Home
শান্তুকে পাওয়া যাচ্ছে না

শান্তুকে পাওয়া যাচ্ছে না

বুদ্ধদেব গুহ

শান্তুকে পাওয়া যাচ্ছে না

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

আজ অফিসে খুব খাটুনি গেছে। বাড়ি ফিরতে ফিরতে আটটা। ফিরেই রাণুকে বললাম, ঠাকুরকে বললা, যা হয়েছে তা-ই দেবে। প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়েই ঘুমোব।

রাণু বলল, আজ ন্যাশনাল প্রোগ্রাম আছে। ভীমসেন যোশীর গান শুনবে না?

বললাম, তুমি বরং বাইরের ঘরে বসে শোনো। আমার ভীষণ ঘুম পেয়েছে।

গাঢ় ঘুমের মধ্যে কেউ ডাকলে প্রথমে কিছুই বোঝা যায় না। অচেতন থেকে অবচেতনে, অবচেতন থেকে চেতনে আসতে মস্তিষ্ক অনেকখানি সময় নিয়ে নেয় তখন।

চোখ মেলে দেখি, রাণু আমার মুখের উপর ঝুঁকে আছে। মুখে উদবেগের সঙ্গে অপরাধের ছাপ।


বলল, শুনছ! দিদি এক্ষুনি ফোন করেছিল, শান্তকে পাওয়া যাচ্ছেনা।



বলেই, অপরাধের গলায় বলল, তোমাকে তুলতে হল কাঁচা ঘুম থেকে।


ততক্ষণে আমি উঠে বসেছি। আমার মা-বাবা অনেকদিন হলই চলে গেছেন। দিদি-জামাইবাবুই আমাদের সব। আমরা আজ যে কোনোরকমে পায়ে দাঁড়িয়েছি, আমি ও পিন্টু, রাণু যে আমার ঘরে এসেছে, এসবের পেছনেই দিদি। তাই দিদির ছেলে শান্তুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখবর জানার পরও আমাকে না-জাগালে রাণুর উপর রাগই করতাম।


পায়জামা গেঞ্জি পরেই বাইরের ঘরে এসে ফোন করলাম।


ডায়াল ঘোরাবার সময়েই রাণু বলল, প্রফেসারের বাড়ি গেছিল পড়তে, সেখানে থেকে ফেরার কথা ন-টায়। এগারোটা বেজে যেতে, দিদি খুবই চিন্তা করছেন। জামাইবাবুও এখানে নেই। পাটনা গেছেন, মামলা নিয়ে।


দিদিই ফোন ধরল।


আমি বললাম, পুলিস, হাসপাতাল এসবে খোঁজ করেছ?



দিদি বলল, ওর সব বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদেরও ফোন করে দেখলাম কারো বাড়ি গেছে। কিনা। কোথাও নেই। মাস্টারমশায়ের বাড়িতেও কানুকে গাড়ি দিয়ে পাঠিয়েছিলাম। তিনি বললেন, সাড়ে আটটাতে বেরিয়ে গেছে অন্য দু-জনের সঙ্গে। রতনও তো কলকাতায় নেই। আমি জানি না, কিছু ভাবতে পারছি না। তোরা যা ভালো মনে করিস, কর এসে।


রতনদা দিদির দেওর। রতনদাও কলকাতায় নেই। দিদির বাড়ি পৌঁছে রতনদার শালা ছবুকে নিয়ে আমরা সব কটা হাসপাতালে খোঁজ করলাম দক্ষিণের। তারপর থানায় গেলাম।


ও সি ছিলেন না। যিনি ছিলেন, তিনি টেবলের উপর পা তুলে, বুড়ো আঙুল আর মধ্যমার মধ্যে সিগারেট ধরে গাঁজার মতো টান দিচ্ছিলেন।


আমাদের শান্তু যে হারিয়ে গেছে তা নিয়ে আমাদের উত্তেজনা ও উদবেগের শেষ ছিল না। কিন্তু ভদ্রলোক নির্বিকার।


পা নামিয়ে বললেন, বসেন বসেন। পোলায় করে কী?


ছবু বলল, এবার প্রি-ইউ দেবে।



প্রি-টেস্ট কেমন দিছিল? আমার ছোটটাও দিতাছে প্রি-ইউ এইবার।


ফল ভালো করেনি। আমি লজ্জিত গলায় বললাম।


ভদ্রলোক কান খোঁচাতে খোঁচাতে বললেন, বুঝছি! চিন্তার কোনোই কারণ নাই। খামোখা দৌড়াদৌড়ি কইরেন্যন না। বাড়ি যাইয়া ঘুমান। ভয়ের কিছুই নাই। পোলায় আপনেই আইস্যা পড়বখন।


ছবু উত্তেজিত হয়ে বলল, আপনি তো বেশ ক্যাজুয়ালি নির্বিকারভাবে কথা বলছেন। আমরাই বুঝছি আমাদের কী হচ্ছে!


উনি নিরুপায় গলায় বললেন, আমাগো বিকার কি ভালো? আমাগো উত্তেজিত হওন শোভা পায় না! আমরা হইলাম গিয়া একজিকিউটিভ।


বলেই, খাতাটা বড়িয়ে দিয়ে বললেন, একখান ডাইরি লিইখ্যা দিয়া বাড়ি গিয়া ঘুমান দেহি।


ছবু উত্তেজিত হয়ে বলল, আপনি তো আচ্ছা লোক মশাই?



উনি নিরুত্তাপ গলায় বললেন, বিলক্ষণ আচ্ছা। আপনাগো একটাই ছাওয়াল। আর আমাগো ছাওয়াল অনেক। মিনিটে মিনিটে হারাইতাছে।


আমরা বেরিয়ে এসে গাড়িতে উঠলাম।


দারোগাবাবু ঘুমোতে বললেও, ঘুমোতে পারলাম না আমরা কেউই। পাটনাতে জামাইবাবুকে। ট্রাঙ্ককল করলাম। জামাইবাবু পাটনা হাই কোর্টে মামলা করতে গেছেন। সব শুনে বললেন, আই অ্যাম নট বদারড। কেন পালিয়েছে, তাও আমি জানি। সে বাড়ি ফিরুক আর নাই ফিরুক আমার কিছুই এসে যায় না। সো ফার আই অ্যাম কনসার্ড। হি ইজ ডেড।


আমি বললাম, কী বলছেন আপনি?


জামাইবাবু বললেন, ইয়েস! হি ইজ ডেড।


দিদিকে রিসিভার দিতেই দিদি কেঁদে ফেলল।



বলল, ডেড? শান্তু ডেড! ছিঃ ছিঃ তুমি কী বাবা? না শত্রু?


জামাইবাবু বললেন, শত্রু।


দিদি রিসিভারটা আমাকে দিল।


জামাইবাবু বললেন, থানায় বলে রাখ পিন্টু, যদি ইডিয়টটাকে পায় তাহলে একদিন আটকে রেখে যেন এমন মার মারে যাতে জীবনে আর পালাবার নাম না-করে। হাড়-গোড় না-ভেঙে যত মার মারা যায়, যেন মারে।


একটু চুপ করে থেকে আবার বললেন, আমাকে তোরা আর বিরক্ত করবি না। কমপ্লিকেটেড মামলা নিয়ে এসেছি। পোলিটিকাল মার্ডার, ম্যাটার পার্ট-হার্ড হয়ে আছে। তিন দিনের আগে আমি ফিরতে পারব না।


তারপর বললেন, কোর্টের বার-লাইব্রেরির ফোন নম্বরটাও লিখে রাখ। ইডিয়টটা ফিরলেই ফোন করে দিস একটা।


আমি রাণুকে একটা ফোন করে দিয়ে বললাম, সাবধানে থাকতে। ও একেবারে একা আছে বাড়িতে। তখন মনের এমন একটা অবস্থা সকলের যে, মনে হচ্ছিল, রাণুকেও কেউ চুরি করে নিতে পারে। কোনো বিপদ হতে পারে ওর। তখন মনে হচ্ছিল যে, পৃথিবীর সব লোক চোর, বদমাইশ, ছেলেধরা।



ছবু বলল, দিদি, শান্তুর কারো সঙ্গে লাভ-টাভ ছিল নাকি?


কী যে বলিস? দিদি বললেন। ক্লাস টেন-এ পড়ে।


ছবু বলল, প্রেমের আবার বয়স!


দিদি আহত হল।


কী আর করব? আমি তো দিদির ভাই। এখন পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন অনেকেই অনেক কথা বলবে, ভালো-মন্দ। সবই সইতে হবে। শান্তু যে এমন করতে পারে একথা আমিই ভাবতে পারছিনা আর তার মা-বাবা কী করে ভাববে?


দিদি বলল, শুনলি তোর জামাইবাবুর কথা? খুনের মামলা করে করে খুনিদের সঙ্গে উঠে বসে নিজেও খুনি-টুনি হয়ে গেছে। নইলে এমন করে কথা কেউ বলতে পারে। ছিঃ ছিঃ….


পরমুহূর্তেই দিদি বলল, খুনি-টুনি নিয়ে কাজ করে তোর জামাইবাবু। কেউ আমার ছেলেটাকে গুম করে, খুন-টুন…।



বলেই, দিদি মুখে হাত চাপা দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল।


দিদিদের বিরাট ড্রয়িংরুমের বড়ো গ্রান্ডফাদার ঘড়িটা টিকটিক করে আওয়াজ করছিল। রাত দুটো এখন। সময় চলে যাচ্ছে অথচ কিছুই করার নেই আমাদের।


জামশেদপুরে বড়োমামা থাকেন, শান্তুর খুব প্রিয় দাদু। সেখানে ফোন করে জানানো হল। জামাইবাবুর পরের বোন থাকে নাগপুরে। সেখানেও। কটকে থাকেন জামাইবাবুর ছোটো বোন, সান্তুর সবচেয়ে কাছের লোক। ছোটো পিসি। সেখানেও তাদের কটকচণ্ডী রোডের বাড়িতে ফোন করে বলা হল আজ এক্কেবারে ভোরে জগন্নাথ এক্সপ্রেস কটক স্টেশনে ঢোকার সময়ই যেন। স্টেশনে সদলবলে সমীর উপস্থিত থাকে। ট্রেন থেকে নামলেই সঙ্গে সঙ্গে শান্তকে গ্রেপ্তার করে বাড়িতে নিয়ে গিয়ে যেন আমাদের জানায়।


আজ রাতে শুধু আমরা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে বিনিদ্র রাত কাটাচ্ছে।


জামাইবাবুর পরিবারে শান্তই একমাত্র ছেলে। ওঁদের ভাই বোন সকলেরই মেয়ে। তাই শান্তর বিশেষ আদর ওই পরিবারে। আর আমাদেরও তো একটিমাত্রই ভাগনে।



একমাত্র জামাইবাবুই বোধ হয় ঘুমোচ্ছেন পাটনার এয়ারকন্ডিশানড পাটলিপুত্র হোটেলে।


ছবু আমাকে বলল, কত টাকা ছিল ওর সঙ্গে।


টাকা?


দিদি আকাশ থেকে পড়ল।


বলল, ওর হাতে কখনো টাকাপয়সা দিই না আমরা। যখন যা দরকার কিনে দিই। টাকা কোথায় পাবে ও?


দিদিকে বললাম, তুমি গিয়ে শোও দিদি। বাড়িতে সেডেটিভ আছে? ক্যাম্পোজ? বা অন্য কিছু? অ্যালজোলাম?


ছবু বলল, হ্যাঁ বউদি যান। শুয়ে পড়ুন। ঘুমের ওষুধ খেয়ে। আমরা তো আছি।


দিদি অনেকক্ষণ তাকিয়ে থাকল আমাদের মুখে। তারপর বলল, তোরা তো এখনও বাবা হোসনি, মা-বাবা হলে একথা বলতে পারতিস না। ওষুধ খেলেই বুঝি ঘুম আসে? রতনদাকেও বম্বেতে একটা ফোন করে দিল ছবু। কোম্পানির কাজে গেছে। গেস্ট হাউসেই উঠেছে।



রতনদা বলল, কালই সব ফেলে চলে আসব সকালেরফ্লাইটে।


ছবুর দিদি, মানে রতনদার স্ত্রীর একটা মেয়েলি অপারেশান হয়েছে। ছবুদের বাড়িতেই আছে মিলিদি।


আমি আর ছবু ড্রয়িংরুমে বসেছিলাম। টেলিফোনের কাছে। ছবু একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছিল। শান্তুর যেসব বন্ধুর বাড়ি ফোন নেই তাদের বাড়ি গেছে কানু গাড়ি নিয়ে। তখনও ফেরেনি।


শান্তুটা আমাদের আত্মীয়স্বজনদের যত ছেলে-মেয়ে আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। খুব সুন্দর ছবি আঁকে। অতি মিষ্টি স্বভাব। বিনয়ী, নম্র, ভাব। কখনো ওকে কেউ সমবয়সিদের সঙ্গেও ঝগড়া করতে দেখেনি। বড়ো লাজুক, অন্তর্মুখী ছেলে। বাংলায় এবং ইংরেজিতে খুব। ভালো। অঙ্ক আর সায়ান্সের সাবজেক্টগুলো ওর একেবারেই ভালো লাগে না। কিছুতেই ও এঁটে উঠছে না। এর ফলে অত্যন্ত খারাপ রেজাল্ট করেছিল প্রি-টেস্টে। ক্লাস সেভেন থেকেই ক্রমাগত খারাপ রেজাল্ট করে আসছিল।


দিদির ধারণা যে, শান্তু নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে, ও কিছুতেই ফাইনাল টেস্ট পরীক্ষাতে অ্যালাও হবে না।



দিদি আড়ালে গেলে আমি ছবুকে বললাম, জামাইবাবুর ভয়েই শান্তু বাড়ি ছেড়ে পালিয়েছে। খারাপ কিছু ঘটেনি, এমন হলেই ভালো।


ছবু বলল, সত্যিই অদ্ভুত কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থা। কটা জিনিস জীবনে কাজে লাগে বল? আর বিষয়েরই বা কী বাহার! ভালো লাগুক না লাগুক, প্রত্যেক ছেলে-মেয়েকেই একগাদা বিষয় গিলতেই হবে। যে ছেলে ইংরেজি-বাংলাতে ষাট সত্তর করে নম্বর পাচ্ছে সে অঙ্ক আর সায়েন্স সাবজেক্টে ফেল করলেই অশিক্ষিত। উলটোটা হলেও অশিক্ষিত। মরাখাসীটির পেছনে করপোরেশনের একটা করে নীল-রঙা যেমন ছাপ থাকে তেমন প্রত্যেক ছেলে-মেয়ের পিছনেই একটা করে ছাপ না-মারলে এদেশে কেউই শিক্ষিত হয় না।


আমি বললাম, তার উপর এই পলিটিকস। স্কুল-কলেজে-ইউনিভারসিটি সবতেই পলিটিকস ঢুকে গেছে। দলবাজি হচ্ছে। লেখাপড়ার আর দরকার কি?


ছবু বলল, এসব বলে লাভ কী? আমাদের ছেলে হারিয়েছে বলেই এখন আমরা কনসার্নড। দেশের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে ভাবছি। পরমুহূর্তে ভুলে যাব। সব জেনেশুনেও আমরা কিছু কি। করি? এক পয়সা ট্রামভাড়া বাড়লে এখানে আন্দোলন হয়, গুলি চলে। লেখাপড়ার সর্বনাশ হচ্ছে, ইলেকট্রিসিটি নেই, কেরোসিন নেই, বন্দর বন্ধ, ট্রাম-বাসে ওঠা যায় না, ব্যাঙ্কে কাজ হয় না, রেল চলে না, তবু কিছুই ঘটে না এখানে। অত্যন্ত আন্তর্জাতিক, আঁতেল, সর্বজ্ঞ, সর্বংসহ আজকালকার এই বাঙালিরা। বুদ্ধিজীবী! হাঃ।



এমন সময় ফোনটা বাজল। এখন রাত তিনটে। জামাইবাবু!


জামাইবাবু বললেন, কী রে? ছোকরা ফিরেছে?


কে? আমি অবাক হয়ে শুধোলাম।


কে আবার? তোমাদের পেয়ারের ভাগ্নে।


বললাম, না।


হুমম…ম। রাণাং মাতুলক্রমঃ। যেমন সব মামারা, তেমন তো হবে ভাগ্নে। ভাগ্নের আর দোষটা কী?


তারপরই বললেন, ফিরলেই খবর দিতে ভুলিস না। আর শোন দিদিকে দেখিস। ফিট-টিট, হয়েছিল নাকি? ডাক্তার দত্তর নম্বর জানিস তো? ডঃ রায়কেও ফোন করিস।


আমি বললাম, ঠিক আছে।


তারপর বললেন, তোর দিদিই তো আদর দিয়ে দিয়ে এই অবস্থা করেছে। কী আর বলব। আমার প্রিন্স অফ ওয়েলস। কারখানার প্রোজেক্ট-রিপোর্ট পর্যন্ত হয়ে আছে আর…।


জামাইবাবু। ফোন ছেড়ে দিলেন।


আমি বললাম, বুঝলি ছবু, জামাইবাবুর মাথা খারাপ হয়ে গেছে। ছেলে এখনও প্রি-ইউ পাশ করল না, আর এখনই কারখানার প্রোজেক্ট-রিপোর্ট। কারখানার মালিক তাকে করবেনই উনি!


তারপর বললাম, ছবু, তুই এবার বাড়ি যা। ওরা চিন্তা করছে। মিলিদি তো বটেই! ফোনটাও তো খারাপ তোদের, নই

**********
No Review
Related Books
Loading books…