
ধোঁকার ডালনা
বুদ্ধদেব গুহ
ড্রাইভার শিউশরণ গাড়ি আন্ডারগ্রাউন্ড গ্যারাজে পার্ক করে এসে বলল, কাল কিতনা বাজি আয়েগা মেমসাব?
স্মিতা একটু ঝাঁঝালো গলাতে বলল, পুছনেকা ক্যা হ্যায়? রোজ সুবেব যিতনা বাজি আতা হ্যায় ওহি টাইমমে আও।
জি হাঁ।
বিরক্তির সঙ্গে বলে, ফ্ল্যাটের দরজার ল্যাচটা খোলা রেখে দিয়ে কী ভেবে একটু হেসে সেটাকে লাগিয়েই দিল। তারপর ইন্টারকমের রিসিভারটা তুলে একতলার রিসেপশনে ফোন করে জিজ্ঞেস করল, সেন সাহেব কি বাইরে গেছেন? নাইনথ ফ্লোর থেকে বলছি।
নীচ থেকে বলল, ম্যাডাম আমার ডিউটি তো বেলা চারটেতে শুরু হয়েছে। আমি আসার পরে যাননি। তবে যদি গ্যারাজের পেছনের দরজা দিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে গিয়ে থাকেন তা হলে পেছনের গেটের সিকিউরিটি গার্ড বলতে পারবে।
বলেই বলল, গাড়ি নিয়ে গিয়ে থাকলেও আমি আসার আগেই গেছেন। লাল মারুতি নিয়েই তো যাবেন গেলে। ও গাড়ি আমি যেতে দেখিনি। গ্যারাজ থেকে উঠে গাড়ি তো আমার সামনে দিয়েই যেত, গেলে। তবে চারটের আগে গিয়ে থাকলে জানি না।
পেছনের গেটের সিকিউরিটিকে একবার জিজ্ঞেস করুন। বড়ো বেশি কথা বলেন আপনি।
ঠিক আছে। জিজ্ঞেস করে আমি জানাচ্ছি।
সারাদিন এয়ারকন্ডিশন্ড ঘরে কাজ করার পর এয়ারকন্ডিশন্ড গাড়ি চড়ে বাড়ি ফিরেই গরমে গা একেবারে প্যাঁচপ্যাঁচ করে। তবু বিমলেন্দুকে ফ্ল্যাটের সেন্ট্রাল এয়ারকন্ডিশনার চালাতে মানা করেছে ও। দুপুরটা বেডরুমের উইন্ডো-টাইপটা চালিয়ে বিমলেন্দু ঘুমোয় বা টিভি দেখে। সন্ধ্যেবেলা বাড়ি ফিরে দুজনে মিলে চা খাওয়ার পর দু-জনই এক সঙ্গে চানে যায়। বিমলেন্দু গেস্টরুমের বাথরুমে আর স্মিতা বেডরুমের বাথরুমে। বাথটাব-এ শুয়ে থাকে মিনিট পনেরো অনেকখানি বাথসল্ট ছড়িয়ে, সারাশরীর এলিয়ে দিয়ে। শরীরের অণু-পরমাণু থেকে ক্লান্তি অপনোদিত হলে তারপরই ভালো করে তোয়ালে দিয়ে গা-মাথা মুছে সর্বাঙ্গে ইউডিকোলন এবং পাউডার লাগিয়ে বারমুডাস আর কটন-এর ঢোলা টপ পরে বসার ঘরে আসে। না বলে তো কেউই আসে না কোনো ব্যস্ত মানুষের কাছে। আজ কারো আসার কথা নেই। অফিসের পরে। কেউ এলে ক্লান্তও লাগে। শনি-রবির কথা আলাদা। বিমলেন্দুই তার হাউসকিপার হাজব্যান্ড, নিজের কিছুই প্রায় করতে হয় না, তবু উইকডেইজ-এ কারো আসার টেনশন হয়।
রোজ খায় না, তবে সপ্তাহে দু-তিনদিন খায় একটা কি দুটো। ব্লাডিমেরি। খুব যত্ন করে বানিয়ে দেয় বিমলেন্দু। বিমলেন্দুহুইস্কি খায় সোড়া দিয়ে। স্মিতা বলে স্কচ খেতে কিন্তু বিমলেন্দু খায় না। রয়াল চ্যালেঞ্জই খায়। বলে, পরের পয়সাতে অত ফুটুনি ভালো নয়।
আমি কি তোমার পর? স্মিতা বলে।
পরই তো। স্বামী-স্ত্রীর সম্পর্ক হলেই কি আপন হয়? তা ছাড়া যে স্বামী, স্ত্রীর আশ্রিত জীব, যে রোজগারের জন্যে কাজ করে না, যার আলাদা রোজগারও নেই, এ কাগজে সে কাগজে দুটো একটা ফিচার লিখে কখনো-সখনো সামান্য টাকা যে পায়, তার সমঝে চলাই উচিত।
স্মিতা উত্তরে বলে, তোমার নানারকম হ্যাঙ্গ-আপস হয়ে গেছে ইদানীং। তুমি তো এরকম ছিলে না বিমু। তুমি কি ভুলে গেছ যে, একটা সময়ে তোমার টিউশনির টাকাটাই আমাদের একমাত্র রোজগার ছিল। তোমার সেই বহু-কষ্টার্জিত রোজগারে আমরা কত কষ্ট করে থেকেছি–আমার পড়াশোনা তোমার জন্যেই চালিয়ে যেতে পেরেছি। আমি ভুলিনি সেসব দিনের কথা। তখন আমাদের আরাম বলতে কিছুই ছিল না কিন্তু কত আনন্দ ছিল বল তো?
বিমলেন্দু উত্তর দেয় না। চুপ থাকে।
স্মিতা বলে, আজ কী মেনু?
টোম্যাটো স্যুপ, ব্রাউন ব্রেড, চিকেন রোস্ট উইথ মেশড পটাটো। আর রসগোল্লার পায়েস।
বাঃ। দারুণ। স্যুপটাকি ফ্রেশ টোম্যাটোর নানর-এর?
ফ্রেশ টোম্যাটোর। আমি যতদিন আছি, তোমার বিনি মাইনের কুক, ততদিন প্যাকেটের স্যুপ খাবে কেন তুমি?
যাই বল আর তাই বল, তোমার রান্নার হাতটা কিন্তু ক্রমশই ভালো হচ্ছে।
না হলে যে চাকরি যাবে। খাব কী?
স্মিতা রেগে উঠে বলে, দ্যাখো সব সময়ে এক ইয়ার্কি ভালো লাগে না।
ইয়ার্কি?
ইয়ার্কি নয়?
এবারে জামাকাপড় ছেড়ে চানে যেতে হয়। বিমলেন্দু কোথায় গেল তাকে না বলে? কোনো নোটও রেখে যায়নি। ধীরে ধীরে অনেকই বদলে যাচ্ছে ও। স্মিতা নিজেও কি বদলাছে না? বদলেছে? হয়তো। কিন্তু নিজের বদলটা নিজের চোখে পড়ে না তেমন করে। আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখটা একই রকম দেখায় নিজের চোখে।
স্মিতা বসার ঘরের সোফা ছেড়ে উঠে, দরজার ল্যাচটা খুলে দিল। বিমলেন্দু ফিরে এলে ওর ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে ঢুকবে। ল্যাচটা লাগানো থাকলে ঢুকতে পারবে না। তারপর সেন্ট্রাল এয়ারকন্ডিশনারটার সুইচ অন করে জামাকাপড় খুলতে বেডরুমে গেল। এয়ারকন্ডিশন একটা নয়, চারটে। Split Airconditioner. মেশিনগুলো সব বাইরে। যাতে শব্দ না হয় ভেতরে। তবে সুইচ একটাই। এ ছাড়াও প্রত্যেক বেডরুমে উইন্ডো-টাইপ মেশিনও আছে।
বাথরুমে ঢুকেই দেখল গিজারের সুইচটা অফ করা। রোজ বিমলেন্দু ওদের বেডরুমের গিজারের সুইচটা পাঁচটা নাগাদ অন করে দেয়। সুইচটা অন করাই থাকে। অটো কাট-আউট আছে। লাল আলোটা জল গরম হলেই নিভে যায়। বাথটাব-এর কল খুললে তবেই আবার আলো জ্বলে ওঠে। গিজারের সুইচটা অন করায় কল খুললে তবেই আবার আলো জ্বলে ওঠে। গিজারের সুইচটা অফ করা আছে মানেই বিমলেন্দু অনেকক্ষণ হল বেরিয়েছে।
বেডরুমে যাওয়ার আগে একবার ড্রইংরুমে গিয়ে কম্পিউটারটার ঢাকনি খুলে মাউসটা হাতে নিয়ে সামান্য সাফ করে দেখল তার বাড়ির ই-মেইল-এ কোনো মেসেজ আছে কি না। হুস্টন থেকে মুন্নির ই-মেইল পাঠানোর কথা। একটি চাইনিজ ছেলের সঙ্গে তার এনগেজড হবার কথা গতকাল। ছেলেটির নাম চাং ওয়ান।
কম্পিউটারের কাছে গিয়েও কী ভেবে আবার বাথরুমেই ফিরে গেল। গিজারটা অন করে দিয়ে তারপর ফিরে এল। গরমের দিনে গরম জল না হলেও চান করা যায় কিন্তু অভ্যেস হয়ে গেছে। ড. চোপরা বলেছিলেন, ওর বাতের ধাত। সারা বছর গরম জলে চান করাই ভালো। তাই…
কম্পিউটারের সামনে এসে সেটাকে খুলল। নাঃ কোনো মেইল নেই। একবার কিচেনে গিয়ে ফ্রিজটা খুলল। তরি-তরকারি, ডিম, কিচেন, ল্যাম্বস লেগ, হ্যাম, বেকন, সসেজ-এ ফ্রিজ ঠাসা। রেড মিট খেতে ডাক্তার চোপরা একেবারে মানা করেছেন দুজনকেই অথচ বিমলেন্দু রেড মিটই খাবে জেদ করে। ড. চোপরার কথা ও শশানে না, হাজরার মোড়ের এক হোমিওপ্যাথকে দেখায়। বলে, গরিবের হোমিওপ্যাথিই ভালো। এক পাশেবিয়ারের বোতল। তার পাশে কাসুন্দির দুটি বড়ো বোতল। স্মিতা বলে যে, ইটালিয়ান মাস্টার্ড খাও। তা না, গড়িয়াহাট বাজার থেকে কাসুন্দিই কিনে নিয়ে আসবে। ব্রেকফাস্টে লিচু আর কালোজাম খাবে কাসুন্দি দিয়ে। সঙ্গে। ডাবল ডিমের পোচ, সসেজ ও বেকনের সঙ্গে। দেদার কাসুন্দি ঢেলে। কিছুদিন হল লক্ষ করছে স্মিতা যে, ও যাই করতে বারণ করে বিমু ঠিক তাই করে। স্মিতাকে ডিফাই করার একটা চেষ্টা তো আছেই, চেষ্টাটা এগজিবিটও করে। সেটাই খারাপ লাগে স্মিতার।
দরজা খোলা ফ্রিজটার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে স্মিতার মনে পড়ল বহুদিন ও নিজে হাতে ফ্রিজের দরজা খোলেনি। ভালো করেই দেখল ভিতরে, না, ধোঁকার ডালনা তো নেই।
কথাটা ছিল, শনি রবিবার ও ছুটির দিনে ও নিজেও দু-একপদ রান্না করবে কিন্তু সেকথা রাখা যায়নি। অভ্যেস একবার ছেড়ে গেলে তাকে ফিরিয়ে আনা বড়োই কঠিন। রান্না করার অবশ্য দরকার হয় না ছুটির দিনে। পার্টি তো লেগেই থাকে। তা ছাড়া, এখন কলকাতাতে খাওয়ার। জায়গার অভাব? শুধু পকেটে টাকা অথবা ক্রেডিট কার্ড থাকলেই হল। ওবেরয় গ্রান্ডের থাই রেস্তোরাঁ, তাজ-এর চাইনিজ, নয়তো মেইনল্যান্ড চায়না, গুরুসদয় রোডে নতুন চাইনিজ রেস্তোরাঁ হয়েছে দ্যা বেস্ট ইন টাউন। এতদিন তাদের বার-লাইসেন্স ছিল না। এখন সেটাও পেয়েছে। তা ছাড়া ওটার মালিক নাকি এক বাঙালি–উজালা। চার বুদওয়ালার যিনি মালিক, তিনিই। ফ্যান্টাস্টিক। কে বলে বাঙালি ব্যবসা করে না? মেইনল্যান্ড চায়না-তে যখন খায় তখন কনজিউমার্স সারপ্লাসটা যেন বাঙালি মালিকানার কারণে অনেকখানি বেড়ে যায়।
ডাইনিং রুমের ঘড়িটাতে দেখল, সাড়ে সাতটা। ও প্রায় পঁয়তাল্লিশ মিনিট হল বাড়ি ফিরেছে। কী করে সময় যায়। এবারে সত্যিই একটু উদবিগ্ন হল স্মিতা বিমলেন্দুর জন্যে। সে কোথায় গেল সে জন্যে তো বটেই, ফ্রিজে রান্না করা কোনো খাবারই নেই যে, সে জন্যেও। ড্রাইভারকেও ছেড়ে দিয়েছে। নইলে, শরৎ বোস রোডের টুটু বসুর ট্যাংরা কাইজেন থেকে কিছু চাইনিজ খাবার আনিয়ে নিতে পারত।
কিন্তু বিমু গেলটা কোথায়? চিরদিনের ইরেসপনসিবল লোক একটা। আক্কেল বলে কোনোদিনই কিছু ছিল না। এখন করে কী স্মিতা? এমন কখনো করেনি আগে বিমলেন্দু। চিন্তিত মুখে। টেলিফোনের পাশের সোফাটাতে বসে প্রদ্যুম্নকে ডায়াল করল। ধরিত্রী ধরল। বলল, হাই স্মিতা। লং টাইম নো সি। গজদারের বাড়ির পার্টিতে যাচ্ছ তো আগামী শুক্রবারে। হোপ টু সি ইউ দেয়ার।
এখনও ঠিক নেই ধরিত্রী। একটা ব্যাপারে ফোন করছি এখন। বাই এনি চান্স বিমলেন্দু কি প্রদ্যুম্নর কাছে গেছে?
না তো! বিমলেন্দু তো গত ছ-মাসে একদিনও আসেনি, এমনকী একটা ফোনও করেনি। প্রদ্যুম্ন বলছিল, বিমলেন্দুনাকি ইংরেজিতে উপন্যাস লিখছে।
বুলশিট।
স্মিতা বলল। আকাশ-কুসুম অনেক কল্পনাই তো করল জীবনে, সত্যি সত্যি কোনটা আর করল। তারপর বলল, যে কোর্টশিপের সময়ও আমাকে একটা চিঠি লেখেনি সে লিখবে উপন্যাস! জিনিয়াস ইজ নাইনটি পার্সেন্ট পারস্পিরেশন অ্যান্ড ওয়ান পার্সেন্ট ইন্সপিরেশন ধরিত্রী। মেহনত যে করতে না পারে, বা করতে না চায়, তার কিছুই হয় না।
ইংরেজিতেই লিখুক কী বাংলাতে, লেখা কি অত সহজ কর্ম নাকি?
আই ডোন্নো।
তা হলে তোমাদের ওখানে যায়নি। প্রদ্যুম্নকে একবার জিজ্ঞেস করবে?
এই নাও কথা বলো।
হাই।
হাই।
বিমলেন্দুইজ মিসিং।
লালবাজারে খবর দেব কী?
না, এখনও নয়, তবে ব্যাপারটা চিন্তার। এমন কোনোদিনও করে না। ফোন না করে একটা নোট না লিখে এমন নিরুদ্দেশ হওয়া, আনথিংকেবল।
যাই হোক, আমি বাড়িতেই আছি স্মিতা। দরকার হলে তো জানাবেই, বিমু বাড়ি ফিরলেও একটা ফোন করে আশ্বস্ত কোরো।
থ্যাঙ্ক ইউ প্রদ্যুম্ন।
আমি কি তোমার ওখানে চলে যাব?
প্রদ্যুম্ন বলল।
না না তার দরকার নেই। হলে, জানাব।
এই প্রদ্যুম্ন একজন ওভার-সেক্সড পুরুষ, বিমু যেমন আন্ডার-সেক্সড পুরুষ। আসলে সেক্সের ব্যাপারে মনটাই যে আসল এই সরল সত্যটা দু-জনের একজনও বোঝে না। প্রদ্যুম্ন স্মিতাকে ফ্রেডরিক ফরসাইথ-এর দ্যা কাপলস বইটি পড়তে দিয়েছিল। মানে, প্রেজেন্ট করেছিল ওর এক জন্মদিনে অনেক কিছু লিখে-টিখে। বইটি ধীরেসুস্থে পড়ার পর স্মিতা বুঝেছিল কেন ওই বইটিই দিয়েছিল প্রদ্যুম্ন। পুরুষমাত্রই ছুকছুকে, পরের রান্নাঘরে ঢুকে হুলো বেড়ালের মতো। ঢেকে-রাখা মাছ খেয়ে যেতে চায় চুরি করে। সেসব অর্ডিনারি বেড়ালকে তাড়া দিলেই তারা জানলা গলে লাফিয়ে পালায় কিন্তু প্রদ্যুম্নর স্বভাবটা ছুকছুকে নয়। ওর স্বভাব হেঁকা দেয়। গরম লোহার মতো ওর স্বভাব। ওকে শায়েস্তা করতে তাড়া দেওয়াই যথেষ্ট নয়, হাতুড়ির দরকার। হাতুড়ি খেয়েওছে সে একবার স্মিতার কাছে। পুরুষ জাতটার ওপরেই স্মিতার ঘেন্না ধরে গেছে। সেই প্রেক্ষিতে তার সঙ্গী বিমলেন্দু একবারেই অন্যরকম। ভেরি রেসপেক্টেবল। ইন অল। রেসপেক্টস। লিভ-টুগেদার করলে এমন পুরুষের সঙ্গেই করতে হয় যে মায়ের মতো তার নারীকে আগলে রাখে, কমলালেবুর পায়েস করে খাওয়ায়, আম-আইসক্রিম, চকোলেট সুফলে, যখনই আদর করতে বলে চেটেপুটে বিমলেন্দু আদর করে স্মিতাকে। স্মিতার সবরকম শারীরিক ও মানসিক সুখকে নির্বিঘ্ন করে। সে যে স্মিতার রোজগারে খায় সেজন্যে