
ঝাউবীথি—বেলা তিনটে – যজ্ঞেশ্বর রায়
রঞ্জিত চট্টোপাধ্যায়
ঝাউবীথি—বেলা তিনটে – যজ্ঞেশ্বর রায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| uncategorized |
Posted byসাহিত্য কুঞ্জ18-Aug-2025
Change color
বিপ্রদাস ঢালাই-লোহার বিরাট গেটটার সামনে এসে নেম-প্লেটটার দিকে তাকালেন : রায় বাহাদুর সূর্যনারায়ণ চৌধুরী, ম্যানেজিং ডাইরেক্টর, ব্লু ব্র্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। নামের সেই সুদৃশ্য মর্মর-ফলকের দিকে না তাকিয়েও বিপ্রদাসের বুঝতে বাকি ছিল না যে, এই প্রাসাদোপম বাড়িখানাই বিখ্যাত শিল্পপতি সূর্যনারায়ণ চৌধুরীর। দূর থেকেই পথিকের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে বাড়িখানা। ব্যস্ত পথিকও মুহূর্তের জন্যে তার দিকে না তাকিয়ে পারে না—বাড়িখানার নির্মাণ-শৈলীই এমন অপূর্ব। বিপ্রদাস বহুদর্শী, তিনিও মুগ্ধ হলেন। সাম্প্রতিক কালের দৈত্যাকৃতি ইমারতগুলির মধ্যে কোনও শিল্প-রুচির পরিচয় মেলে না। আকারে অপেক্ষাকৃত ছোট হলেও এ বাড়িখানা বিংশ শতাব্দীর শেষপাদের সেই রুচিবিকারের একটি ছন্দোবদ্ধ প্রতিবাদ।
বিপ্রদাস ঘড়ির দিকে তাকালেন। ঠিক তিনটে। ঘড়ির মর্যাদা রক্ষা করে চলতে তিনি সর্বদাই অভ্যস্ত। এক্ষেত্রে আরও একটু সতর্ক ছিলেন, কারণ সময় সম্পর্কে সতর্ক হবার নির্দেশ ছিল রায় বাহাদুরের পত্রে। পকেট থেকে পত্ৰখানা বার করে আর একবার চোখ বুলিয়ে নিলেন বিপ্রদাস :
রায় বাহাদুর সূর্যনারায়ণ চৌধুরী
শ্ৰীযুত বিপ্রদাস আচার্য ২, ঝাউ-বীথি
প্রিয় মহাশয়, কলিকাতা
কিছুদিন হইতে ব্লু ব্র্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস-এর কয়েকটি বিখ্যাত ঔষধ জাল হইতে থাকায় কোম্পানি অতিশয় উদ্বিগ্ন হইয়া উঠিয়াছে। ইহার প্রতিকারোদ্দেশ্যে শ্ৰীযুত সূর্যনারায়ণ চৌধুরী আপনার সহিত পরামর্শ করিতে ইচ্ছুক। আপনি যদি আগামী কল্য (বুধবার) বেলা তিন ঘটিকার সময় উপরোক্ত ঠিকানায় তাঁহার সহিত সাক্ষাৎ করেন, তাহা হইলে তিনি অতিশয় আনন্দিত হইবেন। ওই সময়ে কোম্পানির কতিপয় ডিরেক্টরও উপস্থিত থাকিবেন। অতএব নির্দিষ্ট সময় সম্পর্কে আপনি অবহিত হইবেন। ইতি—
আপনার বিশ্বস্ত
শ্রীজ্যোতির্ময় দত্ত,
সেক্রেটারি
চিঠিখানা পকেটে রেখে বিপ্রদাস কম্পাউন্ডে ঢুকলেন। সুদৃশ্য ও বিচিত্র রঙের নানাবিধ বিলিতি গাছ লতা ও গুল্মের কেয়ারি করা আইল্যান্ডকে বেষ্টন করে কাঁকর-বিছানো প্রশস্ত পথ। পথের অদূর প্রান্তে মার্বেল পাথরের অর্ধচন্দ্রাকৃতি সোপান। সোপানশ্রেণী অতিক্রম করে বিপ্রদাস এসে দাঁড়ালেন দরজার সামনে।
দরজার গায়ে একটি ইলেকট্রিক বোতাম, তার তলায় কালো প্ল্যাস্টিক প্লেটে সাদা ইংরেজি হরফে লেখা—‘কল্’। বিপ্রদাস বোতাম টিপলেন। সঙ্গে সঙ্গে গৃহাভ্যন্তরে কোথায় যেন ছন্দ-মধুর জলতরঙ্গ বেজে উঠল।
বিপ্রদাস তারিফ করলেন, সুদৃশ্য বাড়িখানার সঙ্গে ছন্দ-মধুর কলিং বেলের শব্দের সামঞ্জস্য অতুলনীয়। একটু পরে খট করে আওয়াজ হয়ে দরজা খুলে গেল ; কিন্তু দ্বার-রক্ষক তাঁকে যাবার জন্যে পথ ছেড়ে দিল না—হাত পেতে কার্ড চাইল।
বিপ্রদাস তাঁর নামাঙ্কিত কার্ডখানা না দেখিয়ে দেখালেন রায় বাহাদুরের কাছ থেকে পাওয়া আমন্ত্রণ পত্ৰখানা। সঙ্গে সঙ্গে দ্বার-রক্ষক সেলাম জানিয়ে সসম্রমে পথ ছেড়ে দিল তাঁর। সিঁড়ি দেখিয়ে বললে, ওপরে চলে যান।
কিন্তু বিপ্রদাস সিঁড়ির দিকে পা বাড়িয়েই থমকে দাঁড়ালেন, সিঁড়ির অদূরে তিনটে বুলডগ্ একযোগে ঘেউ-ঘেউ করে উঠল তাঁকে দেখে। তাদের শিকলের ঝনঝন শব্দে তাঁর মনে হল, বুঝি-বা শিকল ছিঁড়ে বাঘা কুকুর তিনটে এক্ষুণি এসে তাঁর ঘাড়ে লাফিয়ে পড়বে। কিন্তু না, শক্ত শিকল ছিঁড়তে তারা পারল না।
আশ্বস্ত হয়ে বিপ্রদাস ওপরে উঠে এলেন। একটা মস্ত হলঘরের এক প্রান্তে এসে সিঁড়ি শেষ হয়েছে। তারই নিকটে একসেট সোফা। গুটি পাঁচেক সাহেবী পোশাক-পরা পদস্থ লোক বসে আছেন সেখানে—নিঃসন্দেহে ডাইরেক্টারবর্গ। এদের মধ্যে ম্যানেজিং ডাইরেক্টার আছেন কিনা বুঝতে পারলেন না বিপ্রদাস। তিনি তাঁকে কখনো দেখেননি।
একটু দ্বিধাগ্রস্ত হয়ে তিনি এগিয়ে গেলেন। এক ভদ্রলোেক তাঁর দিকে তাকিয়ে ছিলেন। হঠাৎ বিপ্রদাস নিকটস্থ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানালেন, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি।
একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির সৌহার্দ্য স্থাপনের চেষ্টা দেখে বিপ্রদাসের ভ্রূ কুঁচকে আসছিল, কিন্তু অভ্যস্ত কৌশলে বঙ্কিম রেখাগুলিকে হাস্যে রূপান্তরিত করে তিনি নীরবে তাকিয়ে রইলেন ভদ্রলোকের দিকে।
ভদ্রলোক বললেন, সাউথ ক্যালকাটার দারোগা কৃতান্তবাবু আপনার বিশিষ্ট বন্ধু। আলিপুরে যখন প্র্যাক্টিস করতাম তখন তার সঙ্গে আমারও বিশেষ বন্ধুত্ব ছিল। তাঁর কাছেই আপনার অনেক গল্প শুনেছি। ক্রাইম ডিটেক্শনে আপনার অসাধারণ প্রতিভার অনেক কাহিনী বলেছেন তিনি আমাকে। আলিপুরে প্র্যাকটিস করার সময় আমি আপনাকে কয়েকবার কোর্টেও দেখেছি ; কিন্তু আলাপ করবার সৌভাগ্য হয়নি। বর্তমানে আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। ব্লু ব্র্যান্ড ফার্মাসিউটিকাল ওয়ার্কসের লিগ্যাল অ্যাডভাইসার আমি। আমার নাম যতীন্দ্রবিমল গাঙ্গুলি। আর এঁরা চারজন হলেন কোম্পানির ডাইরেক্টার।
ডিরেক্টরদের দিকে মুখ ফিরিয়ে যতীন্দ্রবিমল বললেন, ইনিই হলেন সেই বিখ্যাত ডিটেকটিভ এবং ক্রিমিনোলজিস্ট বিপ্রদাস আচার্য।
তাঁরা উঠে বিপ্রদাসের নিকটে এলেন এবং একে একে হাত বাড়িয়ে দিতে লাগলেন। বিপ্রদাস করমর্দন করতে লাগলেন, যতীন্দ্রবিমলও একে একে তাদের পরিচয় দিতে লাগলেন তাঁর কাছে : ইনি হচ্ছেন সুবোধকুমার বক্সী, হার্ডওয়্যার মার্চেন্ট ; ইনি জনার্দন সোম, ব্যাঙ্কার অ্যান্ড জমিন্দার ; ইনি ইন্দ্রনারায়ণ সামন্ত, কেমিস্ট, আর ইনি হচ্ছেন ভবানীপ্রসাদ শাসমল, জেনারেল ম্যানেজার বি-বি-পি-ডব্লু।
আপনাদের সঙ্গে পরিচিত হয়ে আনন্দিত হলাম। আরও আগে আপনাদের সঙ্গে পরিচিত হওয়া উচিত ছিল।—আসন গ্রহণ করে বললেন বিপ্রদাস।
সেইটে আমাদের তরফ থেকেই আরও আগে হওয়া উচিত ছিল, মিস্টার আচার্য। তবু একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভাল। কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে মিঃ আচার্য, কিন্তু আর নয়। এবার আমরা বদ্ধপরিকর। জালিয়াতি বন্ধ করবই, যে করেই হোক ধরব জালিয়াৎকে। সেইজন্যেই আজ এ সময়ে আমাদের এখানে আগমন, আপনারও আমন্ত্রণ।
কিন্তু আপনাদের ম্যানেজিং ডাইরেক্টর, তিনি কোথায়? সময় সম্পর্কে আমাকে সতর্ক করে নিজেই অসতর্ক হয়ে পড়েছেন দেখছি। আমাকে তিনি তিনটায় দেখা করবার অনুরোধ জানিয়েছিলেন ।
তিনটার সময় মিটিং হবার কথা জানিয়ে তিনি আমাদের তিনটের একটু আগেই আসবার জন্যে পত্র দিয়েছিলেন।—জানালেন সুবোধবাবু।
তবে? তিনি কি কোন জরুরী প্রয়োজনে বাইরে গেছেন কোথাও?
না।—হলের অপর প্রান্তের একটা ঘরের দিকে অঙ্গুলি সঙ্কেত করে বললেন জনার্দনবাবু, ওই ঘরেই আছেন তিনি। এটা তাঁর বিশ্রামের সময়। মধ্যাহ্ন-ভোজনের পরে এখানে তিনি ঘণ্টা দুই পড়াশোনা করেন এবং তারই ফাঁকে একটু ঘুমিয়েও নেন কখনো কখনো।
আমাকে ডেকে পাঠিয়েও ঘুমোবেন নাকি তিনি? আপনাদের ম্যানেজিং ডাইরেক্টরের সেক্রেটারিটি কোথায়—যিনি আমাকে পত্র পাঠিয়েছিলেন?
আমাদেরও তিনিই পত্র পাঠিয়েছিলেন।
আমাদের তিনটের সময় ডেকে পাঠিয়ে তিনিও সেইটে ভুলে গেলেন নাকি? কোথায় তিনি?—শুধালেন বিপ্রদাস।
ওই তো, রায় বাহাদুরের লাইব্রেরি-রুমের পাশের রুমে।—বললেন যতীন্দ্রবিমল।
ডাকুন না তাঁকে। আমার জানা দরকার আরও পরে আসব, না আর একটু বসব।
একজন দারোয়ান অদূরে ছিল, সেক্রেটারিকে ডাকবার জন্যে তাকে ইঙ্গিত করলেন যতীন্দ্রবিমল।
দারোয়ান গিয়ে বন্ধ দরজায় টোকা দিয়ে ডাকল, বাবু····
হ্যাঁ, এই আসছি—আসছি। উচ্চকণ্ঠে বলে উঠলেন জ্যোতির্ময় দত্ত। এবং সঙ্গে সঙ্গে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন।
বাবুর উঠবার সাড়া পেয়ে দারোয়ান দরজা খুলে একপাশে সরে দাঁড়াল। জ্যোতির্ময় দত্ত দুই বগলে দুটি বিরাট ফাইল নিয়ে বেরিয়ে এসে বললেন, ওকি! আপনারা সব ওই কোণায় বসে বসে কি করছেন?·····এই দারোয়ান, সোফা টেবিল ইধার লে আও।
ফাইল হাতে দাঁড়িয়ে রইলেন তিনি। দুটি দারোয়ান ছোটাছুটি করে কয়েক মিনিটের মধ্যে হলের মাঝখানে সোফা সেট পেতে দিল। জ্যোতির্ময় দত্ত তাঁর বগলের ফাইলগুলো টেবিলের ওপর রেখে শুধোলেন, কি ব্যাপার, ম্যানেজিং ডাইরেক্টর এখনও বেরোননি নাকি?
বেরোবেন কি, বোধ হয় ঘুমিয়ে পড়েছেন।—বললেন সুবোধকুমার।
বোধ হয় কি, নিশ্চয় ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আপনারা ডাকেননি কেন? এ যে প্রায় সাড়ে তিনটে বাজে—। বলে জ্যোতির্ময় নিজেই এগিয়ে গেলেন। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে মৃদু টোকা দিলেন, কিন্তু ভেতর থেকে কোন সাড়া এল না। তখন তিনি ডাকতে লাগলেন, স্যার, তিনটে যে বেজে গেছে—
এবার অসন্তুষ্ট কণ্ঠের তীক্ষ্ণ সাড়া এল : সে আমি জানি। বিরক্ত কর না—আমি একটু ব্যস্ত আছি। ওঁদের আরও এক ঘণ্টা বসতে বল।
জ্যোতির্ময় নিঃশব্দে দুয়ার থেকে ফিরে এলেন তাঁদের কাছে। বললেন, রায় বাহাদুর⋯·
বিরক্ত ইন্দ্রনারায়ণ বাধা দিয়ে বলে উঠলেন, থাক, আর ফিরে শোনাতে হবে না। আমরা কালা নই।
জ্যোতির্ময় একটা সোফায় বসে পড়ে পকেট থেকে সিগারেটের টিন বার করতে করতে বললেন, বিরক্ত হবার কথাই বটে। তবু আমার ওপরে চটে লাভ কি? নিন, সিগারেট খান।—বিপ্রদাসেরও দিকে একটা বাড়িয়ে ধরে তিনি বললেন, নিন বিপ্রদাসবাবু।
যতীন্দ্রবিমল দিয়াশলাই জ্বালিয়েছিলেন। নিজেরটা ধরিয়ে, কাঠিটা তিনি বিপ্রদাসের দিকে এগিয়ে ধরলেন।
বিপ্রদাস উঠে দাঁড়িয়ে সিগারেটটা ধরালেন, কিন্তু আর বসলেন না। ঘুরে ঘুরে হলের চারদিকে বেড়াতে লাগলেন। মস্ত হল। দক্ষিণ দিকের তিনখানা ঘর বাদে সমগ্র দ্বিতলটাই একটা হল বলে মনে হল তাঁর। রায় বাহাদুর নিজের কোম্পানি ছাড়াও আরও অনেক কাজ-কারবারের সঙ্গে সংশ্লিষ্ট। সে-সবের ডিরেক্টর-বোর্ডের সভা, ম্যানেজিং কমিটির সভা বোধ হয় এখানেই হয় ; অন্তত মনের মধ্যে সেই মতলব রেখেই হলটাকে করা হয়েছে। বেশ সুসজ্জিত ও সুচিত্রিত হল। ছবির কালেকশনের মধ্যেও উচ্চ শিল্প-রুচির পরিচয় মেলে। দেখে মনে হয়, রায় বাহাদুর শুধু আর্থিক উন্নতিই করেননি, রুচিবোধেরও উন্নতি সাধন করেছেন। এ যে পরম নিষ্ঠায় জাতীয়-সংস্কৃতির সাথে পরিচয় রাখার ফল—তাতে সন্দেহ রইল না বিপ্রদাসের। গৃহাভ্যন্তর থেকে এইমাত্র যে ব্যক্তির কর্কশ কণ্ঠ শুনে ইন্দ্রনারায়ণ বিরক্তি প্রকাশ করলেন, তিনি যে এখানে শুধু ঘুমানই না—মনোযোগ দিয়ে, পড়াশুনাও করেন, ভেবে মনে মনে বিপ্রদাস তাঁর প্রতি শ্রদ্ধান্বিত না হয়ে পারলেন না।
কিন্তু পায়চারি করে করে বিপ্রদাসের ভাল লাগছিল না। টেবিলের নিকটে এসে তিনি আর একটা সিগারেট তুলে নিলেন। যতীন্দ্রবিমলকে বললেন, দেখি দিয়াশালাইটা।
যতীন্দ্রবিমল একটা কাঠি জ্বেলে ধরলেন তাঁর মুখের সিগারেটের ওপরে।
সিগারেট ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে বিপ্রদাস সিলিং-এর দিকে তাকালেন। সেখানে রাজহাঁস, হরিণ, গাছ প্রভৃতির ঝাঁঝরি-কাটা চিত্রের ফোকর দিয়ে অনবরত ফুরফুরে হাওয়া এসে হলটাকে শীতল করে রাখছিল। ফ্যান আর ফ্যাশন নয় আজকাল। ইলেকট্রিক সাকারের সাহায্যে বাতাস আকর্ষণ করে, এমোনিয়াম ওয়াটার-লোশনের মধ্য দিয়ে চালিয়ে তাকে শীতল করে পরিবেশন করা হয়। আধুনিক বিজ্ঞান ধনীদের মস্তিষ্ক শীতল রাখবার, টাকার গরম কমিয়ে দেবার কি চমৎকার ব্যবস্থা করেছে। ইলেকট্রিক আলোগুলোই কি কম সুন্দর। সিলিং থেকে যেন থোকা থোকা আঙ্গুর ঝুলে আছে। দেয়ালের আলোগুলো যেন এক-একটা এক-এক জাতের মৌসুমী ফুল।
বিপ্রদাস চেয়ে থাকতে থাকতে হঠাৎ চঞ্চল হয়ে উঠে বললেন, নাঃ, বসে বসে আর ভাল লাগছে না। আমি একটু ঘুরে আসি জ্যোতির্ময়বাবু। আমার একটা জরুরী কাজও সারা হবে, সময়ও কাটবে।
আরে বসুন, এই পাথর-গলা চৈত্রের রোদ্দুরে আবার কোথায় যাবেন?
বসে বসে শীতল বাতাস খাওয়ার ভাগ্য নিয়ে আসিনি যতীনবাবু। রোদ-বর্ষা সমানে মাথায় করে ছুটোছুটি করতে হয়—তবে দু