কয়েক বৎসর অতীত হইল, এক সময়ে কলিকাতায় বহুল পরিমাণ কৃত্রিম-মুদ্রার প্রচলন আরম্ভ হয়। সেই সময়ে দিন দিন এত পরিমাণ ওই সকল মুদ্রার আমদানি হইতে থাকে যে, সকলেই চমকিত হইয়া পড়েন। নানা স্থান হইতে প্রেরিত কৃত্রিম-মুদ্রা রাখিবার নিমিত্ত ব্যাঙ্কে একটি স্বতন্ত্র বিভাগ সংস্থাপিত করিতে হয়; হিসাব রাখিবার নিমিত্ত আরও দুই এক জন স্বতন্ত্র কর্মচারীও নিয়োগ করিতে হয়।