Home
বেঁচে উঠলেন ফাদার ঘনশ্যাম

বেঁচে উঠলেন ফাদার ঘনশ্যাম

অদ্রীশ বর্ধন

বেঁচে উঠলেন ফাদার ঘনশ্যাম

অদ্রীশ বর্ধন
thriller

Change color

সুনামের মতো একটা জিনিস ফাদার ঘনশ্যাম মণ্ডল মাঝে-মাঝে তারিয়ে তারিয়ে উপভোগ করেন। আবার এক-একটা সময় আসে, সুনামের আনন্দে বুঁদ হয়ে থাকতে পারেন না। অল্প সময়ের জন্য হলেও এইরকম ঘটনা তার জীবনে প্রায় ঘটে। কখনও তিনি কাগজে-কাগজে পৃথিবীর নবম আশ্চর্য হয়ে থাকেন, সাপ্তাহিকীর সমালোচনা স্তম্ভের বাগবিতণ্ডার মধ্যেও তাঁর ঠাই হয়ে যায়, ক্লাব আর ড্রইংরুমে তাঁকে নিয়ে মুখরোচক আড্ডা জমে–সেইসব আড্ডায় তার নিপুণ আর বুদ্ধিদীপ্ত গোয়েন্দাগিরির অনুপুঙ্খ বর্ণনা অত্যন্ত ভুলভাবে পরিবেশন করা হয়। আর এই জিনিসটা বেশি করে ঘটে এই পশ্চিমবঙ্গেই। ফাদার ঘনশ্যামকে যারা জানে, তাদের কাছে এই গপ্পোগুলো বেশ বেখাপ্পা আর অবিশ্বাস্য মনে হয়। তা সত্ত্বেও, ডিটেকটিভ হিসাবে ফাদার ঘনশ্যামের অ্যাডভেঞ্চার কাহিনি অনেক ম্যাগাজিনেই বেরচ্ছে।


আশ্চর্য এই যে, ভ্রাম্যমান এই বহুল প্রচারিত আলোকবর্তিকা দীপ্যমান হলেন অতি প্রত্যন্ত এক অঞ্চলে সুদূরের সেই অঞ্চল তাঁর নিবাস থেকে বহু-বহু দূরে। তাকে একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল বিশেষ সেই জায়গায়। কাজটা মিশনারী বিষয়ক বটে, আবার গ্রাম্য গির্জা বিষয়কও বটে। জায়গাটা ভারতের একদম উত্তর-পশ্চিমাঞ্চলে। যেখানে স্বাধীনতাকামী উপজাতীয়রা নিত্য সংঘর্ষ আর চোরাগোপ্তা খুন-জখম যেন তেন প্রকারেণ চাগিয়ে রেখেছে, যেখানকার সন্ত্রাসবাদে গোপনে মদত দিয়ে চলেছে ভারতের বাইরের রাষ্ট্রশক্তিরা–ভারতকে ছিন্নবিচ্ছিন্ন আর দুর্বল করার প্রয়াসে। সব রকম গাত্রবর্ণের মানুষই এখানে থাকে সাদা, কালো, হলদেটে। পর্যটন পিয়াসীরা প্রায় সারা বছর টহল দিয়ে যায় সেখানে কারণ, জায়গাটাকে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ভারতের দ্বিতীয় ভূস্বর্গ বলা চলে।



গোলমালটা শুরু হল এইরকমই এক পর্যটককে নিয়ে। দ্বিতীয় ভূস্বর্গে পা দিয়েই তিনি তার একটা ব্যাগ হারিয়ে ফেলেছিলেন। ভীষণ বিরক্ত, ভীষণ ক্রুদ্ধ হয়ে তিনি ঢুকে পড়লেন প্রথমেই যে বাড়িটা দেখলেন, সেই বাড়ির মধ্যে।


বাড়িটা সেই অঞ্চলের মিশন-হাউস, গ্রাম্য-গির্জা রয়েছে পাশেই। বাড়ির সামনে টানা লম্বা বারান্দা। সারি-সারি পোঁতা খুঁটি পাক দিয়ে বেড়ে উঠেছে কালো আঙুর–পাতায় ম্যাড়মেড়ে লালচে ভাব। এর ঠিক পেছনে একইভাবে সারবন্দি ভাবে বসে রয়েছে সিধে শক্ত খুঁটির মতো অনেকগুলো মানুষ–গায়ের রং তাদের আঙুর ফলের মতোই কালো। তাদের কারোরই চোখের পাতা পড়ছে না। চামড়ায় লেগে আছে যেন বৃষ্টিবনের গাছের শ্যাওলা। এদের অধিকাংশ লম্বা বিড়ি টানছে– ছোট চুরুট বলা যায়। ছোট্ট এই দলে ধূমপানই একমাত্র নড়াচড়ার চিহ্ন। পর্যটক মহাশয়ের বর্ণনায় এরা নিছক উপজাতি ছাড়া কিছু নয়। যদিও এদের কয়েকজন মহাভারতের মধ্যম পাণ্ডবের বংশধর বলে দাবি করে।


ভদ্রলোক কলকাতায় থাকেন। একটি দৈনিক সংবাদপত্রের সাংবাদিক। ছিপছিপে তনু, চুল ফঁকা-ফাঁকা, অসাধারণ নাক। অ্যাডভেঞ্চারাস এই নাক দেখলেই মালুম হয় পিঁপড়ে-খেকো প্রাণী যেমন তার দীর্ঘ নাকের ডগা দিয়ে পরখ করে নেয় সামনের পথ ঠিক আছে কিনা, ইনিও সেই বিদ্যায় বিলক্ষণ রপ্ত। সংবাদ নাকি সাংবাদিকদের কাছে দৌড়ে চলে আসে। ইনি এঁর নাকের ডগা দিয়ে সংবাদ টেনে নেন, যাচাই করেন, তারপর ছেপে দেন।



আশ্চর্য এই পুরুষের নামটাও। নাক উঁচু করে চলবেন ভবিষ্যতে, নামকরণের সময়ে তাঁর বাবা-মা বোধহয় সেই তথ্য অবগত ছিলেন–তাই তার নাম রেখেছিলেন–নাকেন্দ্র। পরে নিশ্চয় তারা ধ্যানযোগে উপলব্ধি করেছিলেন, এহেন নামের অধিকারী হয়ে পুত্রকে বিস্তর প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই তারা অন্য একটা নাম দেন-বরেন্দ্র। যৌবন উপস্থিত হওয়ার পর বরেন্দ্র জানতে পারলেন, দুটি কারণে তিনি কোনও মহিলার বর হতে পারছেন না। এক, তার অ্যাডভেঞ্চারাস নাক– দুই, তাঁর বরেন্দ্র নাম। নাক ছাঁটাই করা সম্ভব নয়। তাই তিনি নাম ছাঁটাই করলেন। বর বাদ গেল, হয়ে গেলেন শুধু ইন্দ্র। যদিও নামের দৌলতে ঋগবেদের প্রধান দেবতার একটি ছাড়া কোনও গুণই তিনি অর্জন করতে পারলেন না। যেটি পারলেন, সেটি হল, অন্যান্য সাংবাদিকদের ওপর ছড়ি ঘোরানো। যেমন করতেন দেবরাজ–দেবতাদের ওপর কর্তৃত্ব।


এঁর উন্নাসিকতা একটি ব্যাপারে তাকে উগ্রপন্থী করে তুলেছিল। ধর্মচর্চা তোক স্বতঃস্ফূর্ত– তা যেন থাকে সংগঠনের বাইরে। দেবালয় ছিল তাঁর দু-চক্ষের বিষ, সাংগঠনিক ধর্ম প্রচারের ব্যাপারে তাঁর কলম থেকে অ্যাসিড ঝরে। এহেন মানসিকতার মানুষ যখন ব্যাগ হারিয়ে ক্ষিপ্ত হন এবং প্রথম বাড়িটাকেই দেখেন মিশন-হাউস, তখন তার ওপর উগ্রচণ্ডীর ভর হওয়া স্বাভাবিক। গোদের ওপর বিষফোঁড়ার মতো তিনি দেখলেন বিলকুল নিষ্কর্মা এবং ধরণী সম্পর্কে সম্পূর্ণ উদাসীন কয়েকটি মানুষ নিমগ্নচিত্তে বিড়ি সেবন করছে কাষ্ঠ পুত্তলিকাবৎ। অগ্নিতে ঘৃতাহুতি প্রদানের মতোই চিড়বিড় করে উঠলেন ধ্যানস্থ ধূমপায়ী ওই কয়েকজনের ওপর। নির্লজ্জভাবে সময়ের এহেন অপব্যবহার যে নিদারুণ অদক্ষতার লক্ষণ, তা জ্বালাময়ী ভাষায় প্রকাশ করতে কসুর করলেন না। অতঃপর তিনি যে প্রশ্নবাণটি নিক্ষেপ করলেন, সেটি তাঁর প্রিয় ব্যাগঘটিত। প্রিয় বস্তু ফিরিয়ে আনার তিলমাত্র উদ্যোগ না দেখিয়ে ধূমপায়ী কজন যখন ধূমপানকেই ধ্যানযোগের প্রথম ধাপ বলে বিবেচনা করল এবং বাক্যহারা হয়ে রইল–তখন তিনি বাগবিস্তারের গুরুদায়িত্ব নিজের কাঁধে রাখলেন এবং একাই কথা বলে গেলেন।



কল্পনার চোখে দেখে নিন, প্রখর রোদ্দুরে দাঁড়িয়ে কয়েক বিঘৎ লম্বা পেরেকের মতো সিধে একটা লোক গলা চড়িয়ে কথাই বলে যাচ্ছেন, তার পোশাক অতীব পরিচ্ছন্ন, ইস্পাতকঠিন মুঠোয় ঝুলছে একটা ব্রিফকেস। ছায়ায় সমাসীন নিষ্কম্প কয়েকটি মানুষকে লক্ষ করে তিনি অনর্গল বকে চলেছেন। উচ্চকণ্ঠে অতি যত্নে তিনি প্রথমে ব্যাখ্যা করেছিলেন কীভাবে ধূমপায়ী পুরুষ কজন এমন অলস আর কদর্য হয়ে উঠেছে। এদের এই পশুবৎ আচরণ চূড়ান্ত তামসিকতার লক্ষণ এবং এরা পশুর চাইতেও অধম। অনেক আগেই নিজেদের এহেন আদিম বর্বরতা এদের বোঝা উচিত ছিল। বক্তার ধারণা, পাদরিদের অনিষ্টকর প্রভাব রয়েছে এর মূলে। এই একটি কারণে এতগুলি লোক। দারিদ্রের চরম সীমায় পৌঁছেছে, চূড়ান্তভাবে নির্যাতিত হয়েছে এবং উপায় না পেয়ে ছায়ায় বসে অনর্গল ধূমপান করে চলেছে।


তাঁর জ্বালাময়ী বক্তৃতার শেষাংশ ছিল এইরকম, অত্যন্ত নরম প্রকৃতির মানুষ তোমরা, তাই তোমাদের পায়ে মাড়িয়ে যাচ্ছে মুকুটধারী পাদরিরা, তাদের গায়ে ঝকমকে সোনার আলখাল্লা, তোমাদের পরণে ছেঁড়া পোশাক। অত্যাচারীর ভূমিকায় থেকে এরা ফেটে পড়ছে আত্মম্ভরিতায়। ঠকিয়ে যাচ্ছে তোমাদের ঝকমকে ক্রাউন, চাদোয়া আর পবিত্র ছাতার ঐশ্বর্য দেখিয়ে, তোমরা বোবা বনে রয়েছ এদেরই সামনে। ভাবছ এবং তোমাদের ভাবানো হয়েছে–এরাই নাকি ধরণীর রাজা, আকাশ থেকে নেমে এসেছে তোমাদের ভালো করার জন্যে। কতখানি ভালো হয়েছে তা আয়নায় নিজেদের দেখলেই হাড়ে হাড়ে টের পাবে। নিজেদেরই কান্না পাবে। বড়-বড় কথা আর জাঁকজমক দেখিয়ে তোমাদের ভুলিয়ে রাখা হচ্ছে বলেই আজ তোমাদের এই হাল হয়েছে। বর্বরতার পর্যায়ে নেমে এসেছ, লিখতে জানো না, পড়তেও জানো না–



ঠিক এই সময়ে পাদরিসাহেব স্বয়ং বেরিয়ে এলেন মিশন-হাউসের বাইরে। নিতান্ত দীনহীন পোশাকে। প্রায় ছুটতে ছুটতে এলেন। তাঁর মাথায় নেই স্বর্ণকিরীট, অঙ্গে নেই মহার্ঘ বস্ত্র। চালচলন মর্যাদাব্যঞ্জক নয় মোটেই। বরং তার বিপরীত। গগন থেকে খসে পড়া ধরণী-সম্রাট মনে হওয়া দূরে থাক, প্রথম দর্শনেই তাকে নিতান্ত হাঘরে মানুষ বলে মনে হয়। অন্যের ব্যবহার করা কালো আলখাল্লায় মোড়া যেন একটা বেঢপ বান্ডিল। মাথায় মুকুট- ফুকুটের বালাই নেই। চকচক করছে টাক। হোঁকা আকৃতি নিয়ে তিনি বিষম বেগে বেরিয়ে নিস্পন্দ ধূমপায়ীদের কী যেন বলতে গেলেন, কিন্তু আগন্তুককে দেখেই দ্রুতস্বরে বললেন–


আরে! আরে! বলুন কীভাবে সাহায্য করতে পারি। ভেতরে আসতে পারেন–স্বচ্ছন্দে।


ভেতরে এলেন সাংবাদিক ইন্দ্র। বিবিধ বিষয়ে তার জ্ঞানবৃদ্ধিও ঘটতে লাগল তখন থেকে। ধরে নেওয়া যেতে পারে, পূর্ব ধারণার চাইতে শক্তিশালী ছিল ভদ্রলোকের সাংবাদিক-কৌতূহল আর সহজাত প্রবৃত্তি। সেয়ানা সাংবাদিকদের যা অবশ্যই থাকে। প্রচুর প্রশ্ন করে গেলেন। জবাব শুনে চমৎকৃত হলেন। আগ্রহ আরও বৃদ্ধি পেল। যা ছিল তার বক্তৃতার পাদদেশে–অর্থাৎ কেলে মর্কট মানুষগুলো লিখতে জানে না, পড়তেও জানে না–এই ব্যাপারেই আবিষ্কৃত করলেন যে তথ্য, তা তাঁর পূর্ব ধারণা নস্যাৎ করে ছাড়ল। এরা সবাই দিব্বি লিখতে পারে, চমৎকার পড়তে পারে। কারণ একটাই। বেঢপ চেহারার এই পাদরি নিজে তাদের লিখতে পড়তে শিখিয়েছেন। কিন্তু কেউই এই দুটোর ধার ধারে না। তার কারণ আছে। ওরা কথা বলতে ভালোবাসে। কথার মাধ্যমেই শেখে, কথার মাধ্যমে শেখায়, কথার মাধ্যমেই বোঝায়। স্রেফ প্রাকৃতিক পন্থা তাদের বেশি পছন্দসই। সাংবাদিক মশায় আরও জানলেন, এই যে অদ্ভুত মকুটে মানুষগুলো আবলুস কাঠের তৈরি পুতুলের মতো চুপচাপ বসে, মাথার এক গাছি চুলও না নাড়িয়ে, অপদার্থ অলসের মতো এক নাগাড়ে লম্বা বিড়ি টেনে যাচ্ছে–এরা প্রত্যেকেই অত্যন্ত কর্মঠ নিজস্ব জমিতে। সাংবাদিকের বিস্ময় আরও বেড়ে গেল যখন জানলেন, ভিখিরির মতো দেখতে হলেও ওদের প্রত্যেকের নিজেদের চাষ-আবাদের জমিজমা রয়েছে। অর্থাৎ দারিদ্র্য কী জিনিস, তার স্বাদ এখনও পায়নি। এরা গতর খাটায়, অল্পে সন্তুষ্ট হয়, বাকি সময়টা প্রতিবেশীদের মঙ্গল চিন্তা করে এবং অত্যন্ত সুখী জীবনযাপন করে। জমিজমার মালিক হওয়ার ব্যাপারে পাদরি সাহেবের অবদান আছে সামান্য এবং পলিটিক্সে শুধু এই ক্ষেত্রেই তিনি নাক গলাতে বাধ্য হয়েছেন। বংশ পরম্পরায় এরা জমি ভোগ করে এসেছে। পাদরি সাহেব শুধু দেখেছেন, বংশধরদের কেউই যেন জমি নেই বলে গা ঢালা দিয়ে কাটায়। জমি পাইয়ে দিয়েছেন প্রত্যেকেই। স্থানীয় পলিটিক্সে এইটাই সর্বশেষ হস্তক্ষেপ। নাস্তিকদের আধিপত্য এখানে বেড়েই চলেছে। তাদের প্রচার বিজ্ঞানকেন্দ্রিক। ফলাও করে বিজ্ঞান যুক্তিনিষ্ঠ সংগঠনরা জানিয়ে যাচ্ছে, ভগবান টগবান কিছু নেই। চার্বাকনীতি অনুসরণ করো। পরলোকের কথা না ভেবে ইহলোকেই গুছিয়ে নাও। ঠাকুর দেবতাদের নিয়ে ব্যবসা, তা লাটে তুলে দাও। দৈব ঘটনা, অলৌকিক ঘটনা–এসব ধর্মব্যবসায়ীদের বাকতাল্লা–একদম কান দেবে না। জানবে, সবই বিজ্ঞাননির্ভর। বিজ্ঞানে যার ব্যাখ্যা হয় না, বুজরুকি দিয়েও তা মগজে ঢোকানো যায়। ব্যাখ্যা একটা কোথাও আছে, বিজ্ঞান সেই ব্যাখ্যার নাগাল ধরে ফেলবেই। সেদিনই বুঝবে দৈব মাহাত্ম স্রেফ বোলচাল, ধর্মের নামবলী গায়ে দিয়ে লোক ঠকানোর কারবার।



একটা গুপ্ত সমিতির অভ্যুদয় ঘটেছে স্থানীয় পলিটিক্সের এহেন গোলমেলে পরিস্থিতিতে। মাঝে-মাঝে দাঙ্গা বাধাচ্ছে এই সমিতি বিজ্ঞান আর সমাজ কল্যাণের অজুহাতে। প্রচলিত বিশ্বাস আর সংস্কারের এক তীব্র সমালোচক এই সমিতির কর্ণধার। নাম তার আলভারেজ। পূর্বপুরুষ ছিলেন পর্তুগীজ। রক্তের গরম এখনও তার ধমনিতে বইছে। নিন্দুকরা অবশ্য বলে, নিগ্রো রুধির কিঞ্চিৎ পরিমাণে মিশেছে তার ধমনীতে। ভদ্রলোক সুসংগঠক। এ জায়গার বেশ কয়েকটা লজ আর মন্দিরের একচ্ছত্র অধিপতি, সেসব জায়গায় গোপনে চলে নাস্তিকতার আরাধনা কাজকর্ম বিলক্ষণ হেঁয়ালিপূর্ণ।


রক্ষণশীল যারা, তারা সংগঠিত হয়েছে যে ব্যক্তির ছাতার তলায় তিনি বিলক্ষণ বিত্তবান পুরুষ। বেশ কয়েকটা কারখানার মালিক। পয়সা আছে, মানসম্মানও আছে। তবে তার নাম শুনলেই লোকে চনমনে বোধ করে না। নিজে সম্ভ্রান্ত হয়েও পাঁচজনের সঙ্গে মিশে থাকেন। নাম তার রঞ্জুলাল। রঞ্জুলাল যদি উঠেপড়ে না লাগতেন এবং মিশন-হাউসের পাদরির সঙ্গে হাত না মেলাতেন তাহলে এখানকার সব চাষি জমির মালিক হতে পারত না। ফাদার ঘনশ্যাম মণ্ডল সুকৌশলে এই ব্যক্তিকে দিয়ে মস্ত এই কাজটা করাতে পেরেছেন বলেই দাঙ্গাহাঙ্গামা এখানে কমে গেছে-শান্তি-শৃঙ্খলা বহাল রয়েছে।


সাংবাদিক ইন্দ্রকে এইসব কথা যখন বলে যাচ্ছেন ফাদার ঘনশ্যাম, সেই সময়ে রক্ষণশীল নেতা রঞ্জুলাল ঢুকলেন ঘরে। ভদ্রলোক কৃষ্ণকায় পুরুষ। অস্বাভাবিক পেটমোটা। গোটা শরীরটায় যেন হাওয়া ঢুকিয়ে ফুলিয়ে টানটান করা হয়েছে–ফুটবলে যা করা হয়। টোকা মারলেই বুঝি টং করে আওয়াজ হবে। তার মুখ গোল, গালে আর চিবুকে প্রচুর মাংস, কি

**********
No Review
Related Books
Loading books…