Home
মেলার নিশি

মেলার নিশি

সমরেশ বসু

মেলার নিশি

সমরেশ বসু
short story

Posted byশেষ পৃষ্ঠা01-Mar-2025

Change color

মেলায় পৌঁছতে পৌঁছতে সন্ধে পার হয়ে গেল। আকাশে পূর্ণ চাঁদ। বসন্ত পূর্ণিমা। আজ দোলের রাত্রি। মেলার কাছে এসে যখন পৌঁছলাম, পুব দিকের গাছগাছালি, বাঁশঝাড়ের মাথায়, পূর্ণ চাঁদ তখনও যেন তেমন উজ্জ্বল হয়ে ওঠেনি। গোল সোনার পাতে, তখনও ঈষৎ তামাটে ছাপ। জ্যোৎস্নার যেমন ফিকি ফোটে, আলো এখনও সেরকম স্পষ্ট হয়নি। এ আলো যেন কেমন অস্পষ্ট, ছায়া ছায়া, রহস্যময়। তবে, আকাশে কুয়াশার আভাস বা একটুও মেঘ নেই। চাঁদের আলোয় ফিনিক ফুটতে দেরি নেই।

চারদিকের পরিবেশটাই কেমন আলো-আঁধারিতে ভরা। তার কারণ, চারদিকেই গাছপালা। যেখানে এসে মোটরবাস থেকে নামলাম, সেখানে রাস্তার ধারে, অস্পষ্ট ছায়ায় অনেকগুলো সাইকেলরিকশা দাঁড়িয়ে আছে। গাছের তলায়, আলো-আঁধারিতে, দু-তিনটে খালি বাস। যাত্রী নিয়ে এসেছে। এখন আবার এখান থেকে ফিরতি যাত্রী নিয়ে যাওয়ার অপেক্ষা। খালি গাড়ি নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে যাবে না। তবে, এ মেলা থেকে ফিরতি যাত্রী পেতে পেতে রাত হবে। যারা এসেছে, এখন তারা কেউই ফিরবে না।

এক দিকের গাছতলায় দেখা গেল কতগুলো জোয়াল নামানো গোরুর গাড়ি। জোয়াল-মুক্ত বলদগুলোকে গাড়ির সঙ্গেই দড়ি বেঁধে রেখেছে। কোনও কোনও বলদের মুখের সামনে খড়। পথ চলার পরে বিশ্রাম এবং খাওয়া। আশেপাশে কিংবা দূর-দূরান্তের গ্রামের মানুষেরা এসেছে।


সব মেলাতেই যা শোনা যায়, এখানেও সেই মাইকের প্রচণ্ড কলরব। গান তো আছেই। তার সঙ্গে আছে, সার্কাসের খেলার ঘোষণা, জাদু আর নানা ইন্দ্রজালের খেলা দেখবার ডাকাডাকি, নকল বাঘের হাঁকড়ানি, বিচিত্র এবং উকট যান্ত্রিক শব্দ। সবই দর্শকদের আকর্ষণের জন্য। মেলার ভিড়ের মধ্যে ঢোকবার আগেই দেখতে পাচ্ছি হ্যাজাকের আলো, বাতাসে ধুলো উড়ছে। ধুলো উড়ছে মানুষের পায়ে পায়ে। বিজলি বাতির কোনও চিহ্ন নেই। কাছে কাছেই একটা মাপজোক করা তৈরি শহর থাকলেও, মেলার এই তল্লাটে এখনও বিদ্যুৎ এসে পৌঁছয়নি।

নানাবিধ শব্দ চিৎকার গান আলো, যা-ই থাক, মেলাটা কোনও দিক দিয়েই যেন শহুরে হয়ে উঠতে পারেনি। বিশাল প্রান্তর জুড়ে, ঘন এবং নিবিড়, আম লিচুর বাগান। আঁশশ্যাওড়া বুনো বাবলার ঝাড়। এখানে ওখানে কয়েকটা পুকুর। তার মধ্যেই মেলা। পুরোপুরি গ্রামীণ, কিংবা বলা যায়, যেন ঘন গাছপালায় ঘেরা, একটি বন্য পরিবেশের মেলা।


মেলায় ঢোকবার প্রধান রাস্তাটার দুপাশেই যা দোকানপাট রয়েছে। মেলায় যেমন দোকানপাট থাকতে হয়, তার সবই আছে। তার মধ্যে মনোহারি আর খাবারের দোকানই বেশি। ভিড়ও সে সব দোকানেই বেশি। মেয়েদের ভিড় মনোহারি দোকানে। যত পুরনো সিঁদুর আলতা হোক, যত মান্ধাতা আমলের হিমানী পাউডার হোক, মেলার জিনিসের ঝলক যেন বেশি। খাবারেরও তা-ই। বড় বড় কাঠের বারকোশে করে, থরে থরে সাজানো রয়েছে। খাজা গজা মণ্ডা জিলিপি। গামলা ভরে পানতুয়া রসগোল্লা। কাঁচা পথের পায়ে পায়ে ধুলো উড়ে প্রলেপ পড়ে যাচ্ছে। তা পড়ুক, তবু দেখ, কর্তা যেমন সাগ্রহে খাচ্ছে, গিন্নিটিও ঘোমটার আড়ালে কম খাচ্ছে না। কেবল যে মণ্ডা-মিঠাইয়ের দোকান, তা না। ভাতের হোটেলও আছে। ডাল-তরকারি মাছ-ডিম মাংস যা চাইবে, সব পাবে। এমনকী যাকে বলে রেস্টুরেন্ট, যেখানে চপ কাটলেট পাওয়া যায়, তাও মিলবে। খুবই স্বাভাবিক। এ মেলা তো কেবল আশেপাশের দু-চার গাঁ-ঘর নিয়ে নয়। বহু দূর-দূরান্তর থেকে তোক আসে, দু-চারদিন থাকে। সবাই কিছু পুঁটলিতে চাল-ডাল বেঁধে নিয়ে আসে না। আমার মতো যাযাবর যাত্রীও আছে, যারা ঘাড়ে বয়ে কিছু নিয়ে আসে না। তাদের তো একটা ব্যবস্থা চাই। যদিও অবিশ্যি, আমার যাযাবর বৃত্তি এক রাত্রের মেয়াদি। এখানকার অন্ন হয়তো আমাকে গ্রহণ করতে হবে না।


এই সব দোকানের ফাঁকে ফাঁকে আছে, বেলোয়ারি চুড়ির দোকান। পাশে পাশে নানারকম কাচের মালা, পুঁতির হার। পুতুলের দোকানও মেলাই। যেমন পুতুল খুঁজবে, সবই পাবে। মাথা কাঁপানো বুড়োবুড়ি থেকে ঠাকুর-দেবতা। এর মধ্যে যদি কারোর শখ হয় ফটো তোলার, তার ব্যবস্থাও আছে। রং-বেরঙের সিনসিনারি খাঁটিয়ে ফটোওয়ালা তার যন্তর নিয়ে বসে আছে।

এইসব দোকানপাটের গা ঘেঁষে, যেখানে একটু বেশি জায়গা পাওয়া গিয়েছে, সেখানেই সার্কাস আর ইন্দ্রজালের তাঁবু পড়েছে। মাইকের চিৎকারে, সেখানে দাঁড়ায় কার সাধ্যি। সে কথা বললে অবিশ্যি হবে না। দাঁড়াবার সাধ্যি অনেকেরই আছে। তাঁবুর সামনে গিজগিজে ভিড় দেখলেই সেটা বোঝা যায়। একমাত্র আমার মতো লোকেরই যা কানে পোকা পড়ে। অতএব তফাতে থাকাই ভাল।

কিন্তু এ সব হচ্ছে মেলার বহিরঙ্গ। এই হ্যাজাকের আলোর ঝলকানি, কেনাকাটা, খাওয়া-দাওয়া, হইচই, খেলা দেখা, মাতামাতি ফুর্তি। এটা আসল মেলা না। আসল মেলা, বহুদূর বিস্তৃত গাছতলার ছায়ায় ছায়ায়, কিংবা ছায়ার বাইরে জ্যোৎস্নার আলোয়। সেখানে হ্যাজাকের আলো নেই, কেনাকাটা নেই। সেখানে কেউ জ্বেলেছে হ্যারিকেনের আলো, কেউ প্রদীপ অথবা মোমবাতি। যার সঙ্গতি আছে, সে কারবাইডের আলো। যাদের তা জোটেনি, তারা কাঠের আগুন জ্বালিয়েছে। যার সেটুকুও জোটেনি, সে কিছুই জ্বালেনি। আশেপাশের দশজনের আলোয়, যেটুকু দেখতে পাওয়া যায়, তাতেই তার কাজ চলেছে। তা ছাড়া জ্যোৎস্নার আলো তো কেউ কেড়ে নেয়নি। গাছতলার বাইরে, চাঁদের আলো এখন রুপালি হয়ে উঠেছে।

সেখানে কিছুই স্পষ্ট নয়, সবই যেন ছায়া ছায়া। আবার সবই স্পষ্ট, সবই যেন দেখা যায়। এই বিশাল বাগান, কোথাও আঁশশ্যাওড়া নিশিন্দার ঝোঁপ, বেঁটে বাবলার ঝাড়, সর্বত্র যেন এক কী রহস্যের মেলা বসেছে।

আমি সেই আসল মেলার মধ্যে গিয়ে ঢুকলাম।

গিয়ে দেখলাম, সেখানে সকলের আলাদা আলাদা আসর। কেউ পেতেছে শতরঞ্চি, কেউ হোগলা মাদুর। কাঁথাও পেতেছে কেউ কেউ। যে কিছু খড়-পাতা জোগাড় করতে পেরেছে, তাই বিছিয়ে, তার ওপরে কাঁথা-মাদুর পেতে, গদি করে নিয়েছে। যার যেমন জুটেছে, ভেঁড়াখোঁড়া আস্ত, সে সেইরকম পেতেছে। যার তা জোটেনি, তার ধরিত্রীর আসন আছে। ঘাসের আস্তর না পাওয়া গেলে, মাটির ওপরেই আসর নিয়ে বসেছে।

হঠাৎ দেখলে মনে হয়, কেউ কেউ সংসার ছড়িয়ে বসেছে। সে কথা মিথ্যা না। মাটি খুঁড়ে উনোন করে, ভাতের হাঁড়ি বসেছে দেখতে পাচ্ছি। হাঁড়ির মুখে টগবগ করে ফুটছে। গেরস্থ বউ হাত নেড়ে তুলে, ভাত টিপে দেখছে। পাশেই কাত হয়ে শুয়ে, শিশুটি ঘুমোচ্ছে। অঘোর ঘুম, ঢাকা দেবারও দরকার হয়নি। এক বর্ষীয়সী বসে বসে কুটনো কুটছে। আর একটু ফারাকে বসে, এক পুরুষ, চোখ বুজে একতারা বাজাচ্ছে। সুর মেলাবার চেষ্টা করে গাইছে, গুরু, অবুঝ বুঝি, তোমায় খুঁজি, খুঁজে তো আর পাই না।..

সব জায়গায় এরকম রান্নার ব্যবস্থা নেই। অনেক জায়গায় কেবল গানের আসর। খোল বাজছে, করতাল বাজছে, গান চলেছে, গুরুর নাম করেছি সার, গুরুর নামেই পার।..

যেখানেই যাই, কেবল গুরুর নাম শুনি। কেউ ফিরে তাকায়, কেউ চেয়েও দেখে না। সব আপন আপন মনে আছে। যেন ধ্যানে আছে। আবার অন্যরকমও আছে। মাথায় বাঁধা চুড়ো করে চুল। মুখভরতি দাড়ি। কাছা নেই, একটি বস্ত্র কোমরে জড়ানো। আর একখানি গায়ে। এদের আসরে আলো নেই, বসবার জন্য কিছু পাতা নেই। গাছে হেলান দিয়ে বসে, একতারা বাজিয়ে, ঘাড় নেড়ে নেড়ে গান করছে। জ্যোৎস্নার আলোয় দেখি, তাদের কারোর কারোর দাড়ির ভাঁজে হাসি। ভুরু নাচে গানের তালে তালে। গান করে

গুরু তুই পাবি কোথা যেথা সেথা

জেনে তাঁর পথের খবর খুঁজে মরবি বেরথা!

গাইতে গাইতে, হাসতে হাসতে হাতছানি দিয়ে ডাকে। নিজের পাশের জায়গাটি ইশারায় দেখায়। যেন ডেকে বসতে বলে। মনে হয়, সবাই যেন কোন এক অজ্ঞাত জগতে রয়েছে। এখানে দেহ নিয়ে বসে আছে। একতারার সঙ্গে অনেকে ডুগিতেও ডুগ ডুগ করে তাল দিচ্ছে।

সব জায়গায় যে এমন গানের আসর, তা-ইনা। কেউ কেউ নিজেদের মধ্যে বসে, কী সব কথাবার্তা বলছে। সকলেই নিজেদের নিয়ে রয়েছে।

সব জায়গায় যে কেবল একতারা ডুগি বাজে, খোলকরতাল বাজে, তা নয়। কোনও গাছতলায় হয়তো কাঠের আগুন জ্বলছে। সেখানে মাটিতে ত্রিশূল পোঁতা। ত্রিশূলে সিঁদুর লাগানো। সামনে ধ্যানস্থ ভৈরবী বসে। গেরুয়া রঙে তার শাড়ি ছোপানো। কপাল সিন্দুর-চর্চিত। কোথাও বা ছাইভস্ম মাখা, খালি-গা, সাধুর দল। সেখানে হাতে হাতে কলকে ফিরছে।

এরা কেন এ মেলায়, তা বুঝতে পারি না। তবে মেলা বলে কথা। কারোর আসতে মানা নেই। তাই এসে আসর জমিয়ে বসেছে।

এ হল কর্তাভজাদের মেলা। লোকে বলে ঘোষপাড়ার মেলা। জায়গার নাম ঘোষপাড়া, সেই হিসাবে ঘোষপাড়ার মেলা। দোলের মেলা। আসলে সতী মায়ের থান। কর্তাভজা সম্প্রদায়ের সকলেই আউল। এ হল আউলদের মেলা।

আউলরা বলে, যিনি ছিলেন শ্রীচৈতন্য, জন্মান্তরে তিনিই আউলচাঁদ। জন্ম তাঁর সতী মায়ের গর্ভে। সতী মায়ের এক সময়ে ভারী ব্যায়ো হয়েছিল। অন্য রূপে, অন্য পরিচয়ে, আউলচাঁদ তখন এখানে। তিনি এসে সতী মাকে শোয়ালেন ডালিম গাছের তলায়। কাছে এক জলাশয়, নাম তার হিমসাগর পুকুর। সেই পুকুরের পাঁক নিয়ে এসে, সতী মায়ের অঙ্গে লেপে দিলেন। দূররোগ্য ব্যাধি থেকে সতী মা বাঁচালেন। তখন মহাপুরুষের শক্তি দেখে, সতী মা আর তাঁর স্বামী রামচরণ পাল, মহাপুরুষের শিষ্য হলেন। তাঁর সেবাযত্ন করলেন। মহাপুরুষ এখানেই রয়ে গেলেন, দেহ রাখলেন। তার আগে ঘোষণা করে গেলেন, তিনি আবার সতী মায়ের গর্ভে জন্ম নিয

**********
No Review
Related Books
Loading books…