বি এ পাস করে বসে আছে মিহির, কী করবে কিছুই স্থির নেই। এমন সময়ে দৈনিক আনন্দবাজার-এ একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বি এ পাস গৃহশিক্ষক চাই—আহার ও বাসস্থান দেওয়া হইবেক, তা ছাড়া বেতন মাসিক ত্রিশ টাকা।
বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এইরকমই একটা সুযোগ খুঁজছিল সে…খাওয়া-থাকাটা অমনিই হবে, তা ছাড়া ত্রিশ টাকা মাস মাস—কিছু কিছু বাড়িতেও পাঠাতে প...