
পুলিশের নাম বসন্ত
সমরেশ মজুমদার
ট্রামবাস চলতে শুরু করে দেয় দুটো নাগাদ, ওই সময় আর কেউই রং ছোড়ে না। তবু অহনা ইতস্তত করেছিল, কালকের দিনটা ছেড়ে দাও।
স্বপ্নময় বলেছিল, ইমপসিবল। আগামীকাল বছরের সবচেয়ে বড় চাঁদ উঠবে আর একসঙ্গে দেখব না? তুমি এরকম ভাবতে পারছ?
অহনা স্বপ্নময়ের মুখের দিকে তাকাল। তার মনে হল এত আর্তি সে আর কারও মুখে দেখেনি। তবু তার গলায় নরম সুর বাজল, আমার না ভীষণ ভয় করে। রং দেওয়া-নেওয়া আমি কোনওদিন করিনি। সারা সকাল-দুপুর দরজা বন্ধ করে গান শুনি।
সেটা দুপুর পর্যন্ত শুনে বিকেল-বিকেল বেরিয়ে এসো।
কিন্তু মা-বাবা কী ভাববে?
তার মানে? তুমি কচি খুকি নাকি? তা ছাড়া নটার মধ্যেই তো ফিরে যাচ্ছ!
তুমি বুঝতে পারছনা যে, আমি রঙের দিন ঘরের বাইরে বের হই না। সেই আমি বিকেলবেলায় বেরুচ্ছি, ওরা বিশ্বাসই করতে পারবে না।
বিশ্বাস করাও। মোটের ওপর কালকের চাঁদ আমরা একসঙ্গে দেখব।
অহনা ফিরে গিয়েছিল কিন্তু-কিন্তু মুখ নিয়ে। স্বপ্নময়ের বাড়িতেও দোল খেলার তেমন চল নেই। বাবা-মায়ের বন্ধুরা অবশ্য গাড়ি চালিয়ে আসে। একটু-আধটু আবির ছুঁড়ে তাস খেলতে বসে যায়। সঙ্গে থাকে বিয়ার আর ভদকা। সুভদ্রার মা মাছভাজা সাপ্লাই দেয়। বাবার বন্ধুদের স্ত্রী-রা তো বটেই, এইদিন মায়ের হাতেও গ্লাস দেখেছে সে। এবছর বাবাই তাকে ডাকল, স্বপ্ন, এদিকে এসো।
বিছানায় শুয়ে বব ডিলানের ক্যাসেট শুনছিল সে। অহনা তাকে দিয়েছে। সুমনের গানের ধরনও কিছু কথাবার্তা যে বব ডিলান থেকে নেওয়া সেটা বুঝে উত্তেজিত হচ্ছিল সে। সুমন তার প্রিয়। গায়ক। হোক না নেওয়া, রবীন্দ্রনাথও তো নিয়েছেন। আসলে অন্যের জিনিস নিয়ে নিজের মতো পরিবেশন করতে হিম্মত লাগে।
বাইরের ঘরের দরজায় এসে দাঁড়াল সে। এখন সকাল সাড়ে দশটা। কার্পেটে বাবু হয়ে বসে চেপে খেলা হচ্ছিল। তাকে দেখতে পেয়ে মা গ্লাস নামিয়ে রাখল। এদের প্রায় সবাইকে সে। ছেলেবেলা থেকে দেখে আসছে। যে দুজনকে দেখেনি তাদের একজন মাকে জিজ্ঞাসা করলেন, কে ভাই? দেওর না ভাই?
মায়ের মুখ লাল হয়েই ছিল। বলল, ধ্যাৎ। আমার ছেলে। স্বপ্নময়।
বাবা ডাকলেন, স্বপ্নময় এসো। সবাইকে হ্যালো বলো। এই ব্যাপারটা সেই জ্ঞান হওয়ার পর থেকেই বাবা চালিয়ে আসছে। বাড়িতে কেউ এলেই তার ডাক পড়ে হ্যালো বলার জন্যে। আজ
সে বলল, আপনারা ভালো আছেন?
ডার্বিকাকা, ভদ্রলোকের নাম ডার্বি দাশগুপ্ত, বললেন, আছি হে। তা তুমি যে ঘরবন্দি হয়ে আছ। যাও, রং-টং খেলো। কলেজে পড়ছ তো?
পার্ট টু দেব।
তবে? এখনও দু-এক পিস গার্লফ্রেন্ড হয়নি?
সঙ্গে-সঙ্গে মায়ের আপত্তি শোনা গেল, ডার্বিদা, আমার ছেলের মাথাটা খাবেন না।
সবার হাসি থামলে বাবা একটা গ্লাসে ভদকার সঙ্গে লিমকা মিশিয়ে এগিয়ে ধরলেন, নাও। খাও। এককালে বাঙালি আজকের দিনে ভাঙ-এর শরবত খেত। টেস্ট করো।
আমার ঠিক ভালো লাগে না। ডার্বিকাকা বললেন, আরে না খেলে বুঝবে কী করে ওটা ভালো না মন্দ? তোমরা কীরকম লাকি বলো তো? বাবা নিজের হাতে ভদকার গ্লাস তুলে দিচ্ছে! আমাদের বাবারা দৃশ্যটা ভাবতেও পারতেন না।
বাবা বললেন, এটা তো খারাপ কিছু নয়। সিগারেট, মদ আজ বাদে কাল ও নিজেই খাবে। আমি শুধু বলব নেশার গলায় লাগাম না পরাতে পারলে কখনও নেশা কোরো না।
স্বপ্নময় বলল, আমি আসছি।
বাবা মাথা নাড়তেই সে বেরিয়ে গেল। ফ্ল্যাটটা বড়। কোণের ঘর স্বপ্নময়ের। একটা ছোট্ট ব্যালকনিও রয়েছে। সে ব্যালকনিতে গিয়ে নিচের দিকে তাকাল। রাস্তায় জোর হোলি খেলা চলছে। এরইমধ্যে কিছু মানুষ প্রায় ভূত সেজে হল্লা করছে। তাদের মুখে চকচকে রং, ভঙ্গি-সিনেমায় দেখা আফ্রিকার ক্যানিবালদেরও হার মানায়। কয়েকটি মেয়েকেও মাথায় পট্টি বেঁধে রঙিন হয়ে যেতে দেখল সে। এই যে রঙের জন্যে একবেলার উল্লাস, দূর থেকে দেখতেও ভালো লাগে না স্বপ্নময়ের। সে মুখ তুলল। পাশের ফ্ল্যাটের। ব্যালকনিতে মুন্নি দাঁড়িয়েছিল। চোখাচোখি হতে করুণ হাসল, ওদের কী মজা, না স্বপ্নদা?
তোমার রং খেলতে ইচ্ছে করছে?
খু-উ-ব। কিন্তু কার সঙ্গে খেলব? মা বলেছে নিচে নামা চলবে না?
মুন্নির বয়স বড়জোর আট। স্বপ্নময় হেসে বলল, বাবা-মায়ের সঙ্গে খ্যালো।
বাবা তো নেই। আজ হোলি বলে বন্ধুদের সঙ্গে দীঘায় চলে গিয়েছেন গতকাল। এই, তুমি আমার সঙ্গে রং খেলবে? মুন্নির মুখের চেহারা বদলে গেল।
আমার যে রং খেলতে ভালো লাগে না।
খ্যালো না। প্লিজ, আমার জন্যে খ্যালো। শুধু আবির। আর কিছু না।
আবির কোথায় পাব?
আছে। বাবা কিনেছিল দীঘায় নিয়ে যাবে বলে। আমি তা থেকে খানিকটা রেখে দিয়েছি। ও
স্বপ্নদা, এসো না, প্লিজ।
শুধু কপালে কিন্তু–।
ঠিক আছে বাবা। মা-মা, স্বপ্নদা আসছে রং খেলতে। মুন্নি ছুটে গেল ভেতরে। স্বপ্নময় আড়ষ্ট হল। তার যেটা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই সেটাই করতে হবে? বাচ্চা মেয়েটা ওইভাবে বলতে তার মুখ ফসকে যাকগে, একটা শিশু যদি আনন্দ পায়, পাক। সে বাইরের ঘরে আসতেই মা জিজ্ঞাসা করল, কি রে?
পাশের ফ্ল্যাটে যাচ্ছি। গম্ভীর গলায় বলল স্বপ্নময়।
কেন?
মুন্নি ডাকছে। দরজা খুলে বেরিয়ে এল সে। দরজা বন্ধ করতেই ওপাশের দরজা খুলে গেল। মুন্নি দাঁড়িয়ে আছে, কী মজা! এসো।
সিঁড়িতে কেউ নেই। ওদের ফ্ল্যাটে ঢুকে দরজা ভেজিয়ে স্বপ্নময় জিজ্ঞাসা করল, কোথায়, আবির দাও।
এই সময় মুন্নির মা বেরিয়ে এলেন, কী ব্যাপার স্বপ্নময়? তুমি! ভদ্রমহিলার মুখে মিষ্টি হাসি। মহিলা সুন্দরী। এ পাড়ায় এত সুন্দর ফিগার কারও নেই। স্বপ্নময়ের না জানা কোনও কারণে মা ওঁকে পছন্দ করেন না। মুন্নির মাও অন্য কোনও ফ্ল্যাটে যাওয়া-আসা করেন না।
মুন্নি বলল, রং খেলার সঙ্গী পাচ্ছে না।
ও তাই বলো, ব্যালকনি থেকে বলেছে। আমাকে তো সকাল থেকে পঁচিশবার বলল। আচ্ছা, তুমিই বলো, আমি ওর সঙ্গে কি রং খেলব? প্রশ্ন শেষ হওয়ামাত্র হাসি বাজল।
ইতিমধ্যে মুন্নি আবিরের প্যাকেট নিয়ে এসেছে। তার মা চোখ পাকাল, নো। এখানে নয়। ঘর নোংরা হবে। ব্যালকনিতে যাও মুন্নি।
মুন্নি স্বপ্নময়কে ডাকল, এসো।
ব্যালকনিতে দাঁড়াতেই নিচ থেকে চিৎকার ভেসে এল, হোলি হ্যায়।
এটা বেশ অদ্ভুত ব্যাপার। বাঙালি নিজের অজান্তেই হিন্দি বলে। হলি হ্যায়, দুর্গা মাঈকি জয়। হিন্দি না বললে আবেগ জোরদার হয় না।
হঠাৎ মুন্নির গলায় হোলি হ্যায় চিৎকার বাজল, এবং স্বপ্নময় মুখচোখে আবিরের আঘাত পেল। যথাসময়ে চোখের পাতা বন্ধ করতে পেরেছিল বলে রক্ষে। আর সেই সুযোগ নিয়ে মুন্নি মুঠো মুঠো আবির তার গায়ে ছড়িয়ে দিচ্ছে। স্বপ্নময় অন্ধের মতো হাত বাড়াল, মুন্নি, আমার হাতে কোনও আবির নেই, আমায় দাও, নইলে তোমাকে মাখাব কী করে?
মুন্নি, এক চিমটি আবির স্বপ্নময়ের বাড়ানো হাতে দিতেই তার মা হেসে উঠলেন, ইস, কি কিপটে! আরও খানিকটা দে।
বেশি দিলে যে শেষ হয়ে যাবে।
হোক।
মুন্নি আর একটু পরিমাণ বাড়াতে স্বপ্নময় তাকে টেনে নিয়ে আলতো করে মুখে কপালে মাখিয়ে দিল। যখন সে রং মাখাচ্ছে তখন মুন্নি স্থির। চোখ বন্ধ, মুখে তৃপ্তির ছাপ, ঠোঁটে হাসি। তারপরই সে ঘুরে দাঁড়াল, মা, তুমি নিচু হও।
সঙ্গে-সঙ্গে মহিলা হরিণের মতো ছুটে গেলেন, না বাবা, আমি না। মুন্নি তাকে অনুসরণ করল। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল স্বপ্নময়। পাশের ঘরে হুটোপুটি চলছে। তারপর মুন্নি বেরিয়ে এল, নেই, সব শেষ। কী হবে?
বেশ তো, খেলা হল। স্বপ্নময় ওর মাথায় হাত রাখল।
এইটুকুনি? জানো, বাবা না এত্তো-এত্তো রং নিয়ে গিয়েছে। কত খেলবে, তোমাদের বাড়িতে আবির নেই?
না। আচ্ছা, এখন আমি চলি।
বাইরের ঘরে পা বাড়াতেই মুন্নির মা এলেন, দ্যাখো তো কী কাণ্ড! ভদ্রমহিলাকে এখন অদ্ভুত দেখাচ্ছে। ওঁর গায়ের চামড়ার সঙ্গে ছোপ-ছোপ আবির আলাদা ছবি তৈরি করেছে। ভদ্রমহিলা বললেন, তুমি চলে যাচ্ছ?
হ্যাঁ। আর তো আবির নেই।
আর নেই না! ওহো কিছু খাবে না? এইদিন রং খেললে কিছু খেতে হয়।
না, না। এখন কিছু খাব না। দরজা খুলে বেরিয়ে এল সে। এবং তখনই একটা হইচই আওয়াজ কানে এল। সে কিছু বোঝার আগেই কারা যেন ঝাঁপিয়ে পড়ল তার ওপরে। দুজন তাকে জাপটে ধরেছে, দুজন মুখে-কপালে-গলায় রং বোলাচ্ছে। সে প্রতিবাদ করার সময় পেল না। ছেলেদের একজন খোলা দরজায় দাঁড়াল, বউদি, একটু রং?
মুন্নির মায়ের আপত্তি কানে এল, না ভাই। আমার ওসব…।
ওই তো মেখেছেন। স্বপ্নময় মাখাতে পারে আমরা না কেন? শুধু আবির।
ওহো! ঠিক আছে, শুধু কপালে কিন্তু–।
সঙ্গে-সঙ্গে উল্লাস বাজল। স্বপ্নময় সোজা হয়ে দাঁড়িয়ে চোখ খুলল। মুন্নির মাকে জড়িয়ে ধরে রং মাখাচ্ছে ছেলেটি। কপালে, গলার চৌহদ্দি ছাড়িয়ে নিচে নেমে গেল হাত। ভদ্রমহিলা দু-হাতে মুখ ঢাকলেন। ছেলের দল নেমে গেল হইচই করতে-করতে। স্বপ্নময় হাত বাড়িয়ে দরজা টেনে দিয়ে আড়াল আনল। কোনও মহিলার বুকে রং মাখাবার নাম করে হাত দিলে তিনি চুপ করে থাকবেন কেন? সে নিজের ফ্ল্যাটের বেল টিপল।
মা দরজা খুলল, কে, কাকে চাই?
আমি। সরো। ভেতরে পা বাড়াল স্বপ্নময়।
এম্মা! তোর কী চেহারা হয়েছে। দ্যাখো-দ্যাখো তোমার পুত্রের কাণ্ড দ্যাখো। কোনওদিন যে রং খেলেনি সে এবার ভূত সেজে এল, আমি চিনতেই পারিনি।
ডার্বিকাকুর জড়ানো গলা বলল, মা জিজ্ঞাসা করছে ছেলেকে, কে? ভাবা যায়!
স্বপ্নময় ভেতরে চলে এল। এখানে দাঁড়িয়ে কিছু বললে সেটা মা-বাবার গায়ে লাগত। এরা দিনদুপুরে জুয়ো খেলতে-খেলতে মদ খেয়ে যা ইচ্ছে তাই বলার অধিকার পাবে বলে ধরে নিয়েছে।
বাবার সঙ্গে মায়ের চমৎকার বন্ধুত্ব। জ্ঞান হওয়ার পর থেকে ওদের মধ্যে ঝগড়াঝাঁটি হতে দেখেনি স্বপ্নময়। বাবার বন্ধুরা বলে, এমন আন্ডারস্ট্যান্ডিং তারা কল্পনাও করে না। এরা যেন। ঠিকঠাক, মেড ফর ইচ আদার পেয়ার। অথচ ছুটির দিনে বা কোনও পার্টি হলে যাঁরা এ বাড়িতে আসেন, তাঁদের নিজেদের সম্পর্ক নিয়ে যে গোলমাল তা মিটিয়ে দিতে মাকে সক্রিয় হতে দেখা যায়। বাবার চেয়ে বয়সে একটু ছোট, বড় কোম্পানির বড় অফিসার হিল্লোল বোস অনেকটা। মদ্যপানের পর গত মাসে চিৎকার করেছিল, ওকে বলে দিন, রুমাল পালটাবার মতো বয়ফ্রেন্ড যেন না পালটায়। এতে আমার খুব অসুবিধে হয়। আমি যেমন একজনের সঙ্গে স্টেডি আছি ও। তাই করুক, নো প্রবলেম। ডিভোর্স সেপারেশন চলবে না, শান্তিপূর্ণ সহাবস্থান মেনে নেব। প্রমিস!
পাশের ঘরে বসেও কথাগুলো কানে এসেছিল স্বপ্নময়ের। সঙ্গে-সঙ্গে মায়ের গলা বেজেছিল, প্লিজ হিল্লোল। তুমি নিয়ম ভাঙছ। মদ খাবে কিন্তু মাতলামি করবে না, তোমরা সবাই স্থির করেছিলে। তাই না?
ইয়েস ম্যাডাম। আমি মাতাল নই।
তোমার গলা পাশের ঘরে আমার ছেলের কানেও পৌঁছে যাচ্ছে!
দেন, আই অ্যাম সরি। আমি চুপ করলাম।
আবার সব শান্ত হয়ে গেল।
বাবা-মা এবং তাদের বন্ধুদের জীবনযাপন এখন বঙ্গদেশের শিক্ষিত সমাজে ব্যতিক্রম নয়। স্বপ্নময়ের অনেক বন্ধুদের বাবা-মা এবং তাদের বন্ধুরা এই একই জীবনযাপন করে। সোম থেকে বৃহস্পতিবার অফিস অথবা ব্যাবসা। প্রচণ্ড সিরিয়াস লোক তখন সবাই। কিন্তু শুক্রবার এবং শনিব