Home
মণি ডাক্তার

মণি ডাক্তার

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

মণি ডাক্তার

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
short story

Posted byশেষ পৃষ্ঠা18-Mar-2025

Change color

আষাঢ় মাসের প্রথমে জ্যৈষ্ঠের গরমটা কাটিয়া গিয়াছে তাই রক্ষা, যে কষ্ট পাইয়াছিলাম গতমাসে! এই বাগানঘেরা হাটতলায় কি একটু বাতাস আছে?

কিছু করিতে পারিলাম না এখানেও। আছি তো আজ দেড় বছর। শুধু এখানে কেন, বয়স তো প্রায় বত্রিশ-তেত্রিশ ছাড়াইতে চলিয়াছে, এখনও পর্যন্ত কী করিলাম জীবনে? কত জায়গায় ঘুরিলাম, কোথাও না-হইল পসার, না-জমিল প্র্যাকটিস। বাগআঁচড়া, কলারোয়া, শিমুলতলী, সত্রাজিৎপুর, বাগান গাঁ—কত গ্রামের নামই বা করিব! কোথাও মাস-কয়েকের বেশি চলে। এই পলাশপাড়ায় যখন প্রথম আসি, বেশ চলিয়াছিল কয়েক মাস। ভাবিয়াছিলাম ভগবান মুখ তুলিয়া চাহিলেন বুঝি। কিন্তু তার পরেই কি ঘটিল, আজ কয়েক মাস একটি পয়সারও মুখ দেখিতে পাই না।


এখন মনে হয় কুণ্ডবাবুদের আড়তে যখন চাকুরি করিতাম শ্যামবাজারে, সেই সময়টাই আমার খুব ভালো গিয়াছে। আমাদের গ্রামের একজন লোক চাকুরিটা জুটাইয়া দিয়াছিল; খাতাপত্র লিখিতাম, হাতের লেখা দেখিয়া বাবুরা খুশি হইয়াছিল। আট-নয় মাসের বেশি সেখানে ছিলাম; তার মধ্যে কলিকাতায় যাহা কিছু দেখিবার আছে, সব দেখিয়াছি। চিড়িয়াখানা, মিউজিয়াম, বায়োস্কোপ, থিয়েটার, পরেশনাথের বাগান, কালীঘাটের কালীমন্দির—কী জায়গাই কলিকাতা!


চাকুরিটা যাইবার পরে পরের দাসত্বের উপর বিতৃষ্ণা হইল। ভাবিলাম, ডাক্তারি ব্যাবসা বেশ চমৎকার স্বাধীন ব্যাবসা। কুণ্ডুবাবুদের বাড়ির ডাক্তারবাবুকে ধরিয়া তাঁহার ডিসপেন্সারিতে বসিয়া মাস দুই কাজ শিখিলাম। কিছু বাংলা ডাক্তারি বই কিনিয়া পড়াশোনাও করিলাম। তারপর হইতেই নিজের দেশ ছাড়িয়া এই সুদূর যশোহর জেলার পল্লিতে পল্লিতে ঘুরিয়া বেড়াইতেছি।


এ গ্রামে ব্রাহ্মণের বাস নাই, হিন্দুর মধ্যে কয়েকঘর গোয়ালা ও কলু আছে, বাকি সব মুসলমান। পলাশপুরে কারো কোঠা বাড়ি নাই, সকলে নিতান্ত গরিব, সকলেরই খড়ের ঘর। খুব বেশি লোকের বাসও যে এখানে আছে তাও নয়। যদি বলেন, এখানে কেন ডাক্তারি করিতে আসিয়াছি, তার একটা কারণ নিকটবর্তী অনেকগুলি গ্রামের মধ্যে এখানেই হাট বসে। এমন কিছু বড়ো হাট নয়, তবুও বুধবারে ও শনিবারে অনেকগুলি গ্রামের লোক জড়ো হয়।


হাটতলায় ক-খানা খড়ের আটচালা ও সবাইপুরের গাঙ্গুলীদের ছ-আনি তরফের কাছারি-ঘর আছে। কাছারি ঘরখানা দেয়ালবিহীন খড়ের ঘর। বছরের মধ্যে কিস্তির সময় জমিদারের তহশীলদার আসিয়া মাস-দুই থাকিয়া খাজনাপত্র আদায় করিয়া চলিয়া যায়। সুতরাং ঘরখানা ভালো করিবার দিকে কাহারও দৃষ্টি নাই। ঘরের অবস্থা অত্যন্ত খারাপ, সারা মেঝেতে ইঁদুরের গর্ত, মটকা দিয়া বর্ষার জল পড়ে, ঝড়ঝাপটা হইলে ঘরের মধ্যে বসিয়াও জলে ভিজিতে হয়। ছ-আনির বাবুদের এহেন কাছারি ঘরে নায়েবকে বলিয়া-কহিয়া আশ্রয় লইয়া আছি।


একাই থাকি। এ দিকে সব গাঁয়ের মতো এ গাঁয়েও বনজঙ্গল, বাঁশবন, প্রাচীন আমের বাগান বড়ো বেশি। হাটতলার তিনদিক ঘিরিয়া নিবিড় বাঁশবন ও আমবাগান, একদিকে সঁড়ি জঙ্গলের গা ধরিয়া আধপোয়া পথ গেলে বেত্রবতী নদী–স্থানীয় নাম বেতনা। বনজঙ্গলের দরুন দিনের বেলাও হাটতলাটা যেন খানিকটা অন্ধকার দেখায়, রাত হইলে হাটতলায় লোকজন থাকে না, দু-একখানা যা দোকানপত্র আছে, দোকানিরা বন্ধ করিয়া চলিয়া যাইবার পরে হাটতলা একেবারে নির্জন হইয়া পড়ে। বনে, ঝোপেঝাড়ে বাঁশবাগানে জোনাকি জ্বলে, কচিৎ ফুটন্ত ঘেঁটকোল ফুলের দুর্গন্ধ বাহির হয়, উত্তর দিকে শিমুলগাছটায় পেঁচা ডাকে, আমি একা বসিয়া ভাত রাঁধি, কোনো কোনো দিন ভাত চড়াইয়া দিয়া একতারাটা হাতে লইয়া আপন মনে গান করি।


আজ ছয়-সাত মাস একটা পয়সা আয় নাই। হাটে তেঁড়া পিটাইয়া দিয়াছি— চার আনা ভিজিট লইব, ওষুধের দাম দাগপিছু এক আনা। তবুও রোগীর দেখা নাই। ভাগ্যে মুজিবর রহমান লোকটা ভালো, নিজের দোকান হইতে আজ চার-পাঁচ মাস ধরে চাল ডাল দেয়, তাই কোনোরকমে চলিতেছে।


গোয়ালপাড়ায় দামু ঘোষের বাড়িতে একটা নিউমোনিয়া কেস ছিল গত মাসে। মুজিবর এদিকের মধ্যে মাতব্বর লোক, সবাই তার কথা মানে, তাকে ধরিয়া সুপারিশ করাইয়াছিলাম দামু ঘোষের কাছে। কিন্তু শেষপর্যন্ত আমায় না-ডাকিয়া ডাকিল গিয়া বলরামপুরের অবিনাশ সেকরা কবিরাজকে। অবিনাশ কবিরাজের ওপর তাদের নাকি অশেষ বিশ্বাস।


সুবাসিনীকে লইয়া হইয়াছে মুশকিল। বিবাহ করিয়া পর্যন্ত তাকে বাপেরবাড়ি ফেলিয়া রাখিয়াছি। একখানা ভালো কাপড় পর্যন্ত কোনোদিন দিতে পারি নাই, ছেলেটির দুধের দাম সাত-আট টাকা বাকি, শাশুড়ি ঠাকরুন তাগাদা করিয়া চিঠি দেন; কোথায় পাইব সাত-আট টাকা নিজেই পাই না পেটে খাইতে! টাকা দিতে পারি না বলিয়া শাশুড়ি ঠাকরুন মহা অসন্তুষ্ট, তিনি ভাবেন কত টাকাই না রোজগার করিতেছি ডাক্তারিতে!


কেহ বলিলে হয়তো বিশ্বাস করিবে না, আজ চার-পাঁচ মাস একরকম শুধু ভাত খাই। পাড়াগাঁ হইলেও এখানে জিনিসপত্র উৎপন্ন হয় না বলিয়া অতিরিক্ত আক্রা —পটল দুই আনা সের, আলু ছয় পয়সা। মাছ চার আনা ছয় আনার কম নয়। কেহ দেখিতে পাইবে বলিয়া খুব ভোরে নদীর ধার হইতে শুশুনি আর কাঁচড়াদাম শাক তুলিয়া আনি মাঝে মাঝে। আজকাল আমের সময়, শুধু আম-ভাতে আর ভাত; কতদিন শুধু নুন দিয়াই ভাত খাইয়াছি।


পাশকরা ডাক্তার নই, কিন্তু তাতে কী? বাড়ি বসিয়া বই পড়িয়া কী আর ডাক্তারি শেখা যায় না। আজ সাত-আট বছর তো ডাক্তারি করিতেছি, অভিজ্ঞতা বলিয়া একটা জিনিসও তো আছে! পাশ-করা ডাক্তারের হাতে কি আর রোগী মরে না? ধোপাখালির ইন্দু ডাক্তার আসিয়া বিধু গোয়ালিনির মেয়েটাকে বাঁচাইতে পারিয়াছিল?


তবে কেন যে দুষ্ট লোকে রটাইয়াছে, মণি ডাক্তারের ওষুধ খাইলে জ্যান্ত মানুষ। মরিয়া ভূত হয়, ইহার কারণ কে বলিবে? আমি গরিব বলিয়া আমার দিকে কেউ হয় না, এক মুজিবর ছাড়া—ওই লোকটা আজ তিন-চার মাস বিনা আপত্তিতে নিজের দোকান হইতে চাল ডাল না-দিলে আমাকে উপবাস করিতে হইত। সে আমার জন্য যত করিয়াছে, এ অঞ্চলের কেহ তাহার সিকিও কোনোদিন করে নাই। তাহার ঋণ কখনো শোধ করিতে পারিব না।


এসব অজপাড়াগাঁ। রেলস্টেশন হইতে দশ-বারো ক্রোশ দূরে। কাছে কোনো বড়ো বাজার কী গঞ্জ নাই, লোকজন নিতান্ত অশিক্ষিত; রোগ হইলে ডাক্তার ডাকার বদলে জলপড়া, তেলপড়া দিয়া কাজ সারে। ফকির ডাকাইয়া ঝাড়ফুক করে, বলে অপদেবতার দৃষ্টি হইয়াছে। ডাক্তার ডাকিবার রেওয়াজই নাই।


বাড়ি যাই নাই আজ দেড় বছর। পলাশপাড়া আসিবার আগে কিছুদিন ছিলাম সত্রাজিৎপুরে, তখন হইতেই যাই নাই। বাড়ি মানে শ্বশুরবাড়ি—নিজের বাড়িঘর বলিয়া কিছু নাই অনেক দিন হইতেই। শ্বশুরবাড়ি যাইতে হইলে আট ক্রোশ হাঁটিয়া নাভারণ স্টেশনে রেলে চাপিতে হইবে। সেখান হইতে মসলন্দপুর স্টেশনে নামিয়া মোটরবাসে যাইতে হইবে খোলাপোতা। সেখানে মার্টিন লাইনের ছোটো রেলে হাসনাবাদ পর্যন্ত গিয়া ইছামতীতে নৌকায় ছয়-সাত ঘণ্টা গেলে তবে শ্বশুরবাড়ি। সবসুদ্ধ তিন-চার টাকা খরচ পড়ে—যখনই হাতে টাকা আসিয়াছে, তখনই মনিঅর্ডার করিয়া সুবাসিনীর নামে পাঠাইয়া দিয়াছি—তিন-চার টাকার মুখ একসঙ্গে কমই দেখিয়াছি আজ দু-বছরের মধ্যে। টাকা না-পাঠাইলে শাশুড়ি ঠাকরুনের আর আমার বিধবা শালির গঞ্জনার চোটে বেচারিকে অতিষ্ঠ হইয়া উঠিতে হয়।


তাই এবার যখন আসি, খাওয়া-দাওয়া সারিয়া নৌকাতে চড়িব, সুবাসিনী কোণের ঘরে ডাকিয়া বলিল—শোনো, এবার আমায় এখানে বেশিদিন ফেলে রেখো না—তুমি যেখানেই থাকো, আমায় নিয়ে যেয়ো শিগগির।


—সেইসব পাড়াগাঁয়ে কী আর থাকতে পারবে?


—এই বা এমন কী শহর? তা ছাড়া তুমি যেখানে থাকবে, সেইখানেই আমার শহর। এখানে দিদির বাক্যির জ্বালায় এক-এক সময় মনে হয় গলায় দড়ি দিই, কী গাঙে ডুবে মরি!


—সবই বুঝি সুবি, আমার যদি একটুকু সংস্থান হয় কোথাও, তবে তোমাকে ঠিক সেখানে নিয়ে যাব। আমিই কী তোমাকে আর কোথাও ফেলে মনের সুখে থাকি ভাবো? তবে কী করি বলো—


দরজার বাহিরে পা দিয়াছি, শাশুড়ি ঠাকরুন ওৎ পাতিয়া ছিলেন, বলিলেন— তুমি বাপু অমনি নিউদ্দিশ হয়ে থেকো না গিয়ে! আমার এই অবস্থা, সংসারে একপাল কুপুষ্যি, কোথা থেকে কী করি বলো তো? এককাঁড়ি দুধের দেনা গোয়ালার কাছে, ছেড়া কাপড় পরে পরে দিন কাটায়, হয়ে চোখের সামনে দেখতে পারিনে বলে একজোড়া কাপড় কিনে এনে দিয়েছিলাম, তার দাম এখনও বাকি—তোমার তো বাপু এখান থেকে চলে গেলে আর চুলের টিকি দেখা যায় না—কী যে আমি করি, এমন পুরুষমানুষ বাপের জন্মে—ইত্যাদি ইত্যাদি।


সেই অবস্থায় আসিয়া আজ দেড় বৎসর শ্বশুরবাড়িমুখো হই নাই। অবশ্য এর মধ্যে মাঝে মাঝে হাতে যখন যা আসিয়াছে, সুবাসিনীর নামে পাঠাইয়া দিয়াছি— কিন্তু সবসুদ্ধ ধরিলে খরচের তুলনায় তার পরিমাণ খুব বেশি তো নয়। কিন্তু আমি


কী করিব, চুরি-ডাকাতি তো করিতে পারি না।


সত্যই সুবাসিনীকে বিবাহ করিয়া পর্যন্ত বেশি দিন তাহার সঙ্গে একত্ৰ থাকিবার সুযোগ আমার হয় নাই। প্রথম প্রথম ভাবিতাম, একটা কিছু সুবিধা হইলেই তাহাকে লইয়া গিয়া কাছে রাখিব। কিন্তু বিবাহ করিয়াছি আজ ছয়-সাত বছর, তার মধ্যে এ সুযোগ কখনো হইল না। শ্বশুরবাড়িতেই বা গিয়া কয়দিন থাকা যায়! একে তো মেয়ে এতকাল ধরিয়া রহিয়াছে, তার উপর জামাই গিয়া দু-দিনের বেশি দশদিন থাকিলেই শাশুড়ি ঠাকরুন স্পষ্ট বিরক্ত হইয়া উঠেন বেশ বুঝিতে পারি, কাজেই বুদ্ধিমানের মতো আগেই সরিয়া পড়ি। নিজের মান নিজের কাছে।


একদিন শুনিলাম পানখোলার পাঠাশালায় একজন মাস্টারের পোস্ট খালি আছে। মুজিবর রহমানের দোকানে সকালে বিকালে বসিয়া দুই-একটা সুখ-দুঃখের কথা বলি, সে আমায় পরামর্শ দিল, মাস্টারির জন্যে চেষ্টা দেখিতে।


বাড়ি আসিয়া কথাটা ভাবিলাম। সাত-আট বছর ডাক্তারি করিয়া তো দেখা গেল পেটের ভাত জুটানো দায়—তবুও একটা বাঁধা চাকুরি করিলে, মাস গেলে যত কমই হোক, কিছু হাতে আসিবে।


খবর লইয়া জানিলাম, মকরন্দপুরের শ্রীনাথ দাস ওই পাঠশালার সেক্রেটারি। পরদিন সকালে রওনা হইলাম মকরন্দপুরে।


মকরন্দপুর এখান হইতে সাত-আট ক্রোশের কম নয়। সকালে স্নান সারিয়া দুটি চাল গালে দিয়া জল খাইয়া বাহির হইলাম। মকরন্দপুর কোনদিকে আমার ঠিকমতো জানা ছিল না, পলাশপুর ছাড়াইয়া অম্বিকাপুরের কলুবাড়ির কাছে যাইতে কলুরা বলিয়া দিল ঝিটকিপোতার খেয়া পার হইয়া নকফুলের মধ্য দিয়া গেলে দেড় ক্রোশ রাস্তা কম হইতে পারে।


সকাল আটটার মধ্যে খেয়া পার হইলাম। একটি ছোটো ছেলে আমার সঙ্গে এক নৌকোয় পার হইল। মাঠের মধ্যে কিছুদূর গিয়া সে একটা বটগাছের তলা দেখাইয়া বলিয়া দিল—ওই গাছতলা দিয়ে চলে যান বাবু, বাঁ-দিকে নকফুলের রাস্তা।


রোদ বেশ চড়িয়াছে। ছোটো একটা খাল হাঁটিয়া পার হইয়া বড়ো একটা আমবাগানের ভিতরে গিয়া পড়িলাম। এসব অঞ্চলের আমবাগান মানে গভীর জঙ্গল। তার মধ্যে অতিকষ্টে পথ খুঁজিয়া লইয়া বাগানটা পার হইয়া যাইতেই একটা কোঠাবাড়ি দেখা গেল। ক্রমে অনেকগুলি দালান কোঠা পথের ধারে দেখা যাইতে লাগিল। অধিকাংশই পুরাতন, প্রাচীন কার্নিসের দেয়ালে বট-অশ্বথের চারা গজাইয়াছে। গ্রামখানা ছাড়াইয়া মাঠের মধ্যে একটা বটগাছের ছায়ায় কিছুক্ষণ বসিয়া রহিলাম। পিপাসা পাইয়াছে। ভাবিলাম, নকফুলে কাহারও বাড়ি জল চাহিয়া খাইলেই হইত। এদিকে শুধুই মাঠ, নিকটে আর কোনো গ্রামও তো নজরে পড়ে না।


পুনরায় পথ হাঁটিতে লাগিলাম। পথে সবই চাষাদের গাঁ পড়িতে লাগিল। ব্রাহ্মণ মানুষ, যেখানে-সেখানে তো জল খাইতে পারি না!


সুদরপুর, চাতরা, নলদি, মামুদপুর… তারপরেই পড়িল আর একটা মাঠ। বেলা তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। কিছু খাইতে পাইলে ভালোই হইত—পেট জ্বলিয়া উঠিল। আপাতত জল খাইলেও চলিত। ডিস্ট্রিক্ট বোর্ড কী ছাই এদিকে কোথাও একটা টিউবওয়েলও দেয় নাই কোনো গ্রামে? মাঠের মধ্যে কোথাও কী একটা পুকুর নাই?


মেটে রাস্তায় হাঁটিয়া যখন নদীর ধারে পৌঁছিলাম, তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। পৌঁছিয়া দেখি খেয়াঘাট কচুরিপানায় বুজিয়া গিয়াছে, খেয়ার নৌকাখানি ডুবানো অবস্থায় এপারে বাঁধা। কোনোও জনপ্রাণী নাই।


কী বিপদ! এখন পার হওয়ার কী করি? নিকটে একটা চাষা গাঁ। সেখানে খোঁজ লইয়া জানিলাম, কচুরিপানায় ঘাট বুজিয়া যাওয়ায় সেখানকার খেয়া আজ মাসখানেক যাবৎ বন্ধ। আরও ক্রোশখানেক উজানে খালিশপুরের ঘাটে খেয়া পড়িতেছে।


এই অবস্থায় মাঠ ভাঙিয়া এক ক্রোশ নদীর ধারে ধারে খালিশপুর পর্যন্ত যাওয়া তো দেখিতেছি বড়ো কষ্ট! পুনরায় জিজ্ঞাসা করিয়া জানিলাম—পোয়াটাক পথ গিয়া একটা বড়ো শি

**********
No Review
Related Books
Loading books…