‘কেন? তার মানে, এমন গল্প বলে যাও যে-গল্পের শেষ নেই।’

আমি বললাম, ‘এ তো ভারি ফ্যাসাদের কথা হলো। কেননা, শেষ নেই এমন গল্প বেশির ভাগই হলো ফাঁকির গল্প। অথচ, তুমি লোকটি এমনই চালাক যে তোমাকে ফাঁকি দেওয়া তো চলে না।’

‘উঁহু, রুণু বললো, ফাঁকি দেওয়া চলবে না। এমন গল্প বলতে হবে যার মধ্যে একটুও ফাঁকি নেই।’

এমনতরো ফরমাস পেলে সবাই খুব বিপদে পড়ে। আমিও খুব বিপদে পড়লাম। বললাম, ‘শেষও থাকবে না, ফাঁকিও থাকবে না।—এ-রকম গল্প যে একটাই আছে। কিন্তু সেটা শুনতে কি তোমার ভালো লাগবে?’

‘কেন? কার গল্প সেটা? লক্ষী-পেঁচার না হুতোম-পেঁচার?’

‘সেই তো বিপদ। লক্ষী-পেঁচারও নয়, হুতোম-পেঁচারও নয়। সেটা হলো তোমার গল্প, আমার গল্প, আমাদের সবাইকার গল্প। তার মানে, মানুষের গল্প। আবার তার মানে গল্পই। নয়, সত্যি কথা; পণ্ডিত ভাষায় যাকে বলে ইতিহাস।’

‘উঁহু। ও সব পণ্ডিত ভাষা বলা চলবে না।’

‘তা না হয় নাই বলবো।’

‘তাছাড়া, এ-গল্প তুমি জানলে কোথা থেকে?’

‘আমি জেনেছি, বই-টই পড়ে।’

‘বইতে কি সব সত্যি কথা লেখা থাকে?’

‘সব বইতে নয়’, আমি বললাম, অনেক বইতে সত্যি কথা লেখা থাকে, আবার অনেক বইতে মিথ্যে কথা লেখা থাকে। যে-সব বইতে সত্যি কথা লেখা থাকে। সেগুলোর পণ্ডিত নাম হলো বৈজ্ঞানিক বই।’

‘না না, আর বলবো না।’

‘তুমি কি সেই সব বই থেকেই গল্পটা বলবে?’

‘তইতো ভাবছি।’

‘বেশ। শুরু করো তোমার গল্প। কিন্তু মনে থাকে যেন—শেষও করতে পারবে না, ফাঁকি দিতেও পারবে না।’

‘শুরু করছি! কিন্তু তার আগে একটা কড়ার করতে হবে। কথায় কথায় তুমি আমাকে এ-রকম জেরা করতে পারবে না; কেননা, তাহলে কথায় কথায় আমার গল্প থুবড়ে পড়বে, এগুতে পারবে না।’

‘রাজি আছি’, রুণু বললো।

আর আমি শুরু করলাম আমার গল্প।


শূন্য নিয়ে ছেলেখেলা?

মানুষের গল্প বলতে বসার একটা মুশকিল আছে। মুশকিলটা হলো, মানুষের গল্প বলতে গেলে মানুষের কথা দিয়ে শুরু করা যায় না। কেননা, এককালে পৃথিবীর কোথাও মানুষের টিকিট খুঁজে পাবার জো ছিল না। আবার তারও আগে কোথাও পৃথিবী বলে কোনো কিছুর চিহ্ন ছিল না।


তাহলে? কোথা থেকে এলো এই পৃথিবী? মানুষের দলই বা এলো কোথা থেকে?


এই সব কথা থেকেই শুরু করতে হবে মানুষের গল্প। কিন্তু তাতেও খুব মুশকিল আছে। কেননা, এই সব কথা এতো ভয়ানক বেশিদিন আগেকার কথা যে তা শুনে ব্যাপারটা ঠিকমতো ঠাহর করতে পারা যায় না। যেমন ধরো, হিসেব করে দেখা যাচ্ছে, পৃথিবীর জন্ম হয়েছে নিদেনপক্ষে সাড়ে চারশো কোটি বছর আগে তো বটেই, তার চেয়েও বেশি বছর হতে পারে!


ভেবে দেখো ব্যাপারটা! সাড়ে চারুশো কোটি বছর! তার মানে, সাড়ে চারশোর পেছনে সাত সাতটা শূন্য! কিন্তু শূন্য নিয়ে তো সত্যিই ছেলেখেলা নয়। এক একটা শূন্যর চোটেই একেবারে আকাশ পাতাল তফাত হয়ে যায়। একের পিঠে একটা শূন্য বসাও, হয়ে যাবে দশ ৷ অথচ, দশ বছর আগেকার কোনো ব্যাপারই তুমি নিজের চোখে দেখো নি, আর না হয়তো এতো ছোট্ট ছিলে যে তখনকার কোনো কথা তোমার মনে নেই।


আর একটা শূন্য বাড়াও ৷ হয়ে যাবে একশো। একশো বছর, বাস্রে! তুমি তো তুমি, তখন তোমার দাদুই বলে জন্মান নি। হয়তো তোমার দাদুর বাবা সবে পাত্তাড়ি বগলে করে পাঠশালায় যেতে শিখছে। তখন এই কলকাতা বলে শহরটার চেহারাই কি এই রকম ছিল নাকি? তখনো ঘোড়ায় টানা ট্রামগাড়িরই চল হয় নি, আজকালকার ট্রামগাড়ি আর মোটরগাড়ির কথা তো কেউ ভাবতেই পারতো না। এই রকমঃ একটা শূন্যের চোটে একেবারে অন্য রকম। তারপর আর একটা শূন্য বাড়াও। একের পিঠে তিনটে শূন্য। একহাজার। এক হাজার বছর আগেকার কথা কিছু ভাবতে পারে? তখন, ইংরেজ তো দূরের কথা, আমাদের দেশে মোগল আসেনি, পাঠান আসেনি। কলকাতা শহর তো দূরের কথা এমন কি দিল্লির দরবারের চিহ্নটুকুও নেই! আরো একটা শূন্য বাড়াও, হয়ে যাবে দশ হাজার বছর। বাস্রে, সে কি কম কথা? রামায়ণ-মহাভারতেরও আগেকার কথা। তখন শুধু বনজঙ্গল। সভ্য মানুষের চিহ্ন কোথাও নেই। এখানে ওখানে অসভ্য মানুষের দল ফলমূল আর শিকার জোগাড় করবার আশায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর যদি আরো একটা শূন্য বাড়াও তাহলে হয়ে যাবে একের পিঠে পাঁচটা শূন্য। তার মানে এক লক্ষ বছর। তখন যে কী রকম ব্যাপার তা আন্দাজ করতেই পারা যায় না।


তাই বলছিলাম, শূন্য নিয়ে ছেলেখেলা নয়। এক একটা করে শূন্য বাড়িয়ে যাওয়া মানেই একেবারে দারুণ রকমের পেছিয়ে পেছিয়ে যাওয়া। পাঁচটা শূন্য-য় যখন পৌঁছলাম তখন এতোদূর পেছনের কথা ভাববার দরকার পড়লো যে মাথা প্রায় গোলমাল হয়ে যাবার জোগাড়। তাই সাড়ে চারশোর পেছনে সাত সাতটা শূন্য-র কথা ফস্ করে বলে দেওয়াটা যতো সহজ আসলে ব্যাপারটা মোটেই তেমন সহজ নয়।


তার মানে, ভয়ানক আর ভয়ানক রকমের থুরথুরে বুড়ি এই পৃথিবী। এতো থুরথুরে আর এমন বুড়ি যে ভালো করে ভাবতেই পারা যায় না। কিন্তু এর দিকে চেয়ে দেখো, অবাক হয়ে যাবে। বুড়ি কোথায়? সবুজ ঘাস, সোনালী ধান, রঙিন ফুলে ঝলমল। বুড়ি কোথায়? এ তো বরং নিত্যনতুনের মেলা! যে-পাখি আগে কখনো ডাকে নি আজকের ভোরে সেই পাখির ডাক, আগে যেখানে ছিল গভীর অরণ্য আজকের দিনে সেখানে গড়ে উঠেছে বিরাট বিরাট শহর। চিমনির চুড়োগুলো কী দারুণ উঁচু, বাস্রে! মনে হয়। আকাশটাকে বুঝি ফুটো করে দেবে। পঁচিশো বছর আগে এ-রকম উঁচু উঁচু চিমনির কথা কেউ ভাবতে পারতো?


চারদিকেই এই রকম। নিত্যনতুন। তাহলে বুড়ি কোথায়?


অথচ বুড়িই। কেননা, সাড়ে চারশো কোটি বছর বয়েসটা তো চারটিখনি কথা নয়। আর হিসেব করে দেখা যাচ্ছে পৃথিবীর বয়েস নিদেন পক্ষে অতোগুলো বছর তো হবেই!



বুড়ি পৃথিবীর বয়েস কতো?

কিন্তু কথা হলো, পৃথিবীর বয়েস যে এতেখানি হয়েছে তা জানা গেল কেমন করে? নিশ্চয়ই হিসেব করে। কিন্তু সোঁ-হিসেবটা কেমনতরো? ওঃ,-সে-সব ভারি মজার মজার হিসেব। একটা নমুনা দিচ্ছি। শোনো।


ধরো, তুমি আর আমি রাস্তায় বেড়াতে বেরিয়েছি। পথে এক বুড়ির সঙ্গে দেখা। তার মাথায় অনেক সাদা চুল। আর বুড়ি হয়তো আমাদের বললো, তার চুল পাকবার গল্পটা ভারি মজার। তার নাকি জন্ম হবার পর থেকেই প্রতি বছর হাজারে একটা করে চুল পেকেছে। তারপর, বুড়ি একগাল হেসে, আমাদের জিজ্ঞেস করলোঃ বলে দিখিনি আমার বয়েস কতো হয়েছে?


আমরা আর কী করি? দুজনে মিলে গুনতে শুরু করলামঃ বুড়ির মাথায় সবগুদ্ধ কতোগুলো চুল আছে আর তার মধ্যে কতোগুলোয় পাক ধরেছে, কতোগুলোয় পাক ধরে নি। আমরা হয়তো গুনতি করে দেখলাম, বুড়ির মাথায় সবশুদ্ধ এক লক্ষ চুল আর তার মধ্যে দশ হাজারটা হলো সাদা চুল। এর পর বুড়ির বয়েসটা হিসেব করে ফেলা কিছু কঠিন হবে না। এক বছরে এক হাজারটার মধ্যে একটা করে চুল সাদা হয়েছে, তার মানে এক লক্ষর মধ্যে একশো করে সাদা হয়েছে। সবগুদ্ধ দশহাজার সাদা চ

**********
No Review
Related Books
Loading books…