আড়ে আড়ে চেয়ে চেয়ে শিবির টেপা ঠোঁটের হাসিটা যেন গজলের প্রথম বিস্তারের মতো ব্যাপারটাকে লহরার দিকে টেনে নিয়ে গেল। আর বিষ্টুপদ না-হাসি না-রাগ গোছের মুখে অপ্রতিভ তবলচির, ড়ুগিতে একটা শব্দ করে থেমে যাওয়ার মতো জিজ্ঞেস করল, মাইরি?
শুনে শিবি সর্বাঙ্গ কাঁপিয়ে তার মিঠে গলায় খিলখিল করে হেসে উঠল যেন তালফেরতা পেরিয়ে তবলায় বাজল দ্রুত রেলার বোল।
বলল, মাইরি আবার কী। মিছে বলছি বুঝিন?
মনে হল বিষ্টুপদর মুখে একটা ঘুষি মেরেছে কেউ। সে প্রায় খ্যাঁক করে উঠল, তা হলে সাত নম্বর?
শিবি অমনি ঘোমটা একটু সরিয়ে ছোট মেয়ের মতো মুখখানি বেজার করে বলল, আমার দোষ নাকি? এই নিয়ে তো আট হত, একটা চলে গেল, তাই..।
বিষ্টুপদ হাসবে কি কাঁদবে ভেবে পেল না। সে অবাক হয়ে একমুহূর্ত তাকিয়ে রইল শিবির দিকে।
তার বউ শিবি। লম্বা চওড়ায় দোহারা শরীর, মাজা মাজা রং, সাধারণ দুটো চোখ। বয়স প্রায় তিরিশ। বিচার করলে রূপ তার কিছুই হয়তো নেই। কিন্তু তার এ সাদাসিধে চেহারাটার মধ্যে কোথায় যেন এমন একটা অপরূপের ছোঁয়া লেগে রয়েছে যে, পেছন ফিরলে আবার ফিরে দেখতে হয়। তার বয়স হয়েছে, বয়সের দাগটা পড়েনি। যেন পাতি হাঁসটার হাজারবার জলে ডোবানো, তবু ঝরঝরে শরীরটার মতো। মুখটা কাঁচাটে অর্থাৎ রূপের যদি কোনও কাঁচামিঠে স্বাদ থাকে, তবে তাই। ওই মুখে তা নিয়ত হাসির কারণ বোঝা দায়।
বিষ্টুপদর সাতসক্কালে এ বিস্ময় ও ক্ষুব্ধতা এখানে নয়, অন্যত্র। সে ভাবছে, এই মেয়ে ন বছর বয়সে তার ঘরে এসেছে, তেরো বছর বয়স থেকে যথানিয়মে সন্তান প্রসব করে চলেছে। শরীর একটু টসা দূরে থাক, বিষ্টুপদ যখন জ্বালা-যন্ত্রণায় রোজই বলছে, এবার শালা কেটে পড়ব, ঠিক তখনই শিবি সোহাগ করে, হেসে খাপচি কেটে বললে কিনা, মিটুর দোকান থেকে এট্টুস নঙ্কার আচার এনে দেবে? এই সামান্য কথাটাই একটা মস্ত সর্বনাশের মহা ইঙ্গিতপূর্ণ বিষ্টুপদর কাছে। এই কথাটা যতবার শুনেছে শিবির মুখ থেকে, ততবারই তার পিতৃত্বের খঞ্জনি বেজে উঠেছে আঁতুড়ঘরে। যেন মৃত্যু ঘোষণা করেছে বিষ্টুপদর। তাই সে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়েই জিজ্ঞেস করেছে, মাইরি? যেন তা হলে সে শুনতে পাবে, ‘না’। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মের মতো শিবি হেসে উঠেছে খিলখিল করে। উপরন্তু মুখ বেজার করে বলছে, এই নিয়ে তার আট হত। বোঝো, যেন গাছের ফল।
এক মুহূর্ত সে শিবির দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে রইল যেন শিবি তার কোন নিষ্ঠুর আততায়ী। পরমুহূর্তেই মোটা ভাঙা গলায় চিৎকার করে উঠল, নঙ্কার আচার না, এবার আমার মুণ্ডুটা এনে দেব। রইল শালার সমসার আর ঘর আর রোজগার।
বলেই ঘটঘট করে বেরিয়ে যেতে যেতে তার সেই স্বভাবসিদ্ধ ইংরেজি কথা কটি শোনা গেল, অল শালা ব্লাডি বোগাস।
কাদের দুড়-দাড় করে ছুটে পালাবার শব্দ শোনা গেল। আর কেউ নয়, বিষ্টুপদর ভীত সন্ত্রস্ত ছেলেমেয়ের দল পালাচ্ছে বাপের খ্যাঁকানি শুনে। আর ছটি সন্তানের মা শিবি প্রায় একটি বালিকার মতো অভিমানক্ষুব্ধ চোখে তাকিয়ে রইল সেদিকে। তারপর বলিকার মতোই ঠোঁট কেঁপে চোখ ফেটে তার জল এল। কথায় বলে, মন গুণে ধন, দেয় কোন জন। শিবির ধন নেই কিন্তু পুত্র দিয়ে লক্ষ্মী লাভের সৌভাগ্য যে সংসারে এত বিড়ম্বনা, তা কে জানত!
.
বিষ্টুপদ চলেছে হনহন করে। চলা না বলে তাকে ছোটা বলাই ভাল। লম্বায় প্রায় ছ ফুটের উপর, গায়ের রং ক্ষয়-পাওয়া রোদে পোড়া ন্যাড়া গাছের মতো। তেমনি শুকনো শক্ত হাড়কাঠ সার শরীর। খোঁচা খোঁচা গোঁ-মারা চুলগুলিকে তেল-জলের সার দিয়ে যেন পেড়ে ফেলার চেষ্টা হয়েছে। কিন্তু সে চুল ভাঙে তো মচকায় না। মোটা ঠোঁট আর যাকে বলে অশ্বনাসিকা। গুলিভাটা গোল চোখ। আর খাকি, ফুলশার্টের হাতে গলার বোতামটি পর্যন্ত আটকানো। দশ হাত কাপড় হাঁটুর বেশি নামেনি। তার তলা থেকে নেমে এসেছে আগুনে সেঁকা বাঁশের মতো শিরবহুল সরু পা। পায়ে পরেছে পুরনো ফাটা টায়ার কাটা আর বে-সাইজের স্যান্ডেল।
এই হল বিষ্টুপদর চেহারা। বংশমর্যাদায় কুলিন কায়েত। কোন্ অজানা যুগে নাকি বাপ-ঠাকুরদা প্রজা শাসনও করত। আর সে এখন কাজ করে মিউনিসিপ্যালিটিতে। ডেজিগনেশন লেখা আছে, কনসারভেন্সি সুপারভাইজার, ১নং ওয়ার্ড। বিষ্টুপদ নিজে বলে, এ এস আই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর। ডোম মেথর ধাঙ্গড়ধাঙ্গড়িরা বলে, ছোট সোনাটরবাবু। মানে স্যানিটারিবাবু। পাড়ার ছোঁড়ারা আড়ালে বলে, শালা ধাওড়ার ভূত, ধাঙ্গড়-সর্দার।
সত্যি, চলেছে যেন তে-ঢিঙে লম্বা একটা একরোখা ভূতের মতো। সামনে পেছনে, ডাইনে বাঁয়ে, কোনওদিকে হেলে না। মোটা ঠোঁট কুঁচকে রয়েছে অসহ্য তিক্ততায় ও যেন কীসের প্রতিজ্ঞায়। ফুলে ফুলে উঠছে নাকের পাটা আর কোঁচকানো চোখ জোড়ার দূরে নিবন্ধ অপলক চাউনিটা হন্যে উঠেছে শিকারসন্ধানী হন্যে শ্বাপদের মতো।
ফাগুন মাস, আকাশ নির্মেঘ। হাওয়া পাগল। সকালবেলাটা যেন গোলাপী নেশার আমেজে দুলছে। রোদে তাত নেই। পাতা নেই গাছে গাছে। ধুলো উড়ছে, শুকনো পাতা উড়ছে, উড়ছে কাগজের টুকরো আর শুকনো রাবিশের ডাঁই।
মিউনিসিপ্যালিটি অফিসের কম্পাউন্ডে ঢুকতে না ঢুকতেই ফ্যালা ডোম হা হা করে করে হেসে তাকে অভ্যর্থনা করল, এই যে সোনাটরবাবু, এসে পড়েছ?
বিষ্টুপদ থমকে দাঁড়াল। তার চোখ মুখ আরও বিকৃত হয়ে উঠল রাগে। খেপে উঠে ভেঙচি কেটে বলল, তা পথের মাঝে কেন, অফিস থেকে ঘুরে এলে হত না। কানা ডোম কোথাকার।
বলে সে যেন বাতাসে ধাক্কা মেরে চলে গেল অফিসে। ফ্যালা আবার হা হা করে হেসে আপন মনে বলল, যাও, অর্ডারটা লিয়ে এসো।
সত্যি, ফ্যালা একে ডোম, তায় কানা। চেহারাটা এমনিতে মন্দ ছিল না। কালো মাংসালো মাঝারি শরীর, ঘাড়ের কাছে বেয়ে-পড়া ঝাঁকড়া চুল, গলায় কালো সুতোয় বাঁদা মাদুলি। কিন্তু এক চোখো। একটা চোখ তার ভাল, এমন কী টানা সুন্দরও বলা যায়। আর একটা চোখে মণি নেই। সাদা ক্ষেত্রটা সাদানীলে মেশানো ঘষা কাচের আবরণ বলে মনে হয়। হাসলে কিংবা রাগলে তার ভাল চোখটা বুজে যায়, আর কানা চোখটা বড় হয়ে ঠেলে ড্যালা পাকিয়ে ওঠে। সেই সঙ্গে গজদাঁতগুলি বেরিয়ে পড়ে ভয়ঙ্কর হয়ে ওঠে তার মুখটা।
ফ্যালা বিষ্টুপদর সারাদিনের কাজের সঙ্গী হলেও সকালবেলা ওই এক চোখো ডোমের মুখ দেখতে সে রাজি নয়। কিন্তু কপাল গুণে দোষ। বোধ করি ফ্যালার মুখটা দেখার দোষেই অফিস ঢুকতে না ঢুকতে স্যানিটারি ইন্সপেক্টর ছেঁড়া শোলার টুপিটা মাথায় চাপিয়ে তাকে এক বিদঘুটে নতুন হুকুম শুনিয়ে দিল। নতুন নয়, এর আগে অবশ্য আরও দু-চারবার তাকে এ কাজ করতে হয়েছে। তাকে কুকুর মারতে যেতে হবে। কিন্তু লাঠি দিয়ে কুকুর মারা সাম্প্রতিক আইনে নিষিদ্ধ। তা ছাড়া খাবারে বিষ দিয়ে মারলে হয়রানিও কম। ইন্সপেক্টর স্টিকনিয়া বিষের শিশিটা আর কটা টাকা বাড়িয়ে দিয়ে বলল, বেরিয়ে পড়ো বাবা বিষ্টুচাঁদ। তোমাদের এক নম্বর ওয়ার্ড থেকে কাঁড়ি কাঁড়ি দরখাস্ত এসেছে। গাদা গাদা বাড়তি কুকুরে নাকি এলাকা ছেয়ে গেছে। তার উপরে একটা নাকি পাগলা খেপী, দুজনকে কামড়েছে। টাকা দিয়ে মেঠাই মণ্ডা যা কিনবে, ভাল দেখে কিনো আর কুল্যে এক কুড়ি না হোক, ডজন খানেক সাবড়ে এসো, বুঝলে?
কয়েক মুহূর্ত নির্বাক হয়ে রইল বিষ্টুপদ। এখন তার দাঁত চাপা মুখটা ভয়াবহ হয়ে উঠেছে। তার চোখের সামনে ভাসছিল ফ্যালা ডোমের মুখটা। পরমুহূর্তেই সে মুখটা চাপা দিয়ে দেখা দিল শিবির টেপা হাসির সোহাগী মুখ। আসলে ওই অশুভক্ষণটি থেকেই আজকের এই অভিশপ্ত দিনটার শুরু।
ভেবেই গোঁ ধরা ভূতের মতো কাঁকড়ার দাঁড়ার মতো শক্ত হাতে বিষের শিশিটা তুলে নিল। মনে মনে বলল, সেই ভাল, আজকের থেকে সকলের মুখে আমার বিষ দেওয়ার পালাই শুরু হোক।
তারপর কী মনে করে খ্যাপা শিম্পাঞ্জির মতো দাঁতগুলি বের করে খ্যাঁক করে উঠল, তা এবার আমার ওই ডেকিজনেশন না ডেকচিনেশনে সোপাইভাইজারটা কেটে ডোম করেই দেওয়া হোক।
স্যানিটারি ইন্সপেক্টর হিহি করে হেসে বলল, আরে ছ্যা, ডোম তো তোমার সাকরেদি করবে। তোমার পোস্টটা তা হলে বিষ্টুচাঁদ ডগ-কিলার করতে হয়।
ডগ কিলার?
হ্যাঁ ডগ মানে কুকুর, আর কিলার মানে খুনি। বলে ময়লা হাফ-প্যান্টের পকেটে হাত দিয়ে আবার হি হি করে হেসে উঠল ইন্সপেক্টর।
নাকের পাটা ফুলিয়ে, চোখ ঘোঁচ করে বিষ্টু বলল চাপা গলায়, তার চে মানুষ-খুনি পোস্টই ভাল।
জবাব দিতে গিয়ে স্যানিটারি ইন্সপেক্টরের জিভে কামড় পড়ে চোখ দুটো গোল হয়ে উঠল।
বিষ্টুপদ ততক্ষণে টাকা কটা ছোঁ মেরে তুলে নিয়ে একেবারে রাস্তায় গিয়ে পড়েছে। পেছনে তার ফ্যালা ডোম।
খানিকটা গিয়ে ঘাড়ের থেকে লোহাবাঁধানো লাঠিটা নামিয়ে বলল ফ্যালা, আচ্ছা সোনাটরবাবু, আগে তো শালা ডাণ্ডা হেঁকেই কাজ হত, আজকাল এ নিয়ম কেন?
আইন নেই।
কেশো গলায় খ্যাল খ্যাল করে হেসে বলল ফ্যালা, শালা আইনটা বড় মজার। মারো, তবে পিটে লয়, বিষ দিয়ে।…অল শালা বেলাডি বোকাস।
ঠাট্টাটা বুঝতে পেরে চোখের কোণ দিয়ে অগ্নিদৃষ্টি হেসে বিষ্টু বলল, খচাসনি ফ্যালা, টুটি চেপে এই বিষ ঢেলে দেব গলায়।
ফ্যালার কানা চোখের সাদা ড্যালাটা বেরিয়ে এসে তার চাপা হাসির মতো কাঁপতে লাগল।
প্রায় আধঘণ্টা বাদে তারা দুজনে যখন আধা শহর, আধা গ্রামাঞ্চলটার সীমানার নিরালা মাঠের ধারে, বাজ পড়া মাথা মুড়নো তাল গাছটার তলায় এসে দাঁড়াল, তখন মনে হল যেন যমালয়ের দুটো গুপ্তচর নেমে এসেছে মারণ-যন্ত্র নিয়ে।
ইতিমধ্যে ফাল্গুনের রোদে একটু একটু তাত ফুটতে আরম্ভ করেছে। হাওয়াটা উদাস বৈরাগীর দীর্ঘশ্বাসের মতো একটা চাপা হাহাকার তুলে দিয়ে যাচ্ছে মাঠের মাঝে। ফ্যালা ট্যাঁক থেকে একটা কলা পাতার পুরিয়া বের করে ভেতর থেকে কালো মতো একটা ছোট ড্যালা বাড়িয়ে দিল বিষ্টুর দিকে। জিনিষটা বাটা সিদ্ধি। বলল, ইচ্ছাপূরণের গুলিটা খেয়ে লাও সোনাটরবাবু। যেটাকে ধরবে আর প্রাণ নিয়ে সেটাকে ফিরতে হবে না।
বস্তুটির দিকে এমনভাবে তাকাল বিষ্টু যেন এতেও তার মেজাজ খচে যাচ্ছে। দাঁত চেপে বলল, শালা মাতাল কোথাকার। বলেই ছোঁ মেরে সিদ্ধিটুকু মুখে দিয়ে কোঁত করে গিলে ফেলল।
ফ্যালাও একটা গুলি মুখে পুরে, ভাল চোখটা বুজিয়ে কানা চোখটা দিয়ে বিষ্টুর হাতের হাঁড়িটার দিকে তাকিয়ে বোগড়া দাঁত বের করে ফেলল। সুড়ত করে মুখের নালটা গিলে নিয়ে বলল, ওই বস্তু একখান বার করো সোনাটরবাবু। লইলে ইচ্ছা শালা আধখ্যাচড়া থাকবে।
মাইরি? বলেই জ্বলন্ত চোখ দুটো ফিরিয়ে বিষ্টু সোজা হাঁটতে আরম্ভ করল। অনুপায় বুঝে পেছন ধরল ফ্যালা।
খানিকটা গিয়েই বিষ্টুর হাত চেপে ধরল ফ্যালা। দুজনেই থমকে দাঁড়াল। আঙুল বাড়িয়ে হাত কুড়ি দূরে একটা কুকুর দেখাল। একেই বলে ডোমের চোখ। তাও কানা। যেন দুটো গুপ্তঘাতক শিকার পেয়েছে।
বিষ্টু দেখল, কুকুরটাও থমকে দাঁড়িয়েছে। সাদা কালো মেশানো বেশ বড়সড় কিন্তু হাড় বের করা ক্ষীণজীবী জানোয়ারটার হলদে চোখের ভাবটা, এলোক দুটোকে দেখে খ্যাঁক করে উঠবে কি উঠবে না। বিষ্টুর নজরটা তীক্ষ্ণ হয়ে উঠল, মনে হচ্ছে দো-আঁশলা মদ্দা। এক লম্বর ওয়ার্ডের মাল তো?
ঠোঁট উলটে বলল ফ্যালা, না-ই বা হল এলাকাটা তো তোমার?
যা বলেছিস। তুই ব্যাটা ডাণ্ডা নিয়ে একটু তফাত যা। বলে সে হাঁড়ির শাল পাতার ঢাকনা খুলে বের করল একটা রসগোল্লা। ছুরি দিয়ে রসগোল্লাটা একটু ফুটো করে তার মধ্যে পুরে দিলে এক টিপ বিষ। তারপর ফুটোটা বন্ধ করে সে ফিরে তাকাল কুকুরটার দিকে। এবার তার গুলিভাটা চোখে খুনির হিংস্রতা। যেন সে কারও পেছন থেকে ছুরি মারতে উদ্যত হয়েছে।
কুকুরটা চাপা গলায় গর্জাচ্ছে। অর্থাৎ এদের মতলবটা কী। কিন্তু সেই সঙ্গেই ল্যাজ নেড়ে, জিভ দিয়ে গাল চেটে লুব্ধ চোখে দেখছে রসগোল্লাটা।
