
দুজন
সুনীল গঙ্গোপাধ্যায়
এক পলকের জন্য আমার মনে হল, ঘরের অন্য দেওয়ালের কাছে বসে থাকা একজন লোক আমার দিকে কটমট করে তাকিয়েছিল, আমার সঙ্গে চোখাচোখি হতেই মুখ ফিরিয়ে নিল।
লোকটির মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, চোখে আরশোলা রঙের ফ্রেমের চশমা, বেশ শক্ত-পোক্ত চেহারার প্রৌঢ়, মাথার চুল চিনেবাদামের খোসার মতন। ঘরে আরও প্রায় পঁচিশ-ছাব্বিশ জন। নারী-পুরুষ, কারুকে আমি চিনি না। আমার দিকে কারুরই তো কটমট করে তাকাবার কোনও কারণ নেই!
বিয়ে বাড়িতে গিয়ে খাবার জন্য অপেক্ষা করাটা বড় বিদঘুটে। বর-কনে দেখা হয়ে গেছে, এখন শুধু বসে থাকা কখন খাবারের জায়গা খালি হবে। অনেক রেস্তোরাঁয় সব টেবিল ভরতি হয়ে গেলেও কিছু লোক দাঁড়িয়ে থাকে, তাহলে দৃষ্টিতে ঝরে পড়ে একটাই চিন্তা, ওদের খাওয়া শেষ হতে এত দেরি হচ্ছে কেন? এই দৃশ্যটা আমি সহ্য করতে পারি না।
বন্ধুর ছোট ভাইয়ের বিয়ে, নববধুকেও আমি আগে থেকে চিনি। এসে পড়েছি যখন, তখন না খেয়ে চলে যাওয়া যায় না। বেশি লোককে নেমন্তন্ন করে ফেলেছে, সেই তুলনায় বাড়িটা ছোট, ছাদে এর মধ্যে দু-ব্যাচ খাওয়া শেষ করেছে, এখনও অনেক লোক বাকি! যতদূর জানি, এ বিয়েতে দু-পক্ষেরই কোনও আপত্তি ছিল না। সুতরাং কোনও মন কষাকষির ব্যাপার নেই। তা। হলে ওই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা ভদ্রলোক আমার দিকে অমন ক্রুদ্ধ দৃষ্টি দিল কেন? লোকটিকে আগে কখনও দেখেছি বলে মনে পড়ে না। অবশ্য আমার ভুলও হতে পারে। আমি ভালো করে দেখিনি। এটা আমার একটা অনুভূতি মাত্র। যেন কারুর বিরাগ আমাকে ঝলসে দিচ্ছিল।
লোকটি এখন অন্যদিকে তাকিয়ে এক মহিলার সঙ্গে কথা বলছে।
একটু আগে বৃষ্টি হয়েছে বলে ঘরের সব জানলা বন্ধ। এখানে সিগারেট ধরালে ধোঁয়ায় চোখ। জ্বালা করবে। তাই আমি উঠে এলাম দরজার বাইরে। আজই দুজন পরিচিত লোকের হাস্যময় মুখ দেখলাম।
আমাদের কথাবার্তায় মাঝখানে এসে দাঁড়াল বেগুনি রঙের শাড়ি পরা এক রমণী। আমাদের তিনজনের ঠিক কার সঙ্গে যে সে আগে থেকে পরিচিত তা ঠিক বোঝা গেল না। কিন্তু কথায় বেশ আপন-আপন সুর। খুব ভালো জাতের পারফিউমের গন্ধ আসছে তার শরীর থেকে। বিয়ে বাড়িতে এসে নতুন শাড়ি পরা কয়েকজন নারীর রূপ আর কিছু সুগন্ধ আমি উপভোগ করি। বাদবাকি সব কিছুই অকিঞ্চিৎকর।
সেই ফ্রেঞ্চকাট দাড়িওয়ালা লোকটি এর মধ্যে ঘর থেকে বেরিয়ে বেশ রাশভারী ভঙ্গিতে চলে গেল আমাদের পাশ দিয়ে। এবারও তার মুখখানা আমি পুরোপুরি দেখতে পেলাম না। সে আমার দিকে কোনও ক্রুদ্ধ দৃষ্টি হেনে গেল না বটে, কিন্তু আমাদের দিকে যে মোটেই চাইল না, সেটাই সন্দেহজনক নয়? আমাদের পাশে মোটামুটি একজন সুন্দরী মহিলা রয়েছে, তাকেই বা উপেক্ষা করার কী মানে হয়?
অবশ্য এটাও আমার ভুল হতে পারে। তাকাতেই যে হবে, তার কী মানে আছে?
ওপরের সিঁড়ি দিয়ে একজন দুদ্দাড় করে নেমে এসে বলল, নতুন ব্যাচ বসছে। আপনারা চলে যান, চলে যান। আগে-আগে বসে পড়ুন।
অর্থাৎ নিছক খাওয়ার জন্য অন্যদের চেয়ে আগে গিয়ে জায়গা দখল করতে হবে।
অগত্যা যেতেই হল। বেগুনি শাড়ি পরা মহিলাটি ক্ষণেকের জন্য হারিয়ে গেল বটে, কিন্তু ওপরে আমাদের ঠিক উলটো দিকের সারিতেই তাকে আবার দেখা গেল অন্য কয়েকটি মেয়ের পাশে। সেইখান থেকেই চেঁচিয়ে বলল, আপনি এখনও শ্যামবাজারে থাকেন?
আমি দু-দিকে ঘাড় নেড়ে জানালাম, না।
তারপর পাশ ফিরে সুব্রতকে মৃদু গলায় জিগ্যেস করলাম, ওই মহিলাটি কে? কী নাম?
সুব্রত বলল, তা তো জানি না। আমি তো এতক্ষণ ভাবছি, তোমারই চেনা।
আমার হাসি পেয়ে গেল। এরকম প্রায়ই হয়। নামজানার দরকারই বা কী? যেটুকু সময়ের জন্য দেখা, হাসিঠাট্টা করে কাটিয়ে দিলেই হল।
খাওয়ার মধ্যে-মধ্যেও সুব্রতর সঙ্গে গল্প করতে-করতে আমার চোখ দুটো সেই ফ্রেঞ্চকাট দাড়িওয়ালা লোকটিকে খুঁজছে। তাকে পাওয়া গেল, একেবারে কোণের দিকে, পেছন ফিরে বসা। লোকটি কি ইচ্ছে করেই আমার থেকে অতদূরে গিয়ে বসেছে?
কী মুশকিল, লোকটাকে নিয়ে আমার এত মাথাব্যথা কেন? আমি তাকে চিনি না। কিন্তু লোকটি কেন আমার ওপর রেগে আছে তা জানতে হবে না? রেগেই যে আছে, তারও কোনও প্রমাণ নেই। শুধু একটা অনুভূতি, আর কিছু না।
আমার বন্ধু রবি আর তার ছোট-ভাই অভিজিৎ ঘুরে-ঘুরে সবার সঙ্গে ভদ্রতা করছে। আমি লক্ষ্য করলাম, রবি সেই ফ্রেঞ্চকাট দাড়িওয়ালার সামনে দাঁড়িয়ে পড়ে হেসে-হেসে কী যেন বলছে। রবির সঙ্গে ভালো পরিচয় আছে। লোকটি কেউকেটা গোছের?
রবির কাছে জিগ্যেস করলেই লোকটির পরিচয় জানা যায়। কিন্তু খামোখা জিগ্যেস করতে যাব কেন? একজন অচেনা লোক সম্পর্কে এমন কৌতূহল দেখানো আমার স্বভাব নয়।
খাওয়া শেষ করে ভিড় ঠেলে নীচে নামবার সময় সুব্রত বলল, সুনীলদা, তুমি একটু অপেক্ষা করো আমার জন্য, চলে যেও না। আমি একবার অভিজিতকে বলে আসছি!
বৃষ্টি থেমে যাওয়ার পরেও খুব গুমোট গরম। রাস্তায় নেমে আসবার পর তবু একটু আরাম হল। একটা সিগারেট ধরালাম।
বেগুনি শাড়ি পরা রমণীটির সঙ্গে আবার দেখা। সিল্কের শাড়ি শপশপিয়ে কাছে এসে জিগ্যেস করল, আপনি শ্যামবাজারে থাকেন না। এখন কোথায় থাকেন?
আমি বললাম, গড়িয়াহাটের দিকে।
মহিলাটি হেসে বলল, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা। ভেবেছিলাম একসঙ্গে ফিরব। অনেক গল্প হবে। আমি শ্যামবাজারের দিকে যাওয়ার একজন সঙ্গী খুঁজছি। যাদের সঙ্গে এসেছি, তাদের ফিরতে অনেক রাত হবে।
আমি বললাম, আমি তো হেঁটেই চলে যাব, বেশিদূর নয়।
আমার সঙ্গে গাড়ি-টাড়ি কিছু নেই। আপনাকে একটা ট্যাক্সি ডেকে দেব?
মহিলাটি বলল, ওরে বাবা, এত রাতে আমি একা-একা ট্যাক্সিতে যেতে পারব না। দেখি আর কারুকে পাই কি না!
একটু পরেই এক দম্পতিকে দেখে এগিয়ে গেল সে।
সুব্রত এল আরও মিনিটপাঁচেক পরে। হাতে দু-খিলি পান। বলল, তুমি তো পান খাও না, তোমারটাও আমি নিয়ে এলাম। বেগুনি শাড়ি পরা যে মেয়েটি কথা বলছিল আমাদের সঙ্গে, তার নামটাও জেনে এসেছি। শ্রেয়া দাশগুপ্ত। ভদ্রমহিলা ডিভোর্সি। একটা বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করেন। অভিজিৎ-এর সঙ্গে যার বিয়ে হচ্ছে, সেই মিলির মাসতুতো দিদি। তুমি চিনতে না?
শ্রেয়া নামটা শুনে একটা চেনা ঝিনঝিন শব্দ হচ্ছে বটে। আগে কোথাও শুনেছি, কিংবা কোনও উপন্যাসের নায়িকার নাম?
মেয়েটি গাড়িতে উঠে পড়েছে, আর কোনওদিন হয়তো দেখা হবে না। নামটা জেনেই কী লাভ? আমাকে চেনে এটুকু বুঝতে পারা গেল। সত্যিই আমি একসময় শ্যামবাজারে থাকতাম।
হঠাৎ রবি নেমে এসে বলল, এই তোরা তো গড়িয়াহাটের দিকে যাবি। দাঁড়া, দাঁড়া, একটা গাড়ির ব্যবস্থা করেছি।
আমি বললাম, গাড়ির কোনও দরকার নেই। বেশি খাওয়া হয়ে গেছে। এরপর খানিকটা হাঁটাই ভালো।
রবি বলল, ইচ্ছে করলে গাড়িতেও যেতে পারিস। তাপসবাবু তোদের নামিয়ে দিতে পারেন। উনি যাদবপুর যাবেন।
তারপর পেছন ফিরে বলল, তাপসবাবুর সঙ্গে তোর আলাপ আছে তো? তাপস হালদার। নাট্যকার। অনেকগুলোনাটক লিখেছেন।
সেই ফ্রেঞ্চকাট দাড়িওয়ালা ভদ্রলোক।
তিনি শুকনো মুখে একটা নমস্কার জানিয়েই অন্যদিকে তাকালেন। আমাকে তাঁর গাড়িতে তোলার কোনওই ইচ্ছে নেই বোঝা গেল।
আমি প্রথমে খুবই চমকে গিয়েছিলাম। তারপর বুক ঠেলে হাসি বেরিয়ে আসতে চাইল। একটা রুমাল গুঁজে কাসি, সামলাবার ভান করলাম। তারপর হাত নেড়ে এগিয়ে গেলাম সামনের দিকে। তাপস হালদার! চেহারা অনেক বদলে গেছে। নইলে নিশ্চয়ই চিনতে পারতাম আমি। এত বছর পরেও তিনি আমার দিকে বিষদৃষ্টিতে তাকাচ্ছেন!
মনে আছে সেই প্রথম দিনটার কথা।
ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দুপুর থেকে। এইরকম বৃষ্টিতে রাস্তায় জল জমে না, আবার হাঁটাহাঁটি করতে গেলেও জামা ভিজে যায়। বিডন স্ট্রিট ধরে আমি হাঁটছি বন্যার সঙ্গে। ছাতা নেই। বন্যা ওর হাতের বইগুলো মুড়ে নিয়েছে আঁচলে। ময়ূরকণ্ঠি রঙের শাড়ি। আমি বারবার বলছি, বন্যা, আজ যেতে হবে না! আজ যেও না!
বন্যা শুনছেনা। আজই প্রথম দিন। সব কথাবার্তা ঠিকঠাক হয়ে আছে, ওকে যেতেই হবে!
আমি বললাম, ধরো, যদি খুব জোর বৃষ্টি পড়ত?
বন্যা বলল, নামাও না, খুব জোরে বৃষ্টি ডেকে আনন, তাহলে আমি যাব না। তখন সমস্ত রাস্তা খালি হয়ে যাবে। ঠিক মাঝখান দিয়ে হাঁটতে-হাঁটতে তুমি আর আমি ভিজব।
বন্যা পাগলের মতন বৃষ্টি ভালোবাসে।
ও ইচ্ছে করে বৃষ্টিতে ভেজে, সম্পূর্ণ ভিজে কাপড়ে রাস্তা দিয়ে হাঁটতে একটুও সঙ্কোচ বোধ করে না, রাস্তায় হাঁটু সমান জল জমলে আনন্দে হইহই করে জল ছেটাতে-ছেটাতে যায়। আজকের এই সামান্য ছিটছিটে বৃষ্টি ওর মোটেই পছন্দ নয়। কোন মন্ত্রে ওর জন্য ঝমঝমে বৃষ্টি আমি ডেকে আনব?
কেন সেই মন্ত্র আমি জানি না? আকাশের ওপরেই আমার রাগ হয়।
হঠাৎ যেন মাটি খুঁড়ে উদয় হল সন্দীপ। আমি তাকে আসতে দেখিনি, কিন্তু সে একেবারে সামনে এসে দাঁড়িয়েছে।
কোথায় যাচ্ছিস, বন্যা?
মানিকতলায়।
সেখানে কী? আমার মা তোকে একবার ডেকেছে।
অতি সাধারণ কথাবার্তা। আমি এক পাশে সরে দাঁড়িয়ে সিগারেট ধরলাম। সন্দীপকে যে আমি চিনি না তা নয়। কিন্তু তার সঙ্গে এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না। কেন কথা বলতে ইচ্ছে করছে না? কেন সন্দীপকে দেখেই আমার মেজাজ বিগড়ে গেল? মনে হচ্ছে যেন ওদের কথা আর শেষই হবে না। আমি রাস্তার গাড়ি গুনছি, ফিয়াট, অ্যাম্বাসেডার, স্ট্যান্ডার্ড…তেতাল্লিশটা, রিকশা দশটা, একটা ময়লা ফেলা গাড়ি…
সন্দীপ এক-একবার আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমি কিছুতেই তার চোখে চোখ ফেলছিনা। বৃষ্টি একেবারেই থেমে গেছে। শেষ বিকেলের রোদ ঝিলিক দিল আকাশে।
একটা ফাঁকা ট্যাক্সি দেখে সন্দীপ দৌড়ে চলে গেল।
সঙ্গে-সঙ্গে আমি সিগারেটটা ছুড়ে ফেলে রক্তচক্ষে বললাম, উঃ, এতক্ষণ ধরে কী কথা বলছিলে?
বন্যা অবাক হয়ে আমার দিকে তাকাল।
আমি অবার কর্কশ গলায় বললাম, এক ঘণ্টা ধরে এত আজেবাজে কথার কী ছিল?
বন্যা বলল, মোটেই অতক্ষণ কথা বলিনি। তুমি রেগে যাচ্ছ কেন?
আমি বললাম, ওই সন্দীপটা, ওই সন্দীপটা…
বন্যা বলল, ও আবার কী করল? তোমার কী হয়েছে বলো তো?
আমি আর কথা খুঁজে পাচ্ছি না। সত্যিই তো এত রাগের কী হয়েছে। সিগারেট ধরাবার পর সেটা। শেষ হয়নি, অর্থাৎ পাঁচ মিনিটও কাটেনি, তবু এটা মনে হল কেন? রাগে আমার সারা শরীর জ্বালা করছে। যুক্তিহীন রাগ।
সন্দীপ বন্যার নিজের মামাতো ভাই। ছেলেবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছে। সন্দীপ ছেলেটার ব্যবহারও খারাপ নয়, তবু ওকে আমি সহ্য করতে পারি না কেন?
একটা কথা কারুকে বলা যায় না। বন্যাকেও না।
বন্যার সঙ্গে যে-কোনও পুরুষ মানুষ কথা বললেই আমার রাগ হয়। শুধু রাগ নয়, সাংঘাতিক। ঈর্ষা। অন্য পুরুষের তো কথাই নেই, এমনকী বন্যার কাকা কিংবা ওর জামাইবাবু বন্যার সঙ্গে একটু হেসে কথা বললেই আমার চোয়াল শক্ত হয়ে আসে। ইচ্ছে করে ওদের ঠেলে সরিয়ে দিই। বন্যার জামাইবাবু কথা বলার সময় মাঝে-মাঝে বন্যার পিঠে হাত রাখেন, আমি জানি, এটা সাধারণ ব্যাপার, বন্যার জামাইবাবু অতি রসিক, সুন্দর মানুষ, শ্যালিকার পিঠে একটু হাত রাখবেন, এতে দোষের কী আছে? জানি, সবই বুঝি, তবু ঈর্ষায় আমার বুক জ্বলে যায়। বন্যাকে
যদি আমি সর্বক্ষণ ঘিরে রাখি, সেটা বন্যাও পছন্দ করবে না।
কথা ঘোরানোর জন্য বললাম, তোমার ওখানে কতক্ষণ লাগবে?
বন্যা বলল