আমাকেও যে একদিন ঘটি ঘটি দুধ গিলতে হবে তা আমি কখনো ভাবিনি।
কিন্তু বিনি-ঘটিত ঘটনাচক্র এমনি যে—
‘দুগ্ধং পিবতি বিড়ালঃ’ পাঠ্যবইয়ের এই কথা পড়ার পর থেকে দুধকে আমি বিড়ালের মতোই দুশো হাত দূরে হটিয়ে রেখেছিলাম, কিন্তু বিনি একদিন হঠাৎ আবিষ্কার করল যে আমার শরীর নাকি ক্রমেই আরও কাহিল হচ্ছে। আর শরীর সারাতে হলে দুধের মতন আর হয় না।