
প্রতিরোধ
সমরেশ বসু
সেই আকালের দিনে কাঙাল কঙ্কালের মেলায় মনাই আর রাধার সঙ্গে সুবলের পরিচয়। তখন থেকে সবাই জানে সুবলকে—সে কবি-গায়ক। সেই থেকেই সুবল সকলের ভালবাসার ও শ্রদ্ধার পাত্র, সুবল সকলের আপনার।
আকাল গেছে, আবার মানুষ ভিটায় ফিরে এসেছে। আবার শুরু হয়েছে জীবনের গান–বাঁচার অভিমান। মনাই দাস ছাড়েনি সুবলকে। বলেছে, দুঃখের দিনে শান্তি দিছ, নিজে না খাইয়া খাওয়াইছ। তোমারে নি ছাড়তে পারি?
মনাই আবার বুক বেঁধেছে। পীতাম্বর সার সেই লম্বা মোটা খাতাটায় টিপ সই দিয়ে, টাকা নয়, নিয়ে এসেছে বীজধান। আবার পীতাম্বরেরই মাঠে লেগেছে ভাগচাষে।
সেই থেকে সুবল মনাইয়ের অতিথি। তা-ও আজ কয়েকবছর আগের কথা। পুরনো ঘা যেন শুকিয়ে আসছে। তবু সুবলের নিস্তার নেই। তার ডাক নিরন্তর। সেই আকালের গান তাকে অমর করে রেখেছে। যে অবুঝ শিশুরা আজ বড় হয়েছে, তারা সুবলের গানে জানতে পারে দেশে একদিন এসেছিল মন্বন্তর। সেই দুর্দিনের সাক্ষী থাকবে তার গান– মানুষের শত্রুদের সেই নিষ্ঠুর কাহিনী। সময় নেই, অসময় নেই। আজও মনাইয়ের বউ রাধা সুবলকে ধরে বসে, হেই গান গাও!
সুবল ধরে :
শুন গো দেশবাসী, শুন মন দিয়া,
কহিতে পরান কান্দে, কান্দে আকুল হিয়া।
রাজায় রাজায় যুদ্ধু হইল, মইল উলুখড়,
আশি টাকা মণ চাউল হইল বাড়ল ধানের দর।
শুকনা মাঠ দৈত্যের মতো হা কইরা রইছে,
পানি দেওয়ার নোক নাই সব মরণ শয্যা লইছে,
কামারশালে আগুন নাই– হাপরে নাই টানা–
বাজারে নাই লোহা–কামারের পগটে নাই দানা।
শুনতে শুনতে রাধার মনে সেই পুরনো ঘায়ের পোকাগুলো যেন কিলবিলিয়ে ওঠে। সেই বিরাট ক্ষুধা, দুরন্তু প্রলোভন, দুনিয়ার সে কদর্য রূপ ভুলবে না সে কোনওদিন। সুবলের গলা আরও করুণ হয়ে ওঠে :
এমুন মহা মন্বন্তর জন্মে দেখি নাই
মায়ের বুকে সন্তান মরে এক ফোঁটা দুধ নাই।
ছিটাল কাটালের ভাত লইয়া মায়ে পুতে ঝগড়া
(ও হরি কইমু কি) সন্তানেরে ফাঁকি দিয়া, করে পচা অন্নের বখরা।
কিন্তুক ব্যাপারডা কী জানেননি আপনারা? বলেই ঠাস-ঠাস্ করে হাততালি দিয়ে গেয়ে উঠত সে,
নোটের গোছা বান্ধে গেঁজে হাইসা চোরা ব্যাপারী,
ও হরি মাথা খাও, পিছা মারো এমন আড়তদারির।
প্যাটের জ্বালায় পোলা মরে, বস্ত্র জ্বালায় মা দেয় গলায় দড়ি,
হায়রে–পেট কাঁপাইয়া, দাঁত দেখাইয়া, হাসে ড্যাকরা চোরাকারবারি।
চক্ষের জলে বুক ভাসে ভাই কইতে দুঃখের কথা,
হাইয়ো সুবল সাধুর সাথে সব কও—দূর কর এই অরাজকতা।
শুধু এই আহ্বান জানিয়ে তৃপ্তি পায়নি সুবল। মানুষের আর নিজের দুঃখ তাকে এমনই নির্মম করে তুলেছিল যে, সে মানুষের শত্রুদের আঙুল দেখিয়ে গেয়েছে :
রহিম চাষী মনাই চাষীর ক্ষয় ধরে গো হাড়ে
আড়তদার রঘুসাউ গুদামে বইয়া চাউলের পোকা ঝাড়ে।
ও-ভাই চাউলের বস্তায় পচানি ধরেছে;
সোনা মিয়ার আড়তে ভাই বস্তা নাহি ধরে,
ও ভাই– কলিরাজা মরণ বাড় বেড়েছে।
এ গান শুনে স্থানীয় দারোগাবাবু তাকে আচ্ছা করে ধমকে দিয়েছিল। বলেছিল, গাঁয়ের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ গান গাওয়া চলবে না। কিন্তু আর আর মানুষগুলো চাষা বলেই নাছোড়বান্দা। তারা সুবলকে নিয়ে এ গাঁয়ে ও গাঁয়ে টানাটানি করে, বসায় গোপন আসর। তাই মনাইয়ের অকৃত্রিম বন্ধুত্ব পেয়েছে সে। রাধার প্রিয় সহচর সুবল।
মনাই সারাদিনই থাকে কাজে কর্মে। সুবল আর রাধা সারাদিন বসে বসে গান বাঁধে, গান গায়—গল্প করে।
রাধা আর সেই কঙ্কাল রাধা নেই। গায়ে মাংস লেগেছে, দেহের রেখায় রেখায় ফুটেছে উদ্দীপ্ত যৌবনের ধার। যেন সেই আগের রাধা। সেই আয়ত চঞ্চল চোখ, পাতলা চাপা ঠোঁট, স্ফীত যৌবনের গরিমায় উদ্ধত বুক।
সুবলের বড় সাধ রাধার ওই রূপকে সুরের মায়া দিয়ে জড়িয়ে রাখে—একটি গান বাঁধে। কিন্তু লজ্জা করে, সঙ্কোচ লাগে সুবলের। না জানি রাধা কী ভাববে। হয় তো তার সুবল-সখার ওপর রুষ্ট হবে। রাধাকে দুঃখ দিতে পারবে না সে। কিন্তু রাধার জিভের বাক নেই। সে একদিন বলেই ফেলে, আমারে চাইয়া চাইয়া দেখো, আর নিশ্বাস ফেলাও ক্যান? কিছু কও না যে?
সুবল লজ্জায় এতটুকু হয়ে যায়। পরমুহূর্তেই হেসে বলে, তুমি হইলা আমার সখার বধূ, তোমারে দেখুম না—দেখুম কারে! দুইটা চোখ ভইরা খালি তোমার রূপই দেখি আর ভাবি কালার মনমোহিনী রাইমণিও কি এমুনই আছিল?
রাধা মিষ্টি গলায় খিলখিল করে হেসে ওঠে। হ, তুমি হইলা কবি, তোমার লগে নি মাইনষে কথায় পারে?
সুবল বলে, কিন্তুক তোমার ওই রূপের ধারে আমার মুখে ক্যান কথা আটকাইয়া যায়?
রূপ না ছাই! রাধা ঘাড় ফিরিয়ে বাঁকা চোখে হেসে চলে যায়। সুবল তাড়াতাড়ি একতারাটা পেড়ে গান ধরে :
ও সখী তোমার রূপের আলোয় আলো পড়ে আমার চোখেতে
কালো ভোমরা পাগল হইল, পুইড়া মইল, তোমার রূপেতে।
ও বঙ্কিম নয়ন তুইলা আমার পানে চাইও না
কালসাপিনী মনমোহিনী কেশ দুলাইও না,
ওই হাসি দিয়া ভুলাইও না এই মিনতি করি তোমার পায়েতে।
গান শেষ করে সুবল রাধার অভিনন্দনের জন্য হাসিমুখে বসে থাকে। একটা গভীর তৃপ্তির আবেশে চোখ জড়িয়ে আসে তার। এমন তৃপ্তি সে পেয়েছিল মন্বন্তরের গান বেঁধে। এমন তৃপ্তি পেয়েছিল যাত্রার দল থেকে বেরিয়ে প্রথম যেদিন সে একতারাটা নিয়ে পথে এসে দাঁড়িয়েছিল। তার গান-মুগ্ধ লোকেরা বাবাজি বলে যখন তার পরিচয় জিজ্ঞাসা করেছিল, সে বলেছিল, নাম আমার সুবল সাধু! লোকে বলেছিল, বিনয়ের অবতার! তা–কুণ্ঠাইকার সাধু গো? গয়া না কাশীর?—এ ঠাট্টার কী সুন্দর জবাব দিয়েছিল সুবল। আহা!—গেয়েছিল—
রসিক জনে ঠাট্টা করেন দেইখ্যা জনম দুখীরে
শুইনা হাসেন সাধু পরিচয়–
ও হরি–কইয়া দেও তোমার জনম সুখীরে;
সাধু মাঝে চোর বাটপার ব্রহ্মচারি নয়!
এ গান শুনে চারিদিক থেকে সেই সাধুবাদ, সেই অভিনন্দন ভুলবে না সুবল। সুবলের বাল্যগুরু কমরুদ্দিন ফকির। সে তাকে ডাকত, সুবল সাধু। তাই সে এই পরিচয় দেয় লোকের কাছে। আজ রাধাকে নিয়ে যে গান সে গাইল—তা বড় আকস্মিক। তৈরি না করেও এ গান তার সর্বাগ্রে আপনিই এসে গেছে।
কিন্তু রাধা গেল কই? গান শুনে তো কিছু বলতে এল না! হয় তো লজ্জা পেয়েছে। সুবল রান্নাঘরে গিয়ে উঁকি দেয়। রাধা নেই। ঢেঁকিঘরে দেখে সেখানেও নেই। গেল কোনখানে? সুবল বাড়ির পিছনে আসে।—হ হাসতেছে বুঝি? কামরাঙা গাছের গোড়াটায় বসে বসে যেন হাসির দমকে দমকে ফুলছে। সামনে গিয়ে সুবল আড়ষ্ট স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে। এ কী–কাঁদছে! ব্যগ্র গলায় প্রশ্ন করে সে, কী হইল সখী,আমার গান শুইনা দুঃখু পাইছ? কান্নার আবেগে রাধা কথা বলতে পারে না। কী এক পুঞ্জীভূত বেদনার অশেষ কান্নায় যেন সে ভেঙে পড়েছে। ক্ষোভে-দুঃখে সুবলের বুক ভরে ওঠে। গান গেয়ে সে দুঃখ দিল তার সখীকে বিস্মিত ক্ষুব্ধ প্রশ্ন জমাট বেঁধে ওঠে তার মনে। বলে, আমি না জাইনা গাইছি সখী, আমারে ক্ষমা করো। তোমারে তো আমি দুঃখ দিতে চাই নাই!
চোখ মুছে রাধা কান্না জড়ানো গলায় বলে, তোমার দোষ নাই, আমারই কপাল মন্দ। এই রূপ দিয়া কী করুম সখা, ধুইয়া জল খামু? এই রূপ দেইখা তোমার বন্ধু শান্তি পায় না।
আবার অশ্রুর বন্যা আসে রাধার চোখে। সুবল বিস্মিত প্রশ্ন করে ক্যান?
রাধা বলে, তুমি কি দেখো না, তোমার বন্ধু আমার লগে কথা কয় না। আমারে য্যান্ ঘিন্না করে। আমারে আর ভাল লাগে না তার। তবে আর এই পরানের কি দাম আছে, কও?
-হ। সত্যিই তো, সুবল কিছুদিন থেকে দেখছে মনাই যেন কেমন আনমনা। কাজকর্মের পর বাড়িতে গুম হয়ে বসে থাকে। কথাবার্তা নেই, কেমন চিন্তিত ব্যথিত উদাসীন।
কিন্তুক ক্যান্ সখী? সুবলের বড় অস্বস্তি লাগে।
—আমার এই পোড়া রূপই সার–মাকাল ফলের বাহার। এই রূপের কথা শুনলে পরে আমার বড় কষ্ট লাগে। কান্নার আবেগে রাধার গলা প্রায় বন্ধ হয়ে আসে। তোমার বন্ধু আমার কাছ থেইক্যা…একটা পোলা চায়। বলতে হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে যেতে চায় রাধার।–কিন্তু আমার যে পোলা হইব না গো! আমি যে–
বন্ধ্যা কথাটা উচ্চারণ করতে গিয়ে ড়ুকরে ওঠে সে। সুবলের বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। আহা! সত্যিই তো। রাধা আর মনাইয়ের এতবড় দুঃখের কথাটা তো কোনওদিন ভেবে দেখেনি সে! মুখ ফুটে কোনও কথা বলতে পারে না সে রাধাকে। আনমনে একতারাটার তারে ঘা দেয় সে। এর কোনও প্রতিকার তো জানা নেই তার। এ তো স্বয়ং ভগবানের হাত, মানুষের সৃষ্টিকর্তা তিনি! দীর্ঘ নিশ্বাসে ভারী হয়ে ওঠে সুবলের বুক। বলে, কাইন্দো না। কী করবা, মাইষের হাত নাই এইতে। কামনা করি তোমার য্যান্ ঘর-ভরা পোলাপান হয়।
খানিকক্ষণ চুপ করে থেকে গুনগুনিয়ে ওঠে সে :
প্রভু অবুঝ মোরা, বুঝি না তোমার রঙ্গ হে!
মা করিয়ে গড়েছে যারে দিয়েছে এতেক রূপ,
তবু শুন্য বুক, শূন্য গর্ভ এ তোমার কেমন রঙ্গ হে?
এমন সময় আসে মনাই। বড় ব্যস্ত মনে হয় তাকে। সঙ্গে তার আরও অনেক লোক—শ্রীশ, ফকির, মধু, হেম, মানু অনেকে। ব্যাপারটা কী? সুবল এগিয়ে আসে। জিজ্ঞেস করে মানুকে, ব্যাপার কী তোমাগো মানু? মানু রহস্যজনক ভাবে হাসে। সুবলের কানের কাছে মুখ নিয়ে কী যেন বলে ফিসফিস করে।
—হ? অহন কি কামারবাড়ি যাইতেছে? সুবলের মুখ বিস্মিত হাস্যে ভরে ওঠে।
হ। তোমারে কিন্তু গান করিতে হইব, সাধু! মাথা ঝেঁকে হেসে বলে মানু।
—আরে নিচ্চয়, নিচ্চয়।
চিঁড়ে-মুড়ির পুঁটলি নিয়ে বেরিয়ে আসে মনাই। সুবলকে বলে, হেই কাইল লাগাত ঘরে ফিরুম, বোঝলা সাধু? চলি।
চকিতে ঢেঁকি-ঘরের পাশে রাধার ব্যাকুল-জিজ্ঞাসু মুখের দিকে একবার কটাক্ষ করে আবার বলে। সে, ডর নাই। কামার বাড়ি যাইতেছি। কাম রইছে মেলা। সঙ্গীদের নিয়ে বেরিয়ে পড়ে সে।
পরদিন ভোরবেলা রাধা উঠোন নিকোতে নিকোতে বোধ হয় মনাইয়ের দুর্ব্যবহারের কথা মনে রেখেই চোখের জল ফেলছিল, আর সুবল একতারাটার তারে আনমনা খেয়ালি হাতে ঘা দিচ্ছিল।
এমন সময় হঠাৎ চতুর্দিক গমগম করে ওঠে ঢাকের শব্দে। চকিতে রাধা খাড়া হয়ে ওঠে, থরথর করে কেঁপে ওঠে তার সর্বাঙ্গ। জলে ভেজা চোখে তার শঙ্কা না পুলক..বোঝা যায় না। মনাইরা কী তা হলে সত্যি সত্যি শুরু করলে?
আচমকা থেমে যায় সুবলের হাত। চোখ দুটো তার চকচকিয়ে বড় হয়ে ওঠে। তা হলে শুরু হল? তারা দুজনে ছুটে গিয়ে ওঠে দাওয়ার ওপর। তাকায় মাঠের দিকে।
হ্যাঁ, সত্যিই শুরু হয়েছে। শুরু হয়েছে—তাই পাগলা ঘোড়ার মতো ছুটোছুটি করছে পীতাম্বর সা। বুক চাপড়াচ্ছে, শাসাচ্ছে, গালগাল দিচ্ছে একটা অসহায় খেপা কুকুরের মতো।
সরু আল পথ বেয়ে দলে দলে নারী-পুরুষ শিশু বৃদ্ধ জমা হয়েছে। ঘিরে রেখেছে, ব্যুহ রচনা করেছে পাকা ফসলের মাঠ ঘিরে।
বিসর্জনের বোল ভুলে গেছে ঢাকিরা। উৎসবের পাগলা মানের বোল যেন কথা কইছে ঢাকের পিঠে।
জীবনভর পেটের জ্বালার পরিসমাপ্তি করবে আজ তারা। তাই আজন্ম ক্ষুধার্ত আর ম্যালেরিয়া রোগীরা ঝাঁপিয়ে পড়েছে মাঠে। নিজেদের পেটের দানা আজ তারা কেড়ে নেবে। লড়াই তারা করবে, প্রাণ তারা দেবে, তবু ঘাড় থেকে তারা ঝেড়ে ফেলবে বহুদিনের সঞ্চিত সমস্ত ঝামেলা, কাঁটার বোঝা।
গভীর উত্তেজনায় রাধা সুবলের একটা হাত চেপে ধরে। সুবল ভাবছে, শ্রীশ, মধু, হেম, ফকির, মানু, মনাইদের কথা। রোগা ক্ষীণজীবী ঝগড়াটে স্বার্থপর মানুষগুলির মধ্যে প্রাণের এত আবেগ। এরা সেই তারা—যাদের সম্বন্ধে সুবল কতদিন গভীর চিন্তায় ড়ুবে গিয়ে বলেছে, ভগমান। তোমার রাজ্যে মানুষকে আঁধিয়ার করেছে কে?
কিন্তু আজ এ কী দিন এল?
সুবল একতারাটা নিয়ে মাঠের দিকে পা বাড়া