Home
ঋজুদার সঙ্গে পুরুণাকোটে

ঋজুদার সঙ্গে পুরুণাকোটে

বুদ্ধদেব গুহ

ঋজুদার সঙ্গে পুরুণাকোটে

বুদ্ধদেব গুহ
thriller

Posted byমেঘ বালিকা03-May-2025

Change color

০১.

আমরা ওড়িশার অঙ্গুল ফরেস্ট ডিভিশনের পুরুণাকোটের বন-বাংলোর বারান্দাতে বসেছিলাম। আমরা মানে, ঋজুদা, তিতির আর আমি। ডিসেম্বরের শেষ। হাড়কাঁপানো শীত। রোদটা তেরছাভাবে এসে পড়েছে মাটি থেকে অনেকই উঁচু বারান্দায়। হাতির ভয়ে বড় বড় শালের খুঁটির উপরে মস্ত পাটাতন করে নিয়ে তার উপরে বাংলো বানানো। ঋজুদা সাদা পাজামা-পাঞ্জাবি পরে একটা মোড়ার উপরে পা দুটি তুলে দিয়ে পরপর তিন কাপ চা খাওয়ার পর গায়ে একটা ফিকে-খয়েরি রঙা পশমিনা শাল জড়িয়ে জম্পেশ করে পাইপ ধরিয়েছে।

তিতির বলল, বাঃ ঋজুকাকা, ফিকে-খয়েরি জমিতে গাঢ় খয়েরি রঙা পাড়টা দারুণ খুলেছে তোমার শালের।

ঋজুদা বলল, শালটা কে দিয়েছিল জানিস?


কী করে জানব? তিতির বলল।


শোনপুরের এই ওড়িশারই এক করদ রাজ্যের মহারাজা সিং দেও সাহেব। এক সময়ে উনি তাঁর রাজ্যের রাজধানী বলাঙ্গীরের একটা মার্ডার-কেস নিয়ে আমার কাছে এসেছিলেন। সেই থেকে খুবই বন্ধুত্ব হয়ে যায়। আমাকে বহুবার বলাঙ্গীরে শিকারে যেতেও নেমন্তন্ন করেছিলেন কিন্তু তখন আমার প্রিয় শিকারভূমি ছিল কালাহান্ডি।


কালাহান্ডি! কী অদ্ভুত নাম রে বাবা। কালোহাঁড়ি?


ইয়েস। ওড়িশার কালাহান্ডি এক আশ্চর্য সুন্দর করদ রাজ্য ছিল। সুন্দর কিন্তু ভয়াবহ। অমন নৈসর্গিক দৃশ্য ভারতের কম জায়গাতেই আছে। মানে, বলতে চাইছি আলাদা রকম। বড় বড় কাছিমপেঠা, ন্যাড়া, বাদামি-রঙা পাহাড়গুলো, মনে হয়, অতিকায় প্রাগৈতিহাসিক জন্তুরই মতো শুয়ে আছে।


যখন পুব-আফ্রিকাতে প্রথমবার যাই তখন সেখানকার কোনও কোনও জায়গা দেখে কালাহান্ডির কথা আমার বারবারই মনে পড়েছিল।


কী শিকার করতে যেতে কালাহান্ডিতে?


আমি বললাম।


বাঘ। আবার কী! যদিও অন্য শিকার, বিশেষ করে বড় বড় ভালুক, বুকে সাদা ‘V’ চিহ্ন আঁকা, অনেকই ছিল। SLOTH BEAR ছাড়াও। সুন্দরবনের সব বাঘই যেমন মানুষখেকো (পশ্চিমবঙ্গের বনবিভাগ যাই বলুন না কেন), কালাহান্ডির সব বাঘও মানুষখেকো ছিল। অন্তত আমি যে সময়ের কথা বলছি, আজ থেকে বছর পঁয়ত্রিশ আগের কথা, সেই সময়ে ছিল।


তিতির বলল, তুমি তো তখন ছেলেমানুষ ছিলে।


আমি এখনও ছেলেমানুষ। তোর মা অন্তত তাই বলেন।


কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মানুষের সংখ্যা আমাদের দেশে এমনই বেড়েছে ও বাড়ছে যে, গিনিপিগ বা শুয়োরেরাও লজ্জা পাবে। এখন মানুষই সর্ব-খেকো হয়ে গিয়ে অন্য সব প্রাণীদের হয় বংশ নাশ করছে নয়তো তাড়িয়ে দিয়েছে তাদের পুরনো বাসভুমি থেকে সেসব জায়গাতে, যেখানে এখনও কিছু গভীর জঙ্গল বেঁচে আছে।


তিতির কী একটা বলতে যাচ্ছিল এমন সময়ে একটা কালো অস্টিন গাড়ি এসে দাঁড়াল পুরুণাকোট বন বাংলোরই সামনে। গাড়িটা জঙ্গলের দিক থেকে এল।


ঋজুদা বলল, অস্টিন। এই গাড়িগুলোই লন্ডন শহরের ট্যাক্সি। লন্ডন-এর ট্যাক্সি হিসেবে অন্য কোনও গাড়ি দেখাই যায় না। ট্যাক্সি বলতে শুধু ইংলিশ গাড়ি। অস্টিন, কালো-রঙা।


ঋজুদার কথা শেষ হওয়ার আগেই সে গাড়ির পিছনের দরজা খুলে এক ছোট্টখাট্ট ভদ্রলোক নামলেন। ধুতি ও শিয়ালেরঙা সার্জ-এর গরম পাঞ্জাবি পরা তার উপরে কালো রঙা জওহর কোট। ফ্লানেলের। গাড়ি থেকে নেমেই উপরের দিকে মুখ করে ঋজুদাকে জোড়হাতে নমস্কার করে বললেন, প্রণাম আইজ্ঞাঁ।


ঋজুদা সম্ভবত গাড়ি থেকে নামার সময়ে ভদ্রলোককে চিনতে পারেনি কিন্তু। গলার স্বর শুনে চিনতে পেরেই রেলিং-ঘেরা বারান্দার রেলিং-এর সামনে এসে করজোড়ে নমস্কার করে বলল, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! নমস্কার পট্টনায়েকবাবু। আপনি কেমিতি জানিলানি যে, মু এটি আসিচি? আসন্তু আসন্তু।


পট্টনায়েকবাবু হেসে বললেন, আইজ্ঞা আপনংকুতে আগমন নাহি, সে তো আবির্ভাব হেদা। সব্বেমানে জানিচি।


ঋজুদা জোরে হেসে উঠল।


পট্টনায়েকবাবু ছোট ছোট পা ফেলে সিঁড়ি বেয়ে খুটখুট করে দোতলাতে উঠে এসে বললেন, এই সাত সকালেই কেন এলাম তা নিশ্চয়ই ভাবছেন আপনি।


তা তো ভাবছিই! কিন্তু কোথা থেকে এলেন এখন?


ঢেনকানল থেকে, অঙ্গুল হয়ে। অঙ্গুলেও থাকতে হয়। ঢেনকানলেও কাজ হচ্ছে আমার। তাই অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়লাম, আপনি কোথাও বেরোবার আগেই যাতে আপনাকে ধরতে পারি।


তিতির ভিতর থেকে একটা কাপ নিয়ে এসে চা ঢেলে দিল পট্টনায়েকবাবুকে। বিস্কিটের প্লেট এগিয়ে দিল। তারপর বলল, চিনি ক’ চামচ?


না না, চিনি দেবেন না, দুধও নয়। আমি ডায়াবেটিক। আর দুধ খেলেও অম্বল হয়, বয়স তো হল।


পরিষ্কার বাংলাতে বললেন তিনি।


আমাদের অবাক হতে দেখে ঋজুদা বলল, অধিকাংশ শিক্ষিত ওড়িয়াই বাংলা শুধু বলতেই পারেন না, পড়তেও পারেন। অথচ শিক্ষিত বাঙালিদের মধ্যে সম্ভবত হাজারে একজন ওড়িয়া বলতে পারেন বা পড়তে পারেন। এমনি কি আর আমি বাঙালিকে কূপমণ্ডুক বলি! পশ্চিমবঙ্গের নেতা থেকে সেক্রেটারি, সেক্রেটারি থেকে কেরানি সকলেই কূপমণ্ডুক।


পট্টানায়েকবাবু একটা মুচকি হেসে বললেন, তা ছাড়াও একটা ব্যাপার আছে।


কী ব্যাপার?


বাঙালিরা প্রায় সকলেই এক দুরারোগ্য সুপিরিয়রিটি কমপ্লেক্স-এ ভোগেন, সুপিরিয়রিটির কারণ সম্বন্ধে অনুসন্ধান না করেই।


কথাটা শুনে আমাদের কারুরই ভাল লাগল না। কারণ, আমরা বাঙালি।


ঋজুদা একটু চুপ করে থেকে বলল, কথাটা আমাদের শুনতে খারাপ লাগলেও কথাটা হয়তো সত্যিই। ওতে বাঙালির ভালর চেয়ে খারাপই হয়েছে অনেক বেশি।


তারপর বলল, এবারে বলুন, ভোর রাতে এই শীতের মধ্যে বেরিয়ে এখানে আসা হল কেন?


গরজ বড় বালাই ঋজুবাবু। আপনি তো বাঘমুণ্ডাতে বহুবার গিয়ে থেকেছেন।


তা থেকেছি। বাঘঘমুণ্ডা খুবই প্রিয় জায়গা ছিল আমার। যখন এদিকে আসতাম নিয়মিত বছর পঁচিশ-তিরিশ আগেও। এবারে এসেছি আমার এই দুই সাগরেদ, রুদ্র আর তিতিরকে ‘সাতকোশীয়া গন্ড’ ঘুরিয়ে দেখাব বলে। শুনতে পাচ্ছি নাকি। দু-এক বছরের মধ্যেই এই অঞ্চল অভয়ারণ্য হিসাবে ঘোষিত হবে।


হুঁ। অভয়ারণ্য! মানুষের জন্যও অভয় দিতে বলুন। মানুষও বড় ভয়ে ভয়ে আছে।


তারপর বললেন, আপনার কি একছেলে এক মেয়ে? এরাই? আর নেই?


ওঁর কথাতে ঋজুদাতো বটেই, আমরাও হো হো করে হেসে উঠলাম।


পট্টনায়েকবাবু অপ্রতিভ হলেন।


হাসির দমক কমলে, ঋজুদা বলল, কোনও মেয়ে আমাকে বিয়েই করল না মশাই তার ছেলে-মেয়ে আসবে কোথা থেকে?


তবে? এরা?


এরা আমার কমরেডস। এদের দেখে ভাববেন না এরা সাধারণ বাঙালি এবং খোকা-খুকু। এরা আমার সঙ্গে আফ্রিকাতে, সেশেলস-এ এবং ভারতের বহু। জায়গায় গেছে এবং বন্দুক-রাইফেল চালাতে এবং বুদ্ধিতেও এরা আমাকেও সহজেই হার মানায়।


তিতির বলল, আমি তো সেশেলস-এ যাইনি। তা ছাড়া এটা বাড়াবাড়ি হচ্ছে ঋজুকাকা। বিনয় ভাল, কিন্তু অতিরিক্ত বিনয় নয়। সেটা বরং লক্ষণ হিসাবে খারাপই।


পট্টনায়েকবাবু বললেন, তবে তো চমৎকার। আমি যে কাজে এসেছি সে কাজ আরও সহজ হবে।


এখন বলুন কাজটা কী?


বাঘমুণ্ডাতেও আমার কাজ চলেছে। অঙ্গুলের নিলামে এবারে ঢেনকানলের অনেকগুলো ব্লক এবং বাঘমুণ্ডার ব্লকও ডেকেছিলাম। ভাল কাঠ আছে বাঘঘমুণ্ডাতে সে কথা তো আপনি জানেনই। কিন্তু সেপ্টেম্বর মাসে সিজন খোলার পরে মার্কা মারা শেষ হতে না হতে এক আপদ এসে উপস্থিত হল। বাঘঘমুণ্ডাতে হাতিরই যা বিপদ ছিল। তাও দিনে তত নয়। কিন্তু এবারে সিজন খোলার পর অক্টোবর থেকে নভেম্বর অবধি আমার ন’জন কাবাড়িকে খেয়ে ফেলল এক মানুষখেকো বাঘে। তারা সবাই আবার করতপটা গ্রামের মানুষ। অঙ্গুল থেকে দিনমানে আমার এখানে আসার উপায়ই নেই। কারণ, আপনি তো জানেনই, আসতে গেলে করতপটার উপর দিয়েই আসতে হয়। তাইতো অন্ধকারে এলাম। ফিরতেও হবে অন্ধকারেই।


তারপর একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ডিসেম্বরের গোড়াতে সব কাবাড়িরাই কাজ বন্ধ করে ফিরে গেল। প্রত্যেক পরিবারকে মোটা ক্ষতিপূরণও দিলাম। কিন্তু জীবনের ঘাটতির ক্ষতি কি পয়সা দিয়ে কোনওদিনও পূরণ করা যায়? বিবেকেও লাগে। আমি ঠিকাদার, পয়সা রোজগারের জন্য ঠিকাদারি করি আর আমার হয়ে কাজ করতে এসে এই ন’জন গরিব মানুষ প্রাণ দিল মানুষখেকোর মুখে। তাই অঙ্গুলের ফরেস্ট অফিস থেকে আপনি আসছেন খবর পাওয়া মাত্রই ঠিক করে রেখেছিলাম যে, যেদিন এসে পৌঁছোবেন বিকেলে বা রাতে, তার পরদিনই ভোরে আপনাকে এসে ধরব।


ডিসেম্বরে বাঘটা কোনও মানুষ ধরেনি?


ঋজুদা জিজ্ঞেস করল।


আমার সব লোক এবং করতপাটার সব কাবাডিরা সদলে চলে গেল নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যেই। তার ধরবে কাকে?


তারপরেই বললেন, তবে ধরেনি, তা নয়। ধরেছে, পুরুণাকোটেরই এক ভিখারিনী বাইয়ানীকে আর টুকা আর পুরুণাকোটেরই মাঝে যে ছোট্ট গ্রামটা আছে, নাম ভুলে যাচ্ছি, সেই গ্রামের একটা ছেলেকে।


তিতির বলে উঠল, বাইয়ানী মানে কী?


ঋজুদা বলল, ওড়িয়াতে পাগলিনীকে বাইয়ানী বলে।


অন্য জায়গাতেও তো মানুষ ধরেছে। তা হলে বাঘটার নাম বাঘঘমুণ্ডার বাঘ। হল কেন?


ঋজুদা জিজ্ঞেস করল, পট্টনায়েকবাবুকে।


উনি বললেন, অন্য জায়গাতে বিশেষ যায় না, বাঘমুণ্ডা গ্রামের কাছাকাছিই ঘোরে-ফেরে। বাঘটার হেডকোয়ার্টাস হচ্ছে বাঘঘমুণ্ডার হাতিগির্জা পাহাড়ে।


হাতিগির্জা পাহাড়!


তিতির বেশ জোরেই চেঁচিয়ে উঠল। বলল, ‘পর্ণমোচী’ পত্রোপন্যাসে পড়েছি হাতিগির্জা পাহাড়ের কথা।


আমি বললাম, এখানের হাতিরা বুঝি খ্রিস্টান? গির্জাতে গিয়ে উপাসনা করে?


সকলেই হেসে উঠল আমার কথাতে।


তিতির বলল, বাঘঘমুণ্ডার কথাও পড়েছি আমি নগ্ন নির্জন’ উপন্যাসে।


পট্টনায়েকবাবু চায়ের কাপটা সশব্দে ডিশ-এর উপরে নামিয়ে রেখে একটু অধের্য গলায় বললেন, তা হলে কী হল আমার আর্জির ঋজুবাবু? আমাকে কি ফেরাবেন আপনি?


ঋজুদা একটু চুপ করে থেকে বলল, এদের নিয়ে একটু ঘুরতে এসেছি। তবে, মানুষখেকো বাঘটা আমরা থাকতে থাকতে যদি কোনও মানুষ মারে তা হলে একটা চেষ্টা করা যেতেই পারে অবশ্য। আপনি যখন এমনভাবে দৌড়ে এসেছেন।


মানুষ না মেরে যদি গোরু-টোরু মারে?


গোরু-টোরুও মারে নাকি? তবে তো বাঘটা বেশ বহাল তবিয়তেই আছে বলতে হবে। যে সব বাঘ বুড়ো, বা যে-কোনও কারণেই হোক অশক্ত হয়ে যায়, তারাই সাধারণত মানুষ ধরে। মানুষ তো বাঘের স্বাভাবিক খাদ্য নয়। গোরুও অবশ্য নয়।


তা জানি না, কিন্তু এই বাঘটার তো দেখি বাছ-বিচার নেই। চেহারাতেও সে দশাসই। বাঘঘমুণ্ডার বন-বাংলোর পিছনের মাঠ থেকে একটা নধর গোরু ধরে সেটাকে হাতিগির্জা পাহাড় অবধি কিছুটা পিঠে তুলে, কিছুটা টেনে, কিছুটা হেঁচড়ে নিয়ে গিয়ে খেয়েছিল। তা হলে কতখানি শক্তি ধরে বুঝতেই পারছেন।


তাই? তা হলে যদি কোনও kill হয়, আমাকে খবর দেবেন। চেষ্টা করে দেখব। আমরা কিন্তু এই অঞ্চলে ঠিক সাতদিনই আছি। ফেরার রিজার্ভেশনও করা আছে। কটক থেকে। ফিরতেই হবে। তারই মধ্যে এদের দু’জনকে মহানদীর এপার-ওপারের সব জঙ্গল দেখাতে হবে, অতএব বুঝতেই পারছেন! তবে যেখানেই যাই, রাতে ফিরে এসে পুরুণাকোটেই থাকব। এখানেই খবর পাঠাতে বলবেন। রাতে kill হলে যেন ভোরেই এসে খবর দেয়। এবং এমন লোককেই খবর দিতে পাঠাবেন যে, সে-ই যেন আমাদের kill-এর জায়গাতে নিয়ে যেতে পারে।


হ্যাঁ। হ্যাঁ। তাতো বটেই।


কিন্তু মানুষখেকো বাঘ শিকার তো আর তা বলে তুড়ি মেরে করতে পারব না। মানুষ-মারা পিস্তল ছাড়া তো সঙ্গে কিছুই আনিনি এবারে। মানে, অন্য কোনও আগ্নেয়াস্ত্র।


ঋজুদা বলল, পট্টনায়েকবাবুকে।


আরে সেজন্য চিন্তা নেই। ঢেনকানল-এর ছোট রাজ

**********
No Review
Related Books
Loading books…