
পরিবর্তিত পরিস্থিতি
সমরেশ মজুমদার
রিকশায় বাড়ি ফিরছিলেন অবনীমোহন। তাঁর বাঁ-দিকে বাসব বসে আছে। বাসবের শরীর ইদানীং এত ভারী হয়েছে যে এক রিকশায় সহজভাবে বসা যাচ্ছে না। পার্টি অফিস থেকে বেরুবার সময় বাসব বলেছিল, দাদা, আপনি এখনও রিকশায় যাওয়া-আসা করছেন কেন! গাড়ি তো আছেই।
অবনীমোহন মাথা নেড়েছিলেন, নাহে চল্লিশ সাল থেকে এই শহরে হেঁটে বেড়িয়েছি, শক্তি কমে এসেছে বলে রিকশায় চড়ি কিন্তু গাড়িতে উঠলে হুস করে পৌঁছে যাব। শহরটা দেখতেই পাব না।
বাসব আর কথা বাড়ায়নি। তাঁর পাশে উঠে বসেছিল। একটু চেপে বসে জায়গা করে দিতে হয়েছে ওকে। বাসব তাঁর হাতে গড়া ছেলে। জেলার এম. পি.। গত নির্বাচনে প্রচুর ব্যবধানে জিতেছে সে। ছেলেটি ভালো।
এখন সকাল। অবনীমোহন দেখলেন যেতে-যেতে বাসব হাত তুলে একে-ওকে স্বীকৃতি দিয়ে যাচ্ছে সমানে। একসময় রাস্তা ফাঁকা হলে বাসব বলল, দাদা, আপনি এখনও এসব ছেঁদো কেস নিয়ে কেন মাথা ঘামান?
ছেঁদো কেস!
ওই যে সুলতানা কী নাম মেয়েটার?
এটা ছেঁদো কেস নয় বাসব। শহরটাকে তো জানো। মানুষ এমন একটা ইস্যু পেলে সমালোচনা করতে ছাড়বে না। হয়তো এই একটা ঘটনাই অনেককে বিরূপ করে তুলবে।
সোমনাথরা তো ব্যাপারটাকে ম্যানেজ করতে চাইছে। কেউ জানতেও পারবে না।
অবনীমোহনের চোয়াল শক্ত হল, কেসটা কে নিয়ে এসেছে? কল্যাণ–তাই না? সে আমাদের ছেলে। কল্যাণ মনে করছে সুলতার ওপর অবিচার করা হয়েছে। আর সেটা যে করা হয়েছে তাতে তো কোনও প্রশ্ন নেই।
বাসব হাঁটুর ওপর ডানহাত রেখেছিল। সেটা তুলে রাস্তায় দাঁড়ানো এক ভদ্রলোককে নেড়ে হাসল। রিকশা বেরিয়ে গেলে বাসব হাত নামিয়ে বলল, কিন্তু আমরা সতীদিকে বিপদে ফেলতে পারি না। গত পাঁচ বছরে ভদ্রমহিলা দলের জন্য যা করেছেন তার কোনও তুলনা নেই।
তুমি আমাকে আপোশ করতে বলছ বাসব?
দেখুন, এখন কিছুই করা যাবে না। মেয়েটি ইতিমধ্যে পাঁচ মাসের প্রেগন্যান্ট। ওর কোথাও যাওয়ার জায়গা নেই, রাস্তায়-রাস্তায় ঘুরছিল। সতীদির ভাই কলেজে পড়ে। ওকে আমরা বাধ্য করতে পারি না একটা মেইড সার্ভেন্টকে বিয়ে করতে। দুটো লোক, একটা ফ্যামিলির জীবন তাতে নষ্ট হয়ে যাবে।
কিন্তু একটা ছেলে অতবড় অন্যায় করে শাস্তি পাবে না?
আপনি বুঝতে পারছেন না। শাস্তি দিতে গেলে পুলিশ কেস করতে হয়। সঙ্গে-সঙ্গে খবরের কাগজগুলো ঝাঁপিয়ে পড়বে। আমাদের দলের একজন নেত্রীর ভাই এইকরেছে। এখন এমন। প্রচার আমরা করতে দিতে পারি না। সোমনাথ বলছে সতীদি আগে যা বলেছেন বা করেছেন তা ভুলে গিয়ে সুলতার পুনর্বাসনের জন্যে হাজার টাকা দিতে রাজি হয়েছেন। সুলতাও এতে রাজি হয়েছে। কল্যাণের সঙ্গে সোমনাথরা কথা বলবে। আপনি আর এ নিয়ে ভাববেন না। কথা শেষ করে বাসব আবার একজনকে হাত নাড়ল। রিকশাওয়ালা খুব যত্ন নিয়ে চালাচ্ছিল। সে জানে এই জেলার সবচেয়ে দামি দুটি মানুষ এখন তার সওয়ার। অবনীমোহনের বাড়ির সামনে পৌঁছে সে সসম্ভ্রমে নেমে দাঁড়াল। অবনীমোহন পকেট থেকে টাকা বের করছিলেন, রিকশাওয়ালা জোরে মাথা দোলাতে লাগল, না স্যার, দিতে হবে না। আমি নিতে পারব না।
স্যার! তুই আমাকে স্যার বলছিস? ওহে বাসব, এ কি বলছে শোনো।
স্যার কথাটা আজকাল সবাই শিখে গেছে দাদা।
নাহে। আজ তুমি সঙ্গে আছ বলে ওর মুখে স্যার বেরিয়েছে। টাকাটা ধর, আমি বিনি পয়সায় কাউকে খাটাই না। ধর বলছি। শেষ শব্দদুটোয় এতটা জোর ছিল যে রিকশাওয়ালা আর আপত্তি করতে পারল না।
গেট খুলে বাড়ির দিকে যেতে-যেতে বাসব বলল, দাদা, এই জন্যে আমি আপনাকে চিরদিন শ্রদ্ধা করি। তবে আপনাদের মতো মানুষ খুব দ্রুত কমে যাছে।
অবনীমোহন কিছু বললেন না। বাড়ির বাঁ-দিকের ঘরটি তাঁর। বসা পড়া এবং শোওয়ার। বাড়িটি পৈতৃক, বাকি অংশে তাঁর ভাইয়েরা থাকেন। অকৃতদার অবনীমোহনের একটি ঘরই যথেষ্ট। বেতের চেয়ারে বসতে দিয়ে তিনি বাসবকে জিজ্ঞাসা করলেন, একটু চা খাবে?
বাসব রুমালে মুখ মুছল, আবার ওদের খাটাবেন?
বউমা এটাকে খাটনি বলে মনে করেন না। তা ছাড়া, এখন তো বাড়িতে অনেক মেয়ে। ভাইপোর বউ, তাদের মেয়ে এবার ক্লাস টেনে উঠল। দাঁড়াও, বলে দিই ওদের।
অবনীমোহন ভেতরে চলে গেলেন। বাসব চারপাশে তাকাল। এই ঘরে সে গত কুড়ি বছর ধরে আসছে। একটুও পরিবর্তন হয়নি কোথাও। তক্তাপোশ, বেতের চেয়ার, আলনা, কুঁজো গ্লাস এবং বই-এর তাক একইরকম রয়ে গেছে। সারাজীবন মাস্টারি করেছেন অবনীমোহন। জেলে। গিয়েছেন অনেকবার। এখন তিনি সরকারিভাবে এই জেলার পার্টির সভাপতি। তিনি থাকায় দলের প্রতি সাধারণ মানুষের মনে সম্রম এসেছে। অথচ অবনীমোহনের জীবনে কোনও পরিবর্তন আসেনি। আজ যাঁরা মন্ত্রী তাঁদের অনেকেই ওঁর পরে দলে এসেছেন। প্রবীণ যাঁরা তাঁরা মনে করেন অবনীমোহন ইচ্ছে করেই জেলার বাইরে যেতে চাননি।
বাসব বইগুলোর দিকে তাকাল। অবনীমোহন এদের বন্ধু বলেন। একসময় সে এখান থেকে। অনেক বই নিয়ে গিয়েছে পড়ার জন্যে। কিন্তু বই-এর তত্ব এবং জীবনের সত্য যখন মুখোমুখি। হল তখন তাকে জীবনকেই বেছে নিতে হয়েছে। অবনীমোহন এখনও তত্বে বিশ্বাস করেন। বলা যায় তাঁর বাস এখনও ওই বই-এর লাইনে-লাইনে। ফলে অবনীমোহন দলের মূলস্রোতের সঙ্গে ঠিকঠাক গা ভাসাতে পারছেন না। সোমনাথরা এই কথাই তাকে বলছিল। জেলা থেকে নির্বাচিত এম. পি. বলে তার নিজস্ব কিছু ক্ষমতা আছেই। কিন্তু দলের প্রশাসনিক ব্যাপারে সে মাথা ঘামায় না। আজ যখন অবনীমোহন বলেন তার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা বলতে চান তখন বাসব। আপত্তি করেনি। মনে হয়েছিল এই সুযোগে গুরুকে একটু বাস্তবমুখী করা যেতে পারে। সুলতা কেসটা নিয়ে উনি খুবই অখুশি। সতী দত্ত অধ্যাপিকা। কল্যাণই তাঁকে দলে এনেছিল। তারপর ব্যাপক কাজ করে যাচ্ছেন ভদ্রমহিলা। এখন দলের মহিলা শাখার নেতৃত্ব ওঁর হাতে। সেই সতী দত্তের বাড়িতে সুলতা চাকরি করত। কল্যাণের অভিযোগ অসহায় মেয়েটিকে সতী দত্তের ভাই এর কারণে গর্ভবতী হতে হয়েছে। ব্যাপারটা জানতে পেরে সতী দত্ত সুলতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। মেয়েটির কোনও আত্মীয়স্বজন দায়িত্ব নিতে চায়নি। মা-বাবা নেই। কিন্তু সুলতা কী করে কল্যাণের কাছে পৌঁছাল সেটাই বিস্ময়ের। আর তারপর থেকে কল্যাণ ওকে সাহায্য করার জন্য চাপ দিচ্ছে। তবু কল্যাণ দলের ছেলে। যদি বিপক্ষের কেউ খবরটা জানত তাহলে বিপাকে পড়তে হত। স তাঁকে দলের জন্যেই দরকার। অবনীমোহন যেটা চাইছেন সেটা ন্যায়সঙ্গত। এই ন্যায়বোধের কথা বই-এর পাতায় লেখা থাকে। জীবন আরও ব্যাপক। সেখানে যে সত্যিটা জন্ম নেয় তা প্রয়োজনের মাপকাঠিতে। তাই সতীর দেওয়া হাজার টাকা সুলতাকে অখুশি করেনি। সে চলে গিয়েছে শহরের বাইরে।
অবনীমোহন এলেন। পাঞ্জাবি খুলে ফেলেছেন। তক্তাপোশে বসে হাসলেন, তোমাকে যে কারণে নিয়ে এলাম বাসব, আমি এবার বিশ্রাম চাই।
বিশ্রাম?মানে? বাসব চমকে উঠল।
আমার বয়স ঢের হল। শরীরও ঠিক নেই। আগের মতো খাটাখাটনি করতে পারি না। তার ওপর যেটা সত্যি তা হল, এখনকার রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে আমি নিজেকে মেলাতে পারছি না। নিজের সঙ্গে প্রায়ই যুদ্ধ করতে হয়। তুমি আমাকে দাদা বলে মনে করেছ চিরকাল, আমার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারবে। অবনীমোহন শান্ত গলায় বললেন।
দ্রুত মাথা নাড়ল বাসব, অসম্ভব। এখন আপনাকে ছাড়া যাবে না।
কেন?যা কিছু সিদ্ধান্ত তোমরাই নিচ্ছ।
এটা আপনার অভিমানের কথা। আপনাকে বাদ দিয়ে আমরা কিছুই করিনি।
আমি সম্মতি দিয়েছি। না দিলে কাজ আটকে যেত, তাই।
দাদা, আপনি যেভাবে বলছেন তাতে যে কেউ মনে করবে আপনাকে আমরা ঠুটো জগন্নাথ করে রেখেছি। কিন্তু ব্যাপারটা তা নয়। সুলতার কেসটা নিয়ে আপনি একটু বেশি ভাবছেন।
সুলতা একা নয় বাসব। হাসপাতালে আন্দোলনের নামে যা করা হয়েছিল আমি তার বিরোধী ছিলাম। চা-বাগান অঞ্চলে দলের ছেলেদের পার্টির চাঁদার রসিদবই বিলিয়ে দিয়ে কোনও হিসেবও না চাওয়া আমি মানতে পারিনি। বাসব, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, নিজেকে কি বোঝাব? অবনীমোহন মাথা নাড়লেন, আমরা ক্রমশ বুর্জোয়া ড্রেসিংরুমের শিকার হয়ে যাচ্ছি।
বাসব হাসল, আপনি সোনার পাথরবাটি চাইছেন। এই সংবিধান মানবার সিদ্ধান্ত আমরা নিয়েছি। নির্বাচনে আর কোনও গরিবদের দল জিততে পারে না। কোটি-কোটি টাকা খরচ করতে হয়। বিশাল মেশিনারি লাগে। বুর্জোয়াদের লালনে যে দল লড়ছে তাদের সঙ্গে পাল্লা দিতে গেলে সমপর্যায়ে নিজেদের নিয়ে যেতে হয়, অন্তত অর্থবল এবং লোকবলে। সংখ্যাগরিষ্ঠতা পেলে আমরা আমাদের পথে অবশ্যই চলব। কিন্তু কিছু ফাঁক তো থেকেই যায়। দাদা, আমরা যতদিন বিরোধী দল হিসেবে কাজ করেছি ততদিন আপনার ওই বইগুলোর তত্ব আমাদের কাজে লেগেছে। মাঝে-মাঝে মনে হয় সরকার-বিরোধী আন্দোলনের ক্ষেত্রে আমরা সঠিক পথে চলতে পেরেছিলাম। কিন্তু সরকার চালাতে গিয়ে অনেক সময় আমাদের হয়তো আদর্শচ্যুত হতে হচ্ছে। তবে এখানেও প্রশ্ন, আদর্শ কোনটা? সেটা শালগ্রাম শিলা হতে পারে না। এক পয়সা ট্রামবাসে। ভাড়া যখন বাড়ানো হয়েছিল তখন আমরা আন্দোলনে জনসাধারণকে সঙ্গে পেয়েছিলাম। কিন্তু তিরিশ বছর পরে সরকার চালাতে গিয়ে খরচের বহরে যখন নাভিশ্বাস উঠছে তখন নিজেরাই। ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছি। প্রতিপক্ষ যে আন্দোলন শুরু করেছে তাকে অগণতান্ত্রিক বলতে বাধ্য। হচ্ছি। এ ছাড়া কোনও উপায় নেই। আর এই সব করেই আমাদের সাধারণ মানুষের জন্যে কাজ করতে হবে। এই অবস্থায় আপনি সরে দাঁড়ালে জনসাধারণ আমাদের সন্দেহ করবে। শাসন যার হাতে তাকে তো সাধারণ মানুষ বন্ধু বলে মনে করে না। আমরা যতই বলি জনসাধারণের বন্ধু আমরা, তবু তারা দূরত্ব রাখবেই। এ অবস্থায় আপনার চলে যাওয়া মানে ওদের ভাবনাকে আরও মজবুত করা। বাসব কথা শেষ করা মাত্র একটি কিশোরী দু-কাপ চা নিয়ে এল। বাসব তার দিকে তাকিয়ে বলল, আরে নন্দিনী, কত বড় হয়ে গেছিস?
নন্দিনী চায়ের কাপ দিয়ে বলল, আজকাল তো আপনি আসেনই না।
হ্যাঁরে, সময় পাই না। দিল্লি আর কলকাতা করতে-করতে নিশ্বাস ফেলতে পারি না। চায়ে চুমুক দিল বাসব। নন্দিনী দরজায় গিয়ে দাঁড়াল।
কোন ক্লাশ এবার?
টেন। আসছি। নন্দিনী চলে গেল।
চা খেয়ে বাসব বলল, দাদা আপনি নেক্সট ইলেকশন পর্যন্ত চুপ করে থাকুন। এমনিতেই হঠাৎ হাওয়াটা একটু গরম হয়ে উঠেছে। এসব কথা নিয়ে কারও সঙ্গে আলোচনা করবেন না।
না, আমার মনে হয়েছিল তুমি শিক্ষিত ছেলে, পড়াশুনা করেছ, তুমি বুঝবে।
বাসব উঠে দাঁড়াল, আপনি তো জনসাধারণকে চেনেন। কোনও-কোনও নেতার একটু বেহিসাবি কথায় তারা খেপে উঠেছে। কিন্তু আমাদের প্রতিপক্ষ এত বিশৃঙ্খল যে তাদের শান্ত করতে বেশি সময় লাগবে না। সেক্সপিয়ার সাহেব তো জনতার চরিত্র বলেই গিয়েছেন।
অবনীমোহন দরজা পর্যন্ত এগিয়ে দিলেন বাসবকে, ওইটেই বোধহয় ভুল হচ্ছে বাসব। ঢেউ-এর ধাক্কায় কণা-কণা বালি কখন যে নিজেরাই জড়ো হয়ে একটা বিরাট চর হয়ে যায় তা আগে ঠাওর করা যায় না। বিরোধ যখন সর্বত্র ছড়িয়ে পড়ে তখন নেতৃত্ব আপনা থেকেই তৈরি হয়ে যায়। আমরা এটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি অপেক্ষা করব।
বাসব মাথা নাড়ল। রাস্তায় পা দিয়ে সে পেছন ফিরে তাকাল। অবনীমোহন তখনও দরজায়। দাঁড়িয়ে আছেন। মানুষটি সত্যি ভালো। তার আজকের যা কিছু উন্নতি সব ওই একটি লোকের জন্য। না, অবনীমোহনকে এখন কিছুতেই ছাড়া যেতে পারে না। কিছুদিন আগে সুধাময় চৌধুরী কলকাতার পার্টি অফিসে বসে বলেছিলেন, বাসব, অবনীর মতো একজন আমাদের দলে আছে। এটা ভাবতে আমার খুব ভালো লাগে। ও জেলা থেকে বেরিয়ে এলে দেশের অনেক বেশি উপকার হত। পুরোনোদিনের লোক যাঁরা তাঁদেরই এমনই ধারণা ওঁর সম্পর্কে। চারপাশে
তাকিয়ে বাসব একটিমাত্র রিকশাওয়ালাকে দেখতে পেল। তাকে দাঁড়াতে দেখেই সে রিকশা। নিয়ে এগিয়ে আসছে,