
নীল রুমাল – প্রণব রায়
রঞ্জিত চট্টোপাধ্যায়
বাড়িটা শহরের একটেরে—সীমানার বাইরেও বলা যায়। হঠাৎ দেখলে একটা সাবেককেলে গীর্জা বলে মনে হয়। খুঁজে খুঁজে এই বাড়িটাতে নিশীথ তার স্টুডিও করেছে।
শহরের কলরব-ব্যস্ততার থেকে দূরে, একান্তে বসে কাজ-কারবারের পক্ষে এই প্রাচীন নিরিবিলি বাড়িটা নাকি চমৎকার। তাছাড়া আশেপাশে একটা জংলা আভাসও আছে। বাড়িটার চারপাশ ঘিরে অনেকটা জমি— সাবু আর বড় বড় দেবদারু গাছে ভর্তি। পিছন দিকে বড় গোছের একটা খালও আছে। এককালে নাকি এই খালপথে বড় বড় ছিপ অন্ধকার রাত্রে নিঃশব্দ কুমিরের মত ভেসে চলত শিকারের সন্ধানে। শোনা যায়, তারা নাকি চট্টগ্রাম থেকে ছটকে-আসা জলদস্যুর দল। কিন্তু সে বহু বছর আগেকার কথা।
এখন সপ্তাহে একবার করে গঞ্জ-ফেরৎ ব্যবসায়ীদের নৌকো ছাড়া খালের জলে আর কিছুই দেখা যায় না।
নিশীথ কিন্তু এই পাণ্ডববর্জিত জায়গাতেই একটা স্টুডিও খুলে বসেছে। নামকরা শিল্পী সে—তৈলচিত্র আর প্লাস্টারের মূর্তি গড়ায় আন্তর্জাতিক খ্যাতি আছে তার। অদ্ভুত প্রকৃতির লোক এই নিশীথ। তার বহু ছবি, বহু মূর্তি দেশ-বিদেশের প্রদর্শনীতে পুরস্কার লাভ করেছে, প্রচুর দামে বিক্রি হয়েছে। শিল্পরসিক বহু নরনারী তার শিল্পকে দেখেছে, তারিফ করেছে, কিন্তু শিল্পীকে বিশেষ কেউই দেখতে পায়নি। কত অভিনন্দন-সভা থেকে আমন্ত্রণ এসেছে—নিশীথ সাড়া দেয়নি, কত অনুরাগীর আসরে উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ এসেছে— অসুস্থতার অজুহাতে সে উপস্থিত হয় নি। এমন কি নিজের ছবি একখানা— তাও সে কোনদিন আঁকে নি।
নিশীথের এই আত্মগোপনের রহস্য আর কেউ না জানলেও একটি মানুষ জানত। সে ‘রোমাঞ্চ’র বিখ্যাত গোয়েন্দা প্রতুল লাহিড়ী। পাঠক-পাঠিকারা এতক্ষণে নিশ্চয়ই অপরাধের গন্ধ পেয়ে সচকিত হয়ে উঠেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে, নিশীথের আত্মগোপন-রহস্যের মধ্যে অপরাধের লেশমাত্র গন্ধ নেই। আসলে ব্যাপারটা হচ্ছে এই: নিশীথ লোকটা দেখতে অত্যন্ত কুৎসিত— শুধু কুৎসিত নয়, একেবারে হত-কুৎসিত। মুখখানার গঠন অনেকটা এপ ম্যান বা গরিলার মতন। হাত দুটো অস্বাভাবিক দীর্ঘ এবং রোমশ। সারা জীবন যে সুন্দরের পুজো করে আসছে, তার প্রতি সৌন্দর্য-দেবতার কেন যে এতখানি অকরুণ উপেক্ষা—তা বোধ করি ভগবানই জানেন। কিন্তু নিজের কদাকার চেহারার জন্যে নিশীথের লজ্জা-বেদনা-অভিমানের অন্ত ছিল না। তার শিল্পকলার নিদর্শন দেখে কত অনুরাগিনী নারী অনুরাগ-পত্র পাঠিয়ে তার দর্শনপ্রার্থীনী হয়েছে। প্রথম প্রথম দু-একজনকে সে আসতেও লিখেছিল। কিন্তু দেখা হলে কেউ-বা তাকে মনে করেছিল ভৃত্য, কেউ-বা আতঙ্কে চিৎকার করে পালিয়ে গিয়েছিল। সেই থেকে নিশীথ লোকচক্ষুর অন্তরালে এই নির্জনবাস বেছে নিয়েছে। সেই থেকেই বিখ্যাত শিল্পী নিশীথের আত্মগোপনের পালা শুরু। প্রতুল তার বাল্যবন্ধু। বন্ধুর জীবনের এই মর্মান্তিক ট্র্যাজেডি তার অন্তরকে স্পর্শ করেছিল। তাই এই নির্জনবাসের মধ্যে প্রতুলই নিশীথের একমাত্র অবসর-সঙ্গী।
সেদিনও সন্ধ্যের পর প্রতুল এসেছিল স্টুডিওতে। বাইরে শীতের রাত কুয়াশায় থমথম করছে। মাঝে মাঝে ঝড়ো বাতাসও দিচ্ছে। দেবদারু-শাখাপুঞ্জের ভেতর দিয়ে তার অতৃপ্ত আত্মার আক্ষেপের মত আওয়াজ শোনা যাচ্ছে।
পাইপটা আর একবার ধরিয়ে প্রতুল বলল, হুঁ—কি বলছিলে, স্বপ্নের কথা! মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যে স্বপ্ন দেখে, তার সঙ্গে অবচেতন মনের সংযোগ আছে। কথাটা সোজা করে বলি। মানুষের গোপন ইচ্ছা, গোপন বাসনা অনেক সময় তার স্বপ্নের রূপ ধরে ওঠে। যেমন ধর, তুমি গায়ক নও, অথচ গান অত্যন্ত ভালবাসো, গান গাইবার একটা গুপ্ত ইচ্ছাও আছে প্রবল। তুমি কোনদিন স্বপ্নে দেখতে পার যে, বিরাট সভায় বসে গান গাইছ—লোকে তোমার অজস্র প্রশংসা করছে। অবশ্য মনোবিজ্ঞানীরা বলেন, সব জিনিসেরই ব্যাখ্যা আছে।
থাক তোমার মনোবিজ্ঞানীদের কথা! স্বপ্নের মাঝে এমন কিছুও ঘটে, বিজ্ঞান দিয়ে যার ব্যাখ্যা চলে না, যা নিতান্ত অস্বাভাবিক। —একটা অসমাপ্ত নারীমূর্তি নিয়ে নিশীথ কাজ করছিল প্রতুলের দিকে পিছন ফিরে। পিছন ফিরেই সে এই কথাগুলো বলল।
প্রতুল মৃদু হাসল।
গোয়েন্দাগিরি করতে করতে শেষ অবধি এই জেনেছি যে, অস্বাভাবিক বলে দুনিয়ায় কিছুই নেই। লোকের মুখে-মুখে শুনে বা খবরের কাগজের রিপোর্টে পড়ে যে ঘটনাটা অস্বাভাবিক বলে মনে হয়, বিশেষ পরিবেশ বা অবস্থার মাঝে তাকে দেখলে নিতান্ত স্বাভাবিক বলেই মনে হয়। কেননা, জীবনে ভালটাও যেমন স্বাভাবিক, তেমনি মন্দটাও ঠিক ততখানি স্বাভাবিক নিশীথ!
কিন্তু স্বপ্ন?—নিশীথের হাতের কাজ হঠাৎ থেমে গেল। স্বপ্ন তো ঘটনা নয়, স্বপ্ন জিনিসটাই অবাস্তব। অবাস্তবের ব্যাখ্যা তুমি কি করে করবে প্রতুল?
আগে স্বল্প-কাহিনীটা শুনি, তারপর নাহয় চেষ্টা করা যাবে ব্যাখ্যা করবার।
নিশীথ আবার কাজে হাত লাগিয়ে বলল, তুমি যুক্তি-তর্কবাগীশ মানুষ, তোমার কাছে আমার এই স্বল্প-কাহিনী হয়তো আষাঢ়ে গল্পের মত মনে হবে।
মন্দ কি!—সোফার হাতলের ওপর পা দুটো তুলে দিয়ে, পাইপে আরাম করে একটা টান দিয়ে প্রতুল বলল, শীতের এই ঠাণ্ডা রাতে আষাঢ়ে গল্প জমবে ভাল। আজকের মত কাজ বন্ধ করে গল্প শুরু করে দাও।
নিশীথ বলল, ভেবেছিলাম আমার স্বপ্নের কথা কোনদিন কাকেও বলব না। কারণ, এ কাহিনী যত মধুর তত ভয়ঙ্কর। সবচেয়ে সেরা মদ আর সবচেয়ে উগ্র বিষ এক সঙ্গে মিশিয়ে খেলে যা হয়, সে-স্বপ্নের কথা মনে পড়লে আমার অবৃস্থাও হয় ঠিক তেমনি। সে যে কী অদ্ভুত অনুভূতি, তা তোমায় বলে বোঝাতে পারব না প্রতুল। আনন্দ যে এত যন্ত্রণাদায়ক হয়, আগে তা জানতাম না। বলি শোন প্রতুল।
হাতের যন্ত্র ফেলে দিয়ে নিশীথ এতক্ষণে ধীরে ধীরে প্রতুলের দিকে মুখ ফেরাল। এতক্ষণ যে ঝোলান আলোটার নিচে নিশীথ কাজ করছিল, সেটা এখন তার পেছনে। তার পরিবর্তে নিশীথের মুখে পড়েছে—প্রতুলের সামনে টেবিলের ওপর যে রিডিং-ল্যাপ, তারই মৃদু আলো। সে আলোটা নিচু দিক থেকে মুখে পড়ায়, তার গরিলাকৃতি মুখখানা যেন সত্যিই পশুর মত বীভৎস হয়ে উঠেছে।
প্রতুল স্থির দৃষ্টিতে চেয়ে রইল। বাইরে শীতের ঝড়ো হাওয়ার আর্তনাদ একটা ভোলা জানলা দিয়ে ঘরে আসছে। দুলছে ঘরের ঝোলান আলোটা, আর আলো-আঁধারির বিচিত্র ঢেউ খেলে যাচ্ছে দেওয়ালে-দেওয়ালে।
আজও সেই স্বপ্নের কথা মনে হলে আমি যেন কিরকম হয়ে যাই প্রতুল। কেমন একটা অস্থির আতঙ্ক আমায় যেন পাগল করে দেয়। মনে হয়, সারা জীবন বুঝি এ-যন্ত্রণা ভোগ করে কাটাতে হবে।
বলতে বলতে নিশীথ এগিয়ে এসে প্রতুলের সামনে বসল। ধীরে ধীরে তার মুখের পাশব-ভাব বদলে গিয়ে প্রশান্ত হয়ে গেল। চোখদুটো আস্তে আস্তে এল বুজে। হাত দুটো জোড় হয়ে বুকের কাছে উঠে এল। নিশীথ বলতে লাগল, কিন্তু অসীম করুণা ভগবানের, আমার এ ভাব কয়েক মুহূর্তের বেশি থাকে না। যখন মনে পড়ে যায়, স্বপ্ন শুধু স্বপ্নই, তখনই নিশ্চিন্ত প্রশান্তিতে মন আবার সুস্থ হয়ে ওঠে।
প্রতুলের পাইপটা নিভে গিয়েছিল। কিন্তু তার স্থির দৃষ্টি তখনও নিশীথের মুখের ওপর। ছাই ঝাড়বার জন্যে পাইপটা ঠুকতেই নিশীথ যেন ধ্যান থেকে জেগে উঠল।
মৃদু গম্ভীর গলায় ধীরে ধীরে সে বলতে শুরু করল: ঠিক এক বছর আগেকার কথা। তারিখটা ছিল আজকেরই মতন ১৩ই ডিসেম্বর আর রাতটাও ছিল ঠিক এমনি ঝড়ো, কনকনে। পরের দিনই একখানা পোরট্রেট সম্পূর্ণ তৈরি করবার কথা ছিল। কেননা, সেখান জাহাজে করে বিদেশে যাবে। তাই স্টুডিওতে সারাদিন কাজ করে ছবিখানা যখন শেষ করলাম, তখন সন্ধে উৎরে গেছে। সারাদিন একনাগাড়ে চোদ্দ পনের ঘণ্টা কাজ করে ক্লান্তিতে শরীর যেন ভেঙে পড়েছিল। সেদিন তুমিও আসোনি প্রতুল। খানিকক্ষণ গল্প করে কাটাবারও সময় ছিল না তখন। ভাবলাম, আজ সকাল-সকাল বিশ্রাম নেব। ক্লান্তিতে বাড়ি ফেরারও উৎসাহ ছিল না, যদিও বাড়ি আমার স্টুডিও থেকে আধ মাইল দূরে। নেপালী চাকরটাকে এক কাপ কফি আর দু’টুকরো রুটি দিতে বলে রাত্তিরের মত তাকে ছুটি দিয়ে দিলাম। স্টুডিওর চাবি আমাকে দিয়ে সে তার ঘরে চলে গেল। তুমি জানো, এ হলটার পশ্চিম দিকে যে ছোট ঘরখানা, সেখানে একখানা লোহার খাটে আমার বিছানা সব সময় পাতা থাকে— কাজের ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম নেবার জন্যে। কফি আর রুটি খেয়ে কোনরকমে বিছানায় গিয়ে শুয়ে রইলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, ঘুম ভেঙে গেল দেবদারুর শাখায় শাখায় ঝড়ো হাওয়া আর কাতরানি শব্দে। বাইরে শীতের রাত ঘন কুয়াশায় ঠিক এমনি থমথম করছে।
ঘুম ভেঙে যেতে ইচ্ছে হল, পোরট্রেটটাকে একবার ভাল করে দেখি, যদি আর এক-আধটুকু তুলির টান দরকার হয়। আমার শোবার ঘরের মোটা পর্দা ঠেলে এই হলের মধ্যে এসে দাঁড়ালাম। হলের ঝোলানো বাতিটা তখনও জ্বলছিল, বোধ হয় নিভিয়ে দিতে ভুলে গিয়েছিলাম। সেই আলোয় এক অদ্ভুত দৃশ্য দেখলাম। আলোর সামনে হলের মাঝখানে পোরট্রেটটা ইজেলের ওপর দাঁড় করানো। আর তারই সামনে আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে একটি মেয়ে। ঘন নীল রঙের সিল্কের পোশাক তার পরনে। শুধু অনাবৃত কাঁধ দুটি শঙ্খের মত সাদা। মসৃণ কালো চুলগুলি কাঁধ পেরিয়ে আর নিচে নামেনি। বোঝা গেল, এদেশের মেয়ে নয়— বিদেশিনী। পাশের সোফায় মেয়েদের একটা টুপি আর ফার-কোট পড়ে আছে। জীবনে এতখানি আশ্চর্য আর আমি কখনও হইনি। রাত তখন কত কে জানে! এত রাতে এই নির্জন স্টুডিওর মধ্যে অচেনা বিদেশিনী মেয়েটি এল কেমন করে? কেনই বা এল? একি স্বপ্ন, না সত্যি, না ভৌতিক ব্যাপার! আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে এল— কে?
মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিবিষ্ট মনে ছবি দেখছিল। আমার গলার আওয়াজে চমকিয়ে ফিরে তাকাল। আশ্চর্য, ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। মনে হল, পোরট্রেট থেকে জ্যান্ত হয়ে নেমে মেয়েটি যেন হলের মাঝখানে দাঁড়িয়ে আছে। আজ সাতদিন এই চেহারাই তো আমি রঙ আর তুলি দিয়ে এঁকেছি। সেই সবুজাভ চোখের তারা, সেই ঈষৎ স্ফুরিত রক্তবর্ণ ওষ্ঠ, সেই পানের মত মুখের গঠন— পোশাকটার সঙ্গে ছবিটাও হুবহু মিলে যাচ্ছে, পা পর্যন্ত ঝোলানো কাঁধকাটা গাঢ় নীল রঙের সিল্কের পোশাক— ছবি কি কখনও জীবন্ত হয়? না আমার দৃষ্টিবিভ্রম হয়েছে? মনে করে দেখলাম, না, অন্যদিনের মত আমি তো আজ হুইস্কি খাইনি! তবে— তবে এ কি দেখছি?
কয়েক সেকেন্ড চুপ করে থেকে মেয়েটি কুণ্ঠিত স্বরে বললে, ক্ষমা করবেন। আমি না বলে ছবিখানা দেখছিলুম। যদিও আমার এই ছবিখানা আঁকবার ফরমাস আমিই দিয়েছি। তবু, চিত্রকরের দেখা পেলে আমি ক্ষমা চেয়ে নিতাম।
তার প্রয়োজন হবে না। ছবির মালিকের ছবি দেখবার নিশ্চয়ই অধিকার আছে। — আমি জানালাম।
মেয়েটির ঈষৎ স্ফুরিত ঠোঁটের ফাঁক দিয়ে কয়েকটি কুন্দদন্ত দেখা গেল। বললে, অনেক ধন্যবাদ।
আমি বললাম, আপনিই তাহলে বারবারা স্মিথ? নিজে এসে সিটিং না দিয়ে পোরট্রেট আঁকবার জন্যে ফটোগ্রাফ পাঠিয়েছিলেন কেন জানতে পারি কি?
আমি এক মার্চেন্ট অফিসে স্টেনোগ্রাফারের কাজ করি। আসবার সময় পাই না। কিন্তু আমার বরাবর ইচ্ছে ছিল এখানে আসবার, চিত্রকরের সঙ্গে দেখা করবার। —বারবারার দুই চোখে আগ্রহ ফুটে উঠল।
বললাম, তার সময় কি এই? এই অন্ধকার ঝড়ো শীতের রাত; আপনি একা শহরের বাইরে এতদূরে এলেন কি করে? কেই-বা আপনাকে দরজা খুলে দিলে?
বারবারা বললে, অনেক খুঁজে আমায় আসতে হয়েছে, এসে দেখলাম দরজা খোলাই আছে। ভেতরে ঢুকে দু’তিনবার ডাকলাম, কোন সাড়া পেলাম না। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিখানা দেখছিলাম, তখন আপনি এলেন।
বারবারা কি সত্য কথা বলছে? এতরাত্রে স্টুডিওর দরজা খোলা ছিল? তাই হবে। টেবিলের ওপর ওই তো চাবি পড়ে আছে। বন্ধ করতে আমি নিশ্চয়ই ভুলে গেছলাম।
বারবার বলতে লাগল, কাল আমি সান্ফ্রান্সিসকো চলে যাব। কাল হয়তো আসবার সময় হবে না, তাই এলাম আজকে। রাত অবশ্য অনেক হয়েছে, তবু তো চিত্রকরের সঙ্গে দেখা করবার সুযোগ হারাই নি। কোথায় চিত্রকর? একবার দেখা হবে না?— বারবারার সাগ্রহ কণ্ঠস্বর মধুর বাজনার মতন বেজে উঠল। সে-কণ্ঠস্বরে ছিল উৎসুক আশা আর গভীর শ্রদ্ধা।
চিত্রকরের সঙ্গে আজ দেখা হবে না? —বারবারা আবার জিজ্ঞাসা করল।