
সতী শোভনা – পাঁচকড়ি দে
রঞ্জিত চট্টোপাধ্যায়
প্রথম পরিচ্ছেদ
ডাক্তারবাবুর কথা
বেলা দ্বিপ্রহর। আহারাদি শেষে একটু বিশ্রাম করিব মনে করিতেছিলাম বটে, কিন্তু কার্যত ঘটিয়া উঠিল না। বাহির হইতে সংবাদ আসিল, কে একটি ভদ্রলোক বহিবাটিতে আমার জন্য অপেক্ষা করিতেছেন—বিশেষ আবশ্যক, এখনই দেখা করিতে হইবে।
আমি বাহিরে আসিয়া তাঁহার সহিত সাক্ষাৎ করিলাম। আগন্তুকের বয়ঃক্রম সপ্তবিংশতি বৎসর; বর্ণ গৌর। মুখমণ্ডল সুন্দর হইলেও এক্ষণে যন্ত্রণাবিবর্ণীকৃত। গঠন ঈষদ্দীর্ঘ। একখানি রেশমী রুমালে দক্ষিণ হস্ত বক্ষের উপর ঝুলাইয়া গলদেশে বাঁধা। আমাকে দেখিয়াই, দীর্ঘ নিশ্বাস ফেলিয়া সেই যুবক ক্ষীণতর স্বরে বলিলেন, ‘মহাশয়ের নাম কি কালীকৃষ্ণবাবু?’
‘হাঁ, আমারই নাম।’
‘ক্ষমা করিবেন, আমি কখন আপনাকে দেখি নাই। লোকের মুখে আপনার অনেক সুখ্যাতি শুনিয়াছি।’
দেখিলাম, তিনি তখন দাঁড়াইয়া কাঁপিতেছেন; পদদ্বয় যেন তাঁর দেহভার আর বহন করিতে পারিতেছে না। নিকটস্থ চেয়ারে তাঁহাকে আমি বসিতে বলিলাম। তিনি ধীরে ধীরে বসিলেন। বসিয়া বলিলেন, ‘আমি বড় কষ্ট ভোগ করিতেছি; এক সপ্তাহের মধ্যে একদিনও ঘুমাইতে পারি নাই; কি জানি, আমার ডান হাতে কি হইয়াছে—কার্বাঙ্কল্ কি ক্যান্সার কিছুই ঠিক করিতে পারিতেছি না; যন্ত্রণায় প্রাণ বাহির হইয়া যাইতেছে। প্রথম একটু একটু যন্ত্রণা কখন হইত; কখন হইত না; কিন্তু এখন বড় ভয়ানক দাঁড়িয়েছে—এক মুহূর্তের জন্য আমি স্থির হইতে পারিতেছি না। দিন দিন যাতনা বাড়িয়া উঠিতেছে; আর আমি সহ্য করিতে পারি না; কে যেন একখণ্ড জ্বলন্ত অঙ্গার হাতের উপর চাপিয়া ধরিয়াছে—এমনই যন্ত্রণা। আপনি যদি অনুগ্রহ করিয়া কাটিয়া দেন, বড়ই উপকৃত হই; এমন কি আর এক ঘণ্টা যদি এই যন্ত্রণা আমাকে ভোগ করিতে হয়—আমি পাগল হইয়া যাইব।’
আমি তাঁহাকে বুঝাইয়া বলিলাম, প্রথমে অস্ত্র করিবার কোন আবশ্যক নাই, প্রলেপাদির দ্বারা যাহাতে তাঁহার যন্ত্রণা দূর হয় করিব।
যুবক এবার একটু জোরে জোরে বলিলেন, ‘না, না ডাক্তারবাবু, প্রলেপ-প্রয়োগে ইহার কিছু হইবে না; আপনি অস্ত্র করিয়া দিন, নতুবা এ যন্ত্রণা যাইবে না; যেখানে যন্ত্রণা হইতেছে সেখানকার মাংস কাটিয়া তুলিয়া ফেলুন।’
হাতের কোনখানে তেমন যন্ত্রণা হইতেছে আমি দেখিতে চাহিলাম। ধীরে ধীরে তিনি রুমাল হইতে হাত বাহিরে করিলেন; বাহির করিয়া ধীরে ধীরে আমার টেবিলের উপর অতি সন্তর্পণে রাখিলেন। বলিলেন, ‘ডাক্তার মহাশয়, আপনি পরীক্ষা করিয়া যাহাই বুঝুন, আপনি কাটিয়া দিন। আমাকে কতদূর যাতনা ভোগ করিতে হইতেছে কথায় আপনাকে কি করিয়া বুঝাইব?’
আমি তাঁহার হাতখানি ধীরে ধীরে তুলিলাম। যন্ত্রাদির সাহায্যে বিশেষ করিয়া দেখিতে লাগিলাম। কোন রোগের কোন প্রমাণই পাইলাম না। তাঁহার হাতে আর আমার হাতে কোন পার্থক্য নাই—নীরোগ। আর তত গ্রাহ্য না করিয়া আমি তাঁহার হাত ছাড়িয়া দিলাম, সশব্দে তাঁহার সেই হাতখানি টেবিলের উপর পড়িয়া গেল।
যুবক উৎকট যন্ত্রণায় বিকট চিৎকার করিয়া তখন কাঁদিয়া উঠিলেন। বাম হাতে ধীরে ধীরে ডান হাত তুলিলেন। তাঁহার ভাবে বোধ হইল, তিনি বস্তুতই অতিশয় যন্ত্রণা ভোগ করিতেছেন।
আমি বলিলাম, ‘ঠিক কোন স্থানে যন্ত্রণা হইতেছে আমাকে দেখাইয়া দিন।’
‘এইখানে।’ বলিয়া তিনি অঙ্গুলি নির্দেশে করতলের উপরিভাগে—যেখানে দুইটি স্থূল শিরা একত্রে মিশিয়াছে—দেখাইলেন। আমি ধীরে ধীরে সেই স্থান টিপিয়া দেখিতে লাগিলাম, ইহাতে তখন তাঁহার সর্বাঙ্গ কম্পিত হইতেছিল।
আমি বলিলাম, ‘ইহাতেও কি আপনার যন্ত্রণা হইতেছে?’
তিনি কোন উত্তর করিলেন না। দেখিলাম, তাঁহার চক্ষু দুটি অশ্রুজলে ভরিয়া গিয়াছে। ভাবিয়া পাইলাম না কি এমন যন্ত্রণা!
আমি। কি আশ্চর্য! আমি তো কিছুই দেখিতে পাইতেছি না।
তিনি। তবে এ যন্ত্রণা কেন হইতেছে? ইচ্ছা হইতেছে দেয়ালে ঠুকিয়া নিজের মাথা নিজে ভাঙ্গিয়া ফেলি—মরিয়া যাই—যন্ত্রণার অবসান হোক।
আমি magnifying glass দিয়া বিশেষ করিয়া তন্নির্দিষ্ট স্থান পরীক্ষা করিলাম, কিছুই নয়। বলিলাম, ‘কই, কিছুই দেখিতেছি না। আপনার হাতের অন্যান্য স্থান যেমন এটুকুও তেমনি।’
‘আমার বোধ হইতেছে ওখানটা লাল হইয়াছে।’
‘কই?’ যুবক তখন পকেট হইতে একটা wooden pencil বাহির করিয়া ধীরে ধীরে অস্পষ্ট রেখায় হাতের সেইখানে একটি আধুলির মতন গোল করিয়া ক্ষুদ্র চিহ্ন করিলেন।
আমি তাঁহার দিকে চাহিয়া দেখিতে লাগিলাম। ভাবিলাম, বোধ হয় একটু না একটু পাগলের ছিট আছে। বলিলাম, ‘আপনি কিছুদিন এখানে অপেক্ষা করুন, আরোগ্য লাভ করিতে পারিবেন।’
যু। থাকিতে পারিব না। এমন মনে করিবেন না যে আমি পাগল। এখানে থাকিলে আপনি এমন কি উপায় স্থির করিয়াছেন যে আমি নিশ্চয় নীরোগ হইব? আর কোন উপায় নাই। যেটুকু আমি পেন্সিল দিয়া দাগ করিয়াছি, আপনি কাটিয়া ফেলুন—এ উৎকট যন্ত্রণা হইতে নিষ্কৃতি পাই।
আমি। আমি পারিব না।
যুবক। কেন?
আমি। অস্ত্র করিবার কিছুই দেখিতেছি না। আপনি যে স্থান দাগ কাটিয়া দেখাইতেছেন ঠিক আমার হাতের ন্যায়—রোগের তো কিছুই দেখিতেছি না।
যু। আপনি কি মনে করিতেছেন আমি পাগল না আপনার সহিত বিদ্রুপ করিতে আসিয়াছি? এই নিন, আপনার পারিশ্রমিক নিন, ‘ওইটুকু বেশ করিয়া কাটিয়া দিন; আমি আপনার সহিত ছেলেমানুষী করিতে আসি নাই।
পকেট হইতে তিনি একখানি একশত টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিলেন।
আমি। আমি এখনও বলিতেছি, আমি পারিব না।
যু। কেন পারিবেন না?
আমি। না, ইহা আমার দ্বারা হইবে না। আমার এ কার্যে আমাকে সাধারণের নিকট নিন্দাভোগ করিতে হইবে। সকলেই আপনাকে শুধু পাগল ভাবিবে না, আমাকেও বদ্ধ পাগল বলিয়া জানিবে।
যু। বেশ, না পারেন, আর একটি আমার সামান্য কথা রাখুন, আমি আপনা আপনি ওইটুকু কাটিয়া ফেলিতেছি। বাঁ হাতে যদিও সুবিধা মত কাটিতে পারিব না, তাহাতে ক্ষতি নাই। যাই হোক্, আপনি ঔষধাদি দিয়া বাঁধিয়া দিবেন।
পকেট হইতে তিনি একখানি শাণিত ছুরিকা বাহির করিলেন। আমি অবাক হইয়া তাঁহার দিকে চাহিয়া রহিলাম। পর মুহূর্তে দক্ষিণ হাতের নির্দিষ্ট স্থানে তিনি সেই ছুরি বিদ্ধ করিলেন; অজস্র ধারে রক্ত বাহির হইল। সেই একজ্ঞায়ী যুবককে আমি বলিলাম, ‘যদি একান্তই কাটিতে হইবে—আমি কাটিয়া দিতেছি।’
বাঁ হাতে তাঁহার দক্ষিণ হাত ধরিয়া, তাঁহার হাত হইতে ছুরিখানি লইয়া বলিলাম, ‘মুখ ফিরিয়া দাঁড়ান, রক্ত দেখিয়া অনেকে জ্ঞানশূন্য হইয়া পড়ে।’
তিনি বলিলেন, ‘কোন আবশ্যক নাই, আমি তো আপন ইচ্ছায় আপনাকে অস্ত্র করিবার নিমিত্ত পীড়াপীড়ি করিতেছি।’
আমি তাঁহার কথামত সেই নির্দিষ্ট অংশের মাংসখণ্ড কাটিয়া তুলিলাম। প্রবল বেগে রক্তস্রোত বহিতে লাগিল। স্থিরদৃষ্টে তিনি সকলই দেখিতেছিলেন। কাটিবার সময় মুখে যন্ত্রণার কোন চিহ্ন দেখা যায় নাই—হাত কাঁপে নাই—নড়ে নাই। যখন মাংসখণ্ড কাটিয়া পৃথক করা হইল, তখন তাঁহার বদনবিবর ও নাসারন্ধ্র দিয়া একটি অতি তৃপ্তির দীর্ঘ নিশ্বাস সশব্দে বহিল। সেই সঙ্গে বলিলেন, ‘আঃ বাঁচিলাম।’
‘এখন আর কোন যন্ত্রণা নাই?’
‘না—কিছু না—সকল যন্ত্রণা গিয়াছে। ওই মাংসখণ্ডের সঙ্গেই সকল যন্ত্রণা উবিয়া গিয়াছে। আঃ বাঁচিলাম, আর এই রক্তপাত কিছুই নহে, আর একদিনের কথা মনে হইলে ইহা তার কাছে অতি সামান্য। যত রক্ত বাহির হইতেছে ততই যেন আমার শরীর সুস্থ হইতেছে; যত বাহির হইতে পারে হোক, লাভ বই ক্ষতি নাই?’
যতক্ষণ রক্ত ছুটিতে লাগিল, ততক্ষণ যুবক আনন্দোৎফুল্ল নয়নে তাহা দেখিতে লাগিলেন। যত শীঘ্র পারিলাম আমি ঔষধাদির দ্বারায় রক্ত বন্ধ করিয়া, ক্ষতস্থান বাঁধিয়া দিলাম।
ইতিমধ্যে তাঁহার যন্ত্রণাক্লিষ্ট মুখভাব সম্পূর্ণরূপে পরিবর্তিত হইল। যেন তিনি নূতন জীবন পাইলেন। তাঁহার সেই অতি ম্লান নয়নদ্বয় আনন্দোপ্তাসিত হইয়াছে। ললাটদেশ আর কুঞ্চিত নহে; যেন তিনি আর তিনি নহেন।
যুবক বলিলেন, ‘মহাশয়, আপনাকে শত শত ধন্যবাদ। আপনার কৃপায় আমি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিয়াছি। যৎকিঞ্চিৎ আপনাকে পারিশ্রমিক স্বরূপ দিলাম। কিন্তু আপনি আজ আমার যে উপকার করিলেন তাহার কাছে উহা কিছুই নহে। আপনার ঋণ অপরিশোধ্য; চিরজীবন আপনার নিকট কৃতজ্ঞ রহিলাম।’
আমি তাঁহার প্রদত্ত একশত টাকার নোট গ্রহণ করিতে অস্বীকার করিলাম। তিনিও কোনমতে তাহা ফিরাইয়া লইতে চাহেন না। শেষে আমাকে তাঁহার সেই পীড়াপীড়িতে বিরক্ত হইতে দেখিয়া বলিলেন, ‘আপনি যদি একান্তই না গ্রহণ করেন, কোন দাতব্য চিকিৎসালয়ে দান করিয়া বাধিত করিবেন।’ বলিয়া চলিয়া গেলেন।
দ্বিতীয় পরিচ্ছেদ
ডাক্তারবাবুর কথা—ক্রমশ
এক সপ্তাহ কাটিয়া গেল, আর সেই অপরিচিত রোগীটির দেখা পাইলাম না। দ্বিতীয় সপ্তাহ অতিবাহিত হইল তথাপি সংবাদ নাই। তৃতীয় সপ্তাহের শেষে একদিন প্রাতঃকালে আমি আপনার শয়ন-প্রকোষ্ঠে বসিয়া একখানি সংবাদপত্র পাঠ করিতেছি, এমন সময় দ্বারবান আসিয়া সংবাদ দিল, আবার না কি সেই রোগশূন্য রোগী, উন্মত্তপ্রায় যুবক আসিয়াছেন।
তাঁহার কাণ্ডকারখানায় আমার মনে অতিশয় কৌতূহল হইয়াছিল; তখনই বহিবাটিতে গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলাম। প্রথমবার যেমনভাবে তাঁহাকে দেখিয়াছিলাম, এবারও তাহাই দেখিলাম। সেইরূপে সেই দক্ষিণ হস্ত সেই রেশমী রুমালে গলদেশে বাঁধা রহিয়াছে। সেইরূপ মুখমণ্ডল মলিন, যন্ত্রণাক্লিষ্ট, ম্লান। ললাট কুঞ্চিত, চক্ষু কালিমালেপিত নিষ্প্রভ; তাহার সেইরূপ ভাব দেখিয়া স্তম্ভিত হৃদয়ে আমি জিজ্ঞাসিলাম, ‘আবার কি হইয়াছে?’
যুবক উত্তর করিলেন, ‘ঠিক কাটা হয় নাই।’ স্বর অতি ক্ষীণ—অতি মৃদু, ‘আগেকার চেয়ে এখন যাতনা আরও বাড়িয়াছে, কিছুতেই আর সহ্য হইতেছে না। ইচ্ছা ছিল আর আপনাকে কষ্ট দিব না; মনে করিয়াছিলাম এই যন্ত্রণা হয়তো মাথায় কিংবা বুকে উঠিবে, তাহা হইলে যন্ত্রণাময় জীবনের সঙ্গে এ যন্ত্রণা ঘুচিয়া যাইবে। কই, তাহা হইল না, যেখানকার যন্ত্রণা ঠিক সেইখানে আছে, এক তিল নড়ে নাই। আমার মুখের দিকে ভাল করিয়া চাহিয়া দেখুন, তাহা হইলেই ঠিক বুঝিতে পারিবেন, আমার কত যন্ত্রণা হইতেছে।’
যুবকের বর্ণ গৌর হইলেও কে যেন সত্য সত্যই তাহার সর্বাঙ্গে কালি মাড়িয়া দিয়াছে। ললাট ঘর্মবিন্দুতে পূর্ণ হইয়া গিয়াছে। যন্ত্রণায় মধ্যে মধ্যে তাহার শ্বাস রুদ্ধ হইয়া যাইতেছে। ক্ষতস্থানের বাঁধন অতি সন্তর্পণে খুলিয়া ফেলিলাম। দেখিলাম ক্ষতস্থান নূতন মাংসে প্রায় পূর্ণ হইয়া আসিয়াছে; আশ্চর্যের কিছুই দেখিলাম না। হাত টিপিয়া নাড়ী দেখিলাম, অতি দ্রুত কিন্তু জ্বরের তো কোন প্রমাণই নাই।
আমি বিস্মিত হইয়া বলিলাম, ‘এমন আশ্চর্য ব্যাপার আমি কখন দেখি নাই।’
‘বড়ই আশ্চর্য কাণ্ড—বড় ভয়ানক; যাহাতে আমি এ দারুণ যন্ত্রণা হইতে শীঘ্র নিষ্কৃতি পাই তাহাই করুন, কি হইয়াছে কি না হইয়াছে দেখিবার কোন আবশ্যক নাই। এ ভীষণ যন্ত্রণা হইতে আমাকে নিস্তার করুন। এবারে বেশি গভীর করিয়া কাটিয়া দিন; বোধ করি তাহা হইলেই আমি সুস্থ হইতে পারিব।’
আমি এবার তাহার কথামত পূর্বাপেক্ষা গভীর করিয়া সেই স্থানে কাটিয়া দিলাম। মুখের দিকে চাহিয়া দেখিলাম, তখন তাঁহার সেই বিবর্ণীকৃত মুখমণ্ডলে আর কোন যন্ত্রণাব্যঞ্জক চিহ্ন নাই। ক্ষতস্থান দিয়া প্রবল বেগে রক্ত ছুটিতেছে; স্থির, সল্পনেত্রে তিনি তাহাই দেখিতেছেন।
তখনই আমি রক্ত বন্ধ করিয়া, ক্ষতস্থান বাঁধিয়া দিলাম। তিনি যাইবার সময় দুই একবার জোরে জোরে আশ্বস্তির নিশ্বাস ফেলিয়া বলিলেন, ‘এখন আর আমার কোন কষ্ট হইতেছে না। বেশ সুস্থ হইয়াছি।’
তৃতীয় পরিচ্ছেদ
পত্র—প্রথমাংশ
এ কথা আমি সহব্যবসায়ী বন্ধুদিগের দুই-চারিজনকে জানাইলাম। তাঁহারা শুনিয়া চমৎকৃত