Home
মেয়েদের ভয়

মেয়েদের ভয়

সুনীল গঙ্গোপাধ্যায়

মেয়েদের ভয়

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Change color


এই নিয়ে চার বার দেখা হল স্নিগ্ধার সঙ্গে ওর বিয়ের পর। প্রথম বার লছমনঝোলায়। দিল্লি থেকে দু-দিনের জন্য বেড়াতে গিয়েছিলুম হরিদ্বারে। লছমনঝোলায় ব্রিজ পেরিয়ে এসে এপারের সিঁড়ি দিয়ে নামছি, নীচে অনেক নারী-পুরুষ মাছগুলোকে ময়দা খাওয়াচ্ছে, সেখানে একটি মহিলার পিঠ দেখেই মনে হয়েছিল চেনা-চেনা। ব্রিজ দিয়ে হেঁটে আসার সময়ই, যখন নীচের মানুষগুলিকে বেশ ছোট-ছোট দেখায় তখনও ওদের মধ্যে একজনকে আমার চেনা মনে হয়েছিল। এখন পিঠ দেখে আর সন্দেহ রইল না।


আট বছর ধরে স্নিগ্ধাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি, তার কোনও ভঙ্গিই আমার অপরিচিত নয় —সুতরাং পিঠ দেখেই বা চিনব না কেন। বিরাট-বিরাট মাছগুলো একেবারে হাতের কাছে এসে। লুটোপুটি করছে খাবার নেওয়ার জন্য। স্নিগ্ধা ময়দার গুলি ছুড়ে দিয়ে খিলখিল করে হাসছে। তার আশেপাশে আরও চার-পাঁচজন নারী-পুরুষ তাদেরই দলের।


তখন আমারও প্রবল অভিমান। আমিই বা কেন স্নিগ্ধার সঙ্গে সেধে কথা বলতে যাব। আমি দাঁড়ালাম বেশ খানিকটা দূরে। আমিও ময়দার গুলি ছুড়ে মাছগুলোকে আমার দিকে টেনে আনবার চেষ্টা করলাম। আমি একবার আড়ি চোখে তাকিয়েছি, স্নিগ্ধাও তাকিয়েছে, চোখাচোখি হয়ে গেল, কিন্তু স্নিগ্ধা চিনতে পারার কোনও লক্ষণই দেখাল না। আমি যেন সম্পূর্ণ অপরিচিত। এলেবেলে লোক, আমাকে গ্রাহ্য করার কোনও দরকারই নেই। স্নিগ্ধার সঙ্গে চোখাচোখি হওয়া মুহূর্তে আমার বুক কেঁপে উঠেছিল ঠিকই, কিন্তু প্রবল অভিমানভরে আমি মনে-মনে বলেছিলাম, পৃথিবীতে কত মেয়ে আছে স্নিগ্ধার মতন! ওরকম একটা মেয়ের জন্য বয়ে গেছে আমার ভাবতে!



সেবার লছমনঝোলায় একদিন থাকব ঠিক করেছিলাম, কিন্তু পাছে স্নিগ্ধার সঙ্গে আবার দেখা হয়, তা ফিরতি বাসে চলে এলাম সেদিনই। এমনকী হরিদ্বারেও আর থাকলাম না।


দ্বিতীয়বার দেখা একটা নেমন্তন্ন বাড়িতে, অফিসের বন্ধু রমেনের বিয়ের বউ ভাতে নেমন্তন্ন খেতে গেছি, সেখানে স্নিগ্ধার সঙ্গে দেখা হবে কল্পনাই করিনি। পরে শুনলাম, রমেনের বউ স্নিগ্ধার দূর সম্পর্কে ননদ হয়। তিনতলার ছাদে খাবার ব্যবস্থা সিঁড়ি দিয়ে উঠছি, ওপর থেকে সিল্কের শাড়ি সপসপ করে নামছে কয়েকজন মহিলা। আমরা রমেনের অফিসের বন্ধু, স্বভাবতই আজ একটু। ঠাট্টা ইয়ারকি করব, সুন্দরী মেয়েদের দিকে তাকাব ছুড়ে দেব উড়ো মন্তব্য—এ অধিকার আমাদের আছেই। কে যেন একজন মন্তব্য করল, একি মেয়েরা সব চলে যাচ্ছে নাকি? খাওয়াদাওয়া সব শেষ? একজন মহিলা স্বতঃপ্রবৃত্তভাবে বললেন, কেন, মেয়েদের চলে যাওয়ার সঙ্গে খাওয়াদাওয়া শেষ হওয়ার কী সম্পর্ক? আমরা চলে যাচ্ছি না, নীচ থেকে আসছি!


একটি মেয়ের মুখ দেখতে পাইনি, দেখছিলাম ঘাড় ও পিঠের এক পাশ, উঁচু করে নতুন ডিজাইনের চুল বাঁধা, তবু চিনতে আমার অসুবিধে হয়নি স্নিগ্ধাকে। স্নিগ্ধা কি ইচ্ছে করে মুখ ফিরিয়ে আছে! আগেই দেখতে পেয়েছে আমাকে, চোখাচোখি হল না স্নিগ্ধা অন্য মহিলাদের সঙ্গে নীচে নেমে গেল।



তখন স্নিগ্ধার বিয়ের পর সাড়ে তিন বছর পেরিয়ে গেছে। সেবার স্নিগ্ধাকে দেখে আগের মতো আর বুক কাঁপল না। তবে চমকে উঠেছিলাম, সেকথা স্বীকার করতেই হবে।


মাংসের পর চাটনি পড়ছে যখন, তখন স্নিগ্ধাকে ছাদে দেখতে পেলাম আবার ব্যস্তভাবে কাকে যেন খুঁজছে। আমাকে! নাঃ! সামান্য অভিমানের সঙ্গে আমার মনে হল এ ওভাবে স্নিগ্ধা আর কখনও আমাকে খুঁজবে না। অথচ একদিন ছিল, এরকম কোনও বিয়ে বাড়িতে হঠাৎ দেখা হলে আমাকে ছাড়া আর কারুকেই খুঁজত না স্নিগ্ধা। রেবার বিয়ের সময় স্নিগ্ধা আর আমি শেষ রাত্রে। ছাদে বসে-বসে কত গল্প করেছি। অন্য মেয়েরা তখন বাসর ঘরের হাসি-ঠাট্টায় ব্যস্ত, স্নিগ্ধা উঠে এসেছিল শুধু আমার জন্য।


আমি চোখ দিয়ে স্নিগ্ধাকে অনুসরণ করতে লাগলাম। যদিও তৈরি হয়েই আছি। চোখে চোখ পড়লেই মুখ ফিরিয়ে যেত। স্নিগ্ধা ভেবেছে কী। ও অপমান করতে পারে, আমি পারি না?


স্নিগ্ধা একজন পরিবেশনকারীকে জিগ্যেস করল, আচ্ছা, নতুন বউয়ের ছোট বোন ইরা কোথায় বসেছে জানেন!



—হ্যাঁ, হ্যাঁ, দেখুন না ওই থার্ড সারিতে।


আমাদের সামনের সারিতেই বসেছিল অনেকগুলো মেয়ে। স্নিগ্ধা চলে এল সেদিকে। হঠাৎ একবার চোখাচোখি হয়ে গেল, আমি কিন্তু মুখ ঘুরিয়ে নিতে ভুলে গেলাম। স্নিগ্ধাও কিন্তু চোখ সরিয়ে নিল না। প্রায় আধমিনিট আমার দিকে চেয়ে রইল। ঠোঁটের কোণে কি সামান্য একটা হাসির রেখা দেখা দিয়েছিল, ঠিক বুঝতে পারলুম না অবশ্য। ঝুঁকে ইরা নামী মেয়েটির কানে-কানে কথা বলে যেই মুখ তুললে, আবার চোখ পড়ল আমার চোখে। এবার আমিই আস্তে-আস্তে চোখ নামিয়ে নিলাম। স্নিগ্ধা ভাবছে আমি ওর দিকে সর্বক্ষণ প্যাট-প্যাট করে তাকিয়ে আছি। ও ভাববে, হ্যাঁংলা পানা করছি আমি। কী দরকার আমার, স্নিগ্ধা কিন্তু ছাদ থেকে চলে যাওয়ার সময় আর-একবার তাকাল আমার দিকে এবারও বোধহয় আধ মিনিটখানেক চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল—হয় তো সে দৃষ্টির কোনও ভাষা ছিল, আমি বুঝতে পারিনি।


বিয়ের আগে ছিপছিপে চেহারা ছিল স্নিগ্ধার। এখন একটু ভারীর দিকে স্বাস্থ্য হয়েছে। মোটা বলা যায় না কিছুতেই, বরং প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের গড়ন নিটোল, সুন্দর মসৃণ মুখের চামড়া, বুক ও উরুর কাছে সুন্দর ভাঁজ পড়েছে। বিয়ে বাড়ির অত রূপসি মহিলার মধ্যেও স্নিগ্ধার দিকে চোখ। পড়ে। আমার একবার মনে হল, এই রূপসি স্নিগ্ধা অনায়াসেই আমার স্ত্রী হতে পারত, আমি যদি আর-একটু বেশি কঠিন হতে পারতাম সেই সময়ে।



রমেন এল আমাদের খাওয়া-দাওয়ার তদারক করতে। আমার পাশে বসা অফিসের কলিগটি স্নিগ্ধার দিকে ইঙ্গিত করে রমেনকে জিগ্যেস করল, ওই মহিলাটি কে রে? তোর শালি নাকি!


রমেন এক পলক ফিরে দেখে নিয়ে বলল, না শালি নয় তবে আমার বউয়ের কীরকম যেন আত্মীয় হয়, এখনও সবাইকে চিনে উঠতে পারিনি।


কলিগটি বললে, দারুণ চেহারা মাইরি। আলাপ করিয়ে দেনা! রমেন মুচকি হেসে বললেন, হবে হবে, পরে হবে!


—দেখিস, মাখা ঘুরে না যায়! শেষকালে নিজের বউকে ছেড়ে ওর দিকেই–


—যা!


আমার রাগ হল না। বরং একটু খুশিই হলাম। স্নিগ্ধাকে অন্যরাও সুন্দরী বলছে, এটাই আমার ভালো লাগল যদিও স্নিগ্ধা এখন আমার কেউ নয়!



খাওয়ার পর অবশ্য স্নিগ্ধাকে আর দেখতে পেলাম না। আমি চোখ দিয়ে অনেক খুঁজলাম ও বাড়িতে আরও অনেক মেয়ে ছিল তাকিয়ে দেখার মতন, রমেনের ছোটবোনের কজন বান্ধবীই তো দারুণ সুন্দর, কিন্তু আর কারুর দিকে আমার চোখ বসল না। স্নিগ্ধাকে খুঁজে পেলাম না আর।


এরপর তিন-চারদিন স্নিগ্ধার কথা খুব মনে পড়েছিল। অনেক দিন বাদে পুরোনোদুঃখটা মাথা চাড়া দিয়ে উঠেছিল। কিন্তু নিজে থেকে স্নিগ্ধার খোঁজ করব কিংবা দেখা করার চেষ্টা করব— অতটা দুর্বল হয়ে পড়িনি।


তারপর আস্তে-আস্তে আবার স্নিগ্ধার কথা ভুলতে শুরু করলাম। স্মৃতি আঁকড়ে কেউ বসে থাকে না। বিশেষত কলকাতা শহরে মন খারাপ করে বেশিদিন থাকার উপায় নেই। অফিসের টেলিফোন অপারেটরের সঙ্গে এক রবিবার বিকেলে পার্ক স্ট্রিটে দেখা। মেয়েটি মোটেই গল্প উপন্যাসের টেবিলে টেলিফোন অপারেটরদের মতন চালু ধরনের মেয়ে নয়, বেশ শান্ত লাজুক মেয়েটি। আমি তাকে চা খাওয়াতে নিয়ে যেতে চাইলাম। সে রাজি হল। তারপর অনেকদিন তাকে নিয়েই মেতে থেকে স্নিগ্ধাকে ভুলে গেলাম।


স্নিগ্ধার সঙ্গে তৃতীয়বার দেখা হল শীতকালে। মহাজাতি সদনে একটা মিউজিক কনফারেন্সে গিয়েছিলাম, সারা রাতের অনুষ্ঠান। স্নিগ্ধা অবশ্য আমার কাছাকাছি বসেছিল, আমরা তিন বন্ধুতে মিলে গিয়েছিলাম, পাঁচ টাকার টিকিটে। স্নিগ্ধা বসেছে একেবারে সামনের দিকে, হয় গেস্ট টিকিট, নয়তোদামি টিকিট। সুতরাং স্নিগ্ধাকে আমার দেখতে পাওয়ার কথা ছিল না।



ভীমসেন যোশীর গানের পর আমার বন্ধু দুজন উঠে গেল বাইরে চা খেতে। আমি গেলাম না, ওদের বলে দিলাম আমার জন্য এককাপ চা নিয়ে আসতে। রাত প্রায় আড়াইটে বাজে, ভেবেছিলাম এই ফাঁকে একটু ঘুমিয়ে নেব। কিন্তু আমার ঘুমটুম সব ছুটে গেল, যখন দেখতে পেলাম মঞ্চের প্রায় সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এক নারী। অস্পষ্ট আলোয় মুখ দেখা না গেলেও চিনতে এক মুহূর্ত দেরি হল না। স্নিগ্ধা একাই যাচ্ছে, সঙ্গে কেউ নেই, আমার দুর্দমনীয় ইচ্ছে হল উঠে গিয়ে স্নিগ্ধার মুখোমুখি দাঁড়াই। জিগ্যেস করি। স্নিগ্ধা, তুমি কেমন আছ।


স্নিগ্ধা যখন আমার কাছে কথা না রেখে বিভাসকে বিয়ে করেছিল তখন যে সাংঘাতিক রাগ এবং অভিমান জমেছিল আমার বুকে তার অনেক খানিই মিলিয়ে গেছে। এখন মনে হয়, আহা, স্নিগ্ধা সুখী হোক! আমি স্নিগ্ধার যেন লক্ষ্য নই। আমাকে বিয়ে না করে স্নিগ্ধা ভালোই করেছে, আমি বাউণ্ডুলে লক্ষ্মীছাড়াই হয়ে গেলাম, আমার সঙ্গে বিয়ে হলে স্নিগ্ধা হয়তো জীবনে শান্তি পেত না। কিন্তু স্নিগ্ধার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনা যায় না! এমনি একটু কথা বলব, হাসব একসঙ্গে, ওর স্বামীর সঙ্গে রসিকতা করব! আগে তো শুধু ঘণ্টার-পর-ঘণ্টা স্নিগ্ধার সঙ্গে কথা বলেই দারুণ আনন্দ পেতাম।


চেয়ার থেকে উঠেও পড়েছিলাম কিন্তু আবার বসে পড়লাম। স্নিগ্ধার যদি এখনও রাগ থেকে থাকে? যদি আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়? এক গাদা লোকের মধ্যে অপমান করে? বিয়ের ঠিক ঠাক হয়ে যাওয়ার পর স্নিগ্ধা আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল, সেদিন দারুণ অপমান। করেছিলাম ওকে। তখন আমার বুকে প্রচণ্ড অভিমান, কটু ভাষায় ওকে বলেছিলাম, এখন নাকে কান্না কাঁদতে এসেছ, লজ্জা করে না? সরে যাও আমার সামনে থেকে। তোমার আমি মুখ দেখতে চাইনা! তোমরা মেয়েরা সবাই এক, সবাই সমান স্বার্থপর! স্নিগ্ধা তখনও বলতে চেয়েছিল, না বরুণদা, আমি তোমাকে সত্যি ভালোবাসতাম! আমি এক ধমক দিয়ে বলেছিলাম চুপ করো!



মেয়েদের ভালোবাসা কী জিনিস, তা আমার বোঝা হয়ে গেছে! শুধু স্বার্থ! যাও, ওই মুখ আর আমাকে দেখিও না!


সময়ের সঙ্গে-সঙ্গে সব কিছুই নরম হয়ে এসেছে। এখন এক ধরনের চাপা উদাসীনতা নিয়ে আমি দেখছি স্নিগ্ধাকে। কিন্তু স্নিগ্ধাও কি রাগ ভুলতে পেরেছে?


আবার আলো নিবল, আবার অনুষ্ঠান শুরু হল। স্নিগ্ধাকে ভুলতে চেয়ে আমি মনোযোগ দিয়ে মুস্তাক আলির সেতার শুনতে লাগলাম। ঘুম আর এল না। আমার বন্ধু দুজন অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল হাত-পা ছড়িয়ে।


সেতারের পর খেয়াল আর তারানা ধরল একজন নতুন গায়ক। কর্কশ গলা, শুনতে একটুও ভালো লাগে না অথচ ঘুম আসার কোনও সম্ভাবনা নেই। চোখদুটো একেবারে খড়খড়ে। সিগারেট খাওয়ার জন্য আমি উঠে বাইরে এলাম। রাত প্রায় চারটে বাজে, হলের মধ্যে অনেকেই তখন ঘুমন্ত, বাইরেও বিশেষ লোকজন নেই। বেশ জাঁকিয়ে শীত পড়েছে, সিগারেট টানতে এখন বেশ ভালো লাগছে।


—বরুণদা, কেমন আছ?



আমি দারুণ চমকে উঠেছিলাম। একাগ্র হয়ে আমি ধোঁয়ার কুণ্ডলী পাকাতে-পাকাতে স্নিগ্ধার কথাই ভাবছিলাম, স্নিগ্ধা এখন আমার পাশে এসে দাঁড়িয়েছে, টেরই পাইনি। এতদিন বাদে বুকের মধ্যে আবার দুপদুপ করতে শুরু করল।


আমি শুকনোভাবে মুখ ফিরিয়ে বললাম, ভালো আছি। তুমি কেমন আছ?


সারা মুখ উজ্জ্বল করে হেসে ফেলল স্নিগ্ধা। বলল, খুব ভয় করছিল, আপনি আমাকে চিনতে পারবেন কি না? কিংবা হয়তো অপমান করবেন।


আমিও হাসলাম। হেসে বললাম, চার বছর কেটে গেছে। চার বছরে অনেক কিছু বদলে যায়।


বিয়েবাড়িতে যেমন দেখেছিলাম স্নিগ্ধার চেহারা তেমন সুন্দর নেই আর। আবার একটু রোগা হয়েছে। মুখে সামান্য ম্লান ছায়া। সেটা গোপন করার জন্যই স্নিগ্ধা আবার হাসল। বলল, চার বছরেও তুমি কিন্তু সেইরকম একই আছ সেইরকম ছেলেমানুষ!


আমি বললাম, ছেলেমানুষ? আমার স্কুলপির কাছে দুটো চুল পেকে গেছে।



—ওতে কিছু হয় না। তুমি এখনও বিয়ে করোনি কেন?


—কী করে জানলে বিয়ে করিনি।


—আমি সব জানি। লছমনঝোলায় আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছিলে কেন?


—তুমিই তো

**********
No Review
Related Books
Loading books…