
খিঁচাকবলা সমাচার – সমরেশ বসু
রঞ্জিত চট্টোপাধ্যায়
চকবাজারের তিন রাস্তার মোড়ে, এখন এই প্রথম সালের ব্যস্ত কেনাবেচার সময়ে, রাস্তার অনেক ভিড়ের মধ্যে, একজনের দিকে চোখ পড়তেই, সবরকমের দোকানি আর ক্রেতাদেরই ভুরু কুঁচকে উঠল। সকলের চোখেই সন্দেহ, কারো কারো চোখে রাগ আর বিদ্বেষও। কারো কারো চোয়াল শক্ত হয়ে উঠল। এমন কি তিন রাস্তার মোড়ে যে সেপাইটা দাঁড়িয়েছিল, পোকা বাঁধের দিক থেকে বা বোলতলার দিক থেকে আসা দু-একটা বাস লরিকে হাত দেখাচ্ছিল, আর বেশির ভাগ সময় আশেপাশে কারো না কারো সঙ্গে গল্প করছিল, মাঝে মাঝে সাইকেল রিকশার ভেঁপু শুনে বিরক্ত বোধ করে হাঁকছিল, ‘শালা তুকেও হামার হাত দিখাইতে হবে?’ তারও ভুরু আর চোখের কোণ দুটো কুঁচকে উঠল। দাঁতে দাঁত চেপে, হাতের মুঠি পাকিয়ে শক্ত করল। এবং চিত্রটি স্থির না, যে যার কাজে ব্যস্ত, আর নির্বাকও মোটেই না, কারণ দু-একজন নিজেদের ব্যস্ততার মধ্যেও গরগরিয়ে উঠল, ‘ই শালা এখন ইখানে আইচে ক্যানে?’
সকলেই যে-যার কাজে কথায়, দর কষাকষি বেচা-কেনায়। কেউ বা নিতান্ত চকের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে নিজেদের মধ্যে বেকার গুলতানি করছিল, এবং সকলেই আপনার আপনার মনে বেশ ছিল। মাত্র একজনের আবির্ভাবে, চক এলাকার সমস্ত চেহারাটাই যেন বদলিয়ে গেল। ব্যাপারটাকে কোনরকম সম্মোহন জাতীয় ঘটনার থেকেও তুলনাটা মানুষের ক্ষেত্রে খারাপ শোনালেও, মনে হল যেন, এক পাল কুকুরের রাজ্যে, বেপাড়ার একটা কুকুর এসে পড়েছে। সন্দেহ, রাগ ছাড়াও, সকলের চোখে-মুখেই একটা সাবধানী অভিব্যক্তি।
যার আবির্ভাবে এইরকম একটা পরিবর্তন, তার মুখে খোশামুদে চাটুকারিতার হাসি। গল্প কথার শেয়ালের হাসির মতই অনেকটা, এবং যথাসাধ্য সরল অমায়িক নিস্পাপ ছোট ছোট চোখে সকলের দিকেই দেখতে লাগল, খুব নিরীহ ভঙ্গিতে পায়ে পায়ে মোড়ের দিকে এগিয়ে চলল। তার ছোট ছোট চোখ দুটো প্রায় গোলাকৃতি, ঝকঝকে, শিক্রে বাজের মতই, অথচ একটা অস্বাস্থ্যকর লাল হলুদের ছোপও যেন আছে। রোগা লম্বা হিলহিলে, হঠাৎ দেখলে রুগ্ণ মনে হয়। বিশেষ করে তার রঙ-ওঠা বিবর্ণ, বোতামহীন, ফুটো-ফাটা, নানা জায়গায় সেলাই করা হাফ শার্ট, তার চেয়েও খারাপ অবস্থা, মাপে খাটো, গোড়ালি থেকে অনেকটা ওপরে, সরু কোমরে আর লম্বা সরু ঠ্যাং-এ কাপটি আঁট ফুল প্যান্টের নানান জায়গায় লম্বা সেলাই, দু-একটা তাপ্পি আর বড় বড় নখওয়ালা খালি ময়লা পা-জোড়া দেখলে, রুগ্ণ আর দুঃস্থ ছাড়া তাকে কিছুই মনে হয় না। তার লম্বা সরু দুই হাত, বড় বড় ময়লা নখ, রুক্ষু আকাটা, ঘাড়ে কপালে বেয়ে পড়া খয়েরি-কালচে চুল, সবকিছুতেই তাকে সেইরকম মনে হয়। নাকটা যে তার কেন চোখা, মিশকালো ভুরু দুটো মোটা, এটা যেন চিন্তার বিষয়। এমনকি মুখে অনেক কাটাকুটির দাগ, যা দেখলে মনে হয় দাগগুলো সবই যেন নিপুণ হাতে আঁকা, কেননা প্রাচীন পাথরের মূর্তির মুখের মত মোটেই ক্ষয়িষ্ণু এবড়ো-খেবড়ো না, এ-সব সত্ত্বেও, তীক্ষ্ণ চিবুক, পান-পাতার মত মুখের গড়নে প্রায় একটা মেয়েলি কোমলতা, এবং পান-বিড়ি-সিগারেটের ছোপ থাকা সত্ত্বেও নিখুঁত দাঁতের পাটি কেমন যেন চিন্তিত করে তোলে। দু-একদিনের মধ্যেই গোঁফ-দাড়ি কামানো হয়েছে। সেজন্যই মুখটা কিছু সাফ সুরত দেখাচ্ছে। যদিও ইতিমধ্যেই পাতলা-শ্যাওলার মত ছোপ ধরেছে।
এ ধরনের চেহারার মানুষের বয়স অনুমান করা খুব কঠিন। কুড়ির ঘর থেকে তিরিশের ঘরে একটা ধরে নিলেই হয়। সে তিন রাস্তার মোড়ের সামনে এসে দাঁড়াল। সেপাইয়ের দিকে তাকাল। প্রায় পুরো খোলা দাঁতের পাটিতে সেই তোষামুদে হাসি। প্রায় গোল চোখে, বেমানান সরল নিস্পাপ দৃষ্টি। অবাঙালী সেপাইয়ের গোঁফ-জোড়া খাড়া হয়ে উঠল, অসুরের মত তার দাঁত দেখা গেল। ডান হাত মুঠি পাকানো, বাঁ হাতে গোঁফ-জোড়া একবার চুমড়ে নিল। চোখের কোণ দুটো আরও বেশি কুঁচকে উঠল। সন্দিগ্ধ তীক্ষ্ন দৃষ্টি। জিজ্ঞেস করল, ‘অ্যাই শালা খিঁচাকবলা, কীধার তু যাবি?’
সেপাইটির ধারণা, সে বাংলা বলতে পারে, এবং তা স্থানীয় আঞ্চলিক বিষ্ণুপুরী ভাষা। যার আবির্ভাবে গোটা চকবাজার এলাকায় সহসা এমন পরিবর্তন, তার নাম খিঁচাকবলা। হয়তো এই নামের পিছনে কোন ইতিহাস আছে। হয়তো তার অন্য কোন নাম একদা ছিল। কিন্তু এখন এই শহরে এই নামেই তাকে সবাই চেনে। শুধু চেনে বললে ভুল হবে, এমন বিশেষভাবে চেনে। চকবাজার অঞ্চলের ভূতুড়ে মন্ত্ৰপড়া হঠাৎ পরিবর্তন দেখলেই তা বোঝা যায়। নামের পিছনে যদি কোন ইতিহাস থেকে থাকে, তবে হয়তো তার একটা মানেও আছে। হয়তো না, ইতিহাস এবং মানে, দুই-ই আছে। ও যখন বালক ছিল, শহরের চকবাজারে রাস্তায় ভিক্ষে করে বেড়াত, এবং চলে যেত সোনামুখী, বাঁকুড়া, দূরান্তে পুরুলিয়া, তখনই একটা আশ্চর্য শারীরিক কৌশল আয়ত্ত করেছিল, যা লোকচক্ষে করুণ আর উদ্বেগজনক। কৌশলটা আর কিছুই না, হঠাৎ রাস্তার মাঝখানে যত্রতত্র পতন, হাত-পায়ের দুরন্ত খিঁচুনি, গোঙানি, ধূলাবালিতে মুখঘষা, মুখের লালায় ফেনা গাঁজিয়ে তোলা, ইত্যাদি মিলিয়ে, একটি মৃগী রুগীর পাকা অভিনয়। বালক বয়সে ভিক্ষা আর ছোটখাটো হাতসাফাই চুরি বাদ দিলে, এটাই ছিল ওর উল্লেখযোগ্য কীর্তি। সেই থেকেই ও খিঁচাকবলা, কিন্তু নামটা মুখে মুখে ছড়িয়েছিল কিছুটা করুণা আর তাচ্ছিল্যের সঙ্গে। তখন ওর মা-বাবা ছিল। মা বনবাদাড় জলাশয় ঢুঁড়ে নানা রকমের ছোড়ক ছাতু, শামুক-গুগলি যোগাড় করে বাজারে বিক্রি করত, বাপ এক টেমিওয়ালার ঘরে টেমি বানাত। ভাই-বোন জন্মাত বছর বছর। বাপ প্রচুর মদ খেত, আর মায়ের সঙ্গে রোজই ঝগড়া-মারামারি হত। ভাইবোনের কোন হিসাব ছিল না, অন্তত খিঁচাকবলা হিসাব করতে পারত না। ওর পাঁচ-ছ বছর বয়সেই, ওকে ভিক্ষা করতে পাঠানো হয়েছিল। চৌদ্দ বছর বয়স পর্যন্ত কোনরকমে ভিখিরির ভূমিকাটা বজায় রাখতে পেরেছিল। তারপরে আস্তে আস্তে ওর ভূমিকা বদলিয়ে গিয়েছিল। সেই পরিবর্তনের কাহিনী বহু সমাচারের বিষয়ভুক্ত। তবে মৃগী রোগের ছলনাটা ধরা পড়ে গিয়েছিল কয়েক বছরের মধ্যেই।
খিঁচাকবলাকে আজকাল রোজদিন বিষ্ণুপুর শহরে দেখা যায় না। সেটা সম্ভবও না। ওর বিচরণক্ষেত্র বহুদূর বিস্তৃত। বাঁকুড়া পুরুলিয়া ছাড়াও, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান পর্যন্ত। কখনো কখনো বোলপুর, সিউড়ি, রামপুরহাটও। অতএব সচরাচর ওকে চকবাজার এলাকায় দেখা যায় না। দেখা গেলেই, সমস্ত এলাকা মুহূর্তেই সন্দেহে রাগে গরগরিয়ে ওঠে। আসলে সন্ত্রস্ত হয়ে ওঠে।
খিঁচাকবলা সেপাইয়ের কথায় কোন জবাব না দিয়ে, একবার ডাইনে তাকাল, আর-একবার বাঁয়ে। মুখে সেই খোশামুদে হাসি, চোখে নিস্পাপ সরল দৃষ্টি। সেপাই ডানহাতের ঘুষি তুলে হুমকে উঠল, ‘শালা কই দুকানপর তু গোড় বাড়াইছ, ত এক ঘুষা মে তোর নাক ফাটাই দিব।’
খিঁচাকবলা সেপাইয়ের দিকে তাকাল। সেলাই আর তালিমারা প্যান্টের পকেটে হাত দিয়ে, তুলে নিয়ে দেখাল কিছু খুচরো পয়সা, আর চাটুহাসিটা ছড়িয়ে গেল এ কান থেকে ও কান পর্যন্ত। সেপাই এইভাবে হুমকানি দিল, ‘শালা, উসব চোরাই পয়সা হামি দেখতে চাই না। ইখান সে আভি ভাগ যা!’
খিঁচাকবলা আশেপাশে দোকানের এবং লোকদের দিকে একবার দেখল। হাসিটা একটুও ছোট হল না। পয়সাগুলো পকেটে ঢুকিয়ে,ও বাঁ দিকে হাঁটতে আরম্ভ করল। রাস্তার দুপাশের, বিশেষ করে দোকানদারদের দৃষ্টি, মুখের অভিব্যক্তি চকবাজার এলাকার মতই। ও দুপাশে দেখতে দেখতে, কাটাকুটির দাগভরা মুখে হাসি নিয়ে, বোল্তলার মোড় পেরিয়ে, ডানদিকে ময়রার দোকানের সামনে দাঁড়াল। একজন জিলিপি ভাজছিল, আর একজন হাতে গরম, শালপাতায় বিক্রি করছিল। যে বিক্রি করছিল, সে খিঁচাকবলাকে দেখেই, এক টানে জিলিপির কাঠের পাত্রটা পিছনে সরিয়ে নিল। আর যে খালি গা লোমশ লোকটা জিলিপি ভাজছিল, সে ঝাঁজরি হাতাটা তুলে ক্ষেপে উঠে বলল, ‘দ্যাখ্ শালা, জিলিপিতে হাত দিয়া করেচু কি তোর গায়ে গরম তেল ছিটাই দুব।’
খিঁচাকবলার হাসিটা একটু ছোট হল, গোল চোখ দুটোর হলুদ লাল ছোপ থেকে কালো তারা দুটো যেন শিকরে বাজের চোখের মত ঝলকিয়ে উঠল। তারপরেই আবার হাসিটা ছড়িয়ে গেল, আর প্যান্টের পকেট থেকে দুটো দশ নয়া বের করে, ভাজাওয়ালার পায়ের কাছে ছুঁড়ে দিল। যে বিক্রি করছিল, সে দশ নয়া দুটো আগে হাতে নিয়ে দেখল। দেখে, একটা শালপাতায় দুটো জিলিপি মুড়ে এগিয়ে দিল। যারা জিলিপি কিনছিল, তারা কিছুটা ফারাকে সরে গিয়েছে। খিঁচাকবলা একটা জিলিপি বের করে খেতে খেতে আবার এগিয়ে চলল।
রাস্তার দুপাশে, লোকজন দোকানদারদের সেই একই মুখের অভিব্যক্তি, চোখের দৃষ্টি। আপাতদৃষ্টিতে দুঃস্থ রুগ্ণ খিঁচাকবলা তাকিয়ে তাকিয়ে জিলিপি খেতে খেতে, বাউরিপাড়ার মোড় পর্যন্ত এল। জিলিপি দুটো খাওয়া শেষ। মোড়ে কয়েকটা সাইকেল রিকশা, এবং সেগুলোর চালক। একমাত্র রিকশাচালকদের মুখ চোখের অভিব্যক্তি দৃষ্টি ভিন্ন। ওদের চোখে কৌতূহল, হেসে নিজেদের সঙ্গে চোখাচোখি করল। একজন বলে উঠল, ‘অই ওস্তাদ, কেমন আচ হ্যা?’
খিঁচাকবলা তখন রাস্তার ধারে টিউবওয়েলের কলের মুখে এক হাত চেপে, অন্য হাতে হাতলে চাপ দিচ্ছে। রিকশাওয়ালাদের দিকে না তাকিয়েই গলা দিয়ে একটা অদ্ভুত শব্দ বের করল, অনেকটা বিদঘুটে ঢেকুর তোলার মত। রিকশাওয়ালারা হেসে উঠল। খিঁচাকবলা নিচু হয়ে কাছে মুখ নিয়ে জল খেল। খেয়ে, ভেজা হাত মাথায় মুখে মুছতে মুছতে কোনদিকে না তাকিয়ে আবার এগিয়ে চলল।
‘শালা কালিন্দী বাঁধের ধারদে যেয়্যা খরগা।’ একটা চিৎকার শোনা গেল।
খিঁচাকবলা দাঁড়াল, বাঁদিকে দোকানঘর আর লোকজনদের দিকে তাকাল। হাসিটা ছোট হতে হতে, ঠোঁট ছুঁচলো হয়ে উঠল, চোয়াল দুটো শিকরে বাজের চোখের মত ঝলকিয়ে উঠল। চিত্রটা এখন স্থির, একটা স্তব্ধতা এবং স্পষ্টত এগোলে কালিন্দী বাঁধ, তার পাশেই শ্মশান। চিৎকারের উদ্দেশ্য স্পষ্ট, খিঁচাকবলাকে শ্মশানে গিয়ে মরতে বলছে। আক্রমণের আগে, হাতি যেমন শুঁড় গুটিয়ে নেয় ওর ছুঁচলো ঠোঁটের ভঙ্গিটা অনেকটা সেইরকম। কিন্তু আস্তে আস্তে ওর ঠোঁট আবার হাসিতে ভরে উঠল, চোখের দৃষ্টি সরল আর নিস্পাপ। ও এগিয়ে চলল। কালিন্দী বাঁধের আগেই, ডানদিকের রাস্তায় বেঁকে গেল।
এ রাস্তায় কোন দোকানপাট নেই। গাছপালা, বন-বাদাড়, রাস্তার ধারে দু-চারটে মাটির ঘর, গরীব হাড়ি ডোমের বাস। খিঁচাকবলা এগিয়ে চলল, চার রাস্তার মোড়ে এল। একটা রাস্তার নাম বম্বে রোড। এখানকার লোকে বলে বমবে রোড। আসলে রাস্তাটা চন্দ্রকোণাগড় গড়বেতা হয়ে, খড়গপুরের কাছে বম্বে রোড়ে গিয়ে মিশেছে। সেই জন্য বম্বে রোড। কাছেই বিঁড়াই নদী, সেজন্য এ জায়গাটাকে বিঁড়াইয়ের মোড় বলে। বম্বে রোডটার আসল নাম পিল্গ্রিম রোড। এই রাস্তায় নবদ্বীপের নিমাই মিশ্র পুরীতে গিয়েছিলেন। এ রাস্তায় উড়িষ্যা যাওয়া যায়। একটা রাস্তা গিয়েছে সোনামুখীর দিকে। বিপরীতে বাঁকুড়ার দিকে। খিঁচাকবলা যেদিক দিয়ে এল, ওটা বিষ্ণুপুরের দিকে।
বিঁড়াইয়ের মোড়ের একটু দূরেই পেট্রল পাম্প। মোড়ের একপাশে, দূরগামী ট্রাকের সারি। পাশে মস্ত বড় একটা চালাঘর। ঘরের একদিকে রান্না হচ্ছে, কতকগুলো খাটিয়া পাতা। ট্রাক-ড্রাইভারদের খাওয়া আর বিশ্রামের জায়গা। ট্রাকের যান্ত্রিক খুঁটিনাটি গোলযোগ সারানো, জল খাওয়ানো, জলে ধুয়ে সাফ-সুরত করা, সবই এখানে হয়। আর ঠিক জায়গা বুঝেই, রাস্তার ধার থেকে একটু ভিতরে, মাঠের ওপর একটা দেশি মদের দোকান। সরাইখানার একপাশে বড় একটা পুকুর। ড্রাইভাররা নিজেদের ধোয়াতে পারে, গাড়িও ধুতে পারে। একটা ছোটখাটো মেরামতি কারখানাও রয়েছে। জায়গা বুঝেই করা হয়েছে। বিঁড়াইয়ের মোড় ট্রাক-ড্রাইভারদের সবদিক থেকেই আদর্শস্থল।
খিঁচাকবলা ট্রাকের সারির পাশ দিয়ে বড় মাটির ঘরটার সামনে এসে দাঁড়াল। কয়েকজন ড্রাইভার আর তাদের সহকারী, কেউ শুয়ে কেউ বসে। দু-তিনজন ঘুমোচ্ছে। দুজন শিখ মদের বোতল আর কাঁচা পেঁয়াজ নিয়ে বসেছে। অন্যদিকে উঁচু উনোনে দাঁড়িয়ে একজন রান্না করছে। সবাই খিঁচাকবলার দিকে তাকাল। কিন্তু শহরের লোকজনের মত, এখানে কারো চোখেই সন্দেহ বা মুখে রাগ রুষ্টতা নেই। খিঁচাকবলার মুখে সেই হাসি, চোখে সেই নিস্পাপ দৃষ্টি। এখন খোশামুদে হাসিটা যেন একটু করুণ।
চুল খোলা খালি-গা যে দুজন শিখ ড্রাইভার মদের বোতল নিয়ে বসেছিল, তাদের মধ্যে একজন, খিঁচাকবলাকে ওর ভগ্নীর নামে গালাগাল দিয়ে সস্নেহ সম্ভাষণ করে হিন্দিতে যা বলল, তার বাংলা এই রকম, ‘কী রে—খিঁচা, এই