
নীল রঙের মানুষ
সুনীল গঙ্গোপাধ্যায়
তখন খুব ভোর। ভালো করে আলো ফোটেনি! একটু-একটু অন্ধকার আর একটু-একটু আলো মিশে একটা শরবতের রং তৈরি হয়েছে। শুধু আকাশের পূর্ব দিকটা সামান্য লালচে। একটু পরেই সূর্য উঠবে।
রণজয় বিশ্বাস নামে একজন যুবক সেই সময় নদীর ঘাটে গিয়েছিল। রণজয় প্রত্যেকদিনই খুব ভোরে ঘুমথেকে ওঠে। তারপর একা-একা নদীতে চলে আসে। তার বাড়ি থেকে নদী প্রায় দু-মাইল দূর। রণজয়ের খুব মাছ ধরার শখ। সে সারাদিন তো মাছ ধরেই, রাত্তির বেলাও নদীতে একটা ছিপ ফেলে রেখে আসে। ভোরবেলা এক একদিন গিয়ে দেখতে পায়, তার বঁড়শিতে একটা মস্তবড় মাছ ধরা পড়ে আছে।
সেদিন রণজয় নদীর দিকে এগোচ্ছে, এমন সময় আকাশে ফট করে একটা শব্দ হল। শব্দটা খুব জোর নয়, অনেকটা হাউই বাজি ফাটার শব্দের মতন। রণজয় ওপরের দিকে তাকিয়ে দেখল, তার ঠিক মাথার ওপরের আকাশে, অনেক উঁচুতে কী যেন একটা জিনিস ফেটে গিয়ে খুব আলো আর আগুন বেরুচ্ছে। জিনিসটা এত উঁচুতে যে কোনও বাজি অতদূরে উঠতে পারে না। তা ছাড়া এখন তো কোনও পুজো-টুজো নেই, কে আর এখন গ্রামের আকাশে বাজি ফাটাবে!
রণজয় জানে অনেক সময় আকাশে এরোপ্লেনে আগুন ধরে যায়, তারপর সবসুদু ভেঙে পড়ে। প্রায়ই খবরের কাগজে এরকম খবর থাকে। সেই রকমই একটা কিছু হল নাকি? রণজয় আকাশের দিকে তাকিয়ে রইল।
যদিও খুব উঁচুতে, তবু সেই জিনিসটা ঠিক এরোপ্লেন মনে হয় না। একটা বিরাট গোল জিনিস। ফটফট করে শব্দ হচ্ছে আর সেটার এক-একটা টুকরো ভেঙে-ভেঙে ছিটকে যাচ্ছে। যদি হঠাৎ একটা টুকরো মাথায় এসে পড়ে, সেই ভয়ে রণজয় দৌড়ে তেঁতুল গাছের নীচে দাঁড়াল। তবু সে ওপরের দিকে না তাকিয়ে পারল না।
এরপর সে আর একটা আশ্চর্য জিনিস দেখল। সেই গোল জিনিসটা যখন একেবারে টুকরো টুকরো হয়ে গেল, তখন দেখা গেল, সেটা থেকে বেরিয়ে কয়েকজন মানুষ হাওয়ায় ভাসছে। এত দূর থেকে তাদের খুবই ছোট দেখালেও বোঝা যায়, ওগুলো পাখি নয়।
সেই আকাশের জ্বলন্ত টুকরোগুলো ছিটকে কোনটা কোথায় চলে যাচ্ছে তার ঠিক নেই, শুধু একটা টুকরো কামানের গোলার মতন জ্বলতে জ্বলতে এসে পড়ল নদীতে। অনেকখানি জল ছিটকে উঠল আর জায়গাটা এমন ধোঁয়ায় ভরতি হয়ে গেল যে দু এক মিনিটের মধ্যে রণজয় চোখে কিছুই দেখতে পেল না। তারপর একটু পরিষ্কার হতেই দৌড়ে গেল নদীর ধারে। দেখল, নদীর মাঝখানে এক জায়গায় জলে খুব ভুড়ভুড়ি কাটছে আর একটা লোক যেন ডুবে যাচ্ছে সেখানে। লোকটার আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা হাত বেরিয়ে আছে জলের বাইরে, সেই হাতে কী যেন একটা গোল মতন জিনিস ধরা। আগুনে পুড়ে যাবার জন্যেই বোধহয় লোকটার হাতের রং মিশমিশে কালো।
রণজয় খুব ভালো সাঁতার জানে। একজন লোক ডুবে যাচ্ছে দেখে সে আর স্থির থাকতে পারল না। জলে ঝাঁপিয়ে পড়ল।
কিন্তু রণজয় উদ্ধার করতে পারল না লোকটাকে। সাঁতরে নদীর মাঝখানে যাবার আগেই লোকটা ডুবে গেল। নদীটা খুব বড় নয়, কিন্তু জোয়ারের সময় খুব জল থাকে। কাল রাত্রেই জোয়ার এসেছে। রণজয় ডুবে ডুবে অনেক খুঁজল, কিন্তু লোকটির কোনও চিহ্ন পাওয়া গেল না। তবে, রণজয় দেখল, সেখানে সাদা রঙের একটা বল ভাসছে। এই বলটাই লোকটার হাতে ধরা ছিল। লোকটা ডুবে গেলেও বলটা ডোবেনি। রণজয় সেটা ধরে ফেলল।
বলটা খুব বড় নয়, অনেকটা ক্রিকেট বলের মতন। চকচকে কোনও ধাতু দিয়ে তৈরি, ভেতরটা ফাঁপা। জিনিসটা খুব সুন্দর, তাই রণজয় সেটা নিয়ে আবার ফিরে আসতে লাগল তীরের দিকে। একটা লোক তার চোখের সামনে ডুবে গেল, এজন্য তার মন খারাপ লাগল। পুলিসকে বোধহয় খবর দেওয়া উচিত-বড়-বড় জাল ফেলে যদি দেহটা পাওয়া যায়।
রণজয় আবার আকাশের দিকে তাকাল। সেই কয়েকজন এখনো সেখানে ওড়াওড়ি করছে। মোট পাঁচজন। পিঠে প্যারাসুট বাঁধা নেই অথচ লোকগুলো আকাশে পাখির মতন ভাসছে কী করে–এই ভেবে রণজয় আশ্চর্য হচ্ছিল, এমন সময় বহুদূর থেকে আর একটা গোল মতন জিনিস বিদ্যুৎবেগে সেখানে উড়ে এল। তার একটা দরজা খুলে যেতেই সেই পাঁচজন লোক ঢুকে গেল তার মধ্যে। সেটা আবার মিলিয়ে গেল মহাশূন্যে।
রণজয় খানিকক্ষণ হতভম্ব হয়ে ভিজে গায়ে বসে রইল নদীর ঘাটে। কী হয়ে গেল ব্যাপারটা? গোল মতন জিনিসগুলো কী? মানুষ আকাশে ভাসে কী করে? ওরা কোথা থেকে এল, কোথায় চলে গেল? ওদের মধ্যে একজন আবার জলে ডুবে গেল কেন? সব ব্যাপারটাই কি স্বপ্ন?
কিন্তু স্বপ্ন হতে পারে না। রণজয়ের হাতে রয়েছে সেই বলটা। এরম বল সে আগে কখনো দেখেনি। জিনিসটা লোহার নয়, অ্যালুমিনিয়ামেরও নয়। জিনিসটা এমনই চকচকে যে সেটার দিকে তাকালে চোখ ঝলসে যেতে চায়। এরকম জিনিসের বল রণজয় কখনো দেখেনি। জিনিসটা যে খুব দামি সেটা বুঝতে পেরে রণজয় ঠিক করল, বলটার কথা এখন সে আর কারুকে বলবে না।
রণজয়ের এবার মনে পড়ল তার ছিপটার কথা। সেটা ধরে একটু টান দিতেই বোঝা গেল মাছ আটকেছে। তবে, বেশি বড় মাছ নয়, ছিপটা বেশ হালকা লাগছে। সে এক টান দিতেই মাছটা এসে পাড়ের ওপর পড়ল।
এবার রণজয়ের আরও অবাক হওয়ার পালা। একটা বিরাট বড় কাতলা মাছ, অন্ততঃ চার কেজি হবেই। এত বড় মাছ অথচ এত হালকা লাগল কী করে? ভাগ্যিস সুতো ছিঁড়ে যায়নি। রণজয় দুহাত দিয়ে মাছটা তুলে ধরল। তবু খুব হালকা লাগছে। এত বড় মাছ এত হালকা হয়। যাই হোক, বলটাকে প্যান্টের পকেটে লুকিয়ে রেখে রণজয় মাছটা নিয়ে বাড়ি ফিরল।
রণজয়ের বাবা একজন চাষি। রণজয় কিছুটা লেখাপড়া শিখলেও সে কোনও চাকরির চেষ্টা না করে বাবার চাষবাসের কাজেই সাহায্য করে। তাছাড়া সে গ্রামের ফুটবল টিমে ফুটবল খেলে। সামনের বছর তার বিয়ে হবার কথা।
রণজয়দের বাড়িটা মাটির তৈরি হলেও দোতলা। একে বলে মাঠকোঠা। বেশ পরিষ্কার ঝকঝকে তকতকে। বাড়ির সদর দরজা দিয়ে ঢোকার সময় সে মাথায় একটা ধাক্কা খেল। রণজয় বেশ লম্বা হলেও নিজের বাড়ির দরজায় কোনওদিন আগে ধাক্কা খায়নি।
মাছটা উঠোনে ফেলে সে চেঁচিয়ে বলল, মা দেখো, আজ কত বড় একটা মাছ পেয়েছি।
রণজয়ের মা কাছেই ছিলেন, মাছটা দেখে খুব খুশি হলেন। তিনি বললেন, বাবা, এত বড় মাছ তো অনেকদিন দেখিনি! চার-পাঁচ সের হবে বোধহয়। তোর কাকার বাড়িতে খানিকটা পাঠিয়ে দেব, আর তোর মেসোমশাইয়ের বাড়িতে।
রণজয় বলল, কিন্তু এত বড় দেখতে হলে কী হয়। মাছটা কিন্তু হালকা!
মা মাছটা তোলার চেষ্টা করে বললেন, বলিস কী! হালকা কোথায়! এ তো দারুণ ভারী।
রণজয় অবলীলাক্রমে এক হাতে মাছটা ধরে উঁচু করে বলল, এই যে, দেখছ, কী রকম হালকা?
মা অবাক হয়ে রণজয়ের দিকে তাকিয়ে রইলেন। তিনি মাছটা দেখছেন না, রণজয়ের মুখখানা দেখছেন। তারপর বললেন, তোকে একটু অন্যরকম দেখাচ্ছে, একটু বেশি লম্বা দেখাচ্ছে কেন রে?
রণজয় হেসে বলল, আমি কি এক সকালের মধ্যেই লম্বা হয়ে গেলাম নাকি?
মা বললেন, কী জানি বাপু। কী রকম যেন লাগছে। তুই কোথাও পড়ে-উড়ে গিয়েছিলি নাকি? কপালে নীল রং হয়ে গেল কী করে?
রণজয় একটু আগে ধাক্কা খেয়েছে মাথার মাঝখানে। তার কপালে নীল রং হবে কী করে! সে অবিশ্বাস করে কপালে হাত দিল। না, কপালে কোনও ব্যথা-ঠ্যথা নেই তো!
মা বললেন, যা আয়নায় দেখে আয়! অনেকখানি নীল রঙ হয়ে গেছে!
রণজয় উঠে গেল দোতলার ঘরে। আয়নায় সামনে দাঁড়িয়ে দেখল সত্যিই তার কপালে একটা হালকা নীল রঙের ছাপ পড়েছে। শুধু কপালে নয়, তার মুখে আর গলাতে ও যেন হালকা নীল রঙের ভাব। সহজে বোঝা যাবে না, কিন্তু রণজয় আয়নার কাছে মুখ এনে স্পষ্ট দেখতে পাচ্ছে। আর মায়েরা তো ছেলেদের শরীরের যে-কোনও বদল দেখলেই বুঝতে পারেন।
রণজয় হাত দিয়ে ঘষলো কপালটা। হাতে কোনও রং লাগল না। তা হলে কপালটা নীল হয়ে গেল কী করে?
আর একটা ব্যাপারেও রণজয় খুব অবাক হয়ে গেল। দেয়ালে ঝোলানো আয়নাটার সামনে দাঁড়ালেই সে তার মুখ দেখতে পেয়েছে সব সময়, কিন্তু এখন তাকে ঝুঁকে নিচু হয়ে দেখতে হচ্ছে। আয়নাটা তো ঠিক এক জায়গাতেই আছে। তাহলে সে কি হঠাৎ খানিকটা লম্বা হয়ে গেল? এ আবার কী অদ্ভুত ব্যাপার!
রণজয় পকেট থেকে সেই বলটা বার করল। বলটাকে দেখলেই মনে হয় খুব দামি। জিনিসটা এত চকচকে যেন মনে হয় ওর গা থেকে আলো ঠিকরে পড়ছে। তা ছাড়া, মনে হচ্ছে যেন ওটার মধ্যে কিছু একটা শব্দ হচ্ছে। ভালো করে শোনার জন্য রণজয় বলটা কানের কাছে নিয়ে এল। ঘড়ির মতন ঝিক-ঝিক শব্দ হচ্ছে ঠিকই, তবে খুবই আস্তে। তাহলে এটা বল নয়, কিছু একটা যন্ত্র।
সেটা হাতে নিয়ে রণজয় ধপ করে খাটের ওপর বসে পড়ে চিন্তা করতে লাগল। ব্যাপারটা তা হলে কি দাঁড়াল? আকাশ থেকে একটা লোক এই যন্ত্রটা হাতে নিয়ে খসে পড়ল নদীতে। বাকি লোকগুলো হাওয়ায় উড়ছিল, তারপর একটা গোল জিনিস এসে নিয়ে গেল তাদের। এসব কিছুর মানে কী?
সেদিন বিকেলের মধ্যেই রণজয় প্রায় সাত ইঞ্চি বেশি লম্বা হয়ে গেল, আর তার মুখের রঙ হয়ে গেল রীতিমতো নীল। তার বুক, হাত পায়েও নীল-নীল ছোপ। তার বাড়ির সবাই এই ব্যাপার দেখে খুব ভয় পেয়ে গেছে। নিশ্চয়ই কোনও কঠিন অসুখ হয়েছে রণজয়ের। যদিও অসুখের অন্য কোনও চিহ্ন নেই। তার গায়ের জোর হঠাৎ বেড়ে গেছে অসম্ভব। সে একটা লোহার সিন্দুকও এক হাতে তুলতে পারে। সকালবেলায় অত বড় মাছটা ওই জন্যই তার কাছে অত হালকা লেগেছিল।
নীল রঙের মুখ নিয়ে লজ্জায় সেদিন রণজয় আর বাড়ি থেকে বেরুলে না। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে লাগল। সে কি স্বপ্ন দেখছে, না সত্যিই এসব কিছু হয়েছে? কিন্তু বলের মতন যন্ত্রটা যে হাতে রয়েছে, সেটা তো স্বপ্ন নয়! এই বলটার কথা রণজয় কারুকে এখনো বলেইনি। একবার তার মনে হল, এই বলটা নিশ্চয়ই অপয়া, এটাকে ছুঁড়ে ফেলে দিলেই নিশ্চয়ই আবার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জিনিসটা এত সুন্দর যে কিছুতেই ফেলতে ইচ্ছে করে না।
রণজয়ের বাবা ডাক্তার ডাকতে চেয়েছিল, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। ডাক্তার এসে তাকে দেখে গেলেই সবাই জেনে যাবে তার কথা। তার মুখের রং নীল হয়ে গেছে শুনেই সবাই দেখতে আসবে তাকে। সবাই তাকে দেখে যদি হাসে! সে পরে কলকাতায় গিয়ে বড় ডাক্তার দেখাবে।
তাড়াতাড়ি খেয়ে নিয়ে রণজয় সেদিন নিজের ঘরের আলো নিভিয়ে শুয়ে রইল। যতবার সে আয়নায় মুখ দেখেছে, ততবার মনে হয়েছে, তার মুখখানা বেশি রকম নীল হয়ে যাচ্ছে। তবে লম্বায় আর বাড়েনি। সেই সাত ইঞ্চিতেই থেমে আছে।
বলটাকে সে রেখেছে তার টেবিলের ড্রয়ারে। রাত্তিবেলা চারদিক নিস্তব্ধ হয়ে যাওয়ার পর রণজয় খাটে শুয়েও শুনতে পাচ্ছে সেটার ঝিক-ঝিক শব্দ। শব্দটা যেন বেড়ে যাচ্ছে মনে হয়।
রণজয় আর একবার উঠে ড্রয়ার খুলে বলটাকে দেখল। এবার আবার একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। বলটা আপনি-আপনি ঘুরছে আর সেটা থেকে ঝলকে ঝলকে আলো বেরুচ্ছে। ঠিক যেন কীসের সিগন্যাল দিচ্ছে। সেটাতে হাত দিতে রণজয়ের ভয়-ভয় করতে লাগল। এটা কোনও সাংঘাতিক যন্ত্র নয় তো? কিংবা বোমা-টোমা যদি হয়? আজকাল মানুষ কত রকম যন্ত্র বানাচ্ছে। আমেরিকান আর রাশিয়ানরা মহাশূন্যে কত রকম পরীক্ষা যে চালাচ্ছে, তার ঠিক নেই। সেই রকমই একটা কোনও রকেট ভেঙে পড়েনি তো? কিন্তু এই যন্ত্রটা হাতে নিয়ে যে-লোকটা জলে ডুবে যাচ্ছিল, সে তো সাহেব নয়। তার গায়ের রং কালো ছিল।
হঠাৎ রণজয়ের খেয়াল হল, বোধহয় লোকটা কালো ছিল না, ওর গায়ের রং ছিল নীল। ভোরবেলার পাতলা আলোয় রণজয় ঠিক দেখতে পায়নি। অজানা ভয়ে শিউরে উঠল রণজয়। আলো জ্বেলে আবার মুখটা দেখল। সে এখন পুরোপুরি নীল রঙের মানুষ হয়ে গেছে।
হঠাৎ রাগের চোটে রণজয় বলটা তুলে নিয়ে এক আছাড় মারলো মেঝেতে। কিন্তু ভাঙলো না। একটু তুবড়েও গেল না। সবচেয়ে আশ্চর্যের কথা, সেটা মাটিতে লাগলেও শব্দ হল না একটুও। রণজয় আরও কয়েকবার বলটা নিয়ে ড্রপ খাওয়ালো। না, এটাতে শব্দ হয় না। এটা সত্যিই একটা অদ্ভুত জিনিস। রণজয় ঠিক করল, এই যন্ত্রটা নিয়ে কোনও বৈজ্ঞানিককে দেখাতে হবে। তাদের গ্রামেরই একটি ছেলের নাম অভিজিৎ কর। সে বিজ্ঞানে খুব ভালো ছাত্র, এখন বসু বিজ