Home
মানুষের মেটে

মানুষের মেটে

সমরেশ মজুমদার

মানুষের মেটে

সমরেশ মজুমদার
short story

Change color


এতকাল বাবুর যত রোগ ছিল মনে, এবার শরীরেও। রাত তিনটে পর্যন্ত মাল খেলে সারাটা সকাল পেট চেপে পড়ে থাকে বাবু। তখন ওই বিশাল শরীর থেকে কুঁই-কুঁই শব্দ বের হয়। ঘনঘন ওষুধ ঢালে মুখের গর্তে। ইদানীং এই অবস্থা চলে দু-তিনদিন ধরে। হরিমাধব ডাক্তার এসে গম্ভীর মুখে বলে, এবার ওসব ছাড়ুন। লিভারের আর দোষ কি! পচে গেল বলে।

তা বাবু যখন শুয়ে-শুয়ে ওষুধ গেলে তখন পারোর ছুটি। কিন্তু ছুটি বলতে যে বাড়ি ছেড়ে যাবে তার উপায় নেই। বাবুকে বিশ্বাস নেই। যন্ত্রণা কখন কমবে কেউ বলতে পারে না। আর কমলেই কমলি এসে মুখ নাড়বে, যাও, গাড়ি বের করো। বাবুর বেরুবার মন হয়েছে।


এ তল্লাটে বাবুর বাড়ি যে দ্যাখে তারই বুকে বেড়াল আঁচড়ায়। অনেকখানি বাগান, সিমেন্ট কাঠ মিশিয়ে প্রাসাদের মতো দোতলা বাড়ি। বাগানের কোণে ছোট্ট ঘরে ডায়নামো আছে। জলঢাকা যখন আলো দিতে পারে না তখন এই ডায়নামো চলে। বাবুর কেউ নেই। বাচ্চা হয়নি। বউ গিয়েছে বছরখানেক আগে পরপুরুষের সঙ্গে ভেগে। আড়াল-আবডাল পেলে কমলি বলে, ভাগবে না কেন? আমি হলেও ভাগতাম।


মালিকদের ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু বাবুর দৌলতে পারোকে চেনে না একশো কিলোমিটারের মধ্যে কেউ নেই। দশ বছর চাকরি হয়ে গেল এ-বাড়িতে। দুটো জিপ কেনাবেচা হয়ে গেল। কিন্তু কখনও আগবাড়িয়ে কথা বলার অভ্যেস তৈরি হল না। ভোররাতে জিপ নিয়ে ছুটেছিল হরিমাধব ডাক্তারের বাড়ি। হেঁটে আসলে বুড়ো সাতকাহন গাইবে। জিপে বসে বলল, আবার মাল খেয়েছে বুঝি? আর বাঁচানো গেল না হে! এত টাকা নয়ছয় করছে, ভেলোরে গিয়ে চিকিৎসা করিয়ে আনে না কেন বুঝি না। লিভার খসবে এবার।



শব্দটা কদিন এতবার কানে এসেছে যে অজান্তেই নিয়মভঙ্গ করল, লিভার কী?


ডাক্তার বললেন, অ্যা? লিভার জানোনা? মেটে। মেটে বোঝো? খাসির মেটে খাও না? তা ওরকম মেটে মানুষের পেটেও থাকে। লাল টুকটুকে। যেই ঘোচে লাল অমনি আসে কালো।


ওষুধপত্র দিয়ে যাওয়ার আগে ডাক্তার বলে গেল, আর আমাকে ডাকবেন না। কোনও কথা শুনছেন না, এর পরে যদি আর এক ফোঁটা অ্যালকোহল পেটে যায় তো শিবের সাধ্যি নেই কিছু করে।


দরজার আড়ালে দাঁড়িয়ে পারো কথাগুলো শুনল। বাবু পড়ে আছে মড়ার মতো। কে বলবে কাল বিকেলে সেজেগুঁজে ওই মানুষ তার জিপে উঠেছিল। উঠে বলেছিল, অনেকদিন জুয়ো খেলিনি রে। চল একটু শিবু রায়ের জোতে। যতই সাজুক বাবুর চোখের তলায় পোড়া হাঁড়ির ছোঁয়া, গায়ের চামড়ায় কালচে ছাপ মাখামাখি। কুড়ি কিলোমিটার জঙ্গুলে রাস্তা পেরিয়ে ডায়না নদীর গায়ে শিবু রায়ের জোতে পৌঁছে দেখতে পেয়েছিল, আরও গোটাতিনেক গাড়ি দাঁড়িয়ে আছে। নামবার আগে একশো টাকার একটা বান্ডিল ছুঁড়ে দিল বাবু পারোর কোলে, এটা সামলে রাখ। বলে নেমে গেল। ইস্ত্রি করা ঝকঝকে একশো টাকাগুলো কেমন টাইট হয়ে শুয়ে আছে তারের। বাঁধনে। এত টাকা সে রাখবে কোথায়? বাকি তিনটে গাড়ির কোনও ড্রাইভার নেই। শিবু রায়ের এই জোত হল জঙ্গলের এক ধারে। অন্তত এক মাইলের মধ্যে জনবসতি নেই। মেরুদন্ড সোজা করে বসে রইল পারো। বাবু যখন বের হল তখন শিয়ালদের ডাকাডাকি শেষ হয়ে গেছে। অন্ধকারে জোনাকি ছিটকে দিচ্ছে আলো। বাবুর পা জড়ায়নি, গলাও। তবে মদের গন্ধ বড় কড়া। গাড়িতে উঠে বসে হাসল বাবু, লাকটা খারাপ গেল। দু-হাজার ফুড়ুৎ। চল এবার বিনাগুঁড়ি।



এইরকমই আশঙ্কা করছিল পারো। কিন্তু শিবু রায়ের জোত থেকে বেরিয়ে হাইওয়ে ধরে। বিনাগুঁড়ি ছাড়িয়ে নয়াবস্তি পর্যন্ত আসতে একটাও কথা বলেনি, বরং শুনেছে। গাড়িতে হেলান। দিয়ে বাবু একটা লাইন বারংবার ঘুরিয়ে ফিরিয়ে গেয়েছে, এবার কালী তোমায় খাব।


পারো জানে কালী মানে কালীমার্কা। শিবু রায়ের জোতে বাবু খেয়েছে ভুটানের মদ। বিউটির। ওখানে কালীমার্কা হাঁড়িয়া। মেয়েছেলেটার বয়স হয়েছে। গায়ের রং ফরসা। এককালে। শিলিগুঁড়িতে ছিল। বাবুই এই নয়াবস্তিতে এনে তুলেছে। নাক মুখ চোখ ভালো। কিন্তু গতর যা, তিন বাঘ বলবে কাল আবার খাব। যেমন গতর তেমন গলা। ওই গলার দাপটে বস্তির সবাইকে। কেঁচো বানিয়ে রেখেছে বিউটি। বাবু গেলেই একপ্রস্ত গালাগাল শুরু হয়ে যায়। তারপর হাত ধরে ভেতরে ঢুকিয়ে নেয়। মাঝরাত্রে পারো যখন জিপে বসে ঢুলছে তখন কানের কাছে চিৎকার শুরু হয়, আরে এ বাদশাকা বেটা, এটা তোর ঘুমোবার জায়গা? নে, ধরে তোল বাবুকে। ঠিকঠাক নিয়ে যাবি। জোরে চালাবি না। হ্যাঁ, কাল যেন ঠিক সময়ে নিয়ে আসিস।


পারোকে হাত লাগাতে হয়। বাবু তখন সিটে ঢলে পড়ে। পড়তে-পড়তে বলে, গুডনাইট বিউটি।


তারপর গাড়ি চলতে শুরু করলে হাসল, কিছু মনে করিস না পারো। আমাকে তো কেউ বকে না, তাই এখানে আসি। মাঝে-মাঝে বকুনি খেতে খারাপ লাগে না।



দরজার বাইরে দাঁড়িয়ে কালকের রাত্রের ঘটনাটা দু-তিনবার ভাবল। ডাক্তারকে পৌঁছে দিয়ে এসে বাগানে ঢুকে ওর মন খুব খারাপ হয়ে গেল। বাবুর মেটের রং পালটাচ্ছে? নিজের পেটে হাত দিল সে। প্রত্যেক মানুষের পেটে মেটে আছে?যতক্ষণ টুকটুকে লাল ততক্ষণ কোনও অসুবিধে নেই, যেই রং পালটায় তখনই গোলমাল। বাবুর বাড়িতে মাংস সপ্তাহে তিনদিন। কমলির মন ভালো থাকলে মাঝেমধ্যে তার ভাগ্যে মেটে জোটে। শেষ কামড় দেবে বলে সে সরিয়ে রাখে পাতের ধারে। মানুষের মেটে আর পাঁঠার মেটেতে তফাত কি? কোনও-কোনও মানুষ নাকি মানুষ খায়। তারা মেটেও খায়? নাভিতে হাত বোলালো পারো। চোখের তলায় কালি নেই, মুখে ছায়া নেই, শরীরে তাগদ আছে এরকম মানুষ মানেই তার মেটে টুকটুকে লাল। ব্যাপারটা মাথার মধ্যে ক্রমশ ঢুকে যাচ্ছিল পারোর। কাঠের কল পরিয়ে শের আলির দোকানে ঝুলিয়ে রাখা মাংসের সঙ্গে মেটেও থাকে। দেখতে কি মোলায়েম। তা সবগুলোই যে খুব লাল তা নয়, কিন্তু যে-গুলোয় হলদে ছিটে লেগেছে সেগুলো বিক্রি হতে চায় না। শেষমেশ কেটেকুটে মিশিয়ে দেয় শের আলি। পাঁঠা তো মাল খায় না, তাহলে তাদের মেটে অমন হয় কেন? অবশ্য হলদে ছিটে-লাগা আর পচে যাওয়া এক জিনিস নয়। পেটের ভেতর মেটে পচলে কি চেহারা হয় ঠাহর করতে পারল না পারো।


বাগানে দাঁড়িয়ে সে যখন পেটে হাত বোলাচ্ছে তখন কমলি বেরিয়ে এল। হনহন করে হেঁটে আসছে বাড়ি থেকে। ওর স্পষ্ট মনে হল, কমলির মেটে নিশ্চয়ইটুকটুকে লাল। চেহারা যা তাতে খুব বড় সাইজের মেটে আছে বলে মনে হয় না। কমলি যে দাঁড়িয়ে পড়েছে, কোমরে হাত রেখেছে তা খেয়াল করেনি পারো। ধমকানিতে চটক ভাঙল, ও মাগো! অমন ড্যাবডেবিয়ে আমার পেটের দিকে তাকিয়ে আছ কেন?



থতমত খেয়ে সত্যি কথা বলে ফেলল পারো, মেটে দেখছিলাম।


মেটে? আকাশ থেকে পড়ল কমলি, কীসের মেটে?


সম্বিৎ ফিরে পেল পারো। মাথা নেড়ে বলল, কিছু না।


অ, বাবু মরছে যন্ত্রণায় আর উনি মেটের স্বপ্ন দেখছেন! বাবু দেহ রাখলে কি হবে ভাবতে পারছ? কার জিপ চালাবে তখন? কেন নিয়ে গিয়েছিলে কাল ওই বিনাগুঁড়ির রক্তচোষার কাছে? কমলির প্রশ্নের কোনও জবাব দিল না সে। কি উত্তর হবে এর!


জবাবের জন্যে বসে রইল না কমলি, ভয়ে আমার হাত পা পেটের ভেতর সেঁধিয়ে যাচ্ছে। আমার কি! এ-বাড়িতে ঝি-গিরি করি। বাবু মরলে আর এক বাড়ি কাজ খুঁজে নেব। কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ তো একটা কিছু করতে হবে। কি বলো?


সে মাথা নাড়ল। বাবুর জন্যে যদি ওষুধ আনতে কলকাতায় যেতে হয় তাও সে রাজি। কমলি খুশি হল, তাই বলি কি, যার জিনিস তাকে ফিরিয়ে আনেনা।



কাকে? পারোর চোখের সামনে বিউটির বিশাল চেহারা ভেসে উঠল।


বউদিকে। এখনও তো বিয়ে করা বউ। আইনের ছাড়াছাড়ি তা হয়নি।


তিনি তো নিজেই চলে গেছেন, আসবেন কেন আবার?


কিছুই বলা যায় না। গিয়ে বলতে দোষ কি!


বাবু বলেছিল, আর মুখ দেখবে না। আমি নিজের কানে শুনেছি। শিবু রায়ের জোতে বসে এক বন্ধুকে বলেছিল, খাঁচা থেকে যে পাখি উড়ে যায় আমি তার মুখ দেখি না।


ওসব রক্ত গরম থাকলে পুরুষমানুষ বলে।


ও। তিনি কোথায় আছেন তা তো আমি জানি না।


আমি জানি। বউদির বোনের বাড়ি জলপাইগুঁড়িতে। সিনেমা হলের বাঁ-দিকে তিনতলা হলুদ বাড়ি। এই বেলা চলে যাও।



জলপাইগুঁড়িতে তিন-তিনটে সিনেমা হল, কোনটার পাশে?


সে আমি জানি না। যে সিনেমা হলের সব কথা বাড়িতে বসে শোনা যায়। বলেই ছুটল কমলি। পারো ওর পিছু নিল। বাবুর শোওয়ার ঘরে কমলি যত সহজে ঢোকে, সে পারে না। দরজায় দাঁড়িয়ে দেখল বাবু যন্ত্রণায় কাতরাচ্ছে। কমলিকে দেখে কাতর গলায় বলল, ডাক্তারবাবুকে ডাক।


কমলি মুখ ফিরিয়ে পারোর দিকে তাকাল, তারপর বলল, আচ্ছা।


বাবু বলল, পাপ! আমি তো কোনও পাপ করিনি কমলি। তবে আমার এই দশা কেন?


কমলি জবাব না দিয়ে হাওয়া করতে লাগল। মাথার ওপর পাখা ঘুরছে, তবু। এবং তখনই দরজার পাশে দাঁড়িয়ে পারোর মনে পড়ল সেই একশো টাকার নোটের বান্ডিলটা বাবু চেয়ে নিয়েছিল বিনাগুঁড়িতে বস্তিতে নামার আগে, সেটা তো ফিরে আসেনি। এইভাবে টাকা বিলিয়ে দেওয়া পাপ কিনা তা তার বোধগম্য হল না। সে দেখল কমলি তাকে ইশারা করছে যাওয়ার জন্যে।


গাড়িতে তেল না থাকলেও অসুবিধে নেই। মন্টুর পাম্প থেকে অ্যাকাউন্টে তেল নেওয়ার ব্যবস্থা আছে। আজ কিন্তু মন্টু মাথা নাড়ল, গতমাসের টাকা এখনও পাইনি, ওটা ক্লিয়ার না করলে দিতে পারব না।



এই গলায় কখনও কথা বলে না মন্টু। পায়রা বলল, বিশলিটার দিয়ে দাও, পরে কথা হবে।


পরে আর চান্স পাব নাকি? হরিমাধব ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছে, কেঁসে গেলে দাম কে দেবে?


প্রায় মিনিট পাঁচেক চেষ্টার পর বিশ লিটার তেল ট্যাঙ্কে ভরতে পারল পারো। গতকালও যে ফুল ট্যাঙ্কিতে আপত্তি করত না, আজ তার পরিবর্তন দেখে সে হিসাব মেলাতে পারছিল না। পাঁচজন সাক্ষী খাড়া করে রাখল মন্টু আজ। মোড়ে দাঁড়াতেই যার সঙ্গে দেখা হল সে-ই জিজ্ঞাসা করে। বাবুর খবর। যেন কখন মরবে সেটাও পায়রা বলতে পারে। মানুষগুলো একটা মৃত্যুর খবর নিচ্ছে অথচ মুখেচোখে একটুও দুঃখ নেই। যে লোকের টাকা থাকে আর সেইসঙ্গে মনের রোগ, তার। শরীরের কলকবজা বিকল হলে সাধারণ মানুষের এত সুখ হয় কেন? জিপটা নিয়ে শের আলির দোকানের সামনে পৌঁছে সে ব্রেকে পা রাখল। শব্দ শুনে শের আলি মুখ তুলে তাকাল। মাংস যা বিক্রি হওয়ার সকালেই হয়ে গেছে। কাজের দিনে একটার বেশি কাটে না শের আলি। আজ। অর্ধেকও বিকোয়নি। জিপে বসেই ও পাঁঠার মেটে দেখতে পেল। অর্ধেক বিক্রি হয়ে গেছে কিন্তু টুকটুকে লাল ফুলের মত জ্বলছে বাকিটা। নেমে এল পারো। তাকে নামতে দেখে শের আলি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কী ব্যাপার? আজ নিশ্চয়ই মাংস চাই না!



কেন? পারো একবার শের আলি আর একবার ঝুলন্ত মাংসের সঙ্গে লেগে থাকা মেটের দিকে তাকাল।


শেষ আলির চোখের তলায় কালো ছাপ, শির বের করা রোগাটে শরীর। পারো শের আলির নিজস্ব মেটেটা পরিষ্কার দেখতে পেল। ফ্যাকাশে মেরে গেছে, শুকনো, ছিবড়ে-ছিবড়ে। যে রেটে হাঁড়িয়া খায় তাতে এতকাল পচেনি কেন সেটাই বোঝা যায় না। ওর দৃষ্টির দিকে তাকিয়ে শের আলি খুব অস্বস্তিতে পড়ল, অ্যাই, কি দেখছ? বাবু তো শুনলাম মরবে আজই, এখন মাংস নিয়ে কি হবে? মনে-মনে শের আলির জন্যে একটা কষ্ট তৈরি হল। লাল টুকটুকে মেটে বিক্রি করছে যে তার নিজের মেটের অবস্থা তেরোটা। দরদস্তুর করে সে পাঁঠার মেটে কিনল তিনশো গ্রাম। চকচকে লাল বস্তুটি হাতে নিয়ে আজ বড় মোলায়েম ঠেকল। কি আদুরে! ধারগুলো নেমে গেছে পাতলা হয়ে। মানুষেরা যে দেখতে যত কুৎসিত অথবা সুন্দরই হোক তাদের পেটের মেটে নিশ্চয়ই একরকম থাকে। মাথা নাড়ল পারো, না, মানুষই তা ভিন্ন রকম করে দেয়। কিন্তু পাঁঠারা? তারা কেন নিজেদের মেটে নষ্ট করে?


শের আলি অবাক হয়ে জিজ্ঞাসা করল, অ্যাই পারো, কি বলছ মনে-মনে?


শালপাতার মোড়া বস্তুটির জন্যে তার নটাকা বেরিয়ে গেল। মাইনের অবশিষ্ট টাকাটা। খাওয়া পরা বাবুর বাড়িতে, টাকাও জমে যাওয়া উচিত। কিন্তু জম

**********
No Review
Related Books
Loading books…