
ত্রয়ী
সুনীল গঙ্গোপাধ্যায়
একটি মহিলার সঙ্গে চোখাচোখি হওয়ার পর কয়েক মুহূর্ত সে যদি অপলক তাকিয়ে থাকে, মুখ ফিরিয়ে না নেয়, তবে তার কী মানে হতে পারে?
চেনা? অন্য কোনও চেনা লোকের সঙ্গে মিল পেয়েছে? অনুপম আগে কখনও এ-মহিলাকে দেখেছে বলে মনে করতে পারল না। তার নিজের মুখখানা এমন কিছু দর্শনীয় নয়। ব্যাঙ্ক থেকে বেরিয়ে অনুপম দৌড়ে এসে দাঁড়িয়েছিল রাস্তার উলটো দিকে গ্রেট ইস্টার্ন হোটেলের বারান্দার নীচে। একটু আগেই যে বৃষ্টি শুরু হয়েছে, তা সে অফিসে বসে বুঝতে পারেনি। অফিস থেকে একবার বেরুলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। রাস্তা পার হতে গিয়ে সে খানিকটা ভিজেও গেছে।
বারান্দার নীচে অনেক মানুষ। বর্ষার দিনে মানুষ দু-দলে বিভক্ত। যারা ছাতা নিয়ে বেরোয়, যারা। বেরোয় না। অনুপমের ছাতা ব্যবহার করার অভ্যেসই নেই।
মহিলাটি হাঁটছিল একটা লাল রঙের ছাতা নিয়ে।
রাস্তায় তখনও জল জমেনি। লাল ছাতাধারিণীও এল রাস্তা পেরিয়ে, তারপর বাসস্টপের দিকে যেতে-যেতে একবার মুখ তুলতেই দেখতে পেল অনুপমকে। থমকে দাঁড়িয়ে পড়ে কী দেখল অনুপমের মুখে।
বয়েস হবে চল্লিশ-বেয়াল্লিশ, পাতলা গড়ন, গায়ের রং ফরসা নয়, আবার কালোও বলা যায় না, মুখখানা সুশ্রী। সাধারণত পুরুষরা সরাসরি তাকায়, মেয়েরা মুখ নীচু করে। এ-মহিলার দৃষ্টিতে কোনও আড়ষ্টতা ছিল না।
অনুপম চোখ দিয়ে মেয়েটিকে অনুসরণ করল।
সে বাসস্টপের দিকে গেলেও, পরপর দুটি ভিড়ের বাস দেখে আবার হাঁটতে লাগল ময়দানের দিকে। তারপর চলে গেল চোখের আড়ালে।
পঞ্চাশ বছর বয়েস হয়ে গেলে মানুষ আস্তে আস্তে অনেক কিছু ভুলতে শুরু করে। শীতকালের গাছের মতন অনেক পাতা ঝরে যায়। অনুপম মাত্র দেড় মাস আগে পঞ্চাশে পা দিয়েছে। তবে ভুলে যাওয়া মানে একেবারে হারিয়ে যাওয়া নয়, স্মৃতির অতলে নাকি সব কিছুই থাকে, কিছু কিছু আবার উদ্ধার করাও যায়।
অনুপম এই মহিলার মুখখানি উদ্ধার করার চেষ্টা করল। নাঃ, কিছুতেই মনে পড়ল না। যদি আগে পরিচয় হয়ে থাকে, একটি মেয়ে তাকে মনে রেখেছে, অথচ অনুপম ভুলে গেছে, এটা অস্বাভাবিক
মনে করতে না পারলে অস্বস্তি কাটে না। অনুপমের অস্বস্তি রয়েই গেল।
ব্যাঙ্কে বেশ উঁচু চাকরি করে অনুপম। কিছুদিন আগেও তার নিজের গাড়ি ছিল, বিক্রি করে দিয়েছে। চাকরিটা আর তার ভালো লাগছে না। কিছুদিন ধরেই তার মনে একটা বিচিত্র বাসনা উঁকি মারছে। চাকরি ছেড়ে, কলকাতা শহর ছেড়ে কোনও একটা ছোট্ট পাহাড়ি শহরে একা-একা বাকি জীবনটা কাটালে কেমন হয়?
অনুপম অবশ্য সাধুসন্ন্যাসী হতে চায় না। আশ্রমটাশ্রমের দিকে তার ঝোঁক নেই। শুধু শহরের জীবনটা দিন-দিন তার অসহ্য লাগছে।
অনুপম আত্মবিশ্লেষণ করে এর কারণটাও বোঝার চেষ্টা করেছে।
শ্রীপর্ণার প্রতি রাগ থেকেই কি তার এমন বিতৃষ্ণা জন্মাচ্ছে? শ্রীপর্ণা তার স্ত্রী, স্ত্রী ছিল প্রায় দশ বছর, তারপর ছবছর ধরে সেপারেশন। সম্প্রতি শ্রীপর্ণা ডিভোর্স চেয়েছে। আপত্তি করার কোনও প্রশ্নই নেই, সঙ্গে-সঙ্গে তার সম্মতি জানিয়ে দিয়েছে উকিলকে। শ্রীপর্ণা আবার বিয়ে করবে। করুক না।
অনুপম জানে, তাদের বিচ্ছেদের ব্যাপারে তার নিজেরও দোষ ছিল যথেষ্ট। কিছুদিন বেশি মদ্যপান শুরু করেছিল, মাতাল অবস্থায় বাড়ি ফিরে কাঁচুমাচু হয়ে থাকার বদলে খুবই রুক্ষ ব্যবহার করত শ্রীপর্ণার সঙ্গে। কোন স্ত্রী তা সহ্য করবে মাসের-পর-মাস? একবার নেশাগ্রস্ত অবস্থায় আছাড় খেয়ে সাংঘাতিকভাবে মাথা ফাটিয়েছিল অনুপম।
শ্রীপর্ণা রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরেও অনুপম ক্ষমা চায়নি, তাকে ফিরিয়ে আনতে যায়নি। বরং ভেবেছিল আত্মহত্যার কথা।
সে অবস্থাটা কাটিয়ে উঠেছে অনুপম। এখন আর অত মদ খায় না। আত্মহত্যার কথাও ভাবে না। কিন্তু শ্রীপর্ণা অন্য একজন পুরুষের সঙ্গে ভাব জমিয়ে তাকে বিয়ে করতে চলেছে, অনুপমের কোনও বান্ধবী নেই। ইচ্ছে করলেই সে একাধিক নারীকে নিয়ে খেলায় মেতে উঠতে পারত। শ্রীপর্ণার নিজেরই পিসতুতো বোন দীপা ঘনঘন আসতে শুরু করেছিল তার বাড়িতে, দীপাও ডিভোর্সি, তাকে ভালোও লাগত অনুপমের। কিন্তু দীপা খেলা চায়নি, সংসার চেয়েছে। একজনকে ডিভোর্স করে তারই বোনকে বিয়ে করার ব্যাপারটা অরুচিকর বোধ হয়েছিল অনুপমের।
তার শরীরের চাহিদা ছিল, মন টানেনি।
এই মহিলাটি কে? চোখ দুটি টানা-টানা, গভীর দৃষ্টিতে কিছু কি বলতে চেয়েছিল?
এ-দেশের পুরুষদের একলা থাকার সুযোগ দেয় না আত্মীয়স্বজনরা।
শ্রীপর্ণা চলে যাওয়ার কিছুদিন পরেই অনুপমের দিদি তাঁর দুটি ছেলেমেয়ে নিয়ে এসে উঠেছিলেন অনুপমের ফ্ল্যাটে। প্রায় মায়ের বয়েসি দিদি, স্বামীর মৃত্যুর পর জলে পড়েননি, জামাইবাবুর অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল, নৈহাটির শ্বশুরবাড়িতে দিদির দুটি আলাদা ঘর ছিল। সুতরাং দিদি আশ্রিতা হয়ে আসেননি, ভাইকে দেখাশুনো করাবার জন্য এসেছেন। অনুপমের সেটা মোটেই পছন্দ হয়নি, কিন্তু দিদিকে ফিরিয়ে দেবেই বা কী করে?
দিদির ধারণা, তিনিই অনুপমের মদের নেশা ছাড়িয়েছেন। যদিও সেটা মোটেই ঠিক নয়।
সেই মহিলাটির সঙ্গে আবার দেখা হয়ে গেল প্রায় একই জায়গায়। বেশ নাটকীয়ভাবে।
আজও বৃষ্টি পড়ছে, তবে তেমন জোরে নয়, অনুপম দাঁড়িয়েছিল হোটেলের পোর্টিকোর নীচে। কাল রাত থেকে তার সামান্য জ্বর এসেছে, মিনিবাসের বদলে ট্যাকসিতেই যাবে ঠিক করেছে।
অনেকক্ষণ ধরে ট্রাফিক জ্যাম, মাঝে-মাঝে ইঞ্চি-ইঞ্চি করে এগুচ্ছে গাড়িগুলো, এসময় ট্যাকসি পাওয়ার সম্ভাবনা কম।
হঠাৎই একটা ট্যাকসির দিকে চোখ পড়তেই সে দেখল, এক রমণী, অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সে দিনের সেই নারী।
আজ রমণীটি হাতছানি দিয়ে অনুপমকে ডাকল।
পুরুষের প্রবৃত্তিই এই, কোনও নারীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে সে-ই অগ্রণী ভূমিকা নেবে। অচেনা কোনও মেয়ের সঙ্গেও কোনও পুরুষ প্রথম কথা বলতে পারে, কোনও নারীর তা মানায় না। কোনও নারী আগ বাড়িয়ে আগ্রহ দেখালে পুরুষের সন্দেহ হয়।
অনুপমেরও মনে হল, এ মেয়েটা বেশ্যা নাকি?
অনুপম মুখটা ফিরিয়ে নিল।
আবার একটু পরে তাকিয়ে দেখল, তখনও ট্যাক্সিটা এগোতে পারেনি, রমণীটি একইভাবে চেয়ে আছে।
অনুপম এবার ট্যাক্সির কাছে গিয়ে জিগ্যেস করল, আপনি আমাকে কিছু বলছেন?
আপনি কেমন আছেন?
ভালো আছি। কিন্তু আপনাকে তো…
আপনি তো অনুপম, যদি আমার ভুল না হয়। অনেকটা রোগা হয়ে গেছেন আগের থেকে—
এটা কোনও পথের নারীর সংলাপ নয়। নাম জানল কী করে? সত্যি অনুপম একসময় বেশ হৃষ্টপুষ্ট ছিল।
আমায় চিনতে পারেননি তো? মুখ দেখেই বুঝতে পারছি। আপনি কোথায় যাবেন? আপনাকে খানিকটা এগিয়ে দিতে পারি—
রমণীটি ট্যাক্সির দরজা খুলে দিয়েছে।
আর দ্বিধা না করে উঠে পড়ল অনুপম।
তারপরই কথা নেই বার্তা নেই, হুহু করে কেঁদে ফেলল রমণীটি। দুহাতে মুখ ঢাকল।
অনুপমের হতভম্বের মতন অবস্থা। অনেকদিন সে কোনও রমণীকে এত কাছ থেকে কাঁদতে দেখেনি।
একটু পরে রুমাল দিয়ে চোখ মুখে রমণীটি ধরা গলায় বলল, আমি দুঃখিত, হঠাৎ খুব সেন্টিমেন্টাল হয়ে পড়েছিলাম। এর আগেও এখানে একদিন আপনাকে দেখেছি। সেদিনও কথা
বলার খুব ইচ্ছে হয়েছিল—
আপনি কে?
আমি রুমা। আপনি তো মানসের বন্ধু…
সঙ্গে-সঙ্গে একটা বিদ্যুৎ ঝলক। স্মৃতির গহন থেকে উঠে এল সবকিছু।
মানসের বান্ধবী সেই রুমা? অবশ্য অনুপম রুমা নামটা যতবার শুনেছে, সেই তুলনায় দেখা হয়েছে খুব কম। তাও তো আট-ন বছর আগেকার কথা।
অনুপম বলল, আপনি তো কলকাতায় ছিলেন না।
আপনি আমার খোঁজ করেছিলেন কখনও?
হ্যাঁ। তখন একবার…আপনার এক ভাই আছে না, তপন? তপনই বলেছিল—
আমি একটা চাকরি নিয়ে চলে গিয়েছিলাম সিমলা। কয়েক মাস আগে ট্রান্সফার হয়ে এখানে। এসেছি। আপনি সেই বাড়িতেই আছেন?
সেই বাড়িতেই। মানে, আপনি তো কখনও আমার বাড়িতে আসেননি।
যাইনি, কিন্তু জানি। মানসের কাছে শুনেছি আপনার বাড়িতে খুব আড্ডা হত। যে ঘরে আড্ডা। হত, সেই ঘরটা একবার আমার দেখার ইচ্ছে হয়।
আসবেন একদিন আমার বাড়িতে। আড্ডা অবশ্য অনেকদিন বন্ধ।
এখন আপনি কোথায় যাচ্ছেন? আমার সঙ্গে যাবেন?
কোথায়?
আমি যেখানে থাকি। মানে, এটা আমার নিজের বাড়ি নয়। আমাদের বাড়ি ছিল চন্দননগরে। আমার মামার একটা ফ্ল্যাট আছে যোধপুর পার্কে। মামা সবাইকে নিয়ে এখন অস্ট্রেলিয়ায় থাকেন, ফ্ল্যাটটা খালি পড়েছিল বলে আমাকে ব্যবহার করতে দিয়েছেন।
কয়েক মিনিট আগেও অনুপম যাকে চিনতে পারেনি, সেই নারী যদি নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, তবে তাকে নির্লজ্জ উপ্যাচিকা মনে হতেই পারে।
কিন্তু অনুপমের তা মনে হল না। মানসের নামের উল্লেখই সব ব্যবধান ঘুচিয়ে দিয়েছে।
অনুপম বলল, চলুন। আমার সেরকম কোনও কাজ নেই এখন। আপনি একা থাকেন?
হ্যাঁ। মা-বাবা চলে গেলেন, দাদারা চন্দননগরেই আছেন।
আপনি আর বিয়ে করেননি?
আর মানে? আমার কি একবারও বিয়ে হয়েছিল?
না, তা নয়।
নাঃ, বিয়ে-টিয়ে করা হয়ে উঠল না। এখন এত বয়েস হয়ে গেছে, ওসব কথা আর ভাবি না। একা থাকা অভ্যেস হয়ে গেছে।
যোধপুর পার্কে পৌঁছতে প্রায় এক ঘণ্টা লেগে গেল।
সিঁড়ি দিয়ে উঠতে হল তিনতলায়। সারা বাড়িটাই ফাঁকা মনে হয়। ওপরের সিঁড়ি একেবারে অন্ধকার।
চাবি দিয়ে দরজা খুলে রুমা বলল, সকালে একটি কাজের মেয়ে আসে। ঘর পরিষ্কার করে দেয়। নিজের রান্না নিজেই করে নিই। কাজের লোকের রান্না আমার পছন্দ হয় না। আপনি চা খাবেন তো?
খাব।
সঙ্গে ডিমের ওমলেট করে দিতে পারি।
তার দরকার নেই, শুধু চা হলেই হবে।
আপনি তো ডিম খুব ভালোবাসেন।
অনুপম হাসল। যে রমণীকে সে চিনতে পারেনি, সে তার বাড়ির আচ্ছার কথা জানে। তার খাদ্য পছন্দের কথা পর্যন্ত জানে।
ফ্ল্যাটটি দামি আসবাবপত্রে সাজানো। রুমার মামা বেশ অবস্থাপন্ন বোঝা যায়। বৃষ্টি এখনও বন্ধ হয়নি। বসবার ঘরের একটা জানলা খোলা ছিল, বৃষ্টির ছাঁট এসে মেঝেতে পাতা কার্পেট ভিজিয়ে দিয়েছে।
একটা লম্বা ব্রাশ এনে রুমা সেখানটা পরিষ্কার করতে লাগল।
অনুপম জিগ্যেস করল, রুমা, তুমি কী চাকরি করো?
সেন্ট্রাল গভর্নমেন্টের পে অ্যান্ড অ্যাকাউন্টসে। আপনি তো সেই ব্যাঙ্কেই আছেন?
হ্যাঁ।
চাকরি ছেড়ে যে ব্যাবসা করার কথা ছিল? তা আর শুরু করলেন না?
আমার একার পক্ষে…নাঃ, আর ইচ্ছেই করল না। তোমাকে আমি চিনতে পারিনি, তার কারণ তোমাকে দেখেইছি খুব কম, তা ছাড়া মাথার চুল এত ছোট করেছ, যতদূর মনে পড়ে তোমার খুব চুল ছিল, কোমর ছড়ানো–
এখন তো কেউই আর বড় চুল রাখে না। চুল কেটে ফেলার অনেক সুবিধে। আমি তো ভাবছি আরও ছোট করব, পুরুষদের মতন। আপনিও তো তখন গোঁফ রাখতেন?
মাথায় চুল কমে গিয়ে যখন টাক পড়তে শুরু করল, তখনই গোঁফটা বাদ দিলাম। টাক মাথায় গোঁফ রাখলে হাস্যকর দেখায়।
আপনার এমন কিছু টাক পড়েনি। চুল পাতলা হয়ে গেছে, কপালটা চওড়া দেখাচ্ছে। তবু কিন্তু