
যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল
কিশোর পাশা ইমন
লেখালেখির ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে কোন উপাদান? অবশ্যই মৃত্যু! কাছের কিংবা দূরের কারও মৃত্যু।
আমার সর্বশেষ যে উপন্যাসটি প্রকাশ পেয়েছিলো (বাতিঘর প্রকাশনী থেকেই), তার নাম মৃগতৃষা। আমার এই উপন্যাস লিখার কথা ছিল না। সে সময় পরিচিত, তবে ঘনিষ্ঠতা নেই-এমন কারও পরিবারের একজনকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডটি আমাকে স্তব্ধ করে দেয়।
সেই সময় এক উপন্যাস নিয়ে কাজ করছিলাম; আমার ঘরের দরজার পেছনে, হোয়াইটবোর্ডের সবখানে সেই উপন্যাসের প্লট আর চরিত্ররা। ঘণ্টার পর ঘণ্টা যে আমি হোয়াইটবোর্ড আর দরজায় আটকে রাখা কার্ডবোর্ডগুলোর দিকে তাকিয়ে থাকতাম, মানুষটিকে হত্যা করার পর ওই আমি আমূল পাল্টে যাই। হোয়াইটবোর্ড নয়, ঘণ্টার পর ঘণ্টা বাতি নিভিয়ে বসে অন্ধকার শুন্যতার দিকে তাকিয়ে থাকি তখন। আমি চাইছিলাম, খুব করে চাইছিলাম, খুনিরা ধরা পড়ুক। কিন্তু খুনিরা ধরা পড়লো না। গলা পর্যন্ত হতাশায় ডুবে থাকতে থাকতে একদিন ঠিক করলাম, এই বিপর্যয় সামলাতে হলে আমাকে লিখতে হবে। দরজার পেছনটা দ্রুত খালি করে ফেলতে হলো, হোয়াইটবোর্ড মুছে ফেলা হলো। বিশ হাজার শব্দের মতো লিখে ফেলা একটা উপন্যাস চলে গেলো ‘অসমাপ্ত’ নামধারী ফোল্ডারে। তবে কিবোর্ডের সামনে আমি ফিরে গিয়েছিলাম, মৃগতৃষার জন্ম এভাবেই।
মৃগতৃষার পর আমি ঠিক করেছিলাম, স্রেফ সখের বশে উপন্যাস লিখবো না আর। উপন্যাস লিখতে হয় দীর্ঘ একটা সময় ধরে। এর মধ্যে নানা রকম ব্যস্ততা এসে পড়ে, যেহেতু প্রফেশনাল রাইটার নই। বিরতিসহ উপন্যাস লিখতে হলে গল্পের বিষয়টার ওপর তীব্র এক টান থাকতে হবে, নয়তো ভেতরে জ্বলতে হবে আগুন। কোনো উপন্যাস অর্ধেক লিখে যদি ঔপন্যাসিক আগ্রহ হারান-এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।
এরপর আমি সেই খবরটা শুনতে পাই। গত বছর, আরও একজন পরিচিত কিন্তু অচেনা কারও মৃত্যুর খবরটা যখন আমার কানে এলো-মেনে নিতে পারিনি। কোনোভাবেই মেনে নিতে পারিনি! মেনে নিতে না পারা পরিস্থিতিতে আমার পুরোনো ক্রাইং শোল্ডারস একদল কালো কালো বোতাম। কিবোর্ডে ফিরে এসেছি আরও একবার, বাস্তবতা থেকে আরও একবার লুকিয়ে পড়তে। অথচ এবার আমি লুকাইনি।
আমি চেয়েছি বাস্তবতাকে নিজে লিখতে। প্রকৃত বাস্তব আমার পছন্দ হচ্ছিলো না। পছন্দ না হলেও যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল লিখতে গিয়ে বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিনি। বরং প্রচেষ্টার পুরোটাই ছিল সত্য ঘটনাকেন্দ্রিক একটি উপন্যাস লিখে ফেলার। একশ সত্য ঘটনা যখন চলে আসে এক উপন্যাসে, তখন তা কেমন দাঁড়ায়? এটাই আমি দেখতে চেয়েছি। লোকজনকে বিরক্ত করেছি। এদিক ওদিক ছুটেছি। ব্রিতকর প্রশ্নবাণে কাউকে কাউকে জর্জরিত করেছি। যদি কেউ উপন্যাসের ভেতর কোনো সত্য ঘটনার ছাপ দেখতে পান, তবে ধরে নিতে পারেন ওটা আপনি ঠিকই ধরেছেন। আর যদি মনে হয় সবটাই গাঁজাখুরি, তবে তো পোয়াবারো-কাল্পনিক গপ্পো ভেবেই পড়বেন। এতে করে কিছুর আসবে যাবে না।
ঠিক যেমন মৃগতৃষা লেখার কারণে খুনিদের বিচার হয়নি, তেমনই যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল-এর কারণে প্রচলিত কোনো সমস্যার সমাধান হবে না। হীরকখণ্ডগুলোয় অবাধ বিচরণ চলবে কুকুরদলের। তাই বাস্তবতার সঙ্গে এর মিল পাওয়ার দরকার তেমন একটা নেই।
তাছাড়া, কল্পকাহিনী তো কল্পকাহিনীই, তাই নয় কি?
কিশোর পাশা ইমন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল,
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
রাজশাহী।
২৪-০১-২০১৮
.
মিথ্যে আর দুর্নীতি সময়ের সাথে অতি অবশ্যই উন্মোচিত হয়ে যায়, ইতিহাসে এদের কোনো স্থান নেই।
-নরোডম সিহানুক
সূচনা
মুহিবের মুখ লাল হয়ে আছে।
মুখ লাল হয়ে যাওয়ার পেছনে যথাযথ কারণ বর্তমান। সস্তাদরের এক মেসে এসে উঠার মাত্র তিনদিন হলো। ঢাকা ছেড়ে মফস্বলে এসে এমনিতেই অগণিত সমাধানের অযোগ্য সমস্যার মধ্যে পড়তে হয়েছে। টয়লেট পেপার কিনতে ছয় কিলোমিটার দূরে যেতে হয়। বাস-টাস থাকলে ছয় কিলোমিটার কোনো দূরত্ব না। তবে এই পোড়া মফস্বলে বাস চলে না। ব্যাটারিচালিত অটো ধরে টয়লেট পেপার কিনতে হয়েছে।
টয়লেট পেপারের সমস্যা মেটাতে মেটাতে সস্তাদরের মেসটা লোকজনে টইটম্বুর হয়ে গেলো। তিন দিন আগেও বেশ খালি খালি চেহারা ছিল জায়গাটার। মেস ম্যানেজারের নাম বাচ্চু। আগে থেকে এখানে যারা থাকতো তারা শুধু বাচ্চু বলে ডাকে না, বলে বাচ্চুদা। ম্যানেজার দাদা বিনয়ে বিগলিত হয়ে গেলেও অন্যরা আড়ালে মুখ টিপে হাসে।
মুহিব শক্ত মুখে জামা পরতে পরতে বাথরুম থেকে বের হয়ে এলো। তিনশ’ চৌদ্দের লিটু দরজা খুলে কচ্ছপের মতো মাথা বের করেছে। হাতে বালতি আর শুকনো চুল দেখে প্রশ্ন করলো, “কি রে, গোসল করলি না?”
লিটুর সঙ্গে মুহিবের পরিচয় হয়েছে গতকাল। মুহিবের রুম নম্বর তিনশ’ পনেরো। পাশের রুমে একজন ফার্স্ট ইয়ারের ছেলে পেয়ে খানিক খুশিই হয়েছে ও। এক রাতে হাড়ির খবর বের করে ফেলেছে। লিটুরা সাত ভাই, চার বোন। এটা যে দুই হাজার আঠারো সাল, তা বিশ্বাস হওয়ার জো নেই। পরিবার না, সাক্ষাৎ ফুটবল ক্লাব। দলের চারজন আবার প্রমীলা ফুটবলার প্রমীলা ফুটবলারদের বিয়ে দেওয়ার তোড়জোর করলেও বিশেষ সুবিধে হচ্ছে না। লিটুর বাবা থানা নির্বাহী অফিসার নন যে তার মেয়ের জন্য পাত্রের লম্বা লাইন পড়ে যাবে। তিনি একজন কৃষক, লিটুর ভাষ্যমতে “চাষাভূষো মানুষ”। চাষাভূষো মানুষের মেয়ের বিয়ে মুফতে হয়ে যায় না। মালপানি ঢালা লাগে। লিটুর বাবার মালপানি তেমন নেই।
মুহিবের মুখ এখনও লাল। শক্ত করে একবার ঘাড় নেড়ে নিজের ঘরে ঢুকে পড়লো সে। ঘর বললে অবশ্য জায়গাটিকে অনেক বেশি সম্মান দিয়ে ফেলা হয়। ঘরের ক্ষেত্রফল বেয়াল্লিশ বর্গফুট। একপাশে ছয় ফিট, আরেকপাশে সাত। একে বড়জোর কুঠুরি বলা যেতে পারে। বিমর্ষমুখে একটা সিগারেট ধরিয়ে টেবিলের ওপর থাকা ডেস্কটপটা অন করলো মুহিব।
মফস্বল এই শহরে ঢোকার পর থেকে সিগারেটটা খুব খাওয়া হচ্ছে। ঢাকাফেরৎ বলে টাকার সাগরে ভাসছে তেমন না। বাড়ি থেকে মাসের খরচ বাবদ পাঠানো হয় সাড়ে পাঁচ হাজার টাকা। তার মধ্যে ঘর আর খাবার ভাড়া বাবদ বাচ্চুদা বুঝে নেন সাড়ে তিন হাজার। দুই হাজার টাকায় মাস চালানো শক্ত কাজ। শক্ত কাজটা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে মুহিব। মন মেজাজ খারাপ থাকলেই ফস করে একটা সিগারেট ধরিয়ে ফেলা এখন কোনো কাজের কথা না। এখানে আসার পর থেকে নিয়মিত মন মেজাজ খারাপ থাকছে।
মন ভালো করার জন্য ইতিকে একটা ফোন দেওয়া যায়। মাউস নেড়ে ডেস্কটপের স্লিপ মুড সরাতে সরাতে ফোনটা কানে ঠেকালো মুহিব।
ফোন ধরলো ইতির মা, কঠিন কণ্ঠে জানতে চাইলেন, “কাকে চাই?”
বাড়তি শব্দ না করে ফোনটা কেটে দিলো মুহিব। ইতির মা ঢাকার এক কলেজে পড়ান। একেবারেই অপচয়। মুহিবের ধারণা এই ভদ্রমহিলা প্রাইভেট ডিটেকটিভ হিসেবে বেশি সাফল্য পেতেন। ওই সংসারের প্রতিটা মানুষের ওপর কড়া নজরদারি চালু রেখেছেন তিনি। সাক্ষাৎ সিকিউরিটি ক্যামেরা। বড় বোন মুনিয়ার সাথে এক ছেলের সম্পর্ক ছিল। তিন মাসের মধ্যে পাকড়ে ফেলেছিলেন। ইদানিং ইতির ফোন সুযোগ পেলেই ধরছেন।
ফোনটা টেবিলে রেখে ইন্টারনেটের কানেকশন দেখলো মুহিব। কচ্ছপও লজ্জা পাবে এমন গতি। মফস্বলে আর কতোটা আশা করা যায়? একহাতে সিগারেট টানতে টানতে আরেক হাতে দেওয়ালের হুকে ঝোলা শার্টগুলো বাছতে শুরু করলো সে। কপাল যখন খারাপ হয় তখন সোজা উঠোনেও নাচা যায় না। আজকে মনে হচ্ছে কপাল খারাপ। বাথরুম থেকে মুখ লাল করে বের হওয়ার সময়ই বিষয়টা বোঝা উচিত ছিল ওর। দিনটা তার নয়।
আজিজ মামার দোকানে গিয়ে কিছুক্ষণ বসে থাকা যায়। নতুন জায়গায় এসে মুহিব প্রথমেই একটা আড্ডা বের করে। প্রথমে সে ওখানেই আস্তানা গাঁড়বে, ধীরে ধীরে নতুন বন্ধুরা এসে ওর সাথে ওখানে যোগ দিতে থাকবে। এমন একটা দোকান হিসেবে পছন্দ হয়েছে আজিজ মামার দোকানটা তেমাথায় একসারি নষ্ট ট্রাকের পাশে নিশ্চল অবস্থান ওটার। তালাটা টেবিলের ওপর থেকে নিতে গিয়ে বিষয়টা লক্ষ্য করলো, নীল রঙের অন্তর্বাসটা টেবিলের নিচে পড়ে আছে।
মৃদু একটা গালি দিতে যাবে, টেবিলের ওপর রাখা ফোনটা বাজতে শুরু করলো। গালিটা মুখে ধরে রেখেই ফোনটা তুলে নিলো ও, ইতির নাম্বার। রিসিভ করে এক সেকেন্ড চুপ হয়ে থাকলো মুহিব। এটা সতর্কতামূলক
বিরতি। ইতির নাম্বার থেকে ফোন এসেছে মানে এই না কলার ইতিকেই হতে হবে। ইতির ভেক ধরে ওর গোয়েন্দা মা-ও হতে পারেন। শুনেছে মুনিয়া আপুর বয়ফ্রেন্ডকে এই পদ্ধতিতেই ধরা হয়েছে। কাঁচি জাল পদ্ধতি।
বয়ফ্রেন্ড বেচারা বলেছিলো, “জান, কি করো?”
ইতির মা মিহি গলায় বলেছিলেন, “শুয়ে শুয়ে তোমার কথা চিন্তা করি।”
“তাও ভালো তোমাকে একবারে পেলাম। আমি তো ভয়ে ছিলাম তোমার মা আবার ফোন না ধরে। ডেঞ্জারাস মহিলা!”
মুহিবের নেওয়া সতর্কতামূলক বিরতি কাজে দিয়েছে। ইতির গলাটা ফোনের ওপাশ থেকে শোনা গেলো, “হ্যালো তিতুন।”
মুহিব একটু হাসলো। এই সপ্তাহের জন্য ওদের কোডনেম তিতুন। এটার কথা নিশ্চয় ইতির মা জানবেন না? এই কোডনেম ঠিক করা হয়েছে ফেসবুকে। মুনিয়া আপুর বয়ফ্রেন্ড কোঁতানি খাওয়ার পর থেকে ওরা সতর্ক হয়েছে। কেউ দেখে শেখে আর কেউ ঠেকে। ওরা ঠেকে শেখার দলে কোনোদিনই ছিল না।
“ইতি, ভালো আছো?”
ফোনে কথা বললেও মুহিবের চোখ আটকে আছে টেবিলের নিচে। ওখানকার দৃশ্য তাকে বিব্রত করছে। পারলে ওখানে একটা নোটিশই টানিয়ে দিতো, হরর চলচ্চিত্রের শুরুতে যেমন লিখে দেওয়া থাকে “ভিউয়ার্স ডিসক্রেশন অ্যাডভাইজড : ডিস্টার্বিং পিকচার ইনসাইড।”
“খুব ভালো আছি। ভার্সিটিতে কি হয়েছে শুনবে? আমাদের এক প্রফেসর ইয়া গাবদা এক বই লিখে বসে আছে। বইয়ের পৃষ্ঠা কতোগুলা জানো? এক হাজার তিনশ চৌত্রিশ। সেই বই তিনি আমাদের দিয়ে কেনাচ্ছেন। বই না কিনলে সিজিপিএ টু-তে নামিয়ে দেবেন, উনার সোজাসাপ্টা কথা।”
“কি সর্বনাশ, তুমি ওই বই কিনেছো?”
বিরক্ত হলো ইতি, “কিনবো না? আমার সিজিপিএ সস্তা নাকি? তোমার মতো সরকারি ভার্সিটিতে তো পড়ছি না যে য্যানোতেনো একটা রেজাল্ট করলেই চলে গেলো। এখানে খরচ জানো? প্রতি সেমিস্টারে অ্যাডমিট হতেই লাগে ত্রিশ হাজার, কোর্স রেজিস্ট্রেশনের খরচ আছে, পরীক্ষার ফি আছে, এই অনুষ্ঠান ঐ অনুষ্ঠানের চার্জ আছে, হাতির ফ্যাসিলিটি ঘোড়ার ফ্যাসিলিটি আছে। এতো টাকা দেওয়া যায়? সিজিপিএ-টা ভালো রাখতে হবে না? তোমার মতো তো না যে ফ্রিতে পড়াশোনা করতে পারবো। ওয়েভার তো ম্যানেজ করতে হবে।”
মুহিব মফস্বলের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাওয়ার পর থেকেই এই ক্যানক্যানানি চলছে। ইতির গলায় অভিযোগের সুর থাকলেও প্ৰচ্ছন্ন এক ঈর্ষা মুহিব টের পায়। এটা ওকে বেশ কষ্ট দেয়। ঘটনা উল্টে যেতো যদি? মুহিব যদি আজ প্রাইভেট এক ভার্সিটিতে পড়তো আর ইতি সরকারিতে, ওকে কি ঈর্ষা করতো মুহিব? তা করবে কেন? মেয়েটা খুশি থাকলে, সফল হলে তো ওরই ভালো লাগতো। ইতি তাহলে এমন করে কেন ইদানিং? এসব প্রশ্ন মুখ ফুটে করাও যায় না। মনের মধ্যেই চাপা দিয়ে রাখতে হলো ওকে।
“তোমার খবর বলো। ওখানে গিয়ে খুব সিগারেট খাচ্ছো, তাই না? এই মুহূর্তেও নিশ্চয় হাতে একটা মশালের মতো জ্বালিয়ে রেখেছো?”
চোরের মতো বাম হাতের দিকে তাকালো মুহিব। একদম ঠিক ধরেছে মেয়েটা। এই দিক থেকে ইতির অনুমান ক্ষমতা একদম নির্ভুল। দ্রুত দরজার কাছে ফিল্টারটা ফেলে দিলো মুহিব, “আরে তেমন না। আগের চেয়ে একটা দুটো বেশি।”
“হয়েছে। হাত থেকে সিগারেট ফেলে বাহাদুরি দেখাতে হবে না। ওই সব ছাইপাঁশ খাবা কম। নাকি ছেলেমেয়ে নেওয়ার সখ নাই তোমার?”
“হুঁ।”
ইতির মাথায় খুব ভালোমতো ঢুকেছে বেশি সিগারেট খেলে পুরুষমানুষ সন্তান উৎপাদন ক্ষমতাহীন হয়ে পড়ে। সেই থেকে এ নিয়ে লড়ে যাচ্ছে সে। মুহিব আর সিগারেট একসাথে হলেই ইমোশনাল কথাবার্তা। শুরুতে অনাগত সন্তান নিয়ে ট