Home
বাবা হওয়া

বাবা হওয়া

বুদ্ধদেব গুহ

বাবা হওয়া

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

ডাকবাংলোটা থেকে নদীটা দেখা যাচ্ছিল।

সামনে একটা খোয়ার পথ এঁকেবেঁকে চলে গেছে। পথের দু-পাশে সারি করে লাগানো আকাশমণি গাছ। মার্চের প্রথম অগ্নিশিখার মতো ফুটেছে ফুলগুলো। আকাশপানে মুখ তুলে আছে। বাংলোর হাতায় পনসাটিয়ার ঝাড়। লাল পাতিয়া বলে মালি। পাতাগুলোর লালে এক পশলা বৃষ্টির পর জেল্লা ঠিকরোচ্ছে। কয়েকজন আদিবাসী মেয়ে-পুরুষ খোয়ার রাস্তাটা মেরামত করছে সামনেই।

আমার ছেলে রাকেশ আর মেয়ে রাই নদীর সবুজ মাঠটুকুতে দৌড়াদৌড়ি করে খেলছে। রাকেশ যথেষ্ট বড়ো হয়েছে। ক্লাশ এইটে পড়ে সে। তা ছাড়া বয়স অনুপাতে সে অনেক বেশি জানে। বোঝে। কত বিষয়ে সে যে পড়াশোনা করে, তা বলার নয়। পড়াশোনাতে খুব ভালো সে তো বটেই, কিন্তু শুধু স্কুলের পড়াশোনাতেই নয়।


নিজের ছেলে বলেই শুধু নয়, তার ভালোত্বে আমি সত্যিই গর্ব বোধ করে থাকি।



এই গর্বের কোনো সঙ্গত কারণ আমার থাকার কথা নয়। কারণ ছেলে ও মেয়ের যা কিছু ভালো, তা আমার স্ত্রী শ্রীমতীরই জন্যে। বাবার কর্তব্য হিসেবে একমাত্র টাকা রোজগার ছাড়া আর কিছুই প্রায় করার সময় পাইনি আমি। আমি আমার দোষ স্বীকার করি। আমি অত্যন্ত উদার মানুষ বলেই আমার বিশ্বাস। তবুও খারাপটুকুর দায় শ্রীমতীর ওপর অবহেলায় চাপিয়ে আমার ছেলে-মেয়ের। ভালোত্বের কৃতিত্বটুকু আমি এই মুহূর্তে এই বাংলোর চওড়া বারান্দার ইজিচেয়ারে বসে তাকিয়ে তাকিয়ে উপভোগ করছিলাম।


শ্রীমতী ঘরে একটু জিরিয়ে নিচ্ছে। ড্রাইভে আমার কালোরঙা, সদ্য-কেনা ঝকঝকে গাড়িটা সাদা সিটকভার পরে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ঠায় দাঁড়িয়ে আছে।


আমি একজন সেলফ মেড মানুষ। লেখাপড়া বিশেষ করিনি, মানে ইন্টারমিডিয়েট অবধি পড়েছিলাম। ইংরেজিতে বেশ কাঁচা ছিলাম। পড়াশোনা ছেড়ে দিতে হয় আর্থিক কারণেই। কিন্তু ফিরিওয়ালা এবং নানারকম চাকরি থেকে জীবন শুরু করে আমি এখন একটা কারখানার মালিক। স্মলস্কেল ইন্ডাস্ট্রি হিসেবে রেজিস্টার্ড৷ লোহার ঢালাই-করা জিনিস নানা দেশে এক্সপোর্টও করি। আমার ব্যবসাও যে ভালো সে সম্পর্কে ছেলে-সম্পর্কিত গর্বের মতো গর্ব আছে আমার।



হাওড়াতে আমার কারখানা। সল্ট লেকে হালফিল ডিজাইনের বাড়ি। সুন্দরী স্ত্রী। আর স্থাবর অস্থাবর সম্পত্তি। বেশ কিছু লোক আমাকে স্যার স্যার করে। ভালো লাগে। কলকাতার একটি বড়ো ক্লাবে আমি বছরখানেক হল মেম্বার হয়েছি। ইদানীং ক্লাবে এবং ব্যবসার জগতে আমি আকছার ইংরেজি বলে থাকি। আমি এখন জানি যে, এ-সংসারে টাকা থাকলে ইংরেজি-বাংলা কিছুই না জানলেও চলে যায়। টাকার মতো ভালো ও এফেক্টিভ ভাষা আর কিছুই নেই। তা ছাড়া, টাকা বাড়ার সঙ্গে সঙ্গেই সব বিদ্যাই আপনা আপনিই বাড়ে।


লক্ষ্মীর মতো সরস্বতী আর দু-টি নেই।


ক্লাবে আমাকে লোকে ম্যাক চ্যাটার্জী বলে মানে। আমার আসল নাম মকরক্রান্তি। ছোটোবেলায় পাড়ার ছেলেদের কাছে, আমার বাবার কাছে, চাকরি-জীবনের বিভিন্ন মালিকদের কাছে আমার নাম ছিল মকরা। সে ডাকটা এখন ভুলেই গেছি। কেউই ডাকে না সে নামে। ডাকলে আমি রেগেও যাব।


এই মুহূর্তে আমি একজন সুখী লোক। সংসারে সুখী হতে হলে যা-যা থাকতে হয়, থাকা উচিত, আমার তার প্রায় সবই আছে। আমি একজন কপিবুক সুখী লোক। কিন্তু নদীর সামনে, দূরে খেলে-বেড়ানো আমার ছেলে রাকেশ এবং মেয়ে রাই-এর কারণে আমি ঠিক যতটা সুখী তেমন সুখী কিছুরই জন্যে নই।



ছেলে-মেয়ে ভালো হওয়ার সুখ, কৃতী হওয়ার সুখ বাবাকে যে আনন্দ এনে দেয়, তা তার ব্যবসা, অর্থ, মান-সম্মান কিছুই এনে দিতে পারে না। অবশ্য ছেলে-মেয়েকে তাদের জীবনে অনেক কিছুই দিয়েছি আমি, আমাকে যা আমার মা-বাবা দিতে পারেননি।


আমি একজন কৃতী কেওকেটা, যোগ্য বাবা। ভাবছিলাম আমি বড়োলোক হওয়া সোজা। পণ্ডিত হওয়া সোজা, সব কিছু হওয়াই সোজা, কিন্তু ভালো বাবা হওয়া বড়ো কঠিন। এই শান্ত দুপুরে, আলস্যে, কবুতরের ডাকের একটানা ঘুমপাড়ানি শব্দে, ছায়ায় স্নিগ্ধ হাওয়াতে, আদিবাসী কুলি কামিনদের রাস্তা সারানো ছন্দোবদ্ধ খটখট আওয়াজের মধ্যে বসে আমি ভাবছিলাম, আমি একজন সার্থক বাবা।


২.


বোধ হয় একটু তন্দ্রা এসেছিল। চোখের পাতা বুজে গেছিল। এমন সময় একটা গাড়ির ইঞ্জিনের শব্দে আচমকা তন্দ্রা ভেঙে গেল।


চোখ মেলে দেখি, আমার কারখানার ওভারড্রাফট অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে, সেই ব্যাঙ্কেরই ম্যানেজার এসে হাজির।


মিঃ রায়। হঠাৎ? এখানে?


উনি বললেন।


ওঁকে দেখেই আমি তড়াক করে লাফিয়ে উঠলাম।


বললাম, আরে? আপনি কোত্থেকে স্যার?


সব স্যারেরই স্যার বলার লোক থাকে? বাবারও বাবা থাকে। লিমিট বাড়ানো নিয়ে গত তিন মাস ধরে বড়ো রমদা-রমদি চলছে। কানাঘুমোয় শুনেছি, সোজা রাস্তায় হবে না। কিন্তু তেমন জানাশোনা হয় এমন সুযোগও হয়নি। এ একেবারে গড-সেন্ট ব্যাপার!


রায়সাহেব ন্যাশানালাইজড ব্যাঙ্কের বিরাট এয়ারকন্ডিশনড অফিসে সবসময়ই এমন একটা এয়ার নিয়ে বসে থাকেন যে মন খুলে কথাই বলা যায় না।



আমি রায়সাহেবকে ইমপ্রেস করার জন্যে ইংরেজিতে কথাবার্তা চালু করলাম। আমি যে হাওড়ার একজন সামান্য ঢালাইওয়ালা নই, ডাবু ধরাই যে আমার শেষ গন্তব্য নয়, টাকা যে নোংরা আর পাঁকের মধ্যেই জন্মায় না, পদ্মফুলের মধ্যেও জন্মায়, একথাটা এহেন আপনগন্ধে কস্তুরীগসম পাগল ব্যাঙ্কারকে বোঝানো দরকার।


এমন সময় রাকেশ ও রাই ফিরে এল।


আমি আমার ছেলে-মেয়ের সঙ্গে রায়সাহেবের আলাপ করিয়ে দিয়ে রায়সাহেবদের সবাইকে মহাসমারোহে বসালাম। রাইকে বললাম শ্রীমতীকে দিবানিদ্রা থেকে তুলতে। টিফিন-ক্যারিয়ারে কিছু খাবার আছে কি নেই কে জানে? চৌকিদারকে ডেকে চা করতে বললাম।


রায়সাহেব বললেন, রাঁচি যাচ্ছি। বাংলোটা দেখে ভাবলাম একটু রেস্ট করে যাই। আমার স্ত্রী ও শালি সঙ্গে আছেন। ওঁরা একটু…যাবেন।


নিশ্চয় নিশ্চয়ই! বলে আমি রাইকে বললাম, রাই, মাসিমাদের বাথরুমে নিয়ে যাও।


রায়সাহেব ইমপোর্টেড সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালেন। আমাকেও একটা দিলেন। আমি কৃতার্থ হলাম। কিন্তু ওভারড্রাফট-এর লিমিটটা বাড়লে আরও বেশি কৃতার্থ হতাম।


তারপর বাংলোর সামনে কাজ-করা কুলি-কামিনদের দিকে আঙুল তুলে বললেন, দিজ পিপল আর ভেরি অনেস্ট অ্যান্ড নাইস ইনড্ডি। আই মিন দিজ জাংগলি লেবারার্স।


তারপরেই বললেন, বাট দে আর রিয়ালি নেভ।


আমি মাথা নাড়িয়ে বললাম, ইয়েস। রাইট উ্য আর। দে আর রিয়ালি নেভ।


রাকেশ সিঁড়িতে বসেছিল। হঠাৎ উঠে এসে বলল, কাদের কথা বলছ বাবা?



আমি একটু হেসে, বিদগ্ধ কৃতী বাবার মতো মুখ ওই কুলি-কামিনদের আঙুল দিয়ে দেখিয়ে ইংরেজিতেই বললাম, উই আর টকিং অ্যাবাউট দেম। দে আর নেভ।


রাকেশ তার ক্লাসের সেরা ছাত্র। তার স্কুলও শহরের সেরা স্কুল।


সে অবাক গলায় বলল, নেভ?


রায়সাহেব সিগারেটের ধোঁয়া ছেড়ে কৌতুকের স্বরে বললেন, হোয়াই, সান?


রাকেশ বলল, ওরা অনেস্ট, কিন্তু নেভ দুটোই একসঙ্গে কী করে হবে? তারপর কাঁধ ঝাঁকিয়ে আমাকে বলল, আই ডোন্নো হোয়াই উ্য কল দেম নেভ।


রায়সাহেব বিরক্ত গলায় বললেন, নেভ বানান জান?


রাকেশ অপমানিত হল।


আমি, মানে রাকেশের বাবা, নেভ?


বানান এবং মানে দুটোর একটাও জানতাম না। রায়সাহেব। বলেছিলেন বলেই ওঁর কথায় সায় দিয়ে বলেছিলাম। তাই রাকেশের দিকে তাকিয়ে রইলাম, সে বাবার সম্মান রাখতে পারে কি না দেখার জন্যে।


রাকেশ কেটে কেটে বলল, Knave। আপনি আর বাবা এই knave-এর কথাই বলছিলেন তো? অন্য নেইভও আছে। তার বানান আলাদা। উচ্চারণও।


একজ্যাক্টলি! বললেন মিঃ রায়।


রাকেশ বলল, আমি তো তাই-ই ভাবছি। তা হলে ঠিকই বলেছি। knave-এর মানে তো অন্য।


অনেস্ট আর নেভ একই সঙ্গে হতে পারে না। মিঃ রায় আমার দিকে চেয়ে বললেন, তা হলে আমিই ভুল বলেছি, কী বলেন মিঃ চ্যাটার্জি?



আমি বললাম, কী যে বলেন স্যার? আপনি কখনো ভুল বলতে পারেন! আজকালকার ছেলেদের কথা ছেড়ে দিন। সব অসভ্য। অভদ্র।


রাকেশ হঠাৎ আমার দিকে একবার তাকাল। এমন চোখে? আমার ছেলে? যে নবজাত ছেলেকে আমি নার্সিং হোমে উলঙ্গ অবস্থায় দেখেছি। দু-পা একসঙ্গে করে ধরে গামলায় চান করিয়ে নার্স যাকে তুলে ধরে বলেছিলেন, এই যে মকরাবাবু, দ্যাখেন আপনার ছাওয়াল। বাবা হইলেন গিয়া আপনে।


সেই ছেলে এমন ঘৃণা ও হতাশা মেশা অবাক হওয়া চোখে কখনো আমার দিকে তাকায়নি। কখনো তাকাবে বলে ভাবিওনি।


একটুক্ষণ তাকিয়ে রইল রাকেশ। তারপর মিঃ রায়ের দিকে মাথা নীচু করে বলল, আই অ্যাম সরি।


আমি বললাম, সরি শুধু নয় রাকেশ, ইনি কে জান? কত বড়ো পণ্ডিত তা তুমি জান?


বলেই ভাবলাম, ও কী করে জানবে? স্টুপিড, ইনোসেন্ট, ইডিয়ট। স্কুলের পরীক্ষাই তো পাশ। করেছে। জীবনের পরীক্ষায় তো বসতে হয়নি। ও জানবে কী করে? ব্যাঙ্কের লিমিট না বাড়লে যে ব্যবসা বাড়ে না, গাড়ি চড়া যায় না, আরও ভালো থাকা যায় না, ভালো স্কুলে পড়ানো যায় না। ছেলে-মেয়েকে, তা ও কী করে জানবে। গাধা!


আমি বললাম, স্বীকার করো ওঁর কাছে যে তুমি অন্যায় করেছ। বলো যে, তুমি ভুল বলেছ। ক্ষমা চাও, তর্ক করেছ বলে।


আমি…


বলেই, রাকেশ আমার দিকে চেয়ে রইল।


ইতিমধ্যে রায়সাহেবের স্ত্রী ও শালি বারান্দায় চলে এলেন।


আমি আবহাওয়া লঘু করে বললাম, বসুন বসুন, এক্ষুনি চা আসছে।


ওঁরা বসতে যাচ্ছিলেন, কিন্তু রায়সাহেব রুক্ষ গলাতেই বললেন, চায়ের ঝামেলার দরকার নেই, রাস্তায় অনেক পাঞ্জাবি ধাবা আছে। সেখানেই খেয়ে নেব।


বলেই অত্যন্ত অভদ্রভাবে বললেন, চলি মিঃ চ্যাটার্জি।


শ্ৰীমতীও ঘর থেকে বাইরে এসেছিল। ওর সঙ্গে মহিলারা ভালোই ব্যবহার করছিলেন। তাই মিঃ রায়ের এই রকম হঠাৎ চলে যাওয়ার কারণও বুঝতে পারল না।


সিঁড়ি দিয়ে নেমে আমি গিয়ে মিঃ রায়ের গাড়ির দরজা খুলে দিলাম। মিঃরায় সামনের সিটে উঠতে উঠতে বললেন, আপনার ছেলেটি ভালো। কিন্তু ওকে ভালো করে ম্যানারস শেখান। এখনই যদি সব কিছু জেনে ফেলে তবে পরে কী জানবে আর?


আমি হাত জোড় করে বললাম, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। অপরাধ নেবেন না।



মিঃ রায় সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, অপরাধের কী আছে!


তারপর একটু থেমে, আমার চোখের দিকে চেয়ে বললেন, অপরাধ ক্ষমা করাই তো আমাদের কাজ।


গাড়িটা চলে গেল।


আমি ডাকলাম, রাকেশ। রাকেশ।


আমার ম্যাক চ্যাটার্জির মধ্যে থেকে মুণ্ডিতলা বাই-লেনের মকরা বেরিয়ে এল বহুদিন পর। আমি হুংকার দিলাম, কোথায় তুই ছোকরা! তোর পিঠের চামড়া তুলব আজ।


রাকেশ যেন মাটি খুঁড়ে উঠল। একটুও উত্তেজনা নেই। শান্ত ধীর পদক্ষেপে আমার দিকে এগিয়ে


এল। আমার চোখে চোখ রাখল।


একে দেখে আমার মনে হল, এ আমার ছেলে নয়। এ আমার শত্রু। আমার ধবংসকারী। বিষবৃক্ষ।


আমি বললাম, তুমি ভেবেছটা কী?


রেগে গেলে ছেলে-মেয়েদের আমি তুমি করে বলি!


রাকেশ শান্ত গলায় বলল, কী বাবা?


আবার কী বাবা? বলে চটাস করে চড় মারলাম ওকে।


বললাম, বাবার মুখে কথা বলা, তুমি বাবার চেয়েও বেশি জান? তুমি জান মিঃ রায় কত বড়ো অফিসার? আমাদের ব্যবসার ভাগ্যবিধাতা উনি। আর তুমি তাঁর চেয়েও বেশি জান? বড়োদের মুখের ওপর কথা! মুখে-মুখে কথা।


শ্ৰীমতী দৌড়ে এল।


আমি বললাম, তুমি সরে যা

**********
No Review
Related Books
Loading books…